All posts by jitu

কুমিল্লায় ঋণের বোঝা সইতে না পেরে ফেরিওয়ালার আত্মহত্যা

রকিবুল ইসলাম (ম্যাক):

তিতাস উপজেলার মাছিমপুর পশ্চিমপাড়া এলাকায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুর্শিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত মুর্শিদ মিয়া ফেরিকরে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি বেশ কিছু এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। এছাড়াও এলাকার লোকজন তার কাছে টাকা পাওনা ছিল। ঈদের আগে টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দিতে পারেনি। এতে করে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। হয়তো এর কারণেই আত্মহত্যা করতে পারে।

বেলা ১১ টায় বাড়ির পাশের একটি মেড্ডা গাছ থেকে মরদহাটি উদ্ধার করে পুলিশ। নিহত মুর্শিদ মিয়া মাছিমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত তাজির মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তিতাস থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

কুসিকের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

৯ জুন সোমবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে ৮ জুন রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গেনী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি ওই এলাকার সুলতান আহম্মদের ছেলে এবং কুসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতয়ালি মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়া নগরীর ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, তোফাজ্জল ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে ওই মামলায় জামিনে আছেন।

তিতাসে বাক প্রতিবন্ধী দুই কন্যা শিশুকে বিষপানে হত্যা করে বাবার আত্মহত্যার চেষ্টা !

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধি দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন।

সোমবার (৯ জুন) সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে বাবা মনু মিয়ার(৩২) দুই মেয়ে মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। আহত অবস্থায় মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতিনও বোবা। বোবা মেয়েদের কিভাবে বিয়ে দিবে এনিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো যে, ” তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কিভাবে? ”

এ অভিমানেই আজ(সোমবার) সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া শিশুকন্যা মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

তিতাস উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর কীটনাশক বা বিষের বড়ি(কেরির টেবলেট) যেখানে সেখানে বা যার তার বেচা বিক্রী নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া জরুরি বলে আমি মনে করি ।

তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধি দুই শিশুকন্যাসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই শিশুকন্যা মারা গেছেন। মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আল খায়ের ইউকে’র উদ্যোগে ৮২৭ পরিবারে কুরবানির গোশত বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আল খায়ের (ইউকে) ফাউন্ডেশনের উদ্যোগে ৮২৭ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ঈদুল আযহা উপলক্ষে দশটি গরু জবাই দিয়ে কুরবানির আমেজে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষদের মাঝে বন্টন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ সজিব, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিঃ সহ-সভাপতি এমদাদ উল্লাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন প্রমুখ।

আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব বলেন, গতকাল ঈদের দিন থেকে আমাদের সারাদেশে অসহায় মানুষদের মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে চৌদ্দগ্রামে ১০টি গরু জবাই দেয়া হয়েছে।

উপজেলা কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, কুরবানি দিতে পারা আর না পারা মানুষদের বিভেদ কমিয়ে আনার লক্ষ্যে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৮২৭ পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়েছে। এ জন্য আল-খায়ের ফাউন্ডেশনকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

ঈদের দ্বিতীয় দিন ইসরাইলি হামলায় নিহত ৭৫ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট:

ঈদের সময়েও ইসরাইলি বর্বরতার শিকার হতে হলো ফিলিস্তিনিদের। গাজা উপত্যকায় ঈদুল আজহা উদযাপনের পরের দিনই ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৫ জন, আহত হয়েছেন প্রায় ১০০ জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলায় একই পরিবারের ১৬ সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে ৬ জন শিশু ছিল।

গাজায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে অসংখ্য লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, ইসরাইলি বাহিনী হামলার আগে কোনো সতর্কতা দেয়নি। এখনও ধ্বংসস্তূপের নিচে ৮৫ জন আটকে রয়েছেন, যাদের উদ্ধার কাজ চলছে। তিনি এই হামলাকে “ঠান্ডা মাথায় গণহত্যা” বলে অভিহিত করেছেন, কারণ নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

এই হামলার আগে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরাইলি সেনারা গুলি চালায়, যাতে ৮ জন নিহত হন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের মুজাহেদিন ব্রিগেডের নেতা আসাদ আবু শারিয়াকে হত্যা করেছে, যিনি ২০২৩ সালের হামাসের হামলায় জড়িত ছিলেন। হামাসও টেলিগ্রামে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এর আগে, ঈদুল আজহার দিনেই (৬ জুন) গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ফিলিস্তিনিদের ওপর এই নির্বিচার হত্যাকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দা ও হস্তক্ষেপের দাবি তুলেছে।

চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত ভাই

ডেস্ক রিপোর্ট:

চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ব্যাটারিচালিত অটো রিকশাচালক শাহাজাহান মিয়ার (৬০)। ঈদুল আযহার দিন বিকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুই যাত্রী ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিক ছেলের।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানায়, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আযহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানায়, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনা বাসস্ট্যান্ডসহ যানজটের গুরুত্বপূর্ণ স্পট পদুয়ার বাজার বিশ্বরোড, ক্যান্টনমেন্ট, চান্দিনা, আলেখারচর এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলো পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে এবং সড়কপথে যানজটের কারণে যেন ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মহাসড়কে নেমেছেন কুমিল্লার জেলার পুলিশ সুপার।

ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামসহ অন্তত ১০ জেলার যানবাহন চলাচলের ব্যস্ততম মহাসড়ক হচ্ছে কুমিল্লা অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক সহ জেলা পুলিশ ও জেলা ট্রাফিকের ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।

মনোহরগঞ্জে দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ব্যাগ ভর্তি ঈদ বাজার পেলেন শতাধিক অসহায় পরিবার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়নে শতাধিক অসহায় ও নিঃস্ব পরিবারের মাঝে ১০ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকালে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রবাসী, স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত দেবপুর ফাউন্ডেশন ঈদুল আযহা উপলক্ষে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।

১০ টাকায় বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাচাহার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, নরহরিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মৌলভী সুলতান আহমেদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন দেবপুর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মশিউল আলম মাসুদ, সাইফুল ইসলাম , শাফায়েত উল্লাহ, আব্দুল হালিম, কামরুল হাসান সুমন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান রাফি, সেলিম সজীব, মহিদুর রহমান রাজন, ফাউন্ডেশনের
সভাপতি সাজ্জাদ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাইমন।

১০ টাকার ঈদ বাজারের প্যাকেজে ছিল এক কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, এক লিটার সয়াবিন তেল, ২ কেজি ওজনের একটি মুরগি, ১ প্যাকেট মসলা, এক কেজি আলু।

এলাকায় খোঁজ নিয়ে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষদের চিহ্নিত করে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দশ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী পেয়ে খুশি স্থানীয় লোকজন।

ভিক্ষা করে সংসার চালানো একজন জানান, এই ঈদ সামগ্রী পেয়ে আমি অনেক খুশি। পরিবার নিয়ে খেয়ে দেয়ে এই ঈদটা কাটাতে পারবো।

দেবপুর ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে দেওয়ার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

শহীদ জামশেদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

 

স্টাফ রিপোর্টার:

২৪’ র জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাৎ বরনকারী শহিদ জামশেদুর রহমান মিয়াজীর (জুয়েল) পরিবারকে ঈদ উপহার প্রদান করছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে জামশেদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহিদ জামসেদের পিতা জালাল আহম্মেদ ও চাচা স্থানীয় বিএনপি নেতা আইউব মিয়াজীর হাতে একটি ছাগল উপহার তুলে দেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম ও ইউনিয়ন সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শামীম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এমরান হোসাইন ভূইয়া (মাসুদ), সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, ব্যাংকার রিয়াজ মিয়াজী, উপজেলা, সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, রিয়াজ উদ্দিন প্রমুখ।

কুমিল্লা সরকারি কলেজের মেধাবী ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গত ৫ই আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কেমন করে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলেন, ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেন বাংলাদেশে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‌সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি, স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে- মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই।