All posts by jitu

কুমিল্লা নগরীর অস্ত্র,মাদক ও চোরাই পথের মোবাইল ব্যবসায়ী সেতু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর অস্ত্র,মাদক ও চোরাই পথের মোবাইল ব্যবসায়ী সেতুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২১ মে ) রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চোরাকারবারি সেতু সদরের সাবেক এমপি হাজী বাহারের পরিবারের একান্ত আস্থাভাজন ছিলেন। এমপি বাহারের পরিবারের নাম ভাঙ্গিয়ে সেতু সীমান্ত পথে বড় মাফিয়াতে পরিণত হয়।

গ্রেফতার হওয়া সেতু কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দা। সে বৈষম্য বিরোধী মামলার অন্যতম আসামী।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীর চর্থায় ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার, বিএনপি নেতা রাজিবের ভাতিজা অস্ত্রধারী ওয়াফি পলাতক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরের সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে এক বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর গদির নিচে অস্ত্রটি রাখা ছিল। নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের ঘরে বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল সাড়ে তিনটায় সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।

পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাগিনা।

জানা যায়, ওয়াফি তার বন্ধু দের সাথে এই বিল্ডিং এর ছাদে মাদক সেবন করত। শুধু তাই নয় তার পরিবার এই ভবনের বাকি ৩১ পরিবারকে জিম্মি করে রেখেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর যৌথ টিম এখনো কাজ করছে।

শিশু জুয়েলের হার না মানা সংগ্রাম!

মামশাদ কবীরঃ

রেলপথে ফেরী করে সিঙ্গারা বিক্রি করা জুয়েল রানা (১০) কে আবিস্কার করলাম কুমিল্লা রেলওয়ে প্লাটফরমে আর.এম.এস (রেলওয়ে মেল সার্ভিস)’র ভ্রাম্যমান ট্রলিতে ক্লান্তি নিয়ে ঘুমন্ত অবস্থায়। একসময় ঘুম ভাঙ্গে ট্রেনের শব্দে। জানতে চাই পরিচয়। এক টানা নাম,ঠিকানা,বাবা-মা,পরিবারের অন্যান্য সদস্য ইত্যাদি আরো কিছু। বাকী ছিল লেখা-পড়া না করে ফেরীওয়ালা শোনার গল্প। এক সময় সেটাও বলে। আর এভাবেই নোয়াখালীর বাসিন্দা, বর্তমানে লাকসামে পরিবার নিয়ে ভাড়া করা বাসায় পরিবার নিয়ে থাকা জুয়েল রানার সাথে জীবন যুদ্ধে হার না মানা গল্পের আদ্যোপান্ত শোনা।

২ ভাই এক বোনের সংসারে পিতা বাচ্চু মিয়া অসুস্থতায় একেবারেই অক্ষম। মা রাশেদা বেগম ঝিয়ের কাজ করেন। নোয়াখালীর রামগতি থেকে ভাগ্যের চাকা ঘুরাতে লাকসাম আসা। সেখান থেকেই লাকসামে বসবাস শুরু। বাবা আগে দিনমজুরের কাজ করলেও এখন সম্পূর্ণ অক্ষম। এ অবস্থায় পরিবার চালাতে বাবা-মা’র অসহায়ত্ব শিশু জুয়েল রানা’র নজর এড়ায়নি। যে বয়সে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই শিশু পরিবারের বোঝা কাধেঁ নিয়ে হার না মানা সংগ্রামে ব্যস্ত। এই গরম সিঙ্গারা…….,সিঙ্গারা লাগবো…..। তার কথায়, প্রতিদিন সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুমিল্লা-লাকসাম রেলপথে চলাচলরত আন্তঃনগর, এক্সপ্রেস ট্রেনে করে বিক্রি করেন সিঙ্গারা। লাকসাম জংশন ষ্টেশনের এলাকার একটি হোটেল থেকে ২’শ সিঙ্গারা নিয়ে রাত পর্যন্ত ফেরী করে বিক্রি শেষে তার পারিশ্রমিক মাত্র ২০০’শ টাকা। অর্থাৎ প্রতিটি সিঙ্গারা পিছু এক টাকা করে দিচ্ছে তাকে।
সে জানায়, কোন এক প্রাথমিক বিদ্যালয়ে সে ভর্তি হয়েছিল। আর বর্তমানে ১০ বছরের সেই শিশুটির ৪ বছরই ফেরীওয়ালা হিসেবে ব্যস্ত সময়। অর্থাৎ জীবনের প্র্য়া অর্ধেক সময় তার জীবন যুদ্ধে ব্যয়। সারাদিন ফেরী করা অবস্থায় কখনো দুপুরের খাবার মালিক দেয়,কখনো উপোস থাকে কখনোবা সারাদিনের আয় থেকে সামান্য কিছু রুটি বা অন্যকিছু খেয়ে দুপুরের ক্ষুধা নিবারন করে। কখনো ট্রেন আসতে দেরী হলে প্লাটফরমে ঘুমিয়ে নেয়।

জুয়েল রানা জানান, প্রতিদিন সে যে আয় করে তার পুরোটাই পরিবারে মা’র কাছে দিয়ে দেন। সে আরো জানায়, প্রতিদিনই ভ্রাম্যমান হকার বা ফেরীওয়ালার সংখ্যা বাড়ছে। এতে করে সবার বিক্রি সমান থাকে না। তাইতো মাঝে মাঝে টার্গেটকৃত বিক্রয় সম্ভব হচ্ছে না। ফলে অবিক্রিত সিঙ্গারার বিপরীতে মালিককে ক্ষতিপূরণ দিতে হয় প্রতি পিছ ৪ টাকা করে। তার ইচ্ছে জানতে চাইলে বলে, বড় হয়ে আর ভ্রাম্যমান ফেরী করে মালামাল বিক্রি না করে দোকানে বসেই ব্যবসা করার।

দাউদকান্দিতে পরোয়ানাভূক্ত দুই সহোদর গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ডাকাতি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামী দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার মৃত মাইজ উদ্দিন ওরফে সাইজ উদ্দিনের ছেলে সাগর মিয়া(২৪) ও আলা উদ্দিন(২৩)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, একাধিক ডাকাতি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় পরোয়ানাভূক্ত দুই সহোদরকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে সাতটি জিআর এবং সাগর মিয়ার বিরুদ্ধে তিনটি জিআর পরোয়ানা রয়েছে।

দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে: গভর্নর

ডেস্ক রিপোর্ট:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গভর্নর জানান, ‘২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক, কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে।’

রিজার্ভ প্রসঙ্গে তিনি জানায়, ‘আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যার জন্য সময়ের প্রয়োজন।’

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

ব্রাহ্মণপাড়ায় মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তার বন্ধু শাহ মোহাম্মদ তানজিন জানান, নাজমুল হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচ তলায় যাই। সেখানে আমরা কয়েকজন মিলে লুডু খেলছিলাম। নাজমুল এ সময় তার মুঠোফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানায়, ছাদ থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দাউদকান্দির সিঙ্গুলায় বাড়ীর পাশেই পড়ে ছিল বৃদ্ধ মান্নানের মরদেহ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মান্নান মিয়া নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গুলা গ্রামের মোল্লা বাড়ীর মৃত আলী আজগরের ছেলে মান্নান মিয়া ও তার ছেলে সোহেল কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। প্রতিদিন সন্ধ্যার পরে ঘরের পাশেই জনৈক নাসিমা বেগমের চা দোকানে সময় কাটাতেন। সেই দোকানের একটু দুর থেকেই মান্নান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মান্নান মিয়ার ছেলে মো সোহেল বলেন, গতকাল(মঙ্গলবার) সন্ধ্যার পর আমি দোকানে বসা ছিলাম। যখন বাবা দোকানে যায় আমি চলে আসি। আমার ঘর থেকে দেখা যায়, রাত সাড়ে নয়টার পরও বাবা দোকানে বসা ছিল। কখন ঘুমিয়ে গেছি বলতে পারিনা, পাশের ঘরের লোকজন সকালে এসে খবর দেয় তোর বাবারে মাইরা ফালাই রাখছে।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা ছোট বড় সবার সাথে সবসময়ই হাসিঠাট্টা করতো। বাবার কোন শত্রু ছিলোনা। আমার বাবার হত্যাকারী যেইহোক সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীর ফাসির দাবী জানাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আব্দুল মান্নানের মরদেহ তার বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে তার শরীরে কোন রকমের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে যেখানে মরদেহ পাওয়া গেছে, ওইজায়গায় চলাচলের পথে টেনে হেঁচড়ে নেয়ার মতো চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। বাড়ীর পাশের দোকান মালিক নাসিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

হাসনাত আবদুল্লাহর প্রতি হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লা দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছেন জুলাই অভ্যুত্থানের আহত, শহীদ পরিবার ও ছাত্র-জনতা।

মঙ্গলবার (২০শে মে) দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরে দেবীদ্বার পৌর মার্কেট গিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লাহর কে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামীলীগ দোসরদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে এই ধরনের কথা বলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদেরকে ভুলে গেলে চলবে না হাসানাত আব্দুল্লাহ কে ছিলেন, আজকে তারা স্বাধীনভাবে প্রেস ক্লাবে কথা বলতেছে কার জন্য।

তারা আরও বলেন, বিগত ১৭ বছরে তারা ১৭ সেকেন্ডের জন্য তাদের স্থান প্রেস ক্লাবে হয় নাই। কিন্তু আজকে তারা স্বাধীনভাবে সবকিছু করতেছে এসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলপ্রসু। তাদেরকে ভুলে গেলে চলবে না যে জাতি বিপ্লবীদের অমর্যাদা করে সে জাতি ভবিষ্যৎ অন্ধকার। তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সম্মান রক্ষা করুন।

সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত শুরু হয়েছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন, জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথসভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল জানান, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে।

নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে, সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলার জন্য। সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে—সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।

১২০ টাকায় পুলিশে চাকরী: অসুস্থ্য পিতার চিকিৎসা এবং পরিবারের দায়িত্ব নিতে চান রাফি

 

স্টাফ রিপোর্টার:

টানাপোড়েনের সংসারে বেড়ে ওঠা যুবক সাজ্জাদুল ইসলাম রাফির লালিত স্বপ্ন সত্যি হয়েছে ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়ার মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার লক্ষ্য ছিল ছোটবেলা থেকে। এ লক্ষ্যে এসএসসি পাশ করার পর থেকে আবেদন শুরু করেন বিভিন্ন বাহিনীতে।

একাধারে করেছেন নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আনসারে। অবশেষে ২০২৫ এ ১২০ টাকায় ঘুষ বাণিজ্য ছাড়া ১২০ টাকায় পুলিশে নিয়োগ পান চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রাফি। পুলিশের চাকুরি পেয়েই স্বপ্ন দেখছেন অসুস্থ্য পিতার চিকিৎসার দায়িত্ব নেয়ার, পরিবারের ছোট ভাই-বোনের পড়ালেখার দায়িত্ব নেয়ার।

আর্থিক অনটন ও সকল প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে পুলিশে চাকরি পাওয়া অদম্য রাফি দুই ভাই ১ বোনের মধ্যে দ্বিতীয়। দুই বার হার্ট এ্যাটাক করা রাফির বাবা মকবুল আহমদ পেশায় কৃষক। তিন রুমের টিনের ঘরে বসত মকবুল আহমদ পরিবারের। অভাবের সংসারে পড়ার টেবিলে বসে পড়ার জন্য নেই চেয়ার। নিজ সফলতার পূর্ণ কৃতিত্ব দেন মামা ও খালাদের। তাঁদের অনুপ্রেরণা ও আর্থিক সহযোগীতায় বার বার অকৃতকার্য হওয়ার পর সফল হওয়া রাফি নিজেকে উৎসর্গ করতে চান দেশ ও দেশের মানুষের সেবায়।

বাবা মকবুল আহমদ বলেন, ৫ বছরের সাধনায় সে সফল হয়েছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই সে যেন দেশের জন্য কাজ করতে পারে। রাফির মা বলেন, আমি গর্বিত, ঘুষ ছাড়া নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আমার ছেলে, এ জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। রাফির গৃহ শিক্ষক বলেন, ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল সে দেশের সেবা করবে, সেই প্রচেষ্টা স্বরূপ সে ২০২৫ এ বাংলাদেশ পুলিশে চাকরি পেয়েছে। এ জন্য ওর গৃহশিক্ষক হিসেবে আমি গর্বিত।

সাজ্জাতুল ইসলাম রাফি বলেন, ছোট বেলা থেকে আমার স্বপ্ন ডিফেন্সের যে কোনো বাহিনীতে যোগ দেয়া। সে লক্ষ্যে এসএসসি পাশের পর ২০২১ সালে নৌবাহিনীতে আবেদন করি। উচ্চতার জন্য সেখানে বাদ পড়ি, এরপর সেনাবীহিনীতেও উচ্চতার জন্য বাদ পড়ি। এরপর আমি নিজের উচ্চতা বাড়াতে ব্যায়াম শুরু করি। এরপর অকৃতকার্য হই পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও আনসারে। তবে আমার মামারা আমাকে সাহস যুগিয়েছেন, অর্থ দিয়ে চেষ্টা চালিয়ে জন্য পাশে থেকেছেন। অবশেষে পুলিশে কৃতকার্য হই। এর জন্য আমি মামা খালা ও আত্মীয়স্বজনের নিকট কৃতজ্ঞ। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমি যেন দেশ ও দেশের মানুষের সেবা করতে পারি।