All posts by jitu

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। চলতি বছরে এটি প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।

শুক্রবার (২ মে) হজসংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করেছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী। এবারের হজে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হাজি সৌদি আরবে যাবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৫৩ জন হজযাত্রী নিয়ে যাবে।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লাসহ ১৭ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এরসঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মাগুরা জেলাকে হারিয়ে ২২ বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা

স্টাফ রিপোর্টার:

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ খেলায় মাগুরা জেলা ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা ক্রিকেট দল। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ বিমানের সাথে ফাইনালে রানার্সআপ হয় কুমিল্লা।

আগামী ৪মে রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে কুমিল্লা।

বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং পাওয়া কুমিল্লা জেলা দলের দুই স্পিনার ইয়াসির আরাফাত এবং আশরাফুল হাসান রোহান এর ঘূর্ণি যাদুতে মাগুরা জেলা ক্রিকেট দল মাত্র ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায়। মাগুরা জেলা দলের আসলাম, মোহাইমিন এবং তালহা যথাক্রমে ১৯,১৮ এবং ১৭ রান করেন। ইয়াসির আরাফাত ৫০ রানে ৫ উইকেট এবং রোহান ৩৮ রানে ৪ উইকেট লাভ করেন। অপর উইকেটটি নেন পেসার সবুজ।

জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের ওপেনার ইরফান তাকরির অপরাজিত ৮০ রান করেন। অপর ব্যাটসম্যানের মধ্যে রুবেল মিয়া ২৮ আবুবকর, ১৪ রান করেন।

কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস এবং কোচ মানিক কুমার দাস ২২ বছর পর ফাইনালে উঠার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালে ভাল করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ উল্লাহ

 

স্টাফ রিপোর্টারঃ

শ্রম বিষয়ক লেখালেখি ও স্থিরচিত্র প্রকাশের জন্য শ্রম মিডিয়া পুরস্কার পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ। পহেলা মে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেষ্ট, সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়াল জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৮ এপ্রিল জাতীয় দৈনিক পত্রিকায় ‘সন্তানের মুখ দেখেই শেষ শ্রমজীবি মায়ের কষ্ট’ শিরোনামে একটি স্থিরচিত্রের প্রকাশের পর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়।

শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ এর আগে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ ও ২০২০, প্রোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার-২০১৯ লাভ করেন।

সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ২০০৫ সাল থেকে সৎ ও সাহসিকতায় সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুর রহমান ও মাতার নাম মরহুমা জাকিয়া খাতুন। বর্তমানে তিনি আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি প্রোগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুনামের সঅহিত দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে নিয়মিত গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।

এদিকে শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার অর্জন করায় সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে

চৌদ্দগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে ও বর্ণাঢ্য র‌্যালী

 

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

বৃহস্পতিবার (১ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু তৈয়ব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারী শহীদ উল্যাহ, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আরিফুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইটি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এমরান হোসেন ভুইঁয়া মাসুদ, কনকাপৈত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ মজুমদার।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে এসে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানো নিয়ে তর্কের জেরে

ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানো নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উঠানে ধান শুকানো নিয়ে তর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত সুজন ফকির (৩০) জাজিসার গ্রামের ফকির বাড়ির খোকন ফকিরের ছেলে। অপরদিকে, অভিযুক্ত শাওন ফকির (২২) নিহতের আপন চাচা লিটন ফকিরের পুত্র।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে। নিহতের পরিবারের বর্ণনা অনুযায়ী, শাওন ফকির এলাকার একটি চিহ্নিত মাদক চক্রের সাথে জড়িত এবং পূর্বেও মাদক ব্যবসার কারণে কারাবরণ করেছে।

নিহত সুজনের পিতা খোকন ফকির জানান, প্রায় ছয় মাস আগে শাওনকে মাদক ব্যবসা বন্ধ করতে বাধা দেওয়া হয়। এ নিয়ে শাওন তার পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিল। এমনকি শাওন ধারণা করত, মাদক ব্যবসায় জেল খাটার পেছনে খোকন ফকির ও তার পরিবারই দায়ী। এর আগে শাওন সুজনকে গুম করে হত্যার চেষ্টা করেছিল এবং তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল। সেই ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়।

খোকন ফকির আরও বলেন, বৃহস্পতিবার সকালে উঠানে ধান শুকানো নিয়ে শাওন তাদের গালিগালাজ শুরু করে। সুজন এতে প্রতিবাদ করলে তর্ক বেধে যায়। উত্তেজনা বাড়লে শাওনের ভাই ও মা সুজনকে ধরে ফেলে। এ সময় শাওন একটি বড় ছুরি দিয়ে সুজনের বুকে আঘাত করে। গুরুতর আহত সুজনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে তাকে কুমিল্লায় রেফার করা হয়। কিন্তু কুমিল্লা যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ধান শুকানো নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতের ঘটনায় সুজন ফকির নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার মানুষের বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টির দাবি

ডেস্ক রিপোর্ট:

প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টির দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ)।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এ দাবি জানান।

মানববন্ধনে তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০ হাজার মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন প্রয়োজন। কিন্তু বাংলাদেশে একেকটি উপজেলা বা জেলায় ৪ থেকে ৫ লাখ মানুষের বিপরীতে এ পদে রয়েছেন একজন। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায় দেখা গেছে, দেশে মুখ ও মুখ গহ্বরের ক্যানসারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ। দাঁত ও মুখের ক্যানসারের বেসরকারি চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ সব জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করা প্রয়োজন। না হলে হাতুড়ে ডাক্তারদের দাপট বাড়বে।

মানববন্ধনে ৮ দফা দাবি তুলে ধরে ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ)। এর মধ্যে আসন্ন বিশেষ বিসিএসে ৫০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থার পাশাপাশি বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছরে উন্নীত করার দাবি জানানো হয়। এছাড়াও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের দুটি জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) পদ সৃষ্টি, জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের ৫টি ডেন্টাল কনসালটেন্ট এবং ৫ম গ্রেডের দুটি সিনিয়র ডেন্টাল কনসালটেন্টের পদ সৃষ্টির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল বিষয়বহির্ভূত অর্থাৎ ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। জনগণকে স্বল্প মূল্যে দন্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যানসার শনাক্তের জন্য ডেন্টিস্ট্রিকে অপারেশনাল প্ল্যানের আওতায় আনতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করারও তাগিদ দেওয়া হয়।

এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নুরুল আমিন বলেন, ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকেন। কিন্তু বেশিরভাগ সরকারি হাসপাতালেই নেই ডেন্টাল সার্জনের কোনো পদ। ফলে দেশের বেশিরভাগ মানুষ সরকারিভাবে মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ডেন্টাল সার্জনদের স্বল্পতার কারণে হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছেন।

তিনি বলেন, সর্বশেষ জুলাই আন্দোলনের মূল ছিল বৈষম্য দূর করা। কিন্তু সরকারি চাকরিতে এমবিবিএস ও বিডিএসের মধ্যে স্পষ্টত বৈষম্য দেখা যাচ্ছে। ৩৯তম বিশেষ বিসিএসে ৬ হাজার এমবিবিএসের বিপরীতে মাত্র ২৫০ জন বিডিএস নিয়োগ হয়েছে। ৪২তম বিশেষ বিসিএসে ৪ হাজার জন এমবিবিএস চিকিৎসকের বিপরীতে কোনো বিডিএস চিকিৎসক নিয়োগ হয়নি। রেজিস্টার্ড এমবিবিএস ও বিডিএস চিকিৎসকের অনুপাত ১০:১৫ হলেও সরকারি চাকরিতে তা হচ্ছে ২৫:১, যা সুস্পষ্ট বৈষম্য। ১৭ হাজার রেজিস্টার্ড ডেন্টাল সার্জনদের মধ্যে মাত্র ১২০০ জন সরকারি চাকরিপ্রাপ্ত এবং ১৫০০ জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত। অর্থাৎ আনুমানিক ১৪ হাজার ডেন্টাল সার্জন অনেকটা বেকার অবস্থায় আছেন। যা আমাদের জন্য লজ্জাকর ও অসম্মানজনক।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ডেন্টাল সার্জনরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার রাতে উপজেলা সদরের চানমনি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ নিয়ে স্থানীয় ও পুলিশের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় চানমনি পাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকান। তবে হালেমা বিষয়টি ভালোভাবে না নিয়ে তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে হালেমার ছেলে সাইফুল ইসলাম এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তার ঝগড়া হয়। এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসানসহ ২০ জন আহত হন।

তবে পুলিশের পক্ষে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানায়, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় তারা ফের সংঘর্ষে জড়ায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছেন।

সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ হজযাত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ থেকে ২৩টি ফ্লাইটে ৯,৫৪৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিমান সংস্থা, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (৩০ এপ্রিল) রাত ৩টার মধ্যে সৌদি আরবে পৌঁছান ৯,৫৪৯ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২,৮৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬,৬৫৬ জন হজযাত্রী রয়েছেন।

বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪,১৩৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটে ২,৪৫৩ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২,৯৫০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবার তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৫ জুন (১৪৪৬ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার ৮৭,১০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন রয়েছেন। প্রাক-হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত, এবং হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

আ’লীগ-ছাত্রলীগ-ছাত্রদল বৈষম্যবিরোধী ব্যানারে উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করে, তাদের অচিরেই গ্রেফতার করতে হবে: সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ

 

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে যে, আজ ৩০ এপ্রিল কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল করার চেষ্টা করা হয়। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি এই মিছিলের সাথে মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যূনতম কোন সম্পর্ক নাই।

বুধবার ( ৩০ এপ্রিল) রাত ৯ টায় মুরাদনগর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর শাখার আহ্বায়ক মোঃ ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন ও মুখ্য সংগঠক আসিফ সরকার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ , ছাত্রলীগ এক হয়ে কায়কোবাদ সাহেব নিজের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে আসেন । এর ফলে জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটিকে বিতর্কিত করার জন্য ব্যবহার করছেন বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে খুনি হাসিনার পতন হয়েছে সে ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ ব্যবহার করে উপদেষ্টার মর্যাদাহানী করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক ব্যানার ব্যবহার করে এমন হীন ও উদ্দেশ্য প্রণোদিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামীলীগ ও অনুমোদনহীন ব্যক্তি কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারকারীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। আগামী ১২ ঘন্টার মধ্যে মিছিলে অংশগ্রহণ কারী দুর্বৃত্তদের গ্রেফতারের করতে হবে। অন্যথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামীলীগ ও অনুমোদনহীন ব্যক্তিকতৃর্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করার প্রতিবাদে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।