All posts by jitu

কুমিল্লায় সবজিক্ষেতে গাঁজার চাষ! গাঁজা গাছসহ চাষী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিক্ষেতে গাঁজা চাষের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক চাষীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিম পাড়ায় মো. দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে তার সবজিক্ষেত থেকে গাঁজা গাছসহ আটক করা হয়। অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এক বক্স শুকনো গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জানা গেছে, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজিক্ষেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। আটক ব্যক্তি মৃত মো. কালা মিয়ার ছেলে। তার বাড়ি বুড়িচং উপজেলার বড়াইল পশ্চিম পাড়া।

এ ঘটনায় রাতেই কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, “আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

চৌদ্দগ্রামে ইউপি মেম্বার যুবলীগ নেতা জাবেদকে শালিশে না ডাকায় ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিস্ট ইউপি মেম্বার মোঃ জাবেদকে শালিশে না ডাকায় নারীকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি মেম্বার ওই গ্রামের আলী হোসেনের ছেলে ও ফ্যাসিস্ট আ’লীগের সক্রিয় কর্মী। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, গত ফ্যাসিস্ট আ’লীগের সময়ের চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাবেদ টাকা খেয়ে বিচার আচার করেন এবং অসহায় লোকজনের উপর অত্যাচার নির্যাতন করেন ও মহিলাদেরকে মারধর করে। গত ২-৩ মাস পূর্বে নেতড়া গ্রামের হাছিনা আক্তারের ছেলেদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে মনমালিন্য সৃষ্টি হয়। তখন তাঁর বড় ছেলে এলাকার প্রতিনিধি হিসেবে ইউপি মেম্বার মোঃ জাবেদকে জানায়।

হাছিনা আক্তার ও তাঁর স্বামী হুমায়ন কবির আত্মীয়-স্বজনকে ছেলেদের বিষয়ে জানিয়ে পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধান করে। কিন্তু বড় ছেলে ইউপি মেম্বার মোঃ জাবেদকে পারিবারিক বিষয়ে না ডাকলে ক্ষিপ্ত হয়ে উঠে। ইউপি মেম্বার জাবেদ প্রায় সময় উস্কানিমূলক কথাবার্তা বলে তাঁদের ক্ষতি সাধনের সুযোগ খুঁজতে থাকে। এরই মধ্যে গত ২৩ ও ২৭ জুলাই হাছিনার দুই ছেলে প্রবাসে চলে যায়।

বুধবার সকালে হাছিনা আক্তার প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হলে জাবেদ মেম্বার পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গালমন্দ করতে থাকে। গালমন্দ করতে নিষেধ করায় জাবেদ উত্তেজিত হয়ে হাছিনা আক্তারের নাকে স্ব-জোরে ঘুষি দিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। এছাড়া হাছিনা আক্তারের শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে গলায় থাকা ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন টেনে নিয়ে যায়। হাছিনা আক্তারের শোর চিৎকার শুনে বাড়ীর লোকজন গিয়ে রক্তাক্ত জখমী অবস্থায় উত্তেজিত ইউপি মেম্বার জাবেদের হাত থেকে প্রাণে রক্ষা করে।

পরে হাছিনা আক্তারকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আইনী ব্যবস্থা না নিতে ইউপি মেম্বার মোঃ জাবেদ হাছিনা আক্তারসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাছিনা আক্তারের ভাই মোঃ শহীদুল্লাহ প্রকাশ মাহবুব জানান, ইউপি মেম্বার জাবেদ দীর্ঘদিন ধরে শালিশ বৈঠকের নামে মানুষ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো। আমার বোনের পরিবার থেকে টাকা না পেয়ে হামলা ও শ্লীলতাহানি করেছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার ইউপি মেম্বার মোঃ জাবেদ বলেন, ‘হঠাৎ টাকা-পয়সা হয়ে যাওয়ায় তারা আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। মারধর ও স্বর্ণের চেইন নেয়ার তথ্য সঠিক নয়’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

বোনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না হাফেজ ফাহাদের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে চাচাতো বোনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় হাফেজ ফাহাদ হোসেন(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির মীর হোসেনের ছেলে ও মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার নবম শ্রেণীর ছাত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে একই ইউনিয়নের করপাটি ধনু মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের উপর। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বার নাছির উদ্দিন।

স্থানীয় সূত্র ও প্রতিবেশি আবদুল হালিম জানান, হাফেজ ফাহাদ বুধবার দুপুরে তাঁর জেঠাতো ভাই সানজিদ হাবিবের মোটর সাইকেল নিয়ে পাশ্ববর্তী মরকটা গ্রামে চাচাতো বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেলে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে করপাটি ধনু মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় হাফেজ ফাহাদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা নেয়ার পথে হাফেজ ফাহাদের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনসুর এনাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাফেজ ফাহাদকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়’।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পূর্ণবহালের দাবী বিএনপি’র

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সারাদেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুণ: নির্ধারিত চুড়ান্ত খসড়া তালিকায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসন পরিবর্তিত হয়ে চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৪ লক্ষাধিক ভোটারের বিশাল উপজেলা চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করায় প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি।

বুধবার (৩০শে জুলাই) রাতে তাৎক্ষনিক চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলা একটি স্বনামধন্য উপজেলা। এ উপজেলায় ভোটার প্রায় ৪ লক্ষ। প্রস্তাবিত খসড়া সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন পূর্বের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলা নিয়েই বহাল রাখতে হবে। চৌদ্দগ্রাম আসন পূর্বের ন্যায় বহাল না হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃত্বে চৌদ্দগ্রামের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে তীব্র আন্দোলণ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলণে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আক্তার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর বিএনপি’র সদস্য অধ্যাপক এয়াকুব পাটোয়ারী, আবদুর রশিদ, কাজী জসিম, দুলাল পাটোয়ারী, হাছান শাহরিয়ার খাঁ, ইলিয়াছ পাটোয়ারী, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, বাবুল মুন্সী, আইয়ুব আলী পাটোয়ারী,ইয়াছিন পাটোয়ারী, মতিন পাটোয়ারী, কামাল উদ্দিন মজু:, আলমগীর হোসেন, মৎস্যজীবি দল নেতা মাসুদ রানা সুজন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ অনিক প্রমুখ।

বুধবার আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে বিরুদ্ধে সংক্ষুদ্ধরা আবেদন করতে পারবেন।

কুমিল্লাসহ যে ৩৯ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে

ডেস্ক রিপোর্ট:

সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে।

বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানায় নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এ খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

আসনগুলো হলো- পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২ ও ৩।

এ সময় ইসি আনোয়ারুল আরও জানান, বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।

এ সময় তিনি আরও জানান, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের উপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া: সাংবাদিকসহ আহত ১৮

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসিফ মাহমুদের অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক এবং সাংবাদিক ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির ১০ থেকে ১২ জন সমর্থক আহত হন এর মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছে।

আহত ইউপি সদস্য শেখর জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা পাঠিয়ে দেন এবং শরীরের বিভিন্ন অংশ আঘাত করেন।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহবায়ক মিনাজুল হক জানান, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে মিছিল নিয়ে আসার পর করে শত শত ঈদ পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দিতে থাকে এ সময় প্রায় অর্ধ শতাধিক সমর্থক আহত হয়। এছাড়া আমি মেম্বারের অবস্থা গুরুতর।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, আজকে মুরাদ নগরের সদরে এনসিপির সমর্থনের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল এ সময় পাশে অবস্থানকৃত কিছু লোক বিনে উস্কানিতে ঈদ পাটকেল নিক্ষেপ শুরু করেন এরপরে বিপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। তবে এনসিপির সমর্থকদের অর্ধ শতাধিক আহতের বিষয়টি তদন্ত করে দেখবেন। এছাড়াও কারা এ হামলার সাথে ইন্ধনদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ নাজমুল হোসেন (৩০) ও মোঃ সাগর (২৬) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত মোঃ নাজমুল হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং অপর আটককৃত মোঃ সাগর (২৬) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, পোগন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় নীল রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভিতরে থাকা দুজন দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের কে আটক করা হয়। এসময় দুজনকে পালিয়ে যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। তাদের দেওয়া তথ্যমতে গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২ টি পলিথিন প্যাকেট হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নীল রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার সমন্বয়ক পরিচয়দানকারী আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানায়, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসা থেকে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন- মো. সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ।

দাউদকান্দিতে নির্মাণাধীন সরকারী মার্কেটের জায়গা অবৈধ দখলের হিড়িক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে নির্মাণাধীন সরকারী মার্কেটের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানায়, উপজেলার গৌরীপুর বাজারে জিসি টু স্টোরেড রোরাল মার্কেটিং বিল্ডিং ( উইথ ফোর স্টোরেড ফাউন্ডেশন) নির্মাণ কাজটি চলমান। প্রায় চার কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণ কাজটি বাস্তবায়ণ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গৌরীপুর বাজারের ১০৯নং নোয়াগাও মৌজার ৩১৩ দাগের ০.২১৩৭ একর ভুমির উপর নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় স্থানীয় প্রভাবশালীরা মার্কেটের জায়গায় রাতের আধাঁরে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এনিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অবৈধ দখল উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসনকে লিখিত চিঠির মাধ্যমে অবহিত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সহকারী কমিশনার(ভূমি) জমির উপর ১০৯নং নোয়াগাও মৌজার ৩১৩ দাগের ০.২১৩৭ একর ভুমির উপর মৌজাম্যাপ চিহ্নিত করে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজটি চলমান থাকা অবস্থায় অবৈধ দখল নিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করায় প্রকল্পটি নির্মাণ কাজে জটিলতা শুরু হয়। অবৈধ দখলকারী দোকানের স্থলে নির্মাণাধীন সরকারী মার্কেটের সিড়ি, সেপটিক ট্যাংক ও ভবনে প্রবেশের রাস্তা নির্মাণ করা হবে। চিঠিতে নির্মাণাধীন ভবনের জায়গায় অবৈধ দখলকারীদের উচ্ছেদ করতে অনুরোধ জানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে জানাযায়, নির্মাণাধীন ভবনের পশ্চিম পাশে যেখানে সেপটিক ট্যাংক, সিড়ি ও চলাচলের পথের জায়গায় লোহার এ্যাংগেল দিয়ে ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে। আরেক পাশে ইটের গাথুনি দিয়ে অবৈধ দখল চলচে। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, মার্কেটে চলাচলের পথ, পানির ড্রেন ও সেপটিক ট্যাংকের জায়গার যে যেভাবে পারছে দখল করছে। মনে হয় দেশে কোন প্রশাসন নাই। যারা দখল করছে তারা নাকি অনেক টাকা খরচ কওে সবাইকে ম্যানেজ করেই লিজ নিয়েছে। মার্কেটের জায়গা আবার লিজ হয় কি করে?

উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসনকে চিঠির মাধ্যমে অবৈধ দখল বন্ধ করতে অনুরোধ করেছি। মার্কেটের জায়গাটি অবৈধ দখল মুক্ত করা না হলে ড্রয়িং অনুযায়ী কাজটি শেষ করা যাবে না। আর ভবনটির সিড়ি, ড্রেন ও চলাচলের পথ থাকবে না, সেই সাথে সেপটিক ট্যাংকটি ঝুঁকির মুখে থাকবে। ২০২১ সালে ৩১৩ দাগের পুরো ২১.৩৭শতক জায়গা মার্কেটের নামে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। ২০২৩ সালে মার্কেট নির্মাণ কাজ শুরু হয়েছে। শুনেছি একসনা বন্দোবস্ত দেয়ার পায়তারা চলছে। যেখানে মার্কেটের জন্য অনাপত্তিপত্র দেয়া হয়েছে সেই একই জায়গা আবার একসনা বন্দোবস্তো হয় কি করে সেই বিষয়টি বোধগম্য নই।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) থেকে বিষয়টি জানিয়েছে। যেহেতেু বিগত সময়ে বন্দোবস্ত হয়েছে, তাই নকশা দেখে কতটুটু জায়গা মার্কেটের জন্য ছিল, মার্কেটের জন্য জায়গা থাকলেওতো কিছু জায়গা চান্দিনাভিটির জন্য থাকে পেরিফেরিভূক্ত হলে। যেহেতেু একসনা বন্দোবস্ত যে কোন সময় তা বাতিলযোগ্য। তাই আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে একা পেয়ে মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায়। এক পথচারী তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মোর্শেদুল আলম জানান, ব্যবসায়ী মোস্তফা কামালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।