All posts by jitu

কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটা খাদে

কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটা খাদে ডুবে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় গোমতী নদীর চরে ফুটবল খেলার সময় খাদে পড়ে ১৩ বছর বয়সী জিসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বুধবার (২৩ এপ্রিল) ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত জিসান আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মো. সুমন মিয়ার ছেলে। পিতার চাকরিসূত্রে পরিবারটি ঢাকায় থাকলেও জিসান মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে জিসান বন্ধুদের সঙ্গে গোমতী নদীর বেড়িবাঁধে ফুটবল খেলছিল। এ সময় মাটি ব্যবসায়ীদের খনন করা গভীর খাদে বলটি পড়ে গেলে, সেটি তুলতে গিয়ে জিসান পানিতে ঝাঁপ দেয়। পানির গভীরতা বুঝতে না পেরে সে ডুবে যেতে থাকে। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩০ ফুট গভীরতা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মাহিনুল ইসলাম জানান, জিসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

স্টাফ রিপোর্টর:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার সময় একটি ট্রেন লাইন দিয়ে যাওয়ার পথে ওই তিন যুবক ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চট্টগ্রামগামী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আজিজুল হক আরও জানান, “নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।”

চাঁদপুরে ভেজাল হলুদ মরিচের গুড়ো বিক্রি : তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের পুরাণ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে পুরান বাজারে কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর দায়ে মোক্তার হোসেনকে ১০ হাজার টাকা, নষ্ট ও পঁচা মরিচ ভাঙিয়ে বিক্রয় করায় ইউসুফ খান কে ২০ হাজার টাকা এবং হলুদের সাথে রং মিশিয়ে বিক্রি করায় দুলাল সাহাকে ৩০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে পুরান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় চাঁদপুর জেলা ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক ও রাফি সাংগঠনিক সম্পাদক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক পূর্বাশা ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র স্টাফ রিপোর্টার রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি মইন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাতে সকলের সম্মতিতে কুমিল্লা প্রেসক্লাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাই টিভির জসিম উদ্দিন, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. মাঈনউদ্দিন, দপ্তর সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লাহ মাহিন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক ভোরের কলামের সম্পাদক মো.তৌহিদ মাহমুদ অপু,আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাকলাইন যোবায়ের, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক রানা), দেশ রূপান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়া, সময়ের আলো ও রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো.ইয়াছিন মিয়া।

অতিরিক্ত পৌর টোল বন্ধের দাবিতে চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ মালিক চালকদের মানববন্ধন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর পৌরসভার অতিরিক্ত টোল আদায় মালিক চালকদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে মিনি ট্রাক, পিকআপ মালিক ড্রাইভারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রথমে বাবুরহাটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে তারা তাদের দাবিগুলো তুলে ধরে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে মালিক চালক প্রতিনিধি সেনা ক্যাম্পসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে বক্তব্য রাখেন মালিক প্রতিনিধি মাওলানা আফসার উদ্দিন, আবুল বাশার, মোঃ মহিবুবুল্লাহসহ প্রমুখ। তারা বলেন, আমাদের এই চাঁদপুরে প্রবেশকালে পৌর টোল বার বার দিতে হচ্ছে। অথচ অন্যান্য জেলায় দিনে একবার নিচ্ছে। বার বার টোল বন্ধ করে একবার নিতে আমাদের আজকের এই কর্মসূচি।

এদিকে তারা প্রথমে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে, পরে চাঁদখার বাজারস্থ সেনা ক্যাম্পের সামনে ও শেষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে মানববন্ধন চলাকালে মিনি ট্রাক ও পিকআপ মালিক চালক নেতৃবৃন্দের সহযোগিতায় সড়কে কোন যানজট সৃষ্টি হতে দেয়নি তারা। এ নিয়ে সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করায় মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সাধারণ মানুষ।

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে ১৩৪ রানে পরাজিত করেছে কুমিল্লা জেলা

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে খুলনা জেলা দলকে ১৩৪ রানে হারিয়েছে কুমিল্লা জেলা দল ।

প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল সব উইকেট হারিয়ে ২৮২ রান করেন। দলের পক্ষে ইরফান অপরাজিত ১১৪ রান, রুবেল মিয়া ২৭ রান, সাইফুল ৩০ রান, আবু বকর ৪৫ রান, ইয়াছিন আরাফাত ২৬ ও ইয়াছিন আরাফাত অপরাজিত ১৮ রান করেন।

খুলনা দলের পক্ষে সুজাত ৩ উইকেট ও তানভির ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের সিয়াম ৫২ রান ও রিয়াজুল ৬০ রান করেন।

কুমিল্লার পক্ষে রোহান ৪ উইকেট , সবুজ ৩ উইকেট , ইয়াসির আরাফাত ২ উইকেট, সায়মন ১ উইকেট দখল করেন।0

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে যাচ্ছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) শেখ হাসিনাকে ‘আইন’ বিভাগে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছিল, যা এখন প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এএনইউ-র সাম্প্রতিক ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। বিশ্ববিদ্যালয়টির একজন মুখপাত্র জানিয়েছেন, ডিগ্রি প্রত্যাহারের জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই খবর আসে এমন সময়ে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক অস্থিরতার সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণহানির ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শেখ হাসিনার সরকারের নির্দেশনায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর অত্যধিক বলপ্রয়োগ করেছিল।

এএনইউ-র মুখপাত্র অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনও কাউকে প্রদত্ত ডিগ্রি ফিরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে একটি ঐতিহাসিক ঘটনা।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটলে শেখ হাসিনা ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আলোকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল ও যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা মুহুরী জাহাঙ্গীর হোসেন বাবুল এবং ৬নং জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগ নেতা রাশেদুল বারী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে গতকালসোমবার (২১ এপ্রিল) দিনে ও রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে নগরীর সংরাইশ এলাকা থেকে সাবেক কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ৮টার দিকে সদরের বারাপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা রাসেলকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গত রোববার রাতে নগরীতে সংঘটিত এক ঝটিকা মিছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, “এই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

এদিকে, সাবেক কাউন্সিলর বাবুল দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রাসেল স্থানীয় পর্যায়ে যুবলীগের একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের হঠাৎ গ্রেফতারকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তের স্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নগরবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারের ঘটনা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিকে প্রভাবিত করতে পারে।

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, এলাকাজুড়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রামমালা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বড় ভাই সুমন সরকার।

নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি ওষুধ কোম্পানিতে (রায়োচ সার্জিক্যাল) বিক্রয় কর্মকর্তা হিসেবে নতুন চাকরিতে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার ভাই সুমনের মোটরসাইকেলে চড়ে রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ইমন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র একদিন আগে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় ১৫ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ পিকআপ জব্দ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গতকাল রবিবার (২১ এপ্রিল) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মথুরাপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ১ হাজার গজ অভ্যন্তরে রাজেশপুর ডিসির বাড়ির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। পিকআপটি তল্লাশি করে ১০০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি বলছে, মাদকের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জব্দকৃত পিকআপ ও গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।