All posts by jitu

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২ আগস্ট) মালয়েশিয়ান গণমাধ্যম বেরিতা হারিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুর অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুজন আহত হন। আহতদের উদ্ধার করে তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়।

মামলাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার আওতায় তদন্তাধীন। পুলিশ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকার গুলিস্তানের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার গুলিস্তানের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার।

তিনি জানান, আমরা সকাল ১০টার দিকে আগুন লাগার খবর জানতে পারি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট রাত ১১ টা কুমিল্লার চান্দিনা উপজেলায় অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ১টি ছুরি এবং ইয়াবা সামগ্রী উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

তরুণদের মাঠে ফেরাতে মনোহরগঞ্জে ব্যতিক্রমী ফুটবল খেলা

স্টাফ রিপোর্টার:

তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল খেলা। এ উদ্যোগের কারনে নবীণদের মাঠে ফেরাতে আগ্রহী করবে।

মনোহরগঞ্জ উপজেলায় ১৮ টি দল নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটির আয়োজন করে ‘দেবপুর ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার বিকেলে ফাইনাল খেলা উপজেলার দেবপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকেরা জানান, ব্যতিক্রমী উদ্যোগের কারনে অবশ্যই তরুনেরা অনুপ্রাণিত হবে। দেবপুর ফাউন্ডেশন সংগঠনের এমন উদ্যোগের কারনে আনন্দিত দর্শকেরা।

দেবপুর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাইমন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবীনদের খেলার প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত করা। এ খেলার মাধ্যমে তরুণদের মাঠে ফেরার প্রেরণা জোগানোর চেষ্টা।

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখবেন এবং অন্যান্য ভোটারের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত মনোনয়ন ও বিজয়ী নির্ধারণে ভোট দেবেন তিনি। আগামী ১১ জানুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।

প্রসঙ্গত, পার্থ সনজয় দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত। তিনি দেশের পক্ষে আটবার কান চলচ্চিত্র উৎসব ও বুসান চলচ্চিত্র উৎসব কভার করেছেন। দেশ ও বিদেশে বিনোদন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংবাদ সংগ্রহের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন ‘বজলুর রহমান স্মৃতি পুরস্কার’।

এছাড়াও, এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নতুন ভোটার হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক জনি হক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট অফিসার আদর রহমান।

ভারত সফরে আসছেন লিওনেল মেসি

ভারত সফরে আসছেন লিওনেল মেসি

 

স্পোর্টস ডেস্কঃ

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। চলতি বছরের শেষ দিকে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে সফরে আসতে পারে বলে জানিয়েছে জি নিউজসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়ন (এএফএ) ও বাণিজ্যিক অংশীদার এইচএসবিসি ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে কেরালার কোচিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের মার্চে আর্জেন্টিনা দল ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছিল। তখনই জানানো হয়েছিল, দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি কোচিতে অন্তত একটি প্রীতি ম্যাচে নেতৃত্ব দেবেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান ২০২৫ সালের জুনে নিশ্চিত করেন যে, সফরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে।

তবে ২০২৫ সালের মে মাসে কিছু প্রতিবেদন প্রশ্ন তোলে—আয়োজকরা প্রয়োজনীয় ১০০ কোটি রুপি তহবিল সংগ্রহে সক্ষম হবেন কি না। কিছু সূত্র জানায়, পর্যাপ্ত অর্থ জোগাড় না হলে আর্জেন্টিনা তাদের সফরের গন্তব্য পরিবর্তন করে চীন, অ্যাঙ্গোলা বা কাতারে স্থানান্তর করতে পারে। যদিও কেরালা সরকার এসব গুজব অস্বীকার করেছে এবং পুনরায় আশ্বস্ত করেছে যে সফরটি এখনও পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে মেসির প্রথম ভারত সফর। সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়াম। শুধু মেসিই নয়, এই সফরে আর্জেন্টিনা দলের অন্যান্য তারকা খেলোয়াড় যেমন অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও থাকতে পারেন।

ফুটবলপ্রেমীরা এখন প্রতীক্ষায় আছেন আনুষ্ঠানিক ঘোষণার—কবে ম্যাচ হবে, কার বিরুদ্ধে হবে, এবং কবে থেকে টিকিট পাওয়া যাবে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফিকে ফেনী থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

শুক্রবার ( ১ আগস্ট) ভোর রাতে ফেনী জেলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

রাগ করে গলায় ফাঁস দিয়ে নাঙ্গলকোটে কিশোরের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে ফাহিম হোসেন ইসমাইল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ছোটবেলা থেকেই আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামে নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে ফাহিমের কথা কাটাকাটি হয়। এতে রাগ করে এসে নিজ ঘরের ভেতরে নানির ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফাহিম।

খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে রাত ১২টার পর নাঙ্গলকোট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফাহিমের মা পান্না বেগম (৪০) জানান, ঘটনার সময় আমরা ঘরে ছিলাম না। কিছুক্ষণ পর খবর পাই ফাহিম ঘরের মধ্যে ঝুলে আছে। আমি থানায় একটি অপৃত্যুর মামলা করেছি।

উল্লেখ্য, ফাহিম হোসেন ইসমাইল মায়ের গর্ভে থাকাকালিন তার বাবা মারা যান। মা আবার বিয়ে করে সংসার করেন। তিনি নানার বাড়িতে বেড়ে উঠেন এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নাসিমুল হক ইমরান জানান, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চান্দিনায় সবজি চাষের আড়ালে গাঁজা চাষ!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন নামের এক ভাঙাড়ি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙাড়ি দোকান থেকে অভিযুক্তকে আটক করা হয়।

জানা যায়, পুইশাক, পালংশাক, ঢ্যাঁড়শসহ নানা শাকসবজির সঙ্গে গাঁজাগাছের পরিচর্যার কমতি রাখতেন না মো. লিটন। ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চারা গাঁজাগাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করতেন ওই ভাঙাড়ি ব্যবসায়ী।

আটক গাঁজা চাষি মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানায়, সে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজাগাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: আসামি ৬৩

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: আসামি ৬৩

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে  ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৬৩ নেতাকর্মিকে আসামি করে মামলা করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

তিনি বলেন, ৪৩ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫-২০জনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মি জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। মিছিলের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ফেস্টুন, তিনটি লাঠি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আরও বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫জন এজাহার নামীয় আসামি এবং আরেক আসামি এজাহারের বাহিরে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।