All posts by jitu

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় ছেলে-ছেলে বউয়ের ১০ দিনের রিমান্ড আবেদন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে ও ছেলের বউয়ের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়।

সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে (৩১ আগস্ট) রবিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় নিহতের বড় মেয়ে হাছিনা আক্তার শিউলি বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিহতরা হলেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। গ্রেপ্তাররা হলেন নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল।

এ নিয়ে ছেলে শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধরও করেছিলেন। বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকীর ভয়ে কেউ নিরসনে এগিয়ে আসেনি।

এসআই মোহাম্মদ খাজু মিয়া জানান, খবর পেয়ে রবিবার সন্ধ্যায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা করেন।

তিনি আরো বলেন, সোমবার দুপুরে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে আসামি শাহিন ও তার স্ত্রী লাকিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তীতে এর শুনানি হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাদ্রাসায়ে মোহাম্মদ রফিকুল হক ভূইঁয়া রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আরিফুল হক ভূইঁয়া।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট নুরুল হুদার পরিবারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট নুরুল হুদার উদ্দ্যেগে ও মাদ্রাসায়ে মোহাম্মদ রফিকুল হক ভূইঁয়া রিসোর্স সেন্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি হাজী মোঃ আবু কাউছার, উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, মোঃ শামসুদ্দোহা বাবু, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ মোশারফ হোসেন, মোঃ নাজমুল করিম, হাফেজ গোলাম সারোয়ারসহ অন্যান্য নের্তৃবৃন্দরা। তারা জানান, এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বক্ষনিক সাহায্যে ও সহযোগিতা করা হবে। যেকোন বিপদ-আপদে তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে।

জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কুমিল্লা সদরের দুলর্ভপুর এলাকায় মাদকসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুলর্ভপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯২ বোতল স্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের দুর্লভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়িরা হলেন, কুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোঃ মোকতল হোসেন এর ছেলে মোঃ ওয়াসিম মিয়া (৩৫) এবং একই গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে মোঃ সুমন (২৯)।

আটক হওয়া আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকারের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ সভাপতি ও কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি মনোয়ার সরকারের সার্বিক তত্বাবধানে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের সহ সভাপতি মনোয়ার সরকার।

মনোয়ায় সরকার তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ যখন সংকটপূর্ণ ও ব্যর্থ রাষ্টের প্রায় ধারপ্রান্তে ঠিক তখনি একটি নতুন স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আত্ম প্রকাশ ঘটান। তখনই থেকেই নতুন বাংলাদেশের সূচনা শুরু হতে থাকে।

 

এরপর থেকে যখনি বাংলাদেশ কোন কঠিন পরিস্থিতে পড়েছে তখনি জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনে একটি সুন্দর কল্যানমুখী, অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ গঠনে অগ্ৰনি ভূমিকা পালন করেছে!

এসময় তিনি আরো বলেন, আমরা সবাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। উনার নীতি আদর্শ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের কল্যানে রাজনীতি ও কাজ করে যাবো। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের মধ্যে কোন রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম, নির্যাতন ইত্যাদি মেনে নেওয়া হবে না। যারা এসব করবে তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান নিবেন। যদি দলের কেউ এসবের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেশের ও দেশের মানুষের উন্নয়নে আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করার কোন বিকল্প নেই। তাই সামনের নির্বাচনে সবাই বিএনপি কে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার আহবান জানান তিনি।

সভায় মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভাষানিয়া তিন নং ওয়ার্ডের নাসির মিয়া কৃপারামপুরের গ্রামের বিশিষ্ট সমাজ সেবক লিটন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন আহমেদ, শ্রীমদ্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শরীয়ত উল্লাহ প্রমুখ।

এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ও তুলে ফেলে দিয়েছে জাফর আহমেদ নামের এক ব্যক্তি। তিনি পৌর এরাকার নবগ্রামের মৃত হাজী ইমান আলীর ছেলে ও কুমিল্লা বিমানবন্দর এলাকার নেওড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। রোববার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর আওতায় পৌর প্রশাসনের দেয়া ১২টি গাছের চারা গত বৃহস্পতিবার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা হয়। প্রতিটি গাছের সাথে খুঁটি ও শিক্ষার্থীদের নেমপ্লেট বেঁধে দেয়া হয়। শনিবার সরকারি ভাবে বিদ্যালয় বন্ধ ছিল। সে সুযোগে একই গ্রামের মৃত হাজী ইমান আলী মজুমদারের ছেলে জাফর আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের রোপিত গাছের চারাগুলো কিছু কেটে ফেলে এবং কিছু তুলে ফেলে দেয়। স্থানীয়রা অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করে। পরের দিন রোববার সকালে বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক রওশন আরা বেগম গাছ কাটা অবস্থায় দেখে এবং ঘটনার বিস্তারিত শুনে। গাছের চারাগুলো কেটে এবং তুলে ফেলায় কোমলমতি শিশুরা মানসিকভাবে আঘাত পেয়েছে এবং পরিবেশেরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা আরও জানায়, জাফর আহমেদ বিদ্যালয়ের সরকারি জায়গা নিজের মালিকানা দাবি করে এই ধ্বংসযজ্ঞ কাজ করেছে। প্রধান শিক্ষিকা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করায় উল্টো তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে। এ ঘটনায় রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এছাড়াও রাতে প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সোমবার জাফর আহমেদ গাছ কেটে ফেলার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার ব্যক্তি মালিকানাধীন জায়গায় গাছ লাগিয়েছিল, তাই কেটে ফেলা হয়েছে। ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে’।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ সোমবার বিকেলে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই বিশ্বাস করে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাতে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি।

‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ – কুবিতে বিক্ষোভ মিছিল

চাঁদনী আক্তার, কুবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের দ্বারা চলমান হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দেন।

শ্লোগানে তারা বলেন, ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ ‘চবিতে যখন হামলা করে‚ ইন্টেরিম কী করে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’।

বক্তব্যে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন‚ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই ইন্টেরিমকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, পুলিশ আছে। এতগুলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে সস্ত্রাসীরা কিভাবে মাথাচারা দিয়ে উঠে! এই যে জলপাই কালারের পোষাকধারী সেনাবাহিনী টহল দিয়ে বেড়ায়‚ অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কী রাইট আছে এভাবে টহল দেয়ার! আমরা এ প্রশাসনকে ধিক্কার জানাই, এই একম একটা প্রশাসন তারা কী করে বেড়ায়! তারা ঐদিন নূর ভাইয়ের উপর হামলা করেছে‚ কিন্তু আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’

উল্লেখ্য‚ শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে চবির কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা করে এলাকার লোকজন। এ ঘটনার জের ধরে রবিবার সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলে দফায় দফায় চবি শিক্ষার্থীদের উপর হামলা করে এলাকাবাসী। এতে আনুমানিক ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় মোদি দোকান ও ফলের দোকানে জরিমানা, সড়কে অটোরিকশা চালককেও শাস্তি

মো: সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মূল্য তালিকা না রাখা ও নানা অনিয়মের কারণে একটি মোদি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা এবং একটি ফলের দোকান মালিককে একই আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককে সড়ক পরিবহন আইনে ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, আইন ভঙ্গ করে ব্যবসা বা যানবাহন চালনা করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় একই ঘরে মিলল মা ও মেয়ের মরদেহ,ছেলে ও পুত্রবধূ পুলিশের জিজ্ঞাসাবাদে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে মা ও ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্য ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে।

নিহতরা হলেন রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)। শনিবার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার ভাই শাহিন (৩৮) দীর্ঘদিন ধরে আমাদের মাকে অবহেলা করত। মায়ের অসুস্থতার কারণে খাবার দেওয়া নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। শাহিনের স্ত্রী লাকি বেগম প্রায়ই হুমকি দিত—আজ সত্যিই ওরা মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।”

নিহত লুৎফার ছোট বোন শাহানা বেগম-ও একই অভিযোগ করে বলেন, “শাহিন ও তার স্ত্রী মিলে আমার বোনকে হত্যা করেছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, যিনি নিহতদের আত্মীয়, জানান—“দুপুরে শাহিন আমাকে ফোন করে জানায়, মা ও বোন আর নেই। এসে দেখি, ঘরের ভেতরে দুজনের নিথর দেহ পড়ে আছে। আলামত দেখে মনে হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি। সন্দেহভাজন শাহিন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।