All posts by jitu

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সরকার বাজেট দিয়েছে: বিএনপি

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, তাই তারা আশা করেছিলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। কিন্তু সেটি করা হয়নি।

রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ‘ডবল ডিজিট’। তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্বব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে ২৭ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবমতে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা আগের সরকারের মতোই অবান্তর ও কাগুজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ, দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে যাচ্ছে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। ভবিষ্যতে বিএনপি ক্ষমতা এলে শিক্ষার এসব ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে।

অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা সমাধানে বাজেটে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথনকশা উপস্থাপন। অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি। বিশাল সুদের হারের সঙ্গে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। কর্মসংস্থানও কমতে পারে। মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। দারিদ্র্য বিমোচনের অগ্রগতিও থমকে যেতে পারে।

ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা বাজেটে নেই বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, এগুলো না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত ও প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবেন।

অনলাইন ব্যবসার ওপর শুল্ক বাড়ানোয় ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বেন বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, এতে তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে। উদ্ভাবনও নিরুৎসাহিত হবে।

আমীর খসরু বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক। খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল। ‘ঋণ করে ঋণ শোধ’ দীর্ঘ মেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। এতে করব্যবস্থার প্রতি আস্থা কমতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

সূত্র: ইত্তেফাক

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ সাত জেলায় ঝড় হতে পারে

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বৃষ্টি ঝরতে পারে বলে জানান আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কুমিল্লার রাণীরবাজারে সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ২৩ বীর-এর আওতায় কুমিল্লা সদর উপজেলার রাণীরবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ বিভিন্ন অবৈধ ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মালামালসমূহ হল, ইয়াবা ৭৮ পিস, মোবাইল ফোন ৯ টি,পাওয়ার ব্যাংক ১ টি, চাপাতি ১ টি, কুড়াল ১ টি, বড় ছুরি ১ টি কাঁচি ২ টি, কাটিং প্লাস ১ টি, সিসিটিভি ডিভিআর ১ টি, সেলাই রেঞ্জ ১ টি, বাটুল (লোহার বস্তু) ১ টি, স্ক্রু ড্রাইভার ২ টি, গাঁজা ২৫০ গ্রাম ও ছুরি ১ টি এবং
সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় ৩ গজ।

আটককৃত গ্যাং সদস্যরা হলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকার দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, সদরের দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ ফরিদ, দেবিদার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন
এবং একই গ্রামের কবির উদ্দিনের ছেলে তুহিন।

উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরণের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।

৩৩ পদাতিক ডিভিশনের ২৩ বীর-এর এমন সঠিক ও কৌশলী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং এটি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে থাকবে।

পদুয়ার বাজারে যৌথ চেকপোস্টে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর আর্মি ক্যাম্প ও পুলিশের সমন্বয়ে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয়। দুপুর ১টা ৩৩ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই অভিযানে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

তল্লাশিকালে দুইটি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উক্ত দুইটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সেনাবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযান এলাকায় শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে বলে জানা গেছে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ করতে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। তাঁরা কাল (৪ জুন) ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। আজ থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু হবে ১৪৪৬ হিজরির হজের আনুষ্ঠানিক কার্যক্রম।

পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন। হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

নিয়ম অনুযায়ী, মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা।

তাঁদের পরনে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড়। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। সেখান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করাও সুন্নত। তাই হাজিদের সবার জন্য আলাদা আলাদা তাবু স্থাপন করা হয়েছে। সেখানে তাঁরা তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে সারা দিন অবস্থান করবেন।

এরপর বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের আবশ্যিক বিধান। তাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হজযাত্রীদের কিছু সময়ের জন্য হলেও আরাফাতের ময়দানে নেওয়া হয়।

কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে (০০৩০ ঘটিকায়) চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন সোনাপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ মোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ১৮১টি নতুন এবং ৯৩টি পুরাতন মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের বাজারমূল্য আনুমানিক ৮৬,৫৯,২৭৪/- (ছিয়াশি লক্ষ ঊনষাট হাজার দুইশত চুয়াত্তর) টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোনসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে কৃষকদের উদ্ভাবনী চর্চায় প্ল্যাটফর্ম তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে ‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম, তথ্য আপা কর্মকর্তা ফাতেমা আক্তার। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আকতার হোসেন, আবদুল হাকিম পাটোয়ারী ও ফিরোজা বেগম। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক : সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক, এটা সরকারকে বোঝানোর চেষ্টার পরও তারা বুঝতে চায় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক, এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝতে চায় না। ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠিত করার পেছনে পারলে একটি কারণ দেখান। বরং ডিসেম্বরই অনেক দেরি। সংস্কারের মূল উদ্দেশ্যই নির্বাচনকে বিলম্বিত করা।

তিনি বলেন, বিচারের সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। গত ১৭ বছরে সর্বমোট ৭১৮৮টি বিচার নিষ্পত্তি হয়নি। ইতিহাসের নিকৃষ্টতম খুনি হাসিনার এত অপরাধের বিচার অল্প সময়ে করা সম্ভব হবে না, তার অনেক অপরাধ।

আগেরদিন সোমবারও নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এদিন বেরিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে করা সম্ভব নয়।

সূত্র: ইত্তেফাক

কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে বিশেষ নজর রাখছে র‍্যাব

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন এবং জনসমাগম ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।

এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি জানায়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল টাকা ছড়ানোর আশঙ্কা থাকায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। হাটে স্থাপিত র‌্যাব কন্ট্রোল রুমে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন, যেখানে সাধারণ জনগণ সেবা নিতে পারবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রম এবং তাদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যহত আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে র‌্যাব মোতায়েন করছে বিশেষ টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য। একই সঙ্গে নারীদের উত্যক্ত করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট চালানো হবে।

র‌্যাব জানান, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ বা অসুস্থ গবাদি পশুর বিরুদ্ধেও নজরদারি চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হাটের হাসিল নির্ধারিত তালিকায় প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হবে এবং অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে র‌্যাবের তৎপরতা চলমান থাকবে।

বর্তমানে অনলাইনে কোরবানির পশু কেনাবেচা বাড়ায় প্রতারণা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রতারণার শিকার হলে র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

এছাড়া, পশুর চামড়ার বাজার ধস নামাতে চক্রান্তকারী সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সড়কপথে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে বাড়ানো হয়েছে র‌্যাবের টহল ও নজরদারি। পাশাপাশি, এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোর মতো ঘটনাও প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, ‘ঈদ-উল-আজহাকে সামনে রেখে দেশের প্রতিটি পশুর হাট, জনবহুল স্থান এবং সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের মানুষকে নির্ভয়ে কোরবানির ঈদ উদযাপন করতে সহায়তা করতে র‌্যাব সদা প্রস্তুত।’ সব ধরনের সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

জি-৭ শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ১৫–১৭ জুন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। যদিও এই গোষ্ঠীর সদস্য না হলেও ভারত ২০১৯ সাল থেকে নিয়মিত এই সম্মেলনে অংশ নিচ্ছে।

তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক দেশ কানাডা। এর ফলে, ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুদেশের সাম্প্রতিক টানাপোড়েন। ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত।

ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। যা এই সম্পর্ক হ্রাস করেছে।

তবে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি। যার প্রভাবই এবার পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে। যেখানে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে।