All posts by jitu

প্রডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ করেন কুমিল্লা পলিটেকনিক ছাত্রশিবির

ফয়সাল ইকবাল, কুমিল্লা পলিটেকনিক:

পবিত্র মাহে রমজান এর উপলক্ষে প্রোডাক্টিভ রামাদান ও কোরআন বিতরণ এর আয়োজন করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবির শাখা। শনিবার (১৫ মার্চ) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুম এ আয়োজন করা হয়।

শিবির সভাপতি মো রুহল আমিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমান, কুবি শাখার শিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমির শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা পলিটেকনিকের সমন্বয়ক মো: আল আমিন, পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মো ইমন হোসেন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো লুৎফর রহমান বলেন, শুধু মাত্র রমজান মাসেই নয় নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে। আমরা কোরআন অধ্যায়ন করলে যে ফজিলত পাবো সেই ফজিলত সবার জন্য। কোরআন অধ্যায়ন করলে ১০টি ফজিলত পাওয়া যায়। আল্লাহ তায়ালা কোরআন অধ্যায়ন কারীকে মর্যাদা বহু গুনে বৃদ্ধি করে দেয়। যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। প্রতিটি হরফ তেলোয়াত করলে দশটি করে নেকি পাওয়া যাবে। আমাদের এই সমাজে এবং পলিটেকনিক এ যে ছাত্র আছে আমরা সবাই যেনো আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো পালন করতে পারি।

শাহাদাৎ হোসেন বলেন, এই কুরআনের একটি আয়াত একজন ছাত্র তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যৌবনকাল ব্যবহার করতে হবে আল্লাহর জন্য, রাসুলের আদর্শে, কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহর রাসুলের সুন্নত পালনের মাধ্য দিয়ে। তোমরা আল্লাহর রঙে রঙিন হও কারণ আল্লাহর রঙের চাইতে সুন্দর রঙ আর কোথাও নেই।

হাফেজ ইউসুফ ইসলাহী কুরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি বলেন সাধারন ছাত্রদের উদ্দেশ্যে বলেন “আপনারা শিবির করতে হবেনা, আজকের এই কোরআন থেকে দৈনিক কমপক্ষে ১০টি আয়াত অর্থ সহ বুঝে পড়েন” তিনি উদাহরন দিয়ে আরো বলেন যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত সবকিছুর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন তাই আপনারা কোরআন পড়লে আল্লাহ আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন।

পর্যায়ক্রমে কোরআন বিতরণ, দোয়া-মোনাজাত, এবং ইফতার গ্রহনের মাধ্যমে সমাপ্তি ঘটে।

কুমিল্লার চান্দিনায় জোরপূর্বক ঘর

কুমিল্লার চান্দিনায় জোরপূর্বক ঘর ও দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সেকান্দির আলি মৃধার ছেলে সালাম মৃধার ঘর ও দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তারা ঘর ও দেয়ালের ইট খুলে নিয়ে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। এ ঘটনায় থানায় মামলা করলেও ভুক্তভোগী পরিবারটি কোনো ন্যায়বিচার পাচ্ছে না।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরবেলায় ফজরের নামাজ শেষে একদল লোক দলবদ্ধ হয়ে সালাম মৃধার ঘর ও দেয়াল ভেঙে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত রাস্তার প্রায় ৮০ শতাংশ সালাম মৃধার জমির ওপর দিয়ে গেছে, যেখানে তার দোকান ও বাড়ির দেয়াল ছিল। অভিযোগ রয়েছে, দোকান ও দেয়াল ভেঙে ইট ও রড সরিয়ে নিজেদের চলাচলের রাস্তা তৈরি করেছে অভিযুক্তরা। তারা দাবি করছে, বাকি ২০ শতাংশ জমি তারা অন্য একটি পরিবার থেকে ক্রয় করেছে।

সালাম মৃধা জানান, তার বাবা ১৯৮৭ সালে গ্রামের প্রধান সড়ক নির্মাণের সময় ৩৬ শতাংশ জমি দান করেছিলেন। তবে তিনি তখনই বর্তমান রাস্তার স্থানে তা নির্মাণের আবেদন করলেও সেটি মানা হয়নি। পরবর্তীতে নতুন রাস্তার প্রয়োজন হলে তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার করা হয়। কোনো আলোচনা বা ক্ষতিপূরণ ছাড়াই তার ঘর ও দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা পাঁচ ভাই পুরনো বাড়িতে থাকি। আমি এখানে এসে নতুন বাড়ি নির্মাণ করেছি। ভালোভাবেই চলছিলাম, কিন্তু আমার ভাই মনির মৃধা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয় যে, সে পাশ করলে এই রাস্তার ব্যবস্থা করবে। সে আমাকে কিছু জানায়নি। ভাইয়ের সম্মান রাখতে আমি ৫০ হাজার টাকা মূল্যের গাছ কেটে এক হাত রাস্তা দিয়েছিলাম, যদিও আমার বাবা নিষেধ করেছিলেন। কিন্তু এরপরও তারা আরও জায়গা দাবি করতে থাকে।

তিন বছর আগে আমি আমার দোকানের পাশে একটি বাউন্ডারি ওয়াল তৈরি করি। তখন প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিলাম তাদের কোনো দাবি আছে কিনা, কিন্তু কেউ কিছু বলেনি। দেয়াল করার দেড় মাস সময় নিলাম, তখনো তারা কোনো আপত্তি করেনি। তবে পরে এসে দেয়ালের একাংশ ভেঙে ফেলে। আমি প্রতিবাদ করলে তারা বলে, ‘রাস্তার মোড়ের জন্য ভাঙা হয়েছে।’ আমি ভয় পেয়ে মেনে নিয়েছিলাম। এরপর তারা ক্ষমা চেয়ে বলে, ‘আমাদের একটু পূর্বদিক দিয়ে ঘুরার রাস্তা দাও।’ আমি রাজি হই। কিন্তু কিছুদিন পর তারা আবার দেয়াল ভাঙতে বলে, যা আমি মেনে নেইনি।”

তিনি আরও জানান, “আমি এসি ল্যান্ড অফিসে মামলা করি, তবে এখনো তদন্ত রিপোর্ট পাইনি। পরে আইনগত ব্যবস্থা নিতে গেলে তারা হুমকি দিতে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে দেখি, তারা দলবদ্ধভাবে আমার দেয়াল ও ঘর ভাঙছে এবং ইট-রড সব নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত পক্ষের জয়নাল কাজী জানান, “এই রাস্তাটা আমাদের খুব দরকার। মাত্র একটু জায়গার জন্য তিন কিলোমিটার রাস্তার ১৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে আছে। শুধু একটু জায়গা দিলে আমরা পুরো রাস্তাটা ব্যবহার করতে পারতাম।

আগে তাদের থেকে দুই হাত জায়গার বিনিময়ে ৪০ হাজার টাকা দিয়ে কিছু জায়গা নিয়েছিলাম। এরপর স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমরা দেয়াল ভেঙে রাস্তা তৈরি করেছি।”

চান্দিনা থানার এ এসআই শাহাদাত হোসেন বলেন, “আদালতের নোটিশ পাওয়ার পর আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছি।”

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, “এই বিষয়টি এসআই শাহাদাত হোসেন দেখছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ভুক্তভোগী সালাম মৃধা জানান, “আমি এর সুবিচার চাই। যদি কোনো ন্যায্য সমাধান হয়, আমি তাতে রাজি আছি। কিন্তু জোরপূর্বক আমার সম্পত্তি দখল করা আমি মেনে নিতে পারবো না।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

শুধু শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের বিধান রাখা হচ্ছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী, আদালত চাইলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে ডিএনএ রিপোর্ট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন আইনের সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শিশু ধর্ষণ মামলার আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতিক্রমে যে ধর্ষণ সংঘটিত হয়, তা একটি আলাদা অপরাধ হিসেবে গণ্য হবে। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে এবং তদন্তের সময়সীমা কমানো হয়েছে।

এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা যুক্ত করা হয়েছে। মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাকে আরও বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলাৎকারকে ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু প্রকৃত পেনিট্রেশন নয়, যেকোনো বস্তু দ্বারা আঘাত কিংবা পায়ুপথে বা যেকোনোভাবে ধর্ষণ করা হলে তা ধর্ষণ বলে গণ্য হবে।

তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট না পাওয়ায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকত। এখন রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করা সম্ভব, তাহলে আদালত চাইলে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন। এছাড়া ভিকটিমদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ধর্ষণের উদ্দেশ্যে কোনো ধরনের গুরুতর জখম করা হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

আইন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

দেবিদ্বারে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের

দেবিদ্বারে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ঘটে যাওয়া ৪ আগস্ট রুবেল হত্যা মামালার এজাহারভুক্ত আসামী বিল্লালকে সাধারণ জনগণ ধরে থানা পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, বিল্লাল নিজেকে সাংবাদিক দাবী করলেও সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন সে রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক । তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন । সকালে তাকে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে হাতেনাতে ধরে থানায় নিয়ে যায় এবং পুলিশ অভিযুক্ত প্রমানসাপেক্ষে তাকে গ্রেফতার করে।

কুমিল্লায় অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণ

কুমিল্লায় অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণ: ইমারত বিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় ইমারত বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মো: আবদুল আলীম নামে এক ব্যক্তি উপজেলা কর্তৃপক্ষ থেকে ৬ তলা ভবন নির্মাণের অনুমতি পেলেও তিনি কোনো প্রকার প্ল্যান ও ডিজাইন অনুমোদন ছাড়াই ৮ তলা নির্মাণের কাজ শুরু করেছেন।

অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজের সময় ভারী মালামাল পরিবহনের কারণে ইউনিয়ন পরিষদের পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবিষ্যতে রাস্তাটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা এলাকাবাসীর চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি করতে পারে। এ ছাড়াও, সরকারি কৃষি নার্সারীর দেওয়াল এবং বাসষ্ট্যান্ডের পানির ড্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে আশেপাশের রাস্তা পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, ভবন নির্মাণের সময় নির্মাণ সামগ্রী ওপর থেকে পড়ে দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এ ছাড়া, নির্মাণকাজে ব্যবহৃত পানি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে এবং জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সরকারি কৃষি নার্সারি ও এলাকাবাসীর সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন: মো: কবির হোসেন, পিতা: মৃত জয়নাল আবেদীন সরকার, মো: ধাবির হোসেন, মো: ওয়াহিদুল ইসলাম, পিতা: মৃত আবুল কালাম আজাদ।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত এই অবৈধ নির্মাণকাজ বন্ধ করে এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে পৌঁছেছেন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে তার বিমান অবতরণ করে। বাংলাদেশ সময় রাত ২টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। এই স্মরণীয় সফরে তার সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী এবং সন্তানরা।

হামজাকে এক নজর দেখার জন্য সকাল ৯টা থেকেই বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ফুটবলপ্রেমীদের ভিড় জমতে শুরু করে। সময় যত বাড়তে থাকে, সমর্থকের সংখ্যাও তত বাড়তে থাকে। কেউ ব্যানার নিয়ে হাজির হন, আবার কেউ শুধু তাকে এক নজর দেখার জন্য খালি হাতেই অপেক্ষায় থাকেন। হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন—এই আনন্দে গণমাধ্যমকর্মীরাও বিমানবন্দরে উপস্থিত হন।

সিলেট বিমানবন্দর থেকে হামজা সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে যাবেন। সেখানে তিনি আজ তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা দেবেন।

এরপর তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে তার অভিষেক হতে পারে। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের期待 এখন আকাশছোঁয়া।

লাকসামে সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে

লাকসামে সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত ১৩ মার্চ লাকসামে তার নানা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজিচালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যায়। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে ওই গৃহবধূকে অপহরণ করে।

পুলিশ জানায়, পরে ভিকটিমকে লাকসামের বড়তুফা এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মো. মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডের তালুকদার ভিলায় অভিযুক্ত বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। এরপর তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। পুলিশ রোববার দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার সকাল ১০টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ওই বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালানোর পর থেকে এখানে কেউ বসবাস করেন না। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, সমঝোতার চেষ্টা চলছে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডের ট্রমা সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ভাঙচুর করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তদবির চলছে বলে স্থানীয় সূত্র জানায় ।

রবিবার (১৬ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহতের আত্মীয় স্বজনেরা ভুল চিকিৎসায় মারা গেছে দাবি তুলে হাসপাতালে ভাংচুর করে।

নিহত ইমরান হোসেন (২১) কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর এলাকার দুবাই প্রবাসী হুমায়ুন মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলো। পরে নগরীর ট্রমা হাসপাতালে ডা. আতাউর রহমানের কাছে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক রোগীকে সার্জারি করার পরামর্শ দেন। পরে শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটায় সার্জারি করার উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টার অপারেশনের সময়ের কথা জানালেও অপারেশন সম্পন্ন হয় সাত ঘণ্টায়। পরে, রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে, ঘটনার দিন রবিবার বিকালে রোগীর কোনো সাড়া শব্দ না পাওয়ায় রোগীর স্বজনরা রোগী মারা গেছে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে লাইফ সাপোর্টে নেয়ার কথা বলে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলে নি। বরং রোগীকে আরো পরীক্ষা নিরিক্ষা ও ঔষধ আনায় রোগীর স্বজনদের দিয়ে।

কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে

নিহত ইমরানের চাচা জাকির হোসেন বলেন, আমার ভাতিজাকে তারা সামান্য অপারেশনের কথা বলেছিলো। কিন্তু তারা সাত ঘণ্টা ওটিতে রেখেছিলো। পরে রোগীর সমস্যা হয়েছে এ কথা বলে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে। আমরা রাজি হই। কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার পর প্রায় ৩ দিন হয়ে গেলেও তারা আমাদের রোগীকে দেখতে দেয় নি। পরে নানা অযুহাতে আইসিউতে ঢুকে দেখি যে আমাদের রোগী মৃত। কিন্তু তারপরেও তারা আমাদের কাছ থেকে মৃত রোগীর চিকিৎসা করানোর জন্য পরীক্ষা ফি ও ঔষধ কিনিয়েছে আমাদেরকে দিয়ে। তারা আমাদেরকে ২৫ হাজার টাকার অপারেশনের কথা বলে তারা আমাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নেয় ধাপে ধাপে। একজন রোগীর ৩ দিনে লাখ টাকার ঔষধ কিভাবে লাগে ? তাদের গাফিলতির কারণে আমাদের রোগী মারা গেছে। আমরা এর বিচার চাই।

এদিকে, রোগী মারা যাওয়ার খবর জানাজানি হলে বিক্ষুদ্ধ স্বজনেরা হাসপাতাল ভাংচুর করে। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন।

এ বিষয়ে জানতে কুমিল্লা ট্রমা হাসপাতালের পরিচালক আবদুল হককে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় নি।

এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ বলেন, আমি এই বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আমি এর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বিভিন্ন মাধ্যমে মোট অংকের টাকার বিনিময়ে সমঝোতা করতে চাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা।

১৬ মার্চ সকাল সাড়ে ৮ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থানে ভারতীয় নাগরিক সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মাকে (২৩) আটক করা হয়।

আটক হওয়া দুজন ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা। তারা পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

তাদেরকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে মাদকসহ আটক স্বেচ্ছাসেবকদল নেতা বহিঃস্কার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ আটক হওয়া উপজেলার বাতিসা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ সবুজকে বহিঃস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।

সবুজ বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার বিকেলে দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিঃস্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন।

বহিঃস্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেদায়েত উল্লাহ সবুজকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিঃস্কার করা হয়েছে। তাকে দলের যে কোন সভা, সমাবেশসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।

উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা হেদায়েত উল্লাহ সবুজকে আটক করেছে র‌্যাব। এ সময় তার নারী সহযোগীসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।