All posts by jitu

মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার গোমতী নদীর বেড়িবাঁধের ভিতরে শ্মশানের পাশে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর পাড় থেকে বাতাসে পচা গন্ধ ভেসে আসলে প্রথমে স্থানীয়রা ভেবেছিল কোন মরা পশুর গন্ধ হবে। কাছে গিয়ে দেখে অর্ধগলিত অবস্থায় একটি যুবকের লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনাস্থলে যান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিএনপিবিরোধী পরিবার থেকে সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার!

স্টাফ রিপোর্টার:

শনিবার (২৬ জুলাই) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির কাউন্সিল। সরাসরি ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব। ইতিমধ্যে এলাকায় নির্বাচনঘিরে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির রাজনীতি।

এরই মধ্যে সমালোচনা উঠেছে, বিএনপিবিরোধী পরিবার থেকে সরসপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ারকে ঘিরে।

জানা গেছে, আনোয়ার হোসেন। ঢাকায় থাকতেন, ট্রাভেলসের ব্যবসা করতেন। কখনোই সরসপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ৫ আগস্ট এর পর সক্রিয় হন। গেল দুই মাস হয় ১ নং ওয়ার্ড বিএনপির অনুমোদিত কমিটিতে সদস্যপদও পেয়েছেন। দুই মাসের মাথায় এখন সরাসরি ইউনিয়ন বিএনপির সম্পাদক প্রার্থী হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন।

কর্মীদের অভিযোগ, তার পরিবারের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার আপন বড় ভাই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আলী হিরন। ওই কমিটি দিয়েছে … তারিখ। ছোট ভাই যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। ভাতিজা আনিস ছাত্রলীগ করতো, ৫ আগস্টের আগে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলমকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এক বছরের মতো হাসপাতালে ছিলেন তিনি। আনিস ২০২১ মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিকের দোকান ভাংচুর ও লুটপাট করে।

জানা গেছে, সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী দুইজন; এমএস আলী আকবর ও শাহ আলম পাটোয়ারী। সাধারণ সম্পাদক প্রার্থী দুইজন; সাহাব উদ্দিন ও আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক প্রার্থী করিম মেম্বার ও মোমিন উল্যাহ।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেের বক্তব্য পাওয়া যায়নি।

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:

প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন বুকিং না থাকা, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্যসহ বিভিন্ন কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২ এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টার্মিনাল ১- থেকে মোট ১২৮ জনকে আটক করা হয়, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন।

টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‌’নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে, বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে। তিনি আরো বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১১ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দি গাম্বিয়া – এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

স্টাফ রিপোর্টার:

২২ জুলাই ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দি গাম্বিয়া এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কনফারেন্স ২৫ অক্টোবর ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদগণ তাদের গবেষণা কর্ম উপস্থাপনের সুযোগ পাবেন। এতে বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান হবে। নতুন নতুন উদ্ভাবন, উন্নয়ন নির্দেশনা ও তা বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হবে।

ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী’র উপস্থিতিতে সমঝোতা স্মারকে সাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পরিচালক ডিসটিংগুইস প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দি গাম্বিয়ার পক্ষে রিসার্চ এন্ড পাবলিকেশন্স এর পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।

অনুষ্ঠানে আইওইউ, দি গাম্বিয়ার ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান যুক্তরাজ্য থেকে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান অস্ট্রিলিয়া থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক:

সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা, ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত
পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

একজন চিকিৎসা বিশেষজ্ঞ, একজন মেডিকেল অফিসার (মহিলা), একজন করণিক ও একজন ওটিএ পদে লোক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ২৬ শে জুলাই।

একাদশে ভর্তির নীতিমালা জারি

ডেস্ক রিপোর্ট:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)। নীতিমালা অনুযায়ী, এবারও তিন ধাপে নেওয়া হবে ভর্তি আবেদন। প্রথম ধাপে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে ৩০ জুলাই থেকে। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরো দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।
নীতিমালা অনুযায়ী ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন :

যেকোনো শিক্ষাবর্ষে এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্য বিধানাবলি সাপেক্ষে কোনো কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীতি-২.১-এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে :

১. বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যেকোনোটি;

২. মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনোটি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এর যেকোনেটি;

৩. যেকোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগের যেকোনোটি;

৪. বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনোটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ ব্যতীত যেকোনোটি;

৫. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি :

ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং কর্মরত অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সে ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।

আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সে ক্ষেত্রে তার এক ধাপ ওপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র/গেজেটের সত্যায়িত কপি আবেদপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোন অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

অনলাইনে ভর্তি :

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্লাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তির ফি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদন গ্রহণপূর্বক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে।

বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি :

কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, শিষ্ট,পুরুষ/মহিলা/সহশিক্ষা,ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। বোর্ডে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত কিংবা পাঠদানের অনুমতি নেই এমন কোন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধান বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা সংশ্লিষ্ট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে।

কুবিতে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর শাস্তি সাময়িক স্থগিত

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে সিন্ডিকেট। তবে ভবিষ্যতে তারা কোনো অপরাধে জড়িত হলে পূর্বের শাস্তি তাৎক্ষণিকভাবে পুনরায় কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ১০৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে একজন সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেট সদস্য বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের অসদাচরণ বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে পূর্বের শাস্তি পূর্ণরূপে কার্যকর হবে।

সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক সুবিধা আর পাবেন না।

প্রসঙ্গত, সম্প্রতি কুবির নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলো।

কাতার চ্যারিটির অর্থায়নে চৌদ্দগ্রামে হেফজখানার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাতার চ্যারিটির অর্থায়নে নির্মিত হেফজখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ যোহর বাংপাই পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন হেফজখানাটির উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাতার চ্যারিটির অর্থায়নে “মসজিদ ও হেফজ প্রকল্প ৩৩৩২১১” এর আওতায় এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়। প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংপাই পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মেতালেব বলেন, “হেফজখানাটি নির্মাণে আমরা টেকসই, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছি। শিশুদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাই ছিল আমাদের মূল লক্ষ্য।”

কাতার চ্যারিটির প্রকল্প প্রকৌশলী জুবায়ের ইসলাম মানিক বলেন, “কাতার চ্যারিটি সবসময়ই পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর পাশে থাকে। আমরা বিশ্বাস করি, এই হেফজখানাটি শুধু একটি ভবন নয়, বরং এটি হবে এক একটি নূরানী প্রদীপ—যেখান থেকে আগামী দিনের হাফেজরা আলোর পথ দেখাবে। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মসজিদ কমিটির ক্যাশিয়ার নূর ইসলাম বলেন, “এই গ্রামে একটি হেফজখানা প্রতিষ্ঠার স্বপ্ন আমরা বহু বছর ধরে লালন করেছি। আজ সেটি বাস্তবে রূপ পেয়েছে। আমরা কৃতজ্ঞ কাতার চ্যারিটির প্রতি, এবং এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই প্রকল্প সফল হতো না।” মসজিদের পেশ ইমাম ও হেফজখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোঃ বোরহান উদ্দিন বলেন, “এই হেফজখানা হবে পবিত্র কুরআনের আলো ছড়ানোর কেন্দ্র। এখানে শিশুদেরকে শুধুমাত্র মুখস্থ নয়, বরং নৈতিক শিক্ষাও দেওয়া হবে, যেন তারা ভালো মানুষ হয়ে গড়ে ওঠে।” উদ্বোধনী দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বোরহান উদ্দিন।অনুষ্ঠান শেষে সকল অতিথিকে আপ্যায়ন করা হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: কুমিল্লার মাহাতাব না ফেরার দেশে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

এ তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। তিনি জানায়, মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।

এদিকে মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, মাহাতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছিল ছোট।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে মাহাতাবের মা লিপি বেগম ছেলেকে স্কুলে দিয়ে যায়। এরপর দুপুড়ে বড় বোন নাবিলার কাছে একটি ফোন আসে, জানানো হয় স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বার্ন ইনস্টিটিউটে এসে মাহাতাবকে দগ্ধ অবস্থায় দেখতে পায়।

এর আগে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। আর আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বজ্রপাতের কম্পনে দাউদকান্দিতে কলেজ ভবনের দেয়াল ধ্বসে পড়েছে

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের একটি ভবনের দেয়াল ধ্বসে পড়েছে। বুধবার রাতে বজ্রপাতের কম্পনে এ দেয়াল ধ্বসে পড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যাযনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের চত্বরের পশ্চিম পাশে রাবেয়া কবির স্মৃতি হলের উত্তর সাইটের দেয়াল ধ্বসে পড়েছে। কলেজের সামনে পুকুরে মাছ চাষে ভবনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধ্বসে পড়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুজ্জামান মিয়া।

তিনি বলেন, কলেজের সামনের পুকুরে মাছ চাষের ফলে ভবনের নিচের অংশের মাটি ধীরে ধীরে সরে গেছে। আর কয়েকদিন আগে পুকুরের পানি সেচের কারনে ফাটল দেখা দেয়। একারনে ভবনটিকে তালাবদ্ধ করে রেখেছি। আর গত রাতে বজ্রপাতের প্রচন্ড কম্পনে ভবনের দেয়ালটি ধ্বসে পড়েছে। পুরো ভবনের উত্তরাংশে গাইড ওয়াল করার বিষয়ে শিক্ষা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। অতি দ্রুত প্রোটেকশান দেয়াল করা না হলে পুরো ভবনটি রক্ষা করা যাবে না।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে কলেজের পুরো ভবনটি রক্ষা করতে ব্যবস্থা নেয়া হবে।