All posts by jitu

চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামায়াত চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। এই জামায়াতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এ ছাড়া তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।

মাওলানা আরিফ চৌধুরী জানান, শুধুমাত্র সৌদি আরব নয়, কুরআন ও হাদিসের আলোকে এসব এলাকার লোকজন চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ জুন) সকালে মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত মহাখালি বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক পরিবহণ কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহণ আইনের ৮০ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাংবাদিক সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা প্রতিনিধি মো: সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সোহেল, এটিএন নিউজের আনোয়ার হোসেন, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, রিপোর্টাস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মইন নাসের খান রাফি ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মোসলেহ উদ্দিন, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা, ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, সাংবাদিক মো: ইয়াছিন, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মোতালেব নিখিল, বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ আহাম্মদ, দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন সুমন, একাত্তর টিভির ক্যামেরাপার্সন সোহাগ প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

হজ পালনে জন্য সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানান দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা, যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

সূত্র: এপি, ইউএনবি

আরাফার দিনের রোজা রাখলেন হামজা চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

আজ পবিত্র হজের দিন। লাখো হাজির তালবিয়ার ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফার ময়দান। এই পবিত্র দিনে বিশ্বজুড়ে মুসলিমরা নফল রোজা রাখেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও আজ এই রোজা রেখেছেন।

গতকাল বুধবার ভুটানের বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে আজ দলের রিকভারি ডে থাকায় হামজা এই সুযোগ কাজে লাগিয়েছেন। বাংলাদেশের মাটিতে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ৬ মিনিটের মধ্যে গোলের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচটি বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে।

আজ বৃহস্পতিবার দলটি কোনো অনুশীলন করেনি, শুধু রিকভারি সেশনে অংশ নিয়েছে। এছাড়া, দলটি নতুন সাদা হোম জার্সিতে টিম ফটোশুট করেছে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই জার্সিতেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।

হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্মগ্রহণ ও বেড়ে উঠলেও ব্যক্তিগত জীবনে তিনি ধর্মপ্রাণ। তিনি নিয়মিত সালাম দিয়ে কথা শুরু করেন, ম্যাচের আগে প্রার্থনা করেন এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করেন। ফিলিস্তিন ইস্যুতে তার সমর্থনও সুবিদিত—২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।

আজ আরাফার দিনের রোজায় হামজা একা নন, দলের টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন।

বাংলাদেশ দল আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এর প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ঈদের দিনও দলটিকে অনুশীলনে অংশ নিতে হতে পারে, তবে সম্ভাব্য সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যায় অনুশীলনে নামবে তারা।

দশজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পেল ঈদ উপহার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সৈয়দ সমাজকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় বিশেষ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১ টায় সংস্থার কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন দশজন শিশুকে বিভিন্ন ঈদ সামগ্রী ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আতিকুর রহমান, নোয়াখালীর সিভিল সার্জন মরিয়ম সিমি, সৈয়দ স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আকতার, সংস্থার সদস্য সৈয়দা খাদিজা আকতার, সৈয়দা ফাতেমা আকতার, সৈয়দা হালিমা আকতার, চট্টগ্রাম বন বিভাগের চীফ ইনস্ট্রাক্টর মো: দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয়ের গবেষক মো: মোজাম্মেল হোসেন ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।

সৈয়দ আতিকুর রহমান বলেন, আমরা গত ঈদুল ফিতরের সময় পাঁচজনকে ঈদ উপহার প্রদান করেছি। এই বছর আমরা দশজনকে দিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করবো। এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানায়, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শনে কুমিল্লা পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শন করেছেন।

আজ বুধবার দুপুরে কুমিল্লা সদরের চানপুর গরুর বাজার ও বালুতুপা গরুর হাট বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

 

এ সময় তিনি গবাদি পশু ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ জনসাধারনের সাথে হাট-বাজারের আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন। তিনি বলেন, “যে কোন আইনি সহায়তা প্রদানে জেলা পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে” গবাদি পশু ক্রয়-বিক্রয় সংক্রান্তে চাঁদাবাজি বা কোন ধরনের অপরাধের সংবাদ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই অপরাধের প্রস্তুতি, অতঃপর অস্ত্রসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিকেলে জেল থেকে জামিনে বেরিয়েই রাতে অস্ত্র হাতে অপরাধে নামার প্রস্তুতি নেন চিহ্নিত তিন আসামি। তবে শেষরক্ষা হয়নি। কুমিল্লায় পুলিশের তৎপরতায় তারা অস্ত্রসহ ধরা পড়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি থামিয়ে এ তিনজনকে আটক করে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির পুলিশ। এ সময় তারা পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে। পালটা প্রতিরোধে একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং এসআই (নিরস্ত্র) মো. খাজু মিয়া আহত হন।

তবে শেষপর্যন্ত তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে মো. খাইরুল হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান। তার বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় ৪০টি মামলা রয়েছে। জগন্নাথপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রিয়াদ। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে এবং চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা। তার বিরুদ্ধে রয়েছে ১৪টি মামলা।

বুধবার (৪ জুন) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর ১২টার সময় পুলিশ সুপার নাজির আহম্মেদ খান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিস ছিনতাই করার উদ্দেশ্যে তারা অস্ত্রসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশি তল্লাশিতে ধরা পরে যায়।’

আটকদের মধ্যে রাকিবুল ও সোহাগ সদ্য জামিনে মুক্তি পেয়েছে। খাইরুল জামিনে বের হয়েছিল এক মাস আগে। তাদের সঙ্গী আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লায় দুর্বার বাংলাদেশের ঈদ উপহার বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’—এই হৃদয়স্পর্শী স্লোগানকে ধারণ করে কুমিল্লায় শতাধিক অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল কুমিল্লা রিপোর্টার্স ক্লাব।

বুধবার( ৪জুন) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘দুর্বার বাংলাদেশ’ এবং ‘কুমিল্লা রিপোর্টার্স ক্লাব’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার বাংলাদেশের উপদেষ্টা শওকত আলী, চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, পরিচালক আকিব হাসান, সহ-পরিচালক অমিত হাসান, সভাপতি সায়েদা ফারহানা, সহ-সভাপতি আলম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিজোয়ানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আমানত বিজয় ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব মিয়াজি প্রমুখ।

এছাড়া কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, দুর্বার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান (রাফি), সদস্য মাহমুদ, রাত্রি, মেহজাবিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।