All posts by jitu

ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এসময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে।

উপদেষ্টা বলেন, আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।

চৌদ্দগ্রামে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মোজাফ্ফর হোসেন।

প্রধান বক্তা ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি, মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

এ উপলক্ষে শনিবার আটগ্রাস্থ ডলি রির্সোটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, জেলা মাদরাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব।

অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন উপজেলা দক্ষিনের সভাপতি শরিফ উল্যাহ মিশাল, পৌর ছাত্রশিবিরে সভাপতি হোসাইন আহমেদ, সেক্রেটারী রিফাত সানি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুণবতী আল ফারাবী হাইস্কুলের সিনিয়র শিক্ষক ছালেহ আহমেদ, সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে আরেফিন ইসলাম ও কাজী ফারহানা স্মৃতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, মাদরাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন : খসরু

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার রাজধানীতে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহিতায় আসেনি।

এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।

তিনি জানান, সারা দেশের ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি।

তিনি বলেন, দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।

দাউদকান্দিতে ‘২৩ মামলার আসামি’ মামুনকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে মো. আল-মামুন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদুরে গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানায়, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’

ওসি বলেন, ‘মামুনসহ আরও ৩ নারী রাতে ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে ওঠেন। গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর মামুন পানি কিনতে গাড়ি থেকে নিচে নামার পর ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার (আল মামুন) ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও ওসি জানান।

নিহত আল-মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের ধারণা, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ তাকে আটক করা হয়। পরে সে জামিনে বের হয়।

আমাদের দল ও জিয়ার পরিবারের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র ও অপপ্রচার সকল নেতাকর্মীদের নিয়ে শক্ত হাতে প্রতিহত করবো: দোলা আজিম

স্টাফ রিপোর্টার:

প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে দোলা আজিম বলেছেন – আমাদের জাতীয়তাবাদী দলের সকলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ।আমাদের দল ও জিয়ার পরিবারের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র ও অপপ্রচার সকল নেতাকর্মীদের নিয়ে শক্ত হাতে প্রতিহত করবো। আপনারা সবাই দল ও জিয়ার পরিবারের ব্যাপারে আপোষহীন থাকবেন,যারা আগামীর বাংলাদেশের তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদের সাবধান করে বলছি ,,শোন তারেক রহমান মানে বাংলাদেশ, তারেক রহমান কে নিয়ে মিথ্যে অপপ্রচার করার সাহস তোমরা কোথা থেকে পাও ? আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত লাকসাম- মনোহরগন্জের নেতাকর্মী ও জনগণের জন্য কাজ করেছেন । উনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করতেন, আমি ও আপনাদের কথা দিচ্ছি আমরাও সাদাকে সাদা কালোকে কালো বলে যাবো । আমরা লাকসাম মনোহরগন্জে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ দখলবাজ ও জুলুমবাজদের প্রতিহত করে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করবো । আমাদের বিএনপির প্রনীত ৩১ দফা বাস্তবায়নে তৃনমূলের মানুষের ঘরে ঘরে যাবো। মনে রাখবেন জনগণ যার, ধানের শীষ তার ।

মরহুম কর্নেল আজিমের একমাত্র কন্যা আগামীতে কুমিল্লা – ৯ (লাকসাম মনোহরগন্জ)আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বিএনপির প্রনীত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাগাদার কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার লাকসাম উপজেলা পূর্ব লাকসাম নরপাটি ইউনিয়ন পেচরা মাদ্রাসা মাঠে একটি জনসভা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা আজিম দোলা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দীন ,পৌরসভা যুগ্ম আহবায়ক মন্জুরুল আলম বাচ্চু ,সাবেক ৩ বারের ইউপি চেয়ারম্যান আবদুল হাই,সৈয়দ শরীফ হোসেন,,উপজেলা বিএনপি নেতা খাজা আহমেদ , আবদুল আউয়াল মেম্বার ,মাহিন উদ্দীন ,,লোকমান হোসেন ,লাকসাম উপজেলা যুবদল অন্যতম জনপ্রিয় নেতা জাহেদুল ইসলামের সঞ্চালনায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শ্রমিক দল ও মহিলা দলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিল।

সামিরা আজিম দোলা রাজপথে নেতৃত্বে আসার মাধ্যমে বিএনপির একটি বড় ধরনের অর্জন হচ্ছে সেটা ব্যাপক নারীদের উপস্থিতি ।দোলার প্রতিটি প্রোগ্রামে হাজার হাজার মহিলা নেতাকর্মী ও সাধারন নারী দের উপস্থিতি থাকে। ইতিমধ্যে প্রতিটা বাজারে বাজারে ৩১দফার লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন সামিরা আজিম দোলা।

কুমিল্লা ০৯ লাকসাম মনোহরগন্জ সাবেক এমপি কর্নেল আজিম মৃত্যুর পর নেতৃত্বের যে শূন্যতা তৈরী হয়েছে ,আজিম কন্যা দোলা মাঠে আসার পর থেকে মানুষের নতুন করে সাহস উৎসাহ তৈরী হয়েছে বলে তৃণমূল নেতা কর্মীরা মনে করেন।

সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে- কুমিল্লায় ভিপি নুর

স্টাফ রিপোর্টার:

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে।

মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কতৃক আয়োজিত গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।

এছাড়াও আওয়ামীলীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবীও জানান তিনি।

এছাড়াও তিনি আরো বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অনেকে।

সভাপতির ছবি না থাকায় বিএনপি’র অফিস ভাঙচুর, ছিড়ে ফেলা হলো শহিদ জিয়া, তারেক জিয়া ও খালেদা জিয়ার ছবি সম্ভলিত ব্যানার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার ছবি না থাকায় বিএনপি’র অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব জিয়া জানান, শুক্রবার বিকেলে কাদৈর বাজারে আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদৈর বাজারস্থ বিএনপি’র অফিসে হামলা করে মিটিং পণ্ড করা হয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এসময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিতা করে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার জানান, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করে। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বিএনপি’র দুই পক্ষের বিরোধের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এস আই মহিনের নেতৃত্বে পুলিশ ঘটনারস্থলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শুনেছি ব্যানার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধ হন গ্রামের রোকন আলীর স্ত্রী শরিফা বেগম, জাকির হোসেনের ছেলে ওসমান ও স্ত্রী সুফিয়া বেগম, রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম।

জানা যায়, গত জুন গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে পুলিশ কয়েক জনকে আটক করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত থেকে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ হোসনারা জানান, শেখ ফরিদের লোকজন আমাদের ওপর কয়েক দফা হামলা করে। আজ (শুক্রবার) সকালে আবারও আমাদের ওপর হামলা চালায় এবং গুলি করে। আমরা চারজনসহ অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শিমা মজুমদার জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে তিনজন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানায়, দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি।

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি যুবক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও মোহাম্মদ লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আফসার নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ার মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভারতের বিলোনিয়া শহরে কর্মরত সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় মিল্লাত, লিটন ও আফছার গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিল্লাতের। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতদের পরিবারের দাবি—লিটন, মিল্লাত ও আফসার মাছ ধরতে বাসপদুয়া সীমান্ত এলাকায় যায়।

নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, তার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের গুলি করে হত্যা করে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ জানান, গুলিবিদ্ধ দুজনকে রাত ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগেই মারা যায়। আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানায়, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফসার নামে দুজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে। এ সময় লিটন নামে একজনকে গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়। মিল্লাত নামের একজন ফেনী সদর হাসপাতালে মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, বাংলাদেশি যুবকরা পৌর এলাকার বাসপদুয়া গ্রামের সীমান্ত পিলার ২১৬৪/৩ এস অতিক্রম করে ভারতে ঢুকে গেলে বিএসএফ তাদের গুলি করে। এসময় মিল্লাত নামের একজন হাসপাতালে নেওয়ার পর নিহত হয়েছেন। লিটন নামের আরো এক বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার গোমতী নদীর বেড়িবাঁধের ভিতরে শ্মশানের পাশে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর পাড় থেকে বাতাসে পচা গন্ধ ভেসে আসলে প্রথমে স্থানীয়রা ভেবেছিল কোন মরা পশুর গন্ধ হবে। কাছে গিয়ে দেখে অর্ধগলিত অবস্থায় একটি যুবকের লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনাস্থলে যান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।