All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন।

রোববার (১১ মে) জেলার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গরু আনতে যাওয়ার সময় উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক এবং উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম নামে আট বছরের এক শিশু বজ্রপাতে মারা যান। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারান। এ সময় দুটি গরুও মারা যায়।

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বিকেলে দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা জানান।

মির্জা ফখরুল জানান, আমরা গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম।

তিনি জানায়, গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি। আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে, আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। বিভিন্ন সভা, সমাবেশে ও আলোচনায় আমরা আমাদের এসব দাবি বারবার উত্থাপন করেছি। উল্লেখযোগ্য যে, আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি।

বিএনপি মহাসচিব জানান, আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকাজ নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালানো, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি।

দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল, জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করেছে। তাদের সেই দাবি এখনো অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঘূর্ণিঝড় ‘শক্তি’ কবে আঘাত হানতে পারে যা জানাল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় ‘শক্তি’ ২৪ থেকে ২৬ মে ’র মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘শক্তি’ ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল।

মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, ওই সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটা জানায় আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম ‘শক্তি’। এটি শ্রীলংকার প্রস্তাবিত নাম। রোববার (১১ মে) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

এখনো ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি। তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে, তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ‘পরিস্থিতি যেমন যাচ্ছে, এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।’

দাউদকান্দিতে পারিবারিক কলহে গৃহবধু খুন; বিচারের দাবীতে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে খুন হওয়া গৃহবধু শামীমা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার বেলা সাড়ে ১১টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ করে বিচারের দাবীতে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে নিহত শামীমার বোন তাছলিমা আক্তার বলেন, প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে শামীমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এখনো আইনের আওতায় আসেনি।

প্রশাসন তাদের আটক না করায় বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের জানান। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, গত বছরের ১৯ নভেম্বর হত্যাকান্ডের ঘটনায় সাত জনের নামে মামলা হলে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শুনেছি কয়েকজন জামিনে এসেছে।

নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ঢাকা থেকে চট্রগ্রামগামী মেইল ট্রেন টু-ডাউন থেকে পড়ে আজির (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেল পথের নাঙ্গলকোট বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের এ.কে.এম হামিদুল ইসলামের ছেলে।

নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো: জামাল হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার সময় সংবাদ পান বান্নাঘর ১১৮/৫/৬ পিলারের সামনে এক যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারেন, ঢাকা-থেকে চট্রগ্রাম মেইল টু-ডাউন ট্রেনের দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে লাকসাম জিআরপি থানায় রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সদরে সিএনজি ভর্তি ৩০ কেজি গাজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে সিএনজি ভর্তি ৩০ কেজি গাজাসহ দুজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

রবিবার (১১ মে) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের শালধর সামারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, সদরের বড় আলমপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাহাদাত হোসেন রবিউল (২৩) এবং একই গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ রবিউল হাসান (২১)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ করলো ভারত

ডেস্ক রিপোর্ট:

অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, ড. কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াস হোসেন ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে জানান, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’

তিনি আরও জানায়, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’

এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’

এর আগে শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।

ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে- ‘সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।’

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে, তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তাদের আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

আ’লীগ নিষিদ্ধ হওয়ায় চৌদ্দগ্রাম ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’র আনন্দ মিছিল 

স্টাফ রিপোর্টার:  

আ’লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হওয়ায়  কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে আনন্দ মিছিলে শেষে হায়দার শপিং কমপ্লেক্স চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব নেতা রবিউল করিম শামীম, কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মামুন মজুমদার, সদস্য জাহেদুর ইসলাম তালুকদার প্রমুখ।

উল্লেখ্য আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবীতে ছাত্রজনতার আন্দোলনের প্রেক্ষিতে শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষনা করেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

চাঁদপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক অসহায় মানুষ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে। শনিবার (১০ মে) সকালে ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী, ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব খান, ডা. এম আর সায়মন, ডা. বিজয় সরকার। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারীর স্বাগত বক্তব্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন বকাউল প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সংগঠনের সহ সভাপতি আবু সুফিয়ান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন খান, সহ সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ কোষাধ্যক্ষ আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিত তালুকদার, সদস্য ফয়সাল হোসেন, কবির হোসেন, মিনহাজুল ইসলাম, আহাদ হোসেন, সানজিদ, নিরব ও মিরাজ সহ বিভিন্ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর একদল স্কাউট সদস্য এবং একঝাঁক তরুন তরুনীর সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. এম আর সায়মন, ডা. মোঃ আল আমিন, ডা. আবু আসিফ সিদ্দিকী, ডা. বিজয় সরকার, ডা. আবু সাঈদ সরকার, ডা. অমিত ভট্টাচার্য, ডা. রাকিবুজ্জামান খান, ডা. মোঃ নাছির উদ্দিন ও ডা. কামরুল হাসান রিপন। এদিন বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং অতিথিবৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর সুইপার পট্টি এলাকায় সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার চোলাই মদসহ মো: রাজন (২২) নামের এক যুবককে আটক করে।

আটক হওয়া মোঃ রাজন কুমিল্লা নগরীর সুজানগর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। মাদকবিরোধী এই কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।