All posts by jitu

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ ক্যাডারসহ আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ ক্যাডার শাহাব উদ্দিন বাবু ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিন অপরাধী গ্রেফতার হয়েছে। আটককৃতদের থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার শেসে অপরাধীদের স্থানীয় চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প জানায়, ৯ মে ভোর ০৪০০ ঘটিকায় খাটরা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ যুবলীগ ক্যাডার শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস মাদক ব্যবসা চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে।

অপর এক অভিযানে একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তৃতীয় অভিযানে, খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

জুমার পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবরে বৃহস্পতিবার রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচীর ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সারা রাত সেখানে অবস্থান নেওয়ার পর আজ শুক্রবার বাদ জুমা আরও বড় কর্মসূচীর ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তার আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত জানান, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ পরে ফেসবুক পোস্টেও সেই কর্মসূচির কথা জানান হাসনাত।

হাসনাত তার পোস্টে লিখেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারা এই কর্মসূচীতে যোগ দেবেন সেটি জানিয়ে হাসনাত লিখেন, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার।’

পোস্টের শেষ অংশে হাসনাত লিখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।’

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানায়, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। লড়াই চলবে।’

রাতে কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে। এসব এলাকায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার (৯ মে) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিরাজগঞ্জ জেলা ও খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

 

কুবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১লা জুলাই

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১লা জুলাই। ভর্তি কার্যক্রম চলবে ১৫ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ মে ) বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে যে নিয়মে ভর্তি কার্যক্রম চলে আসছে এবারেও সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১২ মে থেকে – ১৫ মে পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু হবে ১লা জুলাই।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২৫ এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত চলেছে বিভাগ নির্বাচন কার্যক্রম।

এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই

এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির কাছেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৮ মে) বিশিষ্ট আইনজীবী মরহুম এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্যই এতো বছর লড়াই করেছি, কিন্তু দুঃখজনক হলো কাঙ্খিত গণতন্ত্র এখনও ফিরে পাইনি। প্রতিদিন নতুন নতুন সংস্কারের লিস্ট তৈরী করায় পরিস্থিতি জটিল হচ্ছে।

তিনি জানায়, অনেকের কথা শুনে মনে হয় বিএনপি সংস্কার বিরোধী, কিন্তু সবার আগেই সংস্কারের কথা বলেছে বিএনপি। অনেকে বলে বিএনপি ক্ষমতা চায়, বিএনপি ক্ষমতা চায় জনগণের ম্যানিফেস্টো তৈরি করার জন্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রয়োজনে করিডোর দেবেন, তার আগে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের বিপক্ষে যায় এমন কোনো কিছু চাপিয়ে দেয়া সম্ভব হবে না।

বেগম খালেদা জিয়া ফিরে আসায় পুরো জাতি আলো দেখতে পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ তৈরি করতে হলে কোথাও যেনো ভুল না হয়, গণতন্ত্র যাতে ভুলুন্ঠিত না হয়, সেজন্য সবাইকে কথা বলতে হবে।

সূত্র: চ্যানেল ২৪

আ’লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী জানায়, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, তবে দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; তারাও বিএনপির সদস্য হতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।

অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি উল্লেখ করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রিজভী।

বাংলাদেশকে অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে: চীনা রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশকে অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানায় তিনি।

এ সময় ইয়াও ওয়েন আরও জানান, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। কমাতে হবে উত্তেজনাও।

তিনি জানায়, এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত‍্যের পক্ষে থাকবে। একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ।

চলতি মাসের শেষে শত ব‍্যবসায়ী বিনিয়োগকারীসহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন। ইয়াও ওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ‍্যমে বাণিজ্য আরো প্রসারিত হবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতন খোলামেলা কথা বলতে চাই না।

চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর সাহসী ও কৌশলী অভিযানে ফাঁস হলো গোপন মাদক সাম্রাজ্য!

বৃহস্পতিবার ভোর রাত (৮ মে) ১টায় আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্য। এসময় হাতেনাতে আটক করা হয় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, তবে একজন প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক ও সামগ্রী: ফেনসিডিল: ৪২৪ বোতল, গাঁজা: ১২৫ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা: ৪২ পিস, চোলাই মদ: ৭ লিটার, মদের কাঁচামাল: ১২ লিটার, কিংফিশার ও হি-ম্যান বিয়ার: ১২ বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ: ১ বোতল, সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড): ৮০০ গ্রাম (বোতলসহ), নগদ অর্থ: ১৭,০০০ টাকা, মোবাইল ফোন: ৮টি (অ্যান্ড্রয়েড ও বাটন), ফয়েল পেপার: ৪টি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

পাকিস্তানে আবারও হামলা, গুলি চালিয়ে ভারতীয় ড্রোন ভূপাতিত

ডেস্ক রিপোর্ট:

আজাদ কাশ্মীর ও পাঞ্জাবসহ পাকিস্তানের কয়েকটি জায়গায় সশস্ত্র হামলা চালানোর একদিন পর ভারত পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন

সেখানে বিস্ফোরণের পর ভারতীয় ড্রোন ভূপাতিত হয়। সকালে মাঝআকাশে দুটি বিকট শব্দের বিস্ফোরণের পর গুজরানওয়ালা ক্যান্টনমেন্ট এলাকায় মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠে এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করায় একটি ভারতীয় ড্রোন সফলভাবে ভূপাতিত করে।

সামরিক সূত্র জানিয়েছে, ড্রোনটি অনেক উঁচুতে উড়ছিল এবং পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ড্রোনটিকে লক্ষ করে গুলি চালিয়ে তা ভূপাতিত করে।

সূত্র আরও জানায়, ড্রোনটি যখন শহরের আকাশসীমায় প্রবেশ করে, তখন ক্যান্টনমেন্ট এলাকার প্রতিরক্ষা ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে সক্রিয় হয় এবং কমপক্ষে দুটি গুলির মাধ্যমে এটিকে ভূপাতিত করে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরে গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়ে।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ধ্বংসাবশেষের খবরে নিরাপত্তা বাহিনী, পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে পৌঁছে পীর ঝাণ্ডা গ্রামের মাঠ থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে যাতে ড্রোনটির মডেল ও উৎস নির্ধারণ করা যায়।

সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো প্রাণহানি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রোনটির প্রকৃতি ও আকাশসীমা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

চাঁদপুরে এক বছরে সাড়ে ১৪ হাজার বিয়ে : বিচ্ছেদ ৮ হাজার

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরে বাড়ছে তালাক বা বিয়ে বিচ্ছেদ। প্রবাসী অধ্যুষিত এলাকাটিতে সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন নারী-পুরুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী কিংবা শিক্ষার্থীরা ঘরছাড়া হচ্ছেন। চাঁদপুরের থানাগুলোতে এখনো সহস্রাধিক নিখোঁজ ডায়েরি রয়েছে। বর্তমানে বিয়ে বিচ্ছেদের হারে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। চাঁদপুরের ৮ উপজেলায় গেলো এক বছরে বিয়ে রেজিস্ট্রি হয়েছে ১৪ হাজার ৪৬৫টি। একই সময়ে তালাক বা বিচ্ছেদ হয়েছে ৭ হাজার ৮৯১। সরকারি পরিসংখ্যানে গড়ে দৈনিক তালাক হচ্ছে ২১টি করে। এর মধ্যে নারীরাই বিচ্ছেদের আবেদন করছেন সব থেকে বেশি। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে বিবাহ বিচ্ছেদ এবং পরকীয়ার কারণে ঘরছাড়ার সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে চাঁদপুরের আদালতে গেলো এক বছরে নারী ও শিশু নির্যাতন নিয়ে মামলা বিচারাধীন ছিল ২৭৫৪টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৮৮টি। যার মধ্যে বেশিরভাগই হয়েছে তালাক বা বিচ্ছেদের মাধ্যমে। অন্যদিকে জেলার বিভিন্ন থানা সূত্রে জানা যায়, পরকীয়াসহ পারিবারিক কারণে ঘরছাড়া সহস্রাধিক নারী-পুরষ। এরমধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে তালাকের বড় কারণ নারী কিংবা পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পারিবারিক বন্ধনের ঘাটতি ও যৌন অক্ষমতা।

ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা নাছির পাঠান বলেন, এই উপজেলাটি প্রবাসী অধ্যুষিত। বিয়ের পর পুরুষরা যখন প্রবাসে পাড়ি জমায়, তখন নারীরা একাকিত্ব বোধ করে। ওই সময় স্বামীর পরিবারের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব তৈরি হয়। যার কারণে বিবাহ বিচ্ছেদ হয়। তিনি আরও বলেন, আরেকটি বড় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে ফেসবুকের কারণে নতুন করে সম্পর্কে জড়ায় নারী-পুরুষরা। যার কারণে পরিবারের অমতেই অনেকে ঘর ছেড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সেই বিয়েটা বেশিদিন টিকে না।

চাঁদপুর পৌর এলাকার বাসিন্দা আব্দুল জব্বার বলেন, দেশ ডিজিটাল ও স্মার্ট হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক বন্ধনও কমে গেছে। পরকীয়া ও বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ স্মার্ট ফোন। এখনকার জেনারেশন পরিবারকে সময় দেয় না, যত সময় ব্যয় করে সব স্মার্টফোনে। পরিবার ও স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলেই তখন আর সংসার টেকে না। বিশেষ করে ফেসবুকের কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে।

চাঁদপুর কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুফিয়ান দেওয়ান বলেন, বিয়ের ক্ষেত্রে সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছে। আর কাজীরা আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন এবং জবাবদিহিতা রয়েছে। কিন্তু কোর্টে কোনো জবাবদিহি না থাকায় নোটারির মাধ্যমে প্রতিনিয়ত বাল্যবিবাহ হচ্ছে। অনেক জেলায় নোটারির মাধ্যমে বিবাহ বন্ধ হয়ে গেছে। চাঁদপুরেও যদি এটি বন্ধ করা যায়, তাহলে অনেক বিবাহ এবং বিচ্ছেদ কমে যাবে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, প্রবাসী পরিবারগুলোতে নিখোঁজ কিংবা বিবাহ বিচ্ছেদের ঘটনা একটু বেশি ঘটছে। থানাগুলোতে অধিকাংশ নিখোঁজ মামলাগুলোর মীমাংসা করা হয়। পরকীয়া ও বিবাহবিচ্ছেদ কমাতে হলে সামাজিক সচেতনতা ও পারিবারিক বন্ধন বাড়াতে হবে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।