All posts by jitu

চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী সহ গ্রেপ্তার ৩

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও যৌথ বাহিনীর অভিযোগে গ্রেপ্তার হয়েছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউসুফ গাজীকে শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত রাতে শহরের মুখার্জিঘাট নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেপ্তার হয় ওয়ার্ড যুবলীগের দুই নেতাকে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেপ্তার হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

কুমিল্লায় পারিবারিক কলহে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছেন তাঁর স্বামী বাছির আহমেদ (৩৫)। ঘটনার পর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মৌসুমী বেগম (২৫) ও অভিযুক্ত স্বামী বাছির আহমেদ (৩৫) কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় ভাই ভাই টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

শনিবার সকালে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর তিনি ঘরে লাশ রেখে সরাসরি মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বাছির আহমেদ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, সিএনজি এবং মোবাইল জব্দ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে থানা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত কুড়াল, লোহার পাইপসহ দেশীয় বিভিন্ন অস্ত্র, একটি সিএনজি এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার জুলকু মিয়া জয়নব আলীর ছেলে মোঃ শরিফ (২৮), লালমাইর থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে মোঃ রবিউল হোসেন (২৭), একই উপজেলার পূর্ব অশোকতলা গ্রামের গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৫)। চৌদ্দগ্রাম থানার এসআই নিমাই চন্দ্র ও লিটন চাকমার নেতৃত্বে শনিবার ভোরে পৌর সদরের সোনাকাটিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউপির আমানগন্ডা বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেইনে একদল ডাকাত সংঘবদ্ধ হইয়া ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এসময় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিনের তাৎক্ষণিক নির্দেশনায় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টহল টিম ডাকাত দলকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতদের সিএনজি মহাসড়ক থেকে পৌর এলাকার সোনাকাটিয়ার হামিদ আলীর বাড়ির গেইটের সাথে গিয়ে ধাক্কা লাগে। এসময় ০৩ জন আসামি পালিয়ে গেলেও অপর ০২ জনকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদ্বয়কে স্থানীয় জনগণের হেফাজত থেকে আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ০৩নং আসামীকেও আহত অবস্থায় সোনাকাটিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই ডাকাত মোঃ রাসেল ও ফয়সাল এবং আটককৃত তিন ডাকাতসহ ৩১ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

এনসিপি এখন আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে: মুরাদনগরে জনসভায় কায়কোবাদ

 

স্টাফ রিপোর্টার:

‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁবারের সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের হায়দারাবাদ সামসুল হক কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরো বলেন, ‘ড. ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল করবেন। মুরাদনগরবাসী, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, দেশে যেন একটি সুন্দর নির্বাচন হয়।

কায়কোবাদ বলেন, ‘যারা নতুন পার্টি (এনসিপি) করেছে আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল। আজ ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সঙ্গে তারা জোট বেঁধেছে। মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচান, তাকে কেউ রুখতে পারে না।’

তিনি নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।’

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, হায়দরাবাদ স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রয়াত সামসুল হকের সহধর্মিণী জাহানারা বেগম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ প্রমুখ।

৪৩ তম আন্ত: জেলা জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড খেলতে কক্সবাজার যাচ্ছেন কুমিল্লা জেলা দল

 

স্টাফ রিপোর্টার:

৪৩ তম আন্ত: জেলা জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল রাউন্ড খেলতে কক্সবাজার এর উদ্দেশ্যে আজ ১৯ এপ্রিল কুমিল্লা জেলা দল রাত ১০ টায় রওনা হবে।

২১ এপ্রিল খুলনা জেলা, ২৪ এপ্রিল ময়মনসিংহ জেলা ও ০১ মে মাগুরা জেলার বিপক্ষে খেলবে কুমিল্লা জেলা দল।

কুমিল্লা জেলা কোচ হাবীব মোবাল্লেগ জেমস দলের জন্য কুমিল্লা ক্রিকেট প্রেমীদের কাছে দোয়া চেয়েছেন।

এ দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস।

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন হবে

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রতিনিধিদলে ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটিই ছিল ভর্তি পরীক্ষার প্রথম পরীক্ষা। শনিবার সকাল ১০ টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হয়।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, ‘সি’ ইউনিটে ৯,৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ৭,৬৪৬ ছিল জন। অনুপস্থিতির হার ১৭.১৭ শতাংশ। অর্থাৎ উপস্থিতির হার ৮৩.৮৩শতাংশ।

সাদমান শুয়াইব নামে এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে বলেন, ‘আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করেছি। পরীক্ষার কেন্দ্রে টিচাররা যথেষ্ট আন্তরিক ছিলেন এবং তাদের দিকনির্দেশনায় পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি।’

মো. মাহমুদ আনসারী নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। সব মিলিয়ে ভালোই একটা অভিজ্ঞতা।’

পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ‘দু একটি কক্ষে সামান্য সমস্যা হলেও আমরা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকালের সহযোগিতায় আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয় নি। সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এবছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে।

ব্যারিস্টার সারোয়ারের বক্তব্য, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:

বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির কথা উল্লেখ করে গত ১৬ এপ্রিল একটি ভিডিও বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বক্তব্যে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলেও উল্লেখ করেন।

ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে এবং তারা এটির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একটি ‍বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে এ বিবৃতি পাঠানো হয়।

‍বিবৃতি বলা হয়, পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ অনুসন্ধানপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সাম্প্রতিক সময়ে অনেকগুলো জেলার পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

‍বিবৃতি আরো বলা হয়, ‘আইন অনুযায়ী সাক্ষ্য-প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে গণমাধ্যমে এ রকম বক্তব্য উপস্থাপন করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানহানির শামিল। একজন স্বনামধন্য আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে কর্মরত একজন কর্মকর্তাকে কোনো অনুসন্ধান ছাড়া দুর্নীতিগ্রস্ত অফিসার বলায় আমাদের হতাশ করেছে এবং পুলিশ বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের অসত্য বক্তব্য প্রদান কোনোভাবেই কাম্য নয়।

এ ধরনের বক্তব্য পুলিশ বাহিনীর মনোবলকে দুর্বল করা ও সুনাম জনসমক্ষে হেয় করার শামিল।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য সব সময় দেশের আইন-শৃঙ্খলা সুরক্ষায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ।

‘আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে

‘আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা’

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের বিভিন্ন স্থানে মিছিল আয়োজনের বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন মিছিল না হতে পারে। পুলিশ যদি এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আমরা কাজ করছি। বদলির পরও যারা কর্মস্থলে যোগদান করেনি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।” এছাড়া, নিম্নস্তরের পুলিশ সদস্যদের সুবিধার্থে একই বিভাগে তাদের পোস্টিংয়ের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলেও জানান তিনি।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দর ছাড়াও উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। এর আগেও তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন থানা পরিদর্শন করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকারী বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।