All posts by jitu

দুপুরের মধ্যে কুমিল্লাসহ দেশের আট জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়।

সদর দক্ষিণে যৌথবাহিনীর চেকপোস্ট: ৮ হাজার টাকা জরিমানা, মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যৌথভাবে একটি চেকপোস্ট স্থাপন করেছে । এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এত তদারকি অভিযান পরিচালিত হয়।

যৌথভাবে পরিচালিত এই চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই তৎপরতা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

কুবিতে মারামারিকে কেন্দ্র করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

 

চাঁদনী আক্তার, কুবি:

গত ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কনসার্টে মার্কেটিং বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একপক্ষ দুষছেন অন্যপক্ষকে। সংঘর্ষকে কেন্দ্র করে কুবিতে দুই বিভাগের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

ওই দিনের ঘটনার সূত্রপাতের বিষয়ে সাদির মিয়া বলেন, “কনসার্ট চলাকালে সাংবাদিকতা বিভাগের কয়েেকজন শিক্ষার্থী মুক্তমঞ্চ থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। আশেপাশে অনেক সিনিয়র আপুসহ অনেক মেয়ে শিক্ষার্থী ছিল। তাদের কে যখন বলি, ‘ভাই এসব বাজে ভাষা না বললে হয় না?’, তখন তারা আমার সাথে খারাপ আচরণ করে। এটা নিয়ে তাদের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে আমার হলের কয়েকজন বড় ভাই এসে আমাকে সেখান থেকে সরিয়ে নেয়।”

অশ্লীল শব্দ ব্যবহার করার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান (১৬তম) বলেন, “আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। এ সময় কথার মাঝে মাওলা একটি অশোভন শব্দ ব্যবহার করে। তখন মার্কেটিং বিভাগের সাদির ভাই বিষয়টি লক্ষ্য করে আমাদের এমন ভাষা ব্যবহারে নিষেধ করেন। আমরা তখন বলি যে, ‘নিজেদের মধ্যে কথা বলছিলাম এবং আর এমনটা হবে না।’ তবুও তিনি আমাদের ওপর কিছুটা রাগান্বিত হয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে রিফাত ভাই এগিয়ে আসেন। এরপর আমাকে কেউ একজন মুক্তমঞ্চের উপরের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি, নিচে ঝামেলা তৈরি হয়েছে।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান, গোলাম মাওলাসহ আরও কয়েকজন কনসার্ট চলাকালীন মুক্তমঞ্চের উপর থেকে অশ্লীল ভাষা ব্যবহার করছিলেন। এ সময় মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাদির মিয়া তাদের এমন আচরণের প্রতিবাদ করে ভাষা সংযত রাখার অনুরোধ জানান। এতে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজক কমিটির সদস্যরা সাদিরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

সেই সময় মার্কেটিং বিভাগের সাদেক সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ান। ফলে আবারও দুই বিভাগের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এসময় সাংবদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী সাদেককে ঘুষি ও লাথি মারতে মারতে মুক্তমঞ্চের উপর থেকে নিচে নামিয়ে আনে। প্রতিবেদকের হাতে আসা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এই সময় হামলায় অংশ নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী (১৪তম), আতিকুর রহমান তনয় (১৫তম), প্রসেনজিৎ দাস (১৬) এবং আল শাহরিয়ার অন্তু (১৭তম)।

গতকাল (৩১ মে) এই হামলার প্রতিবাদ জানিয়ে প্রক্টর বরাবর এই চার জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে স্মারকলিপি জমা দেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

হামলায় অভিযুক্ত চারজনের সাথে কথা হয় প্রতিবেদকের। তাদের মধ্যে সৌরভ, অন্তু এবং প্রসেনজিৎ জানান সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হাসান রিফাতকে ধাক্কা মারায় তারা সংঘর্ষে জড়ান।

আতিকুর রহমান তনয় বলেন, “দর্শক সারিতে রিফাত ভাই ও কয়েকজন জুনিয়রের সঙ্গে ধাক্কাধাক্কি চলছিলো। সামাধানের উদ্দেশ্যে আমরা ঘটনাস্থলে গেলে সাদেক আমাকে বলে, ‘সাংবাদিকতার হ্যাডম দেখাতে এসেছিস?’ আমি এমন প্রশ্নের কারণ জানতে চাইলে সে হঠাৎ আমাকে ধাক্কা দেয়। আমি পড়ে যাই, চশমাও মাটিতে পড়ে যায়।”

তবে এই বিষয়টি অস্বীকার করে সাদেক সরকার বলেন,”আমি ঝামেলা হচ্ছে দেখে সেখানে যাই এবং আমার পরিচিতদের বলি, এখন কোনো ঝামেলা না করতে। প্রোগ্রামটা যাতে সুষ্ঠু ভাবে শেষ হয়। তাদের কে হয়তো কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে। তারা ভাবছে এটা আমি দিয়েছি এবং কয়েকজন আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর শুরু করে এবং মারতে মারতে মুক্তমঞ্চ থেকে নিচে নিয়ে যায়।”

এই ঘটনার জেরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সাদেক সরকারকে সাথে নিয়ে সাখাওয়াত অরণ্য, তাজওয়ার তাজ, তাওহিদ রহমান সাকিব, মোহাম্মদ সাজিদসহ ওই বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী আবারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাগবিতন্ডায় জড়ান।

এসময় সাখাওয়াত অরণ্যকে বেল্ট খুলে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারতে দেখা যায়। তখন অরণ্যকে বিশ্ববিদ্যালয়ের দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আবু শামা প্রশ্ন করতে গেলে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এই বিষয়ে তার নিকট প্রশ্ন করলে তিনি আবু শামাকে ধাক্কা দেন। এবং তার কর্মীরা “আগে সাংবাদিক মার” বলে পেশাগত দায়িত্বপালন করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা করেন। এঘটনায় অভিযুক্ত ছাত্রদল কর্মীরা হলেন সাইফুল মালেক আকাশ (বাংলা-১৫), জহিরুল ইসলাম জয় (ইংরেজি -১৬), তাওহিদ রহমান সাকিব (মার্কেটিং-১৭) ও মার্কেটিং -১৭ ব্যাচের শিক্ষার্থী তাজওয়ার তাজসহ ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। এসময় ভিডিও ফুটেজ নিতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহর ফোন কেঁড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন ছাত্রদলকর্মী সাইফুল মালেক আকাশ।

পুরো ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ইমেইলের মাধ্যমে আমি একটি স্মারকলিপি পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এখন কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। খোলার পর আমরা সবগুলো বিষয় নিয়ে বসবো।”

কুমিল্লায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোক্তাদের অধিকার রক্ষায় পরিচালিত এক অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত আদর্শ সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে “পদ্মা মেডিকেল সার্ভিসেস” নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে টেস্টের ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, “তাইফ মেডিকেল সার্ভিসেস”-এ নির্ধারিত তাপমাত্রায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সেবার মান বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি সহযোগী দল।

চৌদ্দগ্রামে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা শাহিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

রবিবার (০১ই জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরকার বিরোধী লেখালেখির অভিযোগও রয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর সদরের বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন। চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রবিবার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ব্যক্তিরা সমাজের আলোকিত মানুষ : চাঁদপুর জেলা প্রশাসক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার)(১ জুন) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্যে সমাজের বিত্তবান ও প্রবাসীরাও এগিয়ে আসতে পারেন। অত্র বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য সমাজের দানশীল ধনার্ঢ্য ব্যক্তিরা চাইলে ১৫ শতাংশ ভূমি দান করতে পারেন। সেখানে আমি সরকারিভাবে ১০ লাখ টাকা বরাদ্ধ দিবো স্কুলের ভবন করার জন্য। সেই সাথে সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতা করবো। আপনারা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন তারা সমাজের আলোকিত মানুষ। বিদ্যালয়ের জন্য কিছু ফান্ড তৈরি করেন। অনেক দানশীল ব্যক্তি আছে, তারা সহযোগিতা করবে। তিনি আরো বলেন, বিদ্যালয়ের জন্য চাঁদপুর পৌর এলাকার বাহিরে জমি দেখেন, আমি আমার তরফ থেকে সহযোগিতা করবো। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে আমার সহযোগিতা থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সুমন খান, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক, চাঁদপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।

সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ৪৬তম বার্ষিক প্রতিবেদন বই তুলে দেন গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য সদস্যবৃন্দগণ। এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া, বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিচিত্রা সাহার স্থলে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিদ্যালয়ের জন্য পৌর এলাকা ও পৌর এলাকার বাইরে নতুন করে ভূমি বরাদ্ধের জন্য চেষ্টা অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:

১ জুন ২০২৫, রবিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস এর গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অত্যাধুনিক ও প্রিমিয়াম ক্যাফে ‘ক্যাফে লিও’।

বসুন্ধরা চক্ষু হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত দৃষ্টিনন্দন ও নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন, সুবিশাল পার্কিং, আরামদায়ক পরিবেশের সাথে ক্যাফে লিও-তে থাকছে প্রিমিয়াম মানের কফি, রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস, মুখরোচক স্ন্যাকস এবং স্বাস্থ্যসম্মত খাবারের মেলবন্ধন যা আপনাকে নিমন্ত্রণ জানায় এক অভিজাত খাদ্য ও কফি-ভ্রমণের।

ক্যাফে লিও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত ও অতিথিদের জন্য উন্মুক্ত এবং সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করতে।

ক্যাফে লিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বসুন্ধরা গ্রুপ-এর পরিচালক ইয়াশা সোবহান ক্যাফে সম্পর্কে তাঁর ব্যক্তিগত অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ক্যাফে লিও শুধুমাত্র একটি ক্যাফে নয়—এটি একটি পরিবেশ যেখানে মানুষ স্বাস্থ্যসম্মত টেস্টি খাবার উপভোগ এর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আমাদের ক্যাফে’র নান্দনিক পরিবেশ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার আপনার মুহূর্তকে করে তুলবে আভিজাত্যময়। আমরা চেষ্টা করেছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে মানুষ স্বস্তিতে বসে গল্প করবে, ভালোবাসায় গড়বে নতুন স্মৃতি।

কুমিল্লায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ হাজার টাকা কেজি

ডেস্ক রিপোর্ট:

বরুড়া উপজেলার আড্ডা বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ মে) বিকেলে আড্ডা বাজার ব্রীজের পাশে শামিম হোসেন (২৮) নামে এক যুবক শিয়ালটি জবাই করে নানা রোগের ঔষধের কথা বলে ২ হাজার টাকা কেজি ধরে শিয়ালের মাংস বিক্রি করে। ২ কেজি বিক্রি করার পর বাকি মাংস নিয়ে তিনি পাশে বাঘমারা বাজার চলে যান বলে উপস্থিত লোকজন জানান।

এ বিষয় আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাকির হোসেন বাদল জানান, ‘আমি এ বিষয়টি জানি না। আমার নজরেও আসেনি। এমনকি কেউ অভিযোগও করেননি।’

এ বিষয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু জানান, ‘বন্য আইনে এটা অপরাধ। এ বিষয়ে অভিযোগ আসলে অবশ্যই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সূত্র: আমাদের সময়

গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণহত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (১ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন বিচারক। বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে বিচারকাজটি সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে, গণহত্যা মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

চৌধুরী আবদুল্লাহ কারাগারে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রেডিও ক্যাপিটাল এর ব্যবস্থাপনায় চালু হলো দুটি ইউটিউব চ্যানেল

স্টাফ রিপোর্টার:

রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএমের ব্যবস্থাপনায় ইউটিউবে যাত্রা শুরু করলো “ক্যাপিটাল ড্রামা” ও “ক্যাপিটাল মিউজিক” নামের দুটি চ্যানেল। এই চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করবে।

শনিবার (৩১ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৫ নং হলে কেক কেটে চ্যানেল দুটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল এবং নাটকের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা।

অনুষ্ঠানে মাসুদুর রহমান মান্না বলেন, পড়াশোনা ও খেলাধূলার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য যে জগতটা আমাদের রয়েছে সেটা নিয়ে আরও কাজ করার সুযোগ হয়েছে। ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামে দুটি চ্যানেল শুরু করতে যাচ্ছি। এই যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের সাথে যুক্ত হতে আজকের এই অনুষ্ঠান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। নাটকের জায়গা থেকে আমরা অনেকদূর এগিয়ে আছি। এই ধারাটাকে আরও শক্ত স্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিকল্পনা ও নির্দেশনাকে সামনে রেখে এই পথচলা। আশা করছি আপনাদের সাথে নিয়ে অনেক কাজ করবো।
আব্দুল বারী বলেন, বসুন্ধরা গ্রুপ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক সেবামূলক কাজ করে। প্রতি মাসে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে নিয়মিত ভাবে মেধা বৃত্তি দেওয়া হয়। রেডিও ক্যাপিটালের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ নাটক প্রযোজনা শুরু করছে। এই উদ্যোগ মানুষের মাঝে উন্নত মুল্যবোধের উন্মেষ ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে ।

রেডিও ক্যাপিটালের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ছয়টি প্রডাকশন নিয়ে শুরু করা হয়েছে ক্যাপিটাল ড্রামা। এর মধ্যে চারটি সমাপ্ত হয়েছে। ঈদের পর আরও দুটি নির্মাণ করা হবে। সর্বোপরি বছরে ৩৬টি প্রডাকশন আসবে। এই নাটক হবে সকল বয়স ও শ্রেণির দর্শকের জন্য। তিনি বলেন, আগামীতে ক্যাপিটাল ড্রামা হবে দেশের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট চ্যানেল। অনেকে ভাল নাটক প্রযোজকের অভাবে টেবিলে পড়ে থাকে। মানসম্পন্ন স্ক্রিপ্ট হলে ক্যাপিটাল ড্রামা তথা বসুন্ধরা সেই কাজকে এগিয়ে নেবে।

প্রজাপতি নাটকের জাকারিয়া সৌখিন বলেন, উন্নত বিশ্বে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এন্টারটেইনমেন্ট এ এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশে সেটা কম। বসুন্ধরা সেই কাজটি করছে।

চলো হারিয়ে যাই নাটকের পরিচালক হাসিব হোসেন রাখি বলেন, তরুন পরিচালক হিসাবে আমরা জ্যেষ্ঠদের পথ অনুসরণ করি। বসুন্ধরা তথা রেডিও ক্যাপিটাল আমাদের সেই পথের সঙ্গী হলো।

অভিনেতা তৌসিফ বলেন, মানুষ নাটকের মধ্যে জীবনের গল্প খোঁজার চেষ্টা করে। চলো হারিয়ে যাই সেই ধরণের গল্প। যার বাস্তব রুপ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকতা দেওয়ার পাশাপাশি শিল্পী-কলা-কুশলিদের কাজের পরিধি বাড়াতে সহায়তা করবে।

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সুস্থধারার বিনোদনে বসুন্ধরা এগিয়ে এসেছে। আরও বেশি নাটক বানাবে। এ খবর আমাদের আশান্বিত করে।
অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের চারটি নাটক ও দুইটি মিউজিক ভিডিও অনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

প্রিয় প্রজাপতি নাটকে অভিনয় করেছেন, অপূর্ব ও তাসনিয়া ফারিণ। চলো হারিয়ে যাই নাটকে অভিনয় করেছেন- তৌসিফ, তটিনী, আবুল হায়াত ও দিলারা জামান। মিথ্যা প্রেমের গল্পে অভিনয় করেছেন-জোভান ও নাজনিন নিহা। আর অনেকদিন পরে নাটকে অভিনয় করেন- মুসফিক ফারহান ও কেয়া পায়েল।

জাকারিয়া সৌখিন পরিচালিত প্রথম নাটক প্রজাপতি প্রচারিত হবে ঈদুল আযহার পরের দিন সন্ধ্যা ৬ টায়।

ঈদের পর নতুন দুটি নাটক আসছে। নাটক দুটি নির্মাণ করবেন-শিহাব শাহীন ও ভিকি জাহেদ ।