All posts by jitu

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ মাল্টা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ মাল্টা

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করবে দেশটি।

জাতিসংঘে আয়োজিত এক অধিবেশনে মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস্টোফার কুতাজার বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আমাদের অঙ্গীকার দীর্ঘদিনের। আমরা সবসময়ই ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থেকেছি। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

একই দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তার দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কিছু শর্তসাপেক্ষে—২০২৬ সালের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে হামাস অংশ নিতে পারবে না এবং নতুন রাষ্ট্রটি হবে নিরস্ত্র।

মাল্টা ও কানাডার এই ঘোষণায় সাড়া দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যও একই পথে এগোচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তার দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “ইসরায়েল যদি আগামী আট সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় রাজি না হয়, তবে যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।”

এই পদক্ষেপগুলোর ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৫ ছাড়িয়ে যাবে। এর মধ্যে অন্তত ১২টি ইউরোপীয় দেশ রয়েছে।

তবে এই আন্তর্জাতিক উদ্যোগের বিরোধিতা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসকে পুরস্কৃত করা। এটি কেবল চরমপন্থাকেই উৎসাহিত করবে।”

এর পাল্টা জবাবে মাল্টার প্রতিনিধি কুতাজার বলেন, “এটা প্রতীকী কোনো পদক্ষেপ নয়। বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

জাতিসংঘে তিনদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধি অংশ নেন। শেষ দিনে ‘নিউইয়র্ক কল’ শীর্ষক এক যৌথ বিবৃতি প্রকাশিত হয়, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এতে ১৫টি পশ্চিমা দেশ স্বাক্ষর করে।

সম্মেলনের শেষ মুহূর্তে সৌদি আরবের রাষ্ট্রদূত অধিবেশন স্থগিত ঘোষণা করে জানান, সম্মেলনের সিদ্ধান্তগুলোর ভিত্তিতে একটি চূড়ান্ত প্রস্তাবনাপত্র তৈরি করা হয়েছে, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো হবে এবং সেপ্টেম্বরে তা অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। আরও কিছু বড় দেশ যদি এই পথে হাঁটে, তবে ইসরায়েল-ফিলিস্তিন সংকটে বৈশ্বিক চাপ অনেক বেড়ে যাবে।

সূত্র: এপি, ইউএনবি

চৌদ্দগ্রামে মাদক সম্রাট লতা জাহাঙ্গীর ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৯ মামলার আসামী জাহাঙ্গীর (৪৬) ওরফে লতা জাহাঙ্গীরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর আনুমানিক ৪ টায় গোপন সংবাদের ভিত্তিকে বিজিবি’র আনন্দপুর বিওপির নায়েক সুবেদার মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে বাতিসা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর কাজী মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জাহাঙ্গীরের নিকট থেকে ৯৬পিস ইয়াবা, নগদ ৭,২৮০ টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক সম্রাট জাহাঙ্গীর (লতা) বাতিসা ইউনিয়নের দূর্গাপুর এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে। লতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম থানার এস. আই হিসাম উদ্দিন।

বিজিবি’র আনন্দপুর বিওপির নায়েক সুবেদার মোঃ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে একাধিক মাদক মামলার আসামী লতা জাহাঙ্গীরকে ইয়াবাসহ আটক করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী লতা জাহাঙ্গীরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডক্টরস্ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এ কর্মসূচি সম্পন্ন হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেয় পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানান শ্রেনী পেশার মানুষ। ওই সময় সংগঠনটির উপদেষ্টা খালেকুজ্জামান শামীম, প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি এস এম মিরাজ মুন্সী, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, সহ দপ্তর সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, প্রচার সম্পাদক মো. রনি, ধর্ম বিষয়ক সম্পাদক নেছার আহমেদ পাটোয়ারী, রক্ত বিষয়ক সম্পাদীকা ফারজানা ইসলাম, সদস্য রাজু মির্জা, শরীফ হোসেন, সাখাওয়াত হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সংগঠনটির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে সেলাই মেশিন, হুইল চেয়ার, বন্যার্তদের মাঝে খাবার বিতরণসহ সামাজিক কাজে অবদান রাখছেন।

চৌদ্দগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ মাছ পিরানহা জব্ধ করে এতিমখানায় দান করেছে প্রশাসন। বৃহষ্পতিবার (৩১ জুলাই) দুপুরে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌদ্দগ্রাম বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত ১৬ কেজি মাছ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া জামিয়া আজিজিয়া শফিউল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুইক রেসপন্স টিম চৌদ্দগ্রাম এর টিম লিডার ইয়াছিন আরাফাত ও কুইক রেসপন্স টিমের পৌরসভা প্রতিনিধি নাজমুল হাসান।

উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশের মতো ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

চৌদ্দগ্রামের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান বলেন ‘বাংলাদেশ বন্যা প্রবণ দেশ। এখন পুকুরে বা ঘে‌রে যদি পিরানহা মাছ বা আফ্রিকান মাগুর মাছ চাষ ক‌রা হয় এবং সেই মাছ যদি পানিতে ভেসে অবরুদ্ধ স্থান থেকে মুক্ত জলাশয় যেমন নদী, খাল বিলে চলে আসে। তখন তাদের আক্রমণে দেশীয় ছোট বড় সব মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।’

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর সাংবাদিকদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা সাংবাদিকরা। এই ঘটনায় মামলাও দায়েরের কথাও জানানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের হামলার ঘটনায় কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কথা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, গতকাল বুধবার (৩০ জুলাই) কুমিল্লার মুরাদনগর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলা করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে তার পায়ে একাধিক আঘাত করছে। এ সময় তার সঙ্গে থাকা এস এ টিভির কুমিল্লার ভিডিও জার্নালিস্ট বাপ্পীও আহত হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মুরাদনগরে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খান রাফি,দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হয়।

এ সময় বক্তব্যে কাজী এনামুল হক বলেন, সারাদেশে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন আমাদের সহকর্মীদের কিভাবে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কোন দলের তো আমরা জানি। আমরা কোন দল-মত বুঝি না। ঘটনা ঘটবে সাংবাদিক নিউজ করবে হামলা কেন করবেন? অতীতের ঘটনায় প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাও আমরা দেখেছি। তাই আমরা বলতে চাই যতক্ষণ না আমাদের সহকর্মীদের হামলার দোষীদের গ্রেফতার না করা হবে আমরা পুলিশের কোন ইতিবাচক সংবাদ প্রচার করবো না।

এসময় তিনি মামলা করার ঘোষণা দেন এবং প্রেসক্লাব থেকে মামলা পরিচালনার ঘোষণা দেন।

প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তব্যে সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বেশ কিছুদিন ধরে আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের ইঙ্গিত করছে। আপনারা তাদের সামলান। নাহয় ভবিষ্যৎে আপনাদের কোন সংবাদ সাংবাদিকরা প্রচার করবে না।

ঢাকায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসনে আরোহণ দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট:

বাংলাদেশে অবস্থিত মরক্কো দূতাবাস মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসন আরোহণ দিবস উপলক্ষে নানান আয়োজনে দিনটি উদযাপন করেছে।

বুধবার (৩০ জুলাই) রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তারা তাঁর সিংহাসন আরোহণের ২৬-তম বার্ষিকী উদযাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যথাক্রমে মরক্কো এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। এরপর মরক্কো দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স বোশাইব এজ জহরি বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে মরক্কো-বাংলাদেশ সম্পর্কের উপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে এই ভ্রাতৃপ্রতিম দেশ দুটির মধ্যে বাণিজ্য খুব ভালো অবস্থায় রয়েছে এবং বছর বছর বৃদ্ধি পাচ্ছে। তিনি সার ক্রয়ের এর জন্য মরক্কোকে বেছে নেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান । সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশ মরক্কো থেকে আরো বেশি পরিমাণে সার আমদানি করবে বলে আশা প্রকাশ করেন । মরক্কো বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য আমদানি করে থাকে । এটি ভবিষ্যতে আরো বাড়বে বলে তিনি আশা করছেন । মরক্কো একটি আধুনিক, উন্নত এবং মুসলিম দেশ । এর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য এবং চমৎকার সংস্কৃতি রয়েছে । মরক্কো আফ্রিকার একটি উন্নত দেশ এবং বর্তমান রাজার অধীনে উত্তরোত্তর তা সমৃদ্ধি লাভ করছে । তিনি মরক্কোতে বাংলাদেশীদের বেশি বেশি ভ্রমণ করার আহ্বান জানান ।

প্রধান অতিথি মোস্তফা সরোয়ার ফারুকী তাঁর বক্তব্যে গত বছরের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণ করেন । তিনি বলেন বাংলাদেশ এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বলিষ্ঠ নেতৃত্বে একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ।

প্রধান অতিথির বক্তব্যের পর মরক্কোর উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । আমন্ত্রিত অতিথিদের ডিনার এর মাধ্যমে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপণী হয়।

দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি আওয়ামী লীগ নেতা আ. কুদ্দুসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত. মজু মিয়ার ছেলে। তিনি সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গ্রেপ্তার এজহারভুক্ত আসামি না হলেও তাকে ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আ. কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি।

ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

চান্দিনায় সাড়ে ৩ হাজার ইয়াবা ও ৫৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বুধবার (৩০ জুলাই) দিনগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- মাদক ব্যবসায়ী মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই তরুণ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য। এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাদক সেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতো মোস্তফা। অবশেষে বিষয়টি সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।

সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান- মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার উপর আমাদের নজরদারী বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যে কোন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।

বুড়িচংয়ে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক স্বামী আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক মীর হোসেনকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। তার বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগ তুলে নিহতের পরিবার।

গত মঙ্গলবার (২৯ জুলাই) বুড়িচং উপজেলার রামপুর এলাকায় একটি বাড়ির তৃতীয় তলার কক্ষ থেকে মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং এ দম্পতির মেয়ে মিশু আক্তারের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। জাহেদা ও তার মেয়ে স্থানীয় একটি জুতা কারখানায় চাকরি করতেন। মীর হোসেন পেশায় রাজমিস্ত্রি। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে। শ্বশুর বাড়ি পশ্চিম ছাগলনাইয়া গ্রামে। গত ১২ জুলাই তিনি বুড়িচং রামপুর এলাকায় বাসা ভাড়া নেন।

ছাগলনাইয়া থানা পুলিশ জানান, মা-মেয়ের মৃত্যুর পর ভাড়া বাসা থেকে পালিয়ে ছাগলনাইয়ার যশপুর গ্রামের বোনের বাড়িতে আশ্রয় নেন মীর হোসেন। বুধবার রাতে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পরে তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়।

নিহত জাহেদা আক্তারের মা হোসনে আরা অভিযোগ করেন, মীর হোসেন ঋণগ্রস্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে তার মেয়ে ও নাতনিকে হত্যা করেছে মীর হোসেন। তিনি তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মীর হোসেনের ছোট মেয়ে বিবি ফাতেমা জানান, ঘটনার পূর্বে তার মায়ের সঙ্গে বাবার তুমুল ঝগড়া হয়েছিল। তার অভিযোগ, বিষ খাইয়ে তার মাকে হত্যা করেছে বাবা। দেখে ফেলায় তার বোনকেও হত্যা করা হয়।

ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার জানায়, রাতেই বুড়িচং থানা পুলিশ মীর হোসেনকে নিয়ে গেছে। তার বিরুদ্ধে ওই থানায় মামলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে মা-মেয়ের লাশ ছাগলনাইয়ার জয়নগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কুমিল্লায় সবজিক্ষেতে গাঁজার চাষ! গাঁজা গাছসহ চাষী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিক্ষেতে গাঁজা চাষের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক চাষীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিম পাড়ায় মো. দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে তার সবজিক্ষেত থেকে গাঁজা গাছসহ আটক করা হয়। অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এক বক্স শুকনো গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জানা গেছে, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজিক্ষেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। আটক ব্যক্তি মৃত মো. কালা মিয়ার ছেলে। তার বাড়ি বুড়িচং উপজেলার বড়াইল পশ্চিম পাড়া।

এ ঘটনায় রাতেই কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, “আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”