All posts by jitu

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জনজীবনে দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট:

গতকাল থেকে শুরু হওয়া মাঝারি ও ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরীর প্রধান সড়কসহ বহু অলিগলি ডুবে গেছে। দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষের আয় রোজগার স্থবির হয়ে পড়েছে।

কুমিল্লা আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকালে সরেজমিন সিটি কপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর লাকসাম রোড, জেলা স্কুল রোড, রোইসকোর্স, বিসিক শিল্পনগরী, কুমিল্লা সিটি করপোরেশনে সমনের সড়ক, জেলা স্কুল সড়ক, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া-অশোকতলা, ছায়া বিতান ও শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত দুই দিন ধরে দুর্ভোগ বেড়েছে নগর জীবনে।

জলমগ্ন সড়কে দুর্ভোগে পড়া বাসিন্দারা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লাজুড়ে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও ছিল কোথাও কোথাও। আজ একই অবস্থায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।

হোমনায় ঘারমোড়া গরুর হাটের ইজারা পেলেন বিএনপি নেতা মুসা, চাঁদা চাইলেন ইউপি চেয়ারম্যান!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলায় ঘারমোড়া বাজার গরুর হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে আইনশৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য উপজেলা প্রশাসন নজরদারি অব্যাহত রেখেছে।

গত সোমবার সকালে ঘারমোড়ার গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আতংকে আছে দূর দুরান্ত থেকে আসা ক্রেতা, বিক্রেতাসহ স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ঘারমোড়ার গরুর হাট এক বছরের জন্য ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। ইজারাদার হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন হোমনা উপজেলা ঘারমোড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান মোল্লা ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা । ১ কোটি ১১ লাখ টাকায় ইজারা নেন ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা। পরে হোমনা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ইজারা না পেয়ে আবু মুসার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার লোকজন গরুর হাটে ভাংচুর করে ক্যাশ বাক্স নিয়ে যায়। ওই হামলায় হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: ফয়সাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো:জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো মুকুল মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো:মোসলেম আহত হন। এ বিষয়ে গরুর হাটের ইজারাদার আবু মুসা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে ইজারাদার ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে গত ৩ মার্চ ঘারমোড়া গরু বাজারের ডাক পেয়েছি । কিন্তু ঘারমোড়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকবল নিয়ে আমার কাছে বাজারের শেয়ার দাবি করেন, আমি শেয়ার দিতে না বলায় পরবর্তীতে ২০ লাখ টাকা চাঁদা দিতে বলেন চেয়ারম্যান শাজাহান। চাদার টাকা না পেয়ে তার লোকবল দিয়ে বাজার ভাঙচুর এবং ক্যাশ থেকে ইজারার টাকা লুট করে নিয়ে যায় তার বাহিনীরা এবং আমার ছেলে ফয়সাল মিয়াকে কুপিয়ে জখম করে, এছাড়া অনেকে আহত হয়। পরবর্তীতে থানায় মামলা হয়, এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

স্থানীয় সূত্রমতে, নানা অনিয়মের অভিযোগ ও বিগত সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শাহজাহান মোল্লার সখ্যতা রয়েছে বলে জানা যায়। সরকারি খাল দখল করে দোকান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মোল্লার বিরুদ্ধে। কুমিল্লা-১ (হোমনা) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদকে ফুলের শুভেচ্ছা বিনিময় করার ছবি রয়েছে ফেসবুকে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও চেয়ারম্যান শাহজাহান মোল্লার বিরুদ্ধে সরকারের ১নং খাস খতিয়ানের নদীর অংশ এবং রাস্তার পাশের জমি দখল করে দোকান ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মোল্লা মুঠোফোনে জানান, তিন বারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি । ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে । আশা করি অপ্রীতিকর কোন ঘটনা ঘটবে না।

নগরীর ঠাকুরপাড়ায় দুটি এলজিসহ যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিালনা করে মোঃ মাসুদ রানা প্রধান (৩৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১, সিপিসি ২ সদস্যরা। এ সময় আসামীর হেফাজত হতে ২ টি এলজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা প্রধান (৩৮) কুমিল্লা নগরীর মনোহরপুর গ্রামের মৃত. মতিউর রহমান প্রধানের ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছিল। এছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শো-ডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে সে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল বলে জানায়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে রুজুকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব ১১,সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুমিল্লা শাখার নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কুমিল্লা জেলা শাখার নবঘোষিত ও অর্থের বিনিময়ে আওয়ামী দোষরদের নিয়ে পকেট কমিটি গঠনের প্রতিবাদে এবং গঠিত কমিটি বাতিলের দাবীতে সাধারণ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট ব্যাবসায়ীরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) নগরীর রেসকোর্স ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রকৃত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ব্যাবসায়ীদের নিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান।

এ সময় সাধারণ ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর শিল্পী বলেন, বিগত স্বৈরাচার সরকারের দোসরদের যদি এখনো পূর্নবাসন করা হয় তাহলে আমাদের আন্দোলন তো বৃথা যাবে।এ কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। নতুবা তীব্র আন্দোলন করে এ কমিটি বাতিল করা হবে। এ কমিটিতে আওয়ামী দোসর মামলার আসামীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

এ সময় ব্যাবসায়ী মোহাম্মদ মোসেদ্দুল কবির খোকন, সামসুল আলম সামু,সাইদুল হক রুবেল, মাইনুল হুদা, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন,তানভীর আলম,আবু বকরসহ সাধারণ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে দলীয় কোন্দলে যুবদল নেতার উপর বর্বর হামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দলীয় কোন্দলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় যুবদল নেতা শহিদ আলী। আহত যুবদল নেতা শহিদ বৃহস্পতিবার দুপুরে জানান, স্থানীয় ইউনিয়ন আ’লীগের এক নেতা ও যুবদল নেতার নির্দেশে তার উপর হামলা হয়েছে। বর্তমানে সে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, হামলার ঘটনাটি তিনি অবগত আছেন। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাননি। গত বুধবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের আঠারবাঁক গ্রামে তার উপর হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৯শে মে) দুপুরে তিনি কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও জানান, স্থানীয় শুভপুর ইউনিয়ন আ’লীগ নেতা আবু ছায়েদ ও যুবদল নেতা মাইন উদ্দিনের নির্দেশে তার উপর হামলা হয়েছে। হামলায় নেতৃত্বে ছিলেন যুবলীগ ও ছাত্রলীগ থেকে যুবদলে যোগদানকারী আঠারবাক গ্রামের শাকিল (২৬), মহিন, (২৭) মাইন উদ্দিন, রাহিম (২৬)।

এসময় শহিদ আলী জানান, আমি জেলা বিএনপি’র সদস্য ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল এবং জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল ভাইয়ের কর্মী হিসেবে রাজনীতি করি। হামলাকারীরা আমাকে বিভিন্নভাবে এই পক্ষ ত্যাগ করার জন্য চাপ দেয়। এছাড়াও আমি বিভিন্ন সময়ে আ’লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের বিপক্ষে কথা বলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করি। হামলার নির্দেশদাতারা এবং হামলাকারীরা আমার উপর এসব ঘটনায় ক্ষিপ্ত হয়। ৫ই আগষ্টের পরে একাধিকবার আমার উপর হামলা করে। গত ০২ই ফেব্রুয়ারী আমার উপর মাইন উদ্দিন ও দুলালের নিদের্শে হামলা করে। এ ঘটনায় ৩ই ফেব্রুয়ারী আমি থানায় অভিযোগ দিলে উক্ত চক্রটি গত ৭ই ফেব্রুয়ারী আবারো আমার উপর হামলা করে।

জেলা যুবদল নেতা মির্জা হিরণ জানান, আ’লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীরা শহিদের উপর হামলা করেছে। যুবদল নেতা শহিদের উপর হামলার ঘটনায় আমরা চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় আদালতেও মামলার প্রস্তুতি চলছে। আমরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, হামলার ঘটনাটি জানতে পেরে থানার এস.আই নুর নবী ও আরেফিনকে ঘটনাস্থলে পাঠিয়ে আহতকে উদ্ধার করি। এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি কেউ।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সারা বাংলা ও দৈনিক পূর্বাশার প্রতিনিধি মো. রাসেল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ এবং সাংগঠনিক সম্পাদক বার্তা ২৪ প্রতিনিধি মহিন নাসের খান রাফি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

 

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার বাবু অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর শাহলম, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম বাবু, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, দৈনিক আমার দেশের দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু, প্রচার প্রকাশনা সম্পাদক এন কে রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বাসস প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ রওশন শাহ, নাগরিক পার্টির কুমিল্লার অন্যতম সংগঠক ফারহা ইম্পা, নেতা জিসান, অনিক, অনন্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী নাছির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ। শুভেচ্ছা বক্তব্য শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: রাসেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু, এনটিভির মাহফুজ নান্টু, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা, স্টাফ রিপোর্টার মো: আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার ম্যাক রানা, নিউজটোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বাংলা টিভির প্রতিনিধি আরিফ মজুমদার, আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাছরিন আক্তার, জাগো নিউজ ও কালের কন্ঠের প্রতিনিধি জাহিদ পাটোয়রি, জাগরনী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন জসিম, ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, মেগোতীর ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, ঢাকা মেইলের সাকলাইন জোবায়ের, এটিএন নিউজের আনোয়ার হোসেন, রাইজিং বিডির রুবেল মজুমদার, বাংলা ভিশন টিভির আবুল খায়ের আশিক, জিটিভির মাইন উদ্দিন ও মহিউদ্দিন, ভোরের কলামের সম্পাদক তৈৗহিদ অপু, আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রুপসী বাংলার ফারুক আজম, মোহনা টিভির আব্দুল মোতালেব নিখিল, চ্যানেল এস টিভির প্রতিনিধি রাজিব সাহা, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির পাভেল, সাইদুর, বাংলাদেশ কন্ঠের ইয়াছিন, মিলেনিয়াম টিভির হাবিবুর রহমান মুন্না, আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, কুমিল্লার ডাকের রিপোর্টার রুহুল আমিন সুমন, গ্লোবাল টিভির প্রতিনিধি পলাশ, জাগরণী ২৪ এর আয়েশা, ডিবিসির ক্যামেরাপার্সন বিপ্লব, সাংবাদিক জাবিউল মাহিন প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। গিটারিস্ট সোহেল, ভুষণের সমন্বয়ে একটি টিম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে কুমিল্লার সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা আরও সুসংহত হবে। অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

কুবি ছাত্রদল সদস্য সচিবের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর মব কায়েম করে ‘সাংবাদিকদের আগে মার’ বলে হামলা করেছেন। তাঁরা শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে মার্কেটিং বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে অংশ নেওয়া সাদেক সরকার ও সাখাওয়াত অরন্য নামে দুই ছাত্রদলের কর্মীকে এক পাশে নিয়ে যান মোস্তাফিজুর রহমান শুভ। তখন দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্ এবং দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা তাকে প্রশ্ন করেন “হামলায় অংশ নেওয়া এই ছেলে আপনার কর্মী নাকি? আপনি এখানে তাঁকে শেল্টার দিচ্ছেন নাকি?” তখন শুভ সাংবাদিক আবু শামাকে ধাক্কা দেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাফায়েত সজল সাংবাদিকদের প্রশ্ন করতে বাঁধা দেন পাশাপাশি শুভর নির্দেশে ছাত্রদল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেন।

“সাংবাদিকদের আগে মার” বলে ধাক্কাতে ধাক্কাতে মুক্তমঞ্চ থেকে গোলচত্বরের দিকে নিয়ে যান। এসময় ছাত্রদল কর্মী ও বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ, ইংরেজি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম জয়, মার্কেটিং -১৭ ব্যাচের শিক্ষার্থী তাওহিদ রহমান সাকিব ও তাজওয়ার তাজসহ ২০-২৫ জন হামলায় অংশ নেন। এসময় দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্, দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন হামলার শিকার হন।

হামলার ভিডিও ফুটেজ নিতে চাইলে চৌধুরী মাছাবিহ এর মোবাইল ছুঁড়ে মারেন বাংলা বিভাগের ছাত্রদলকর্মী সাইফুল মালেক আকাশ। এছাড়াও সাংবাদিকদের দিকে মারমুখী ভাবে ধাক্কা দেন মার্কেটিং ছাত্রদল কর্মী তাওহিদ রহমান সাকিব। প্রতিবেদকের হাতে আসা ভিডিও ফুটেজেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক চৌধুরী মাছাবিহ্ বলেন, ‘আমি পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে প্রশ্ন করলে ছাত্রদলের সদস্য সচিব শুভ আমাকে ফোনের ভিডিও অফ করতে বলে এবং তাঁর কর্মী সাইফুল মালেক আকাশ হামলা চলাকালীন আমাকে ধাক্কা দিয়ে মোবাইল টান দিয়ে ফেলে দেয়, এতে আমার মোবাইলের ডিসপ্লে ভেঙ্গে যায়।’

ভুক্তভোগী সাংবাদিক আবু শামা বলেন, ‘আমি মোস্তাফিজুর রহমান শুভকে প্রশ্ন করতে গেলে আমাকে ধাক্কা মারেন। সাথে সাথে কর্মীরা আমার উপর হামলা করেন।’

শিক্ষার্থীকে বেল্ট দিয়ে মারা ছাত্রদল কর্মীকে শেল্টার দেওয়ার বিষয়ে সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, পিছনে মারামারি হচ্ছিলো। আমরা সামনে ছিলাম। এখানে উপস্থিত শিক্ষকরা আমাদের বিষয়টি দেখতে বলেন। যেই ছেলেটি মেরেছিলো, তাকে সেখানে আটকে রাখা হয়।

কোন শিক্ষকরা বিষয়টি ছাত্রদলকে সামলাতে বলেছেন এমন প্রশ্নে তিনি অনুষ্ঠানের আহ্বায়ক ড. শরীফুল করীম ও ছাত্র পরামর্শক ও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিনিধি ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবের কথা জানান।

তবে বিষয়টি অস্বীকার করে কমিটির আহ্বায়ক ড. শরীফুল করীম বলেন, আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব আমার না। আমি কাউকে দায়িত্ব দেইনি এসব করার। আমার কাজ ছিল সকল বিষয় কোঅর্ডিনেট করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করা।

সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলার নির্দেশ ও ইন্দনের বিষয়টি সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ অস্বীকার করেন। তবে ভিডিও ফুটেজে সরাসরি হামলার সত্যতা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘কেউ হামলা করে থাকলে তাদের বিষয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।’

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, “সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, সেখানে এ ধরনের ঘটনা কোন ভাবে কাম্য না।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে প্রক্টর আবদুল হাকিম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো’

এই বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

সংস্কার, বিচার এবং নির্বাচন এই ৩টি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তী সরকার জানিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন হবে কি-না, তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয়, তার ওপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও ৬ মাস প্রয়োজন। আমার কোনো অভিলাষ নেই, নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ।’ এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

অপরদিকে, এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, ‘আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে।’ এসময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বিশ্ববিদ্যালয় দিবসে ছাত্রদলকে সামনে রেখে প্রশাসনের র‍্যালি, শিক্ষার্থীদের ক্ষোভ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রত্বহীন নেতাদের সামনের সারিতে রেখে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলকে নিয়ে কুবি প্রশাসনের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে র‍্যালি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ওই র‍্যালিতে ব্যানারের সামনের সারিতে ছিলেন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। তাদের ছাত্রত্ব শেষ হয়েছে এক দশকেরও বেশি সময় আগে। এছাড়াও র‍্যালী শেষে কেক কাটার সময়ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ও শিক্ষকদের সাথে তারা সামনে ছিলেন। কয়েকজন অভিযোগ করে বলেন শিক্ষকদের অসম্মানিত করে কয়েকজন অছাত্রের এভাবে ব্যানারের সামনে থাকা দৃষ্টিকটু এবং শিষ্টাচারের লঙ্ঘন।

কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আপনাদের প্রশ্নে আমাদের বিব্রত করেছে। আমাদের এখানে কোনো দলীয় প্রোগ্রাম ছিল না। অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন। ব্যানার ধরার জন্য কেউ ছিল না, শিক্ষকরা আমাদের ডাক দিয়ে সেখানে দাঁড় করিয়েছেন। আমরা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখনো ভর্তি আছি।’

এই বিষয়ে কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী না কিন্তু আজ যেহেতু বিশ্ববিদ্যালয় দিবস তাই আমরা সেখানে খুশি ভাগাভাগি করতে গিয়েছিলাম।’

কয়েকজন শিক্ষক অভিযোগ জানিয়ে বলেন, আমরা র‌্যালিতে ছিলাম। কিন্তু ছাত্রদলের কয়কজন নেতা আমাদের ডিঙ্গিয়ে সামনের সারিতে ব্যানার ধরতে চলে আসে। এসময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও তাদেরকে ব্যানার ধরতে উৎসাহিত করেন।

এই বিষয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমরান হোসেন বলেন, কোনো অছাত্রের বিশ্ববিদ্যালয়ের ব্যানার ধরাকে আমরা সাপোর্ট করতে পরিনা। ৫ আগস্টের পূর্বে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারতাম না কিন্তু আমরা আন্দোলন করেছি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য। সুতরাং ৫ আগস্টের পর যদি এধরণের কর্মকাণ্ড করা হয়ে থাকে তাহলে এটা বেমানান।’

একই ব্যাচের আরেক শিক্ষার্থী পাবেল রানা জানান, “এমন কেউ করলে এবং স্যাররা যদি সম্মতি দেন, আমার তেমন কিছু বলার নেই। শুধু এইটুকু বলব ক্যাম্পাসে তো রাজনীতি নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূলনীতি, সেখানে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ শিক্ষক ও ছাত্র উভয়ের জন্যই। এ ক্ষেত্রে তারা যদি এটা করে থাকেন, ছাত্রদল বা শিবির অবশ্যই এটা অন্যায় ও নিন্দনীয়।”

এই বিষয়ে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি-২০২৫ এর আহ্বায়ক অধ্যাপক ড.এম এম শরীফুল করিমের কাছে জানতে চাইলে অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্টে আলাদা আলাদা কমিটি করা হয়েছে, ওইসব কমিটির মেম্বারদের থেকে বক্তব্য নিতে বলে বিষয়টি এড়িয়ে যান।

সম্পূর্ণ আয়োজনে আহ্বায়ক আপনি তাই পুরো অনুষ্টানের দায়িত্ব আপনার উপর বর্তায় কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, তাহলে উপাচার্যের উপরও তো পুরো দায় বর্তায়। তাকেই কল দিয়েই জিজ্ঞেস করেন।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার খুবই অস্বস্তিবোধ করি যখন কোনো অছাত্র এই ক্যাম্পাসে থাকে। এটা হলো রেগুলার ছাত্রদের জন্য, তারা তাদের শিক্ষা তাদের অবস্থান সবকিছুই তারা দেখবে। বিশ্ববিদ্যালয়ের যত দাবি যত অনুষ্ঠান সবকিছু নিয়মিত শিক্ষার্থীরাই দেখবে। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ হোক এটাই আমি চাই।’