All posts by jitu

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর স্টেশনে সড়কের ঢাকা ও চট্টগ্রামগামী উভয় লেনের পাশে অবৈধভাবে, ছাতা ও সামিয়ানা টানিয়ে বিভিন্ন মৌসুমি ফলের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধি, সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রেদোয়ান ইসলাম বলেন, এখানে উচ্ছেদ অভিযান অতীতেও হয়েছিলো। আজকে উঠিয়ে দিয়ে গেলাম। নতুন করে যেন বসতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সরকারি সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক  রিপোর্ট:

সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথসভায় এ কথা বলেন তিনি।

দ্বিতীয় দিনের মত জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত।

হাসনাত অভিযোগ করেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল।

এ সময়, রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এরআগে রোববার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের সিকদার সেন্টারের সামনে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। তরুণদের যদি মাইনাস (বাদ) করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই- এ আন্দোলনে যত ক্রিয়াশীল ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা বারবার বলেছি, সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। যেসব টকশোজীবী ও বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এত দিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন।

তিনি বলেছেন, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে। পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা ঐক্যবদ্ধ হই।

তিনি আরও বলেন, সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহিদ পরিবারে পুনর্বাসন এসব বিষয়কে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা এই সার্বিক বিষয়গুলো নিয়ে জনগণের যে মতামত রয়েছে, সেগুলো জানার জন্যই আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে পথসভা শুরু করেছি।

কুমিল্লা নগরীতে অস্ত্র ব্যবসায়ী আটক

কুমিল্লা নগরীতে অস্ত্র ব্যবসায়ী আটক: ভারত থেকে অস্ত্র আমদানির চক্রের সন্ধান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অস্ত্র উদ্ধারকারী দল (২৩ বীর) অভিযান পরিচালনা করে এক কিশোর গ্যাং সদস্যকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে।

সোমবার (২৬ মে) সকালে নগরীর রামঘাটলা এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের পাশের একটি বাড়িতে ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর এই অভিযান পরিচালনা করে।

এ অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক হওয়া রুদ্র চন্দ্র দাস (২২), পেশায় একজন অনলাইন ব্যবসায়ী। তিনি কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের ঠিক পাশে অবস্থিত। সে স্বপন চন্দ্র দাসের ছেলে।

তদন্তে জানা যায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে, যার হাতে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

২৩ বীরের এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্র ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

আটক হওয়া রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ মে রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মক্কায় চারজন ও মদিনায় ছয়জন মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী এ খবর জানা গেছে।

পোর্টালের তথ্যমতে, এ বছর হজে গিয়ে ২৯ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) মারা যান।

এছাড়া, ১০ মে নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩) ইন্তেকাল করেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, হজ পালনরত অবস্থায় কেউ মারা গেলে তাকে সেখানেই দাফন করতে হয়। মরদেহ নিজ দেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। পরিবারের আপত্তি থাকলেও তা গ্রহণযোগ্য নয়।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। সরকারি হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই নির্ধারিত রয়েছে।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে জনগণ মেনে নেবে না: রিজভী

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয়, তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা জানান তিনি।

রিজভী বলেছেন, ‘উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে জনগণ তা মেনে নেবে না। আজকে সরকার পরিচালনা করছেন যারা, তারা নানাভাবে বিভাজন করছেন। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপিকে দমনে আরও মরিয়া হয়ে উঠবে।’

নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বিএনপি। এ প্রসঙ্গে রিজভী বলেছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ? তাদের (উপদেষ্টা পরিষদ) কথা শুনে মনে হচ্ছে, তারা বিভিন্ন মানুষকে প্রভোক (প্রভাবিত) করার চেষ্টা করছে। কিন্তু কেন?’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি।’ আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ইত্তেফাক

কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডে যুবদল নেতা বাপ্পির নির্দেশে গাছ কেটে নেওয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৪নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুরে ভূঁইয়া পুকুরের পূর্বপাড়ে অবস্থিত এক শান্তিপূর্ণ সবুজ এলাকা এখন আতঙ্ক ও ক্ষোভের কেন্দ্রবিন্দুতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার গাজীপুর হাউজ সংলগ্ন বাউন্ডারি ওয়াল ঘেরা মেহগনি গাছপালা পরিবেষ্টিত জমিটি বেআইনিভাবে দখলের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যুবদল নেতা নাদের আহমেদ বাপ্পির নির্দেশে সাগর ও তার দলবল ওই জায়গার মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে।

রাজনৈতিক প্রভাবের কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন এরই মধ্যে ঘটনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

স্থানীয় জনগণও আশা করছে, প্রশাসন এই অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে।

চৌদ্দগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।

রোববার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, সাংবাদিক মোঃ আকতারুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ ভূমি সেবা প্রত্যাশীরা।

উদ্বোধক জাকিয়া সরয়ার লিমা বলেন, গত এক বছরে উপজেলা ভূমি অফিস প্রায় ২১ হাজার নামজারি মামলা নিষ্পত্তি করেছে। পাশাপাশি মিস কেইস বা বিবিধ কেইসা নিষ্পত্তি করেছি ৩৮০টি, নামজারি রিভিউ মামলা রুজু হয়ে নিষ্পত্তি হয়েছে প্রায় ১০৫টি। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা

 

স্টাফ রিপোর্টার:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা।

রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিগণ।

স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

কুমিল্লা আদর্শ সদর কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানজিনা আক্তার।

এসময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, কবির হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিনাশি মোহসেন, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব এবং জনসাধারণের মাঝে ভূমি বিষয়ক সেবাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই মেলার মূল উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এই মেলায় থাকবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, যেখানে আগত দর্শনার্থীগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, সকল আবেদন ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদানের সুযোগ প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা পাবেন। এছাড়াও মাঠপর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। ভূমি আইন, বিধিমালা এবং সার্কুলার সমূহের বিষয়েও উপস্থিত দর্শনার্থীদের ধারণা দেওয়া হবে। শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা। থাকবে অডিও-ভিডিও কনটেন্ট, ভূমি আড্ডা এবং মেলায় আগত সেবা গ্রহীতাদের অভিযোগ ও মতামত গ্রহণের ব্যবস্থা। সেবা বুথে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কশিনার (ভূমি)-সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

মেলার ৩য় দিন সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা স্টলকে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। ভূমি মেলা-২০২৫ স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসইভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা গ্রহণের পথে কুমিল্লাবাসীকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে শ্যামনগর এলাকার বিপরীত ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর এলাকার মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে, যা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ছয় ব্যক্তি ভারতীয় সীমান্তের প্রায় দেড়শ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফের গুলিবর্ষণে তারা আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, ঈদের আগে ভারত থেকে গরু, মসলা, প্রসাধনী ও পটকা ফেরত আনার জন্য চোরাকারবারিদের তৎপরতা বেড়েছে বলে স্থানীয়রা জানান। এই সীমান্ত দিয়ে নিয়মিত চোরাচালানির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

সদর দক্ষিণে কৃষক রুহুল আমিন হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের রামচন্দ্রপুর পল্টারপাড় এলাকায় কৃষক রুহুল আমিন হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে নিহতের পরিবারকে হত্যা মামলাটি তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে। মামলা তুলতে অপারগতা প্রকাশ করায় নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। আসামিদের ভয়ে কোন সাক্ষী আদালতে যেতে চায় না।

এ ঘটনায় হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী জাহানারা বেগম ও কন্যা রোকেয়া।

সংবাদ সম্মেলনে তারা জানান, কৃষক রুহুল আমিন মসজিদে আজান দিতেন। এই আজানকে কেন্দ্র করে হত্যাকারীরা কিছু বখাটে ছেলে রুহুল আমিন এর বিরুদ্ধে লেলিয়ে দেন।

এ ঘটনায় প্রতিবাদ করায় স্থানীয় মৃত. আব্দুল লতিফের ছেলে মো: লোকমান হোসেন (৩৮), মো: কবির হোসেন (৩৫) ও মোঃ মীর হোসেন (৩০), শফিক মিয়ার ছেলে নাজমুল হোসেন (২২) ও কবির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার ২০২৪ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় রুহুল আমিন কে সবার সামনে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনা তাদেরকে আসামি করে পরদিন হত্যা মামলা দায়ের করা হয়। পরে তারা আদালত থেকে জামিনে বের হয়ে এসে আমাদেরকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করতে থাকেন। আমরা মামলা তুলতে অপারগতা প্রকাশ করলে তারা আমাদের পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করেছি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা প্রশাসনের কাছে দুই হাত জোড় করে অনুরোধ করছি এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ফাঁসি প্রদান করুন।

হত্যাকারীরা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তারা এখন বিএনপি নেতা কর্মীদের সাথে ঘুরাঘুরি করে।