All posts by jitu

শেখ হাসিনার সঙ্গে গ্রুপ মিটিং, বুড়িচং উপজেলার আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

অ্যাডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সাম্প্রতিক সময়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন। এ ছাড়া সম্প্রতি তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নিয়েছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেপ্তার অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে তার সস্পৃক্ততা রয়েছে।

কুমিল্লা সদরে ২০০ কেজি গাজাসহ মা-মেয়ে আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নে প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে (মা ও মেয়ে) আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও মেয়ে ইসরাত জাহান ।

পুলিশ জানায়, মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার ঘরে বুধবার ভোর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরে তল্লাশি করে ১০টি বস্তায় ভর্তি ৫ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

চৌদ্দগ্রাম সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ!

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আ’লীগ নেতা মোঃ জাফর ইকবালের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কোটি কোটি টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। মাত্র ৩০ শতাংশ কাজ করে বাকি অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। ভূয়া ভাউচার তৈরীর করে বিভিন্ন প্রকল্প দেখিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়াও একই রাস্তা নামে-বেনামে সংস্কারের কথা বলে একাধিবার প্রকল্প পাশ করে বরাদ্দকৃত টাকা তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই নিয়ে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান জাফর ইকবালের ক্ষমতাকালীন সময়ে বিএনপি জামায়াতের বহু নেতাকর্মী তার বাহিনীর হাতে মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন। ২০১৬ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ইচ্ছেমতো অফিস পরিচালনা করতেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্যরা তার কথার বাহিরে গেলে বন্ধ রাখা হত বিভিন্ন বেতন ভাতা। ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করতেন। শিক্ষক পিটানো থেকে আরাম্ভ করে কনকাপৈতে এক নায়কতন্ত্র বাস্তবায়ন করেছেন তিনি। শুক্রবার-শনিবার ছাড়া তিনি কোনদিন অফিসে আসতেন না। তার ক্যাডার বাহিনীর অন্যতম প্রধান সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ ও যুবলীগ নেতা উত্তর কনকাপৈত গ্রামের ফকিরের নেতৃত্বে এসব হামলা পরিচালিত হতো। একাধিকার হামলা ও মারধরের শিকার হয়েছেন সাবেক ইউনিয়ন শিবির সভাপতি মোঃ হোসাইন, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আ’লীগ নেতা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান প্রার্থী, যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন।

এছাড়াও এলজিএসপির ৯ বছরের বিভিন্ন প্রকল্পের কাজ একাধিক ভুয়া ভাউচারের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। কাজের উন্নয়ন শতভাগ দেখানো হলেও বাস্তবায়ন হয়েছে মাত্র ৩০ শতাংশ। যার কারনে এলাকাবাসীর এখনো দুর্ভোগ কাটেনি। এতে করে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প দলিল দস্তাবেজে বাস্তবায়ন দেখানো হলেও সুফল মেলেনি কনকাপৈত বাসীর। ২০-২১,-২১,২২,২৩,-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে টিআর, কাবিখা, এডিপি ও নন ওয়েজ প্রকল্পগুলো বাস্তবায়ন দেখিয়ে উত্তোলন করেছেন কোটি টাকা।

এছাড়াও ৪০ দিনের কর্মসূচিতে কোন শ্রমিক না লাগিয়ে ভেকু দিয়ে মাটি কেটে পুরো এক তৃতীয়াংশ টাকা আত্মসাত করেছেন। এই বিষয়টি নিজ এলাকায় জানা জানি হলে চেয়ারম্যান জাফর ইকবালের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় । এ নিয়ে রাজনীতিবীদ ও সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। মাত্র ৩০ শতাংশ কাজ করে চেয়ারম্যান কর্তৃক আত্মসাতের কয়েকটি প্রকল্প হলো; ২০-২১ অর্থ বছরে কাবিটা সাধারণ ২য় পর্যায় উন্নয়ন প্রকল্প হিংগুলা চানখাদিঘির পূর্ব-উত্তর কর্ণারে ১ লাখ ৮৮ আশি হাজার টাকার মাটি ভরাট করার কথা থাকলেও কাজ করেছেন মাত্র ৩০ হাজার টাকার। জাগজুর বুড়ি মলিয়ারা থেকে পন্নারা বেড়িবাঁধ পুনঃ নির্মাণে ৬ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্ধ হলেও শ্রমিক দিয়ে কাজ না করে বেকু দিয়ে ১ লাখ টাকার কাজ করে বাকি টাকা চেয়ারম্যান তার পকেটে ভরেন। জঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্ধ হলে কাজ করেছেন ২০ হাজার টাকা। বুদ্দিন শাহিনের বাড়ির রাস্তা সিসি ঢালাই ৪ লাখ বরাদ্ধ দেওয়া হলে কাজ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার।

এই রাস্তা চেয়ারম্যান নিজে একাধিক বার দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন। বীরঙ্গনা আফিয়া খাতুনের বাড়ির রাস্তা নির্মাণে ব্যয়ে ৩ লাখ ৪ হাজার টাকা ব্যয় ধরা হলেও কাজ হয়েছে মাত্র লক্ষাধিক টাকার মত। সাজুর দোকান হইতে মলিয়ারা ব্রিজ পর্যন্ত রাস্তা পূূন: নির্মাণ কাজে মাটি ভরাট না করেই ১ লাখ ৯১ হাজার টাকা আত্মসাত করেন। বুদ্দিন খুরশিদের বাড়ি হতে জাকির মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা কয়েকধাপে পূণ: নির্মাণ দেখিয়ে ভুয়া ভাউচারে হাতিয়ে নেন ৬ লক্ষাধিক টাকা। এছাড়াও একই গ্রামের বুদ্দিন মহিলা মাদরাসা রাস্তা, শাহিনের বাড়ি হতে ভুট্টুর বাড়ি পর্যন্ত রাস্তা পূণঃনির্মাণ ও বুদ্দিন মহিলা মাদরাসার মাঠ ভরাট ২৫-৩০ হাজার টাকার মাটি ভরাট করে ১ লাখ ৮০ হাজার টাকা বিল উত্তোলন করেন।

১৮-১৯ অর্থ বছরে পন্নারা মুন্সিবাড়ি হইতে মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তা পূণঃ নির্মাণ ২০ হাজার টাকার মাটি ভরাট করে ২ লাখ টাকা উত্তোলন করেন। শাহাজানপুর আবু তাহের মোল্লার বাড়ি হইতে হাজী আব্দুর কাদেরের বাড়ি, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ১ম পর্যায়ে কনকাপৈত ফরিদের বাড়ি রাস্তা পূণঃ নির্মাণ আনুমানিক ২০ হাজার টাকা মাটি ভরাট করে ২ লাখ টাকা উত্তোলন করেছে। বুদ্দিন পশ্চিম পাড়া সেলিমের বাড়ি সংলগ্ন রাস্তা পুন:নির্মাণ, আতাকরা ইউসুফের বাড়ি সংলগ্ন রাস্তা পুন:নির্মাণ ভেকু দিয়ে মাটি কেটে ৬ লাখ ৬৪ হাজার টাকা উত্তোলন করে।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আহমেদ বলেন, ২১ সালের ২৬ ডিসেম্বরে নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে ২০ মাসের বেতন দেননি চেয়ারম্যান জাফর ইকবাল। ২০২৩-,২৪ অর্থবছরে জঙ্গলপুর সড়ক থেকে মাহফুজের বাড়ির রাস্তার আর সি.সি. ঢালাই প্রকল্পের সভাপতি ছিলাম আমি। কিন্তু তিনি আমাকে না জানিয়ে এই টাকা উত্তোলন করেন। পরে আমি টাকার জন্য চাপ দিলে কোরবানের সময় দিবেন বলে আমাকে জানান। যদি টাকা না পাই তাহলে নির্বাহী অফিসারের কাছে আমি লিখিত জানাব।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে ঠিকমত বেতন ভাতা পায়নি। কাজের জন্য তাকে একাধিকবার অনুরোধ করার পরেও তিনি আমাকে দেননি। সেই স্বৈরাচারি কায়দায় সব সময় অফিস পরিচালনা করতেন। পরে জানলাম কোন হিসাব না দিয়ে মধুমতি ব্যাংক একাউন্ট থেকে চেয়ারম্যান প্রায় ৫ লাখ টাকা উত্তোলন করেন।

এই বিষয়ে কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবালের ব্যক্তিগত মুঠোফোনটি বর্তমানে বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে তার মেসেঞ্জারে খুদেবার্তা ও ভয়েস পাঠানো হলেও তিনি সারা দেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মাওলা বলেন, আমি ঐ সময়ে দায়িত্বে ছিলাম না। বিষয়গুলো আমি খতিয়ে দেখবো। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বলেন, চেয়ারম্যান জাফর ইকবালের বিভিন্ন অনিয়মের তথ্যটি কেউ আমাকে জানায়নি। এইমাত্র আপনার কাছে শুনলাম। যদি কেউ লিখিত আকারে আমাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দেয় তাহলে তার বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লা বাইউস্টে জাতীয় আইন অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাইউস্ট) আইন ও বিচার বিভাগের উদ্যোগে দিনব্যাপি জাতীয় আইন অলিম্পিয়াড ২০২৫ এর অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী বাইউস্ট এর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ১১টি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় আইন অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BAIUST) কুমিল্লার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার মাহমুদ, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. কে আহমেদ আলম।

জাতীয় আইন অলিম্পিয়াডে আইনি কুইজ, কেস বিশ্লেষণ এবং সম্মেলন ও সেমিনার নামে তিনটি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানটি টেকসইতা, ন্যায়বিচার ও মানবাধিকার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নিরাপত্তার মতো সমসাময়িক আইনি বিষয়গুলির উপর আলোকপাত করা হয়। ১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৯০ জন কুইজ বিভাগে, ১৮ জন কেস বিশ্লেষণ দল এবং ১৭ জন গবেষণাপত্র উপস্থাপক, লিখিত পরীক্ষা, মামলা বিতর্ক এবং আইন ক্ষেত্রের সম্মানিত আইনজীবি এবং শিক্ষাবিদদের দ্বারা বিচারিত গবেষণা আলোচনায় অংশগ্রহণ করে।

কেস বিশ্লেষণে ১০টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৮টি দলের মধ্যে তিন রাউন্ডের প্রতিযোগিতামূলক মৌখিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এইছাড়া লিগ্যাল কুইজ প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে প্রথম রাউন্ডে ৯০ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ২০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হয়। পরে তাদেরকে আবার একটি বুজার রাউন্ডে পরীক্ষা করা হয়েছিল যেখানে শীর্ষ ৫ জন কুইজ মাস্টার হিসেবে বিবেচনা করে তাদেরকে পুরস্কৃত করা হয়।

আইন কুইজ বিভাগ ও কেস বিশ্লেষণ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সম্মেলন ও সেমিনার বিভাগে প্রথম স্থান অধিকার করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

বিএইউএসটি-এর আইন বিভাগের প্রভাষক লামিয়া দিলশাদ ওয়াজিহার সঞ্চালনায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন, আইন ও বিচার বিভাগ প্রথম বারের মতো ক্যাম্পাস ভিত্তিক আইন অলিম্পিয়াড আয়োজন করেছে, এই প্রতিযোগিতার মাধ্যেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের জ্ঞানের আদান প্রদান করতে সক্ষম হয়েছে বলে আমার বিশ্বাস। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

এইছাড়াও অনুষ্ঠানের কনভেনার বাইউস্ট-এর আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী সকল অতিথি, বিচারক, অংশগ্রহণকারী, আয়োজক এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্বাগত জানান। বাইউস্ট এর আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাইম আলীমুল হায়দার সকল অতিথি, বিচারক, অংশগ্রহণকারী, আয়োজক এবং স্বেচ্ছাসেবকদের তাদের সমর্থন এবং সহায়তার জন্য ধন্যবাদ জানান।

কুমিল্লায় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর গংগাসাগর বিওপি বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছে ৬০ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার থেকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় মালিকবিহীন অবস্থায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

বিএনপি সমর্থিত শিক্ষকদের কমিটিতে জায়গা মিললো বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের

 

চাঁদনী আক্তার, কুবি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত শিক্ষকরা স্থান পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।

গতকাল (১৩ মে) ৯ পদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের মাহিন উদ্দিন কার্যনির্বাহী পরিষদ ২০২১ কমিটির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পরিষদের মিটিংয়ে সক্রিয়ভাবে অংশ নিতেন। মিটিংয়ের কিছু ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে।

১ নং সহ সভাপতি অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেন ২০২২ সালে বঙ্গবন্ধু পরিষদ একাংশের কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি নীল দল সমর্থিত শিক্ষক সমিতির ২০২২ কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য পদপ্রার্থী ও শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সহ সভাপতি ছিলেন।

২ নং সহ সভাপতি মো. জুলহাস উদ্দিন বঙ্গবন্ধু পরিষদ স্বপন- এমদাদ অংশ সমর্থিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১-এর নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বঙ্গবন্ধু পরিষদের একাধিক মিটিংয়ে অংশ নিতে দেখা গেছে।

কোষাধ্যক্ষ মো: আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর নন্দী-কামাল অংশে সক্রিয় ছিলেন পরে তিনি গ্রুপ বদল করে মেহেদী-আইনুল গ্রুপ থেকে বঙ্গবন্ধু পরিষদ সদস্য হিসেবে ছিলেন।

যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে নন্দী জুলহাস অংশ থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করেন।

বঙ্গবন্ধু পরিষদের কয়েকজন শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি যদি আদর্শনির্ভর হতো, তাহলে একসময় আওয়ামীপন্থি এবং পরে বিএনপিপন্থি সংগঠনে একই ব্যক্তি নেতৃত্বে থাকতে পারতেন না। বরং এটি একটি গভীর সংকেত, বিশ্ববিদ্যালয়ে এখন আদর্শ নয়, ‘অবস্থান’ নির্ধারিত হচ্ছে সুবিধার ভিত্তিতে। এই ধরনের দ্বিচারিতা কেবল ব্যক্তিগত নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক পরিবেশকে কলুষিত করছে।

বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য হয়েও ভিন্ন আদর্শের সংগঠনে যুক্ত হওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, “আমি ২০২২ সালের বঙ্গবন্ধু পরিষদের কমিটিতে ছিলাম, তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদে পদত্যাগ করি। যদিও লিখিত পদত্যাগপত্র দিইনি, তবে সমস্ত অনলাইন গ্রুপ থেকে সরে যাই।”

এ বিষয়ে ইউট্যাব এর সদস্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, “শাহাদত বঙ্গবন্ধু পরিষদের সদস্য ছিলো এটা জানি। তবে পারিবারিকভাবে বিএনপি ব্যাকগ্রাউন্ডের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো।

আওয়ামীপন্থি শিক্ষকদের বিএনপি রাজনীতিতে আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউট্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “আমরা কেন্দ্র থেকে সব কমিটি তদারকি করতে পারি না। স্থানীয় নেতাদের সুপারিশেই কুবি শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।”

তিতাসের শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাট ফের আটক

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটকে আবারো আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার(১৩মে) রাতে দাউদকান্দির গৌরীপুর এলাকার ভুলিরপার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। আটক মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় তার সহযোগী আব্দুল কাদের নামে আরকজনকে আটক করা হয়।

এর আগে ফেব্রুয়ারী মাসেও তাকে আটক করা হয়েছিল। জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে।

‎আটক মামুন সম্রাট তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। সহযোগী আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

‎পুলিশ জানান, মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। তার নিয়ন্ত্রনে থাকা একটি কিশোর গ্যাং গ্রুপ প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, আটকের পর মামুন সম্রাট ও তার সহযোগীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে ২২ টি মামলা চলমান। আগেও বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতামূলক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৈষম্য বিরোধী মামলায় কুমিল্লা এলিট প্যালেসের চেয়ারম্যান তাহেরকে জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা এলিট প্যালেসের চেয়ারম্যান আবু তাহের জামানের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন।

২৪ এর বিপ্লবের সময় নাশকতার মামলায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্ররা মামলা দায়ের করেন। এ মামলায় ঢাকা হাইকোর্ট থেকে এতদিন তিনি জামিনে ছিলেন।

আ’লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।

তিনি জানায়, (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।

একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে ‘আওয়ামী লীগ’ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না।

শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

ওইদিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ-সংগঠন বা সমর্থকগোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সূত্র: কালেরকন্ঠ