All posts by jitu

হজ পালনে জন্য সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানান দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা, যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

সূত্র: এপি, ইউএনবি

আরাফার দিনের রোজা রাখলেন হামজা চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

আজ পবিত্র হজের দিন। লাখো হাজির তালবিয়ার ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফার ময়দান। এই পবিত্র দিনে বিশ্বজুড়ে মুসলিমরা নফল রোজা রাখেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও আজ এই রোজা রেখেছেন।

গতকাল বুধবার ভুটানের বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে আজ দলের রিকভারি ডে থাকায় হামজা এই সুযোগ কাজে লাগিয়েছেন। বাংলাদেশের মাটিতে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ৬ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচটি বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে।

আজ বৃহস্পতিবার দলটি কোনো অনুশীলন করেনি, শুধু রিকভারি সেশনে অংশ নিয়েছে। এছাড়া, দলটি নতুন সাদা হোম জার্সিতে টিম ফটোশুট করেছে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই জার্সিতেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।

হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্মগ্রহণ ও বেড়ে উঠলেও ব্যক্তিগত জীবনে তিনি ধর্মপ্রাণ। তিনি নিয়মিত সালাম দিয়ে কথা শুরু করেন, ম্যাচের আগে প্রার্থনা করেন এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করেন। ফিলিস্তিন ইস্যুতে তার সমর্থনও সুবিদিত—২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।

আজ আরাফার দিনের রোজায় হামজা একা নন, দলের টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন।

বাংলাদেশ দল আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এর প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ঈদের দিনও দলটিকে অনুশীলনে অংশ নিতে হতে পারে, তবে সম্ভাব্য সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যায় অনুশীলনে নামবে তারা।

দশজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পেল ঈদ উপহার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সৈয়দ সমাজকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় বিশেষ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১ টায় সংস্থার কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন দশজন শিশুকে বিভিন্ন ঈদ সামগ্রী ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আতিকুর রহমান, নোয়াখালীর সিভিল সার্জন মরিয়ম সিমি, সৈয়দ স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আকতার, সংস্থার সদস্য সৈয়দা খাদিজা আকতার, সৈয়দা ফাতেমা আকতার, সৈয়দা হালিমা আকতার, চট্টগ্রাম বন বিভাগের চীফ ইনস্ট্রাক্টর মো: দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয়ের গবেষক মো: মোজাম্মেল হোসেন ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।

সৈয়দ আতিকুর রহমান বলেন, আমরা গত ঈদুল ফিতরের সময় পাঁচজনকে ঈদ উপহার প্রদান করেছি। এই বছর আমরা দশজনকে দিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করবো। এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানায়, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শনে কুমিল্লা পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শন করেছেন।

আজ বুধবার দুপুরে কুমিল্লা সদরের চানপুর গরুর বাজার ও বালুতুপা গরুর হাট বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

 

এ সময় তিনি গবাদি পশু ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ জনসাধারনের সাথে হাট-বাজারের আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন। তিনি বলেন, “যে কোন আইনি সহায়তা প্রদানে জেলা পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে” গবাদি পশু ক্রয়-বিক্রয় সংক্রান্তে চাঁদাবাজি বা কোন ধরনের অপরাধের সংবাদ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই অপরাধের প্রস্তুতি, অতঃপর অস্ত্রসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিকেলে জেল থেকে জামিনে বেরিয়েই রাতে অস্ত্র হাতে অপরাধে নামার প্রস্তুতি নেন চিহ্নিত তিন আসামি। তবে শেষরক্ষা হয়নি। কুমিল্লায় পুলিশের তৎপরতায় তারা অস্ত্রসহ ধরা পড়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি থামিয়ে এ তিনজনকে আটক করে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির পুলিশ। এ সময় তারা পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে। পালটা প্রতিরোধে একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং এসআই (নিরস্ত্র) মো. খাজু মিয়া আহত হন।

তবে শেষপর্যন্ত তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে মো. খাইরুল হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান। তার বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় ৪০টি মামলা রয়েছে। জগন্নাথপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রিয়াদ। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে এবং চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা। তার বিরুদ্ধে রয়েছে ১৪টি মামলা।

বুধবার (৪ জুন) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর ১২টার সময় পুলিশ সুপার নাজির আহম্মেদ খান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিস ছিনতাই করার উদ্দেশ্যে তারা অস্ত্রসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশি তল্লাশিতে ধরা পরে যায়।’

আটকদের মধ্যে রাকিবুল ও সোহাগ সদ্য জামিনে মুক্তি পেয়েছে। খাইরুল জামিনে বের হয়েছিল এক মাস আগে। তাদের সঙ্গী আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লায় দুর্বার বাংলাদেশের ঈদ উপহার বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’—এই হৃদয়স্পর্শী স্লোগানকে ধারণ করে কুমিল্লায় শতাধিক অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল কুমিল্লা রিপোর্টার্স ক্লাব।

বুধবার( ৪জুন) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘দুর্বার বাংলাদেশ’ এবং ‘কুমিল্লা রিপোর্টার্স ক্লাব’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার বাংলাদেশের উপদেষ্টা শওকত আলী, চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, পরিচালক আকিব হাসান, সহ-পরিচালক অমিত হাসান, সভাপতি সায়েদা ফারহানা, সহ-সভাপতি আলম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিজোয়ানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আমানত বিজয় ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব মিয়াজি প্রমুখ।

এছাড়া কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, দুর্বার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান (রাফি), সদস্য মাহমুদ, রাত্রি, মেহজাবিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সরকার বাজেট দিয়েছে: বিএনপি

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, তাই তারা আশা করেছিলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। কিন্তু সেটি করা হয়নি।

রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ‘ডবল ডিজিট’। তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্বব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে ২৭ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবমতে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা আগের সরকারের মতোই অবান্তর ও কাগুজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ, দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে যাচ্ছে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। ভবিষ্যতে বিএনপি ক্ষমতা এলে শিক্ষার এসব ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে।

অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা সমাধানে বাজেটে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথনকশা উপস্থাপন। অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি। বিশাল সুদের হারের সঙ্গে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। কর্মসংস্থানও কমতে পারে। মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। দারিদ্র্য বিমোচনের অগ্রগতিও থমকে যেতে পারে।

ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা বাজেটে নেই বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, এগুলো না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত ও প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবেন।

অনলাইন ব্যবসার ওপর শুল্ক বাড়ানোয় ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বেন বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, এতে তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে। উদ্ভাবনও নিরুৎসাহিত হবে।

আমীর খসরু বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক। খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল। ‘ঋণ করে ঋণ শোধ’ দীর্ঘ মেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। এতে করব্যবস্থার প্রতি আস্থা কমতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

সূত্র: ইত্তেফাক

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ সাত জেলায় ঝড় হতে পারে

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বৃষ্টি ঝরতে পারে বলে জানান আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কুমিল্লার রাণীরবাজারে সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর-এর আওতায় কুমিল্লা সদর উপজেলার রাণীরবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ বিভিন্ন অবৈধ ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মালামালসমূহ হল, ইয়াবা ৭৮ পিস, মোবাইল ফোন ৯ টি,পাওয়ার ব্যাংক ১ টি, চাপাতি ১ টি, কুড়াল ১ টি, বড় ছুরি ১ টি কাঁচি ২ টি, কাটিং প্লাস ১ টি, সিসিটিভি ডিভিআর ১ টি, সেলাই রেঞ্জ ১ টি, বাটুল (লোহার বস্তু) ১ টি, স্ক্রু ড্রাইভার ২ টি, গাঁজা ২৫০ গ্রাম ও ছুরি ১ টি এবং
সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় ৩ গজ।

আটককৃত গ্যাং সদস্যরা হলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকার দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, সদরের দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ ফরিদ, দেবিদার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন
এবং একই গ্রামের কবির উদ্দিনের ছেলে তুহিন।

উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরণের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।

৩৩ পদাতিক ডিভিশনের ২৩ বীর-এর এমন সঠিক ও কৌশলী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং এটি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে থাকবে।