All posts by jitu

‘শিক্ষকদের উৎসব ভাতাসহ

‘শিক্ষকদের উৎসব ভাতাসহ বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা’

ডেস্ক রিপোর্ট:

এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু সম্ভব, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করব শিক্ষকদের দাবিগুলো পূরণ করতে।’

উপদেষ্টা আরও বলেন, ‘কিন্তু ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা এক বা দুই বছরের বাজেট দিয়ে পূরণ করা সম্ভব নয়। এটা বোঝানো খুব কঠিন। আজই বেসরকারি শিক্ষকদের বেতন সরকারি বেতনের সমান করে দেওয়ার দাবি ন্যায্য হলেও, এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য দূর করা যায়? তবে শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।’

ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা—এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে কিছুটা বৃদ্ধি করা সম্ভব হবে। তবে আমি এখনই ঘোষণা দিচ্ছি না যে কতটা বৃদ্ধি করা হবে। আমি জানি, এ বছর এবং আগামী বছরের বাজেটে এ বিষয়ে প্রভিশন রাখা হচ্ছে।’

বিদায়ী উপদেষ্টা শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি তহবিল গঠনের কথা উল্লেখ করে বলেন, ‘এ বছরই কিছুটা তহবিল গঠন করা হয়েছে। আগামী বাজেটে আরও অর্থ বরাদ্দ করা হবে। তবে পুরো তহবিলটিকে টেকসই করতে হলে এক বা দুই বছরের বাজেটে সম্ভব নয়, ভবিষ্যতে তিন থেকে চার বছরের বাজেটে এটি সমাধান হয়ে যাবে বলে আশা করি।’

তিনি আরও বলেন, ‘অবসর ও কল্যাণ তহবিলের টাকা এমন একটি ব্যাংকে রাখা হয়েছিল, যার অবস্থা ভালো নয়। কিছু তহবিল অন্য জায়গায় চলে গেছে।’

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা সংঘবদ্ধ নন। তারা কখনও রাস্তায় আন্দোলনেও নামেননি। তবে আমি মনে করি, তাদের এই দাবিটি সবচেয়ে আগে পূরণ করা উচিত।’

বাইডেনের সময় ২ কোটি অবৈধ অভিবাসী

বাইডেনের সময় ২ কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকেছে: ডোনাল্ড ট্রাম্প

 

ডেস্ক রিপোর্ট:

প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে প্রায় ২ কোটি ১০ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এদের মধ্যে অনেককে বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।”

মঙ্গলবার (৪ মার্চ) রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি ছিল তার প্রথম ভাষণ। এর আগে তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছিলেন, যার কয়েক সপ্তাহ পর বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনী ‘ইউএস বর্ডার প্যাট্রল’-এর তথ্যমতে, বাইডেনের মেয়াদে প্রায় ৭০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রমের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তবে এই পরিসংখ্যানে পুনরায় সীমান্ত পার হওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণা অনুসারে, যুক্তরাষ্ট্রে স্থানীয়দের তুলনায় অভিবাসীরা বেশি অপরাধ করেন না। তবে ট্রাম্প তার ভাষণে অবৈধ অভিবাসীদের হাতে নিহত মার্কিন নাগরিকদের উদাহরণ তুলে ধরেন, যার মধ্যে লেকেন রিলে ও জোসেলিন নুঙ্গারের নাম উল্লেখ করেন।

চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে একটি নির্বাহী আদেশ জারি করেন, যার ফলে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সংস্থার পক্ষে অপরাধে যুক্ত নয় এমন অভিবাসীদেরও গ্রেপ্তার করা সহজ হয়েছে।

আইসিইর পরিসংখ্যান অনুসারে, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে অপরাধে সম্পৃক্ত না থাকা অভিবাসীদের গ্রেপ্তার ২২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভাষণে ট্রাম্প আরও প্রতিশ্রুতি দেন যে, তিনি সরকারি সেন্সরশিপ বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করবেন।

ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনা সৃষ্টি করতে পারে।

আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে আট মাস ধরে বেতন পান না ২২৮ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। বেতন না পাওয়ায় চরম আর্থিক কষ্টে ভুগছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক চিকিৎসা দেয়া এসব স্বাস্থ্য কর্মীরা। শুধু বেতন নয়, কোথাও কোথাও নিয়মিত ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে। আবার কোনো কোনো কমিউনিটি ক্লিনিকে নিয়মিত প্রদান করা ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী সরকারি এই প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের মানুষ।

তথ্য অনুযায়ী, জেলায় নির্মাণাধীন সহ ২৪৮টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ২০ টি ক্লিনিকে সিএইচসিপির পদ শূন্য রয়েছে। ২২৮ জন সিএইচসিপি গত বছরের জুলাই মাস থেকে বেতন পান না। দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন তারা। কেউ কেউ ক্লিনিকে সেবা দেওয়ার মানসিকতাও হারিয়ে ফেলেছেন, কেউ তুলনামূলক কম সেবা দিচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু রাখতে অতিদ্রুত বেতন চালু করার দাবি জানিয়েছেন সিএইচসিপি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন এসব স্বাস্থ্যকর্মীরা। পরিবার-পরিজন নিয়ে তাঁরা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রামীণ পর্যায়ে অসহায় গরিবের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকা সিএইচসিপিদের এমন কস্ট যেন একমাস দুইমাস নয়, চলমান ৯ মাস।

“নিয়মিত অফিস করি, কিন্তু বেতন পাইনা-এর থেকে অপমানের আর কী আছে? আপনজনেরাও এখন টাকা ধার দিতে ভয় পান, কারণ আমাদের বেতন হয়না,” আক্ষেপ করে কথাগুলো দৈনিক আজকের কুমিল্লাকে বলেছিলেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাহমিনা আক্তার। তিনি বলেন, গত জুলাই মাস থেকে আমাদের বেতন হচ্ছে না। শুক্রবার ছাড়া প্রতিদিন ভাড়া খরচ করে ক্লিনিকে আসি রোগীদের সেবা দিতে। বেতন না পাওয়ার কারণে খুবই হতাশ হয়ে যাচ্ছি দিন দিন। মানসিকতাও ভালো নেই। আমাদের মানসিকতা যদি ভালো থাকে, তাহলে রোগীদের আরও বেশি সেবা দিতে পারব। তিনি আরো বলেন, দোকানদাররাও আর বাকী দিতে চান না। দোকানে আট মাস বাকী করে করে এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে জীবন চালিয়ে আসছি। এতে লক্ষাধিক টাকার উপরে ঋণগ্রস্ত হয়ে গেছি।

এদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নায়নগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জানে আলম তালুকদার বলেন, গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত ৮ মাস বেতন-ভাতা বন্ধ থাকায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা মানবতার জীবন যাপন করছে। পবিত্র রোজার মাসে অনেকে পরিবার পরিজন নিয়ে খুব কষ্ট আছে। আশা করি মানবিক দিক বিবেচনায় ঈদের আগে আমাদের বকেয়া পরিশোধ করবে সরকার, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। সেই সাথে দেখা দিয়েছে ঔষধ স্বল্পতা, নতুন করে কোন ঔষধের কিট সরবরাহ করা হয়নি উপজেলায়। এতে জনগণের সঠিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সেবা বঞ্চিত হচ্ছে জনগণ, কমছে রোগীর সংখ্যাও। আমাদের শাহরাস্তি উপজেলার কিছু সিসি স্বাস্থ্য শিক্ষা দিয়েই স্বাস্থ্য সেবা চালাতে হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, দীর্ঘদিন ধরে সিএইচসিপিদের বেতন বন্ধ আসলেই দুঃখজনক একটি বিষয়। তবে অচিরেই তাদের এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, ৪র্থ এইচএনপিএসপি শেষ হয়েছে গত বছরের জুনে। ৫ম এইচএনপিএসপি চালু না হওয়ায় কমিউনিটি ক্লিনিকের কর্মীদের বেতন হচ্ছেনা। তবে এবার সেক্টর প্রোগ্রাম থেকে বের হওয়ার পরিকল্পনা করছে সরকার। আশা করা যাচ্ছে, মার্চ মাসেই ৫ম এইচএনপিএসপি হলে বেতন পাবে কর্মীরা, সংকট কিছুটা হলেও কেটে যাবে তাদের।

কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ২৩ বীর এর সেনা ক্যাম্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট বসানো হয়, যেখানে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইসহ আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপরতা চালানো হয়।

২৩ বীর সেনা ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করছে। এছাড়া, ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ দমন, এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি আমাদের নিরাপত্তার জন্য আশার আলো।”

২৩ বীর সেনা ক্যাম্পের এই উদ্যোগ কুমিল্লা শহরকে আরও নিরাপদ ও শৃঙ্খল রাখার পাশাপাশি সাধারণ জনগণকে আইন মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করছে, যা একটি সুশৃঙ্খল ও নিরাপদ নগরী গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে চাকুরি নিয়েছিলেন কুবি শিক্ষক রাহিদ

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক আবু ওবায়দা রাহিদের বিরুদ্ধে এবার নিয়োগের সময় ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে শিক্ষক হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নিয়োগের সময় কুমিল্লার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতার সনদ প্রদর্শন করেছিলেন তিনি। যদিও অনুসন্ধানে এর সত্যতা মেলেনি।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় আবু ওবায়দা রাহিদ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে ২০২২ সালের ১৭ নভেম্বর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা সনদ প্রদর্শন করেন। অভিজ্ঞতা সনদের একটি কপি এ প্রতিবেদকের সংরক্ষণে রয়েছে। তিনি বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন বলে সনদে উল্লেখ করা হয়। সিসিএন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সিসিএনের অন্তত ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ এক নেতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন এই অভিজ্ঞতা সনদের জন্য সিসিএন কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন। এ সনদের জন্য আর্থিক লেনদেনও হয়েছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

সিসিএনে কর্মরত একজন সিনিয়র শিক্ষক এ প্রতিবেদককে বলেন, ‘‘রাহিদ এডহকে সম্ভবত কিছুদিন সিসিএনে কর্মরত ছিল। কিন্তু সেটা কয়েক মাস হবে। ছয় বছর তো কোনোভাবেই নয়।’’ তৎকালীন আওয়ামীলীগ সরকারের শীর্ষ এক নেতা ও কুবির সাবেক উপাচার্যের চাপ প্রয়োগের কারণে অভিজ্ঞতা সনদ দিতে সিসিএনকে বাধ্য করা হয়েছিল বলে জানান তিনি।

সিসিএনের আরেক শিক্ষক বলেন, ‘‘এখানে বিরাট একটা অর্থের লেনদেন হয়েছে সিসিএনের সঙ্গে। যার কারণে সিসিএন এই ইস্যুটা এড়িয়ে যাচ্ছে।’’
চাকুরির নিরাপত্তার কথা বিবেচনা করে তারা কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।

সিসিএনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের যাত্রা শুরু হয় ২০১৫ সালের শেষার্ধে। এরপর ভর্তি হওয়া কয়েকটি ব্যাচের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। শিক্ষার্থীরা বলছেন, তারা আবু ওবায়দা রাহিদ নামে কোনো শিক্ষককে এ বিভাগে ক্লাস নিতে দেখেননি। এ বিভাগের ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ শাফি বলেন, ‘‘রাহিদ নামের কোন শিক্ষক আমাদের সময় ছিল না। আমি ২০২১ সালে বের হয়েছি, এরমধ্যে এই নামে কেউ থাকলে একদিন হলেও তো দেখা হতো। বিবিএতে পার্ট টাইম, ফুল টাইম কখনোই এই নামে কেউ ছিল না।’’

২০১৮ শিক্ষাবর্ষের সাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘‘এই নামের কোনো শিক্ষক যদি আমাদের ক্লাস নিতেন তাহলে তো আমরা চিনতাম। আমি আমাদের ব্যাচের গ্রুপেও মেসেজ দিয়েছি, কিন্তু কেউই তাকে চিনে না।’’

রাহিদের ভুয়া অভিজ্ঞতা সনদের বিষয়ে জানতে সিসিএন প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে ১ মাসেরও বেশি সময় ধরে যোগাযোগ করেন এই প্রতিবেদক। কিন্তু কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। তাঁরা বার বার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সিসিএনের মানবসম্পদ কর্মকর্তা নয়ন চন্দ্র গত ৬ জানুয়ারি এ বিষয়ে বলেন, ‘উনাকে (রাহিদ) ২০১৯ সালের দিকে করোনার সময় এখানে কিছুদিন দেখেছি। এরপর আর দেখিনি।’
একই দিন চেয়ারম্যান তারিকুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘উনি ২০১৯ সালে এডহোক হিসেবে দুই এক মাস জব করেছে।’ এরপর আর কিছু না বলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।
এরপর আবার ১২ জানুয়ারি যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘উনি আমাদের এখানে ২০১৬ সাল থেকে ছিল।’’ তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এসময় স্যালারি স্টেটমেন্ট দেখাতে বললে তিনি বলেন, ‘‘তখন তো বেতনই দিতে পারতাম না শিক্ষকদের। ডেকে ডেকে তাঁদেরকে অনুরোধ করে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করা হতো।’’
বেতন না দিলে স্থায়ী হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা কী করব। বিশ্ববিদ্যালয় তো চালাতে হবে। এইজন্য স্থায়ী হয়ে গেছে।’’
অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা অর্থের বিনিময়ে অভিজ্ঞতা সনদ দিয়েছি, এটা ভিত্তিহীন অভিযোগ।

এদিকে আবু ওবায়দা রাহিদের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুবি প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ২৯ জানুয়ারী উপাচার্য বরাবর এই লিখিত দেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে রাহিদের নিয়োগ নিয়ে অনুসন্ধানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ বলেন, ‘‘আমরা দুই-একদিনের মধ্যে কমিটি মেম্বাররা বসবো। এটা যেহেতু সত্যটা উদঘাটন করতে বলা হয়েছে, সেহেতু আমরা সিসিএনসহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়ে ১৫ দিনের মধ্যে রিপোর্ট তুলে ধরবো।’’

বিষয়টি নিয়ে জানতে চাইলে আবু ওবায়দা রাহিদ বলেন, ‘‘আপনি আমার ভাই। আপনিও কুবিয়ান আমিও কুবিয়ান। আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। কিন্তু আপনি আমার নিয়োগ এবং সিসিএনের চাকুরির ব্যাপারে যা জানতে চাচ্ছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ওই প্রার্থীর নিয়োগে যদি কোন অসামঞ্জস্যতা পাওয়া যায় তাহলে আমরা বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করবো। এরপর সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২০২৩ সালের ২৯ জানুয়ারি যোগ্যতার শর্ত পূরণ না করলেও আবু ওবায়দা রাহিদকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেন তৎকালীন আওয়ামী সমর্থিত উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক নিয়োগের বিধিমালা অনুযায়ী, চাকরিপ্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল ন্যূনতম ৩ দশমিক ৭০ হতে হবে। তবে আবু ওবায়দা রাহিদকে মার্কেটিং বিভাগে নিয়োগ দিতে অভিনব উপায়ে অননুমোদিত একটি বিধি যোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন তৎকালীন উপাচার্য আব্দুল মঈন। ওই বিধিতে এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী অথবা শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ফলাফলের যোগ্যতায় শিথিলতার কথা বলা হয়। যদিও সেসময় এ বিধিটিও বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ছিল না। রাহিদের স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল ছিল যথাক্রমে ৩ দশমিক ৫৬ ও ৩ দশমিক ৫৪। ফলাফল কম থাকার পরও এ বিধির আলোকে সিসিএনে শিক্ষকতার ‘ভূয়া’ অভিজ্ঞতা সনদ দেখিয়ে নিয়োগ ভাগিয়ে নেন তিনি।

সেসময় বিষয়গুলো নিয়ে তৎকালীন উপাচার্য আব্দুল মঈন বলেছিলেন, গবেষণায় গুরুত্ব দেয়ার জন্যই ওই বিধিটি যুক্ত করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমালার শর্ত পূরণ না করায় বিভাগীয় প্ল্যানিং কমিটির আবেদন বাছাই প্রক্রিয়াতেই বাদ পড়ে যান আবু ওবায়দা রাহিদ। তৎকালীন কমিটি রাহিদকে বাদ দিয়ে আবেদনকৃত বাকি ২২ জনের তালিকা রেজিস্ট্রার দপ্তরে পাঠায়। তবে তৎকালীন রেজিস্ট্রার উপাচার্যের নির্দেশে আইন লঙ্ঘন করে বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ করা তালিকায় নিজ থেকে রাহিদসহ আরো দু’জনের নাম যুক্ত করেন। বিষয়টি নিয়ে সেসময় শিক্ষকদের পক্ষ থেকে চিঠি ও আইনি নোটিশ দেয়া হলেও তা আমলে নেননি তৎকালীন উপাচার্য। এমনকি রাহিদের লিখিত পরীক্ষার খাতায় বিশেষ সনাক্তকরণ চিহ্নও পাওয়া গিয়েছিল। ভাইবা বোর্ডেও এক শিক্ষক তার বিষয়ে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান। শেষ পর্যন্ত তাকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেন উপাচার্য আব্দুল মঈন।

লাকসাম উপজেলা আইসিটি কর্মকর্তা আরফিনা ওয়াহিদের এত ক্ষমতার পিছনে কে আছেন?

 

সেলিম চৌধুরী হীরাঃ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে সাবেক পতিত প্রধানমন্ত্রী দলীয় বিবেচনায় তাঁর বিশেষ ক্ষমতাবলে ২০১৫ সালে কম্পিউটার কাউন্সিলের ২টি প্রকল্প থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা পর্যায়ের সহকারী প্রোগ্রামার পদে ১৮৯ জন ও প্রোগ্রামার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হয়।

কাজী আরফিনা ওয়াহিদ ২০১৫ সালে নিয়োগ প্রাপ্ত ১৯৮ জন সহকারি প্রোগ্রামারদের মধ্যে একজন৷ ২০১৫ সালে নিয়োগ পাওয়া পর লাকসাম উপজেলা সহকারী প্রোগ্রামার হিসেবে ২ নভেম্বর ২০১৬ তারিখে যোগদান করে ১৮ জানুয়ারি ২০২০ পর্যন্ত কাগজপত্রে কর্মরত থাকলেও বাস্তবে তিনি অফিস করতেন না বলে একাধিক সূত্রের দাবি।

সুত্রমতে, যোগদানের পর থেকেই তিনি রাজনৈতিক ভাবে তৎকালীন সময়ের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সখ্যতা তৈরি করে (মেনেজ সিস্টেম) অফিস না করেও, সারকারী বেতন ভাতা উত্তোলন করেছেন নিয়মিত৷
উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত দপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে ১৯ জানুয়ারি ২০২০ তারিখে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন ফারুক আজম। তিনি ১৩ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত কর্মরত থাকলেও অফিসে ছিলেন অনিয়মিত।

২৪ মার্চ ২০২১ তারিখে আরেকজন অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন মোঃ হাছান ইমাম। তিনিও ছিলেন অনিয়মিত। তবে কত তারিখ পর্যন্ত তিনি কর্মরত ছিলেন এটা কেউ বলতে পারছেনা।
দ্বিতীয় মেয়াদে ১০ জুলাই ২০২৪ সালে আবারও লাকসামে যোগদান করেন কাজী আরফিনা ওয়াহিদ। যোগদানের পর থেকেই তিনি পূর্বের ন্যায় নিয়মিত অফিস করছেন না! এর মধ্যে ২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর থেকে তিনি দীর্ঘ সময় অফিসে আসেননি। ফলে দুর্ভোগ ছিলেন সেবা গ্রহীতাসহ উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর গুলো৷

দীর্ঘদিন তার অনুপস্থিতির খুঁজ নিতে ১৯ ফেব্রুয়ারি বুধবার তার অফিসে গেলে দেখা যায় ওই অফিসে তালা ঝুলছে।
এদিকে মাঠ পর্যায়ে আইসিটি কর্মকর্তা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করার জন্যই তাদের নিয়োগ। তারা বিভিন্ন সরকারি সেবা ডিজিটালাইজেশনে কাজ করবেন।

মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আইসিটি অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিভিন্ন জরিপ ও ডাটাবেজ তৈরি এবং তার ভিত্তিতে নীতিনির্ধারণে সহায়তা করবেন। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের লাকসাম উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী আরফিনা ওয়াহিদ দীর্ঘ দিন অনুপস্থিত ও অনিয়মিত থাকার ফলে এসব কাজে সহযোগিতা পাচ্ছেন না সরকারি-বেসরকারি দপ্তর গুলো।

এদিকে তার স্বামী মোঃ শহীদ শিকদার ঢাকা পানি উন্নয়ন বোর্ডের প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। কেউ কেউ বলছেন স্বামী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করেন, এ কারণে একটু ক্ষমতা খাটাতে চান কাজী আরফিনা ওয়াহিদ!

এবিষয় গুলো নিয়ে সহকারী প্রোগ্রামার কাজী আরফিনা ওয়াহিদের সাথে যোগাযোগ করে লাকসামে তার দ্বিতীয় যোগদানের গত ৮ মাসে কতদিন অফিস করেছেন জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। অনেকটাই এড়িয়ে যান৷

লাকসামে তথ্যপ্রযুক্তিগত কি কি সেবা দিয়েছেন জানতে চাইলে তাও বলতে পারেননি। হাজিরা কোথায় দেন জানতে চাইলে তিনি বলেন, আমি ফার্স্ট ক্লাস অফিসার আমার হাজিরা লাগে না। অফিস পরিদর্শন রেজিস্টার বিষয়ে জানতে চাইলে উক্ত রেজিস্টার নেই বলে জানান।
জেলা উপজেলা আইসিটি সংক্রান্ত বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ করার কথা বলা থাকলেও আপনি কি এই সংক্রান্ত কয়টি কমিটিতে অংশগ্রহণ করেছেন জানতে চাইলে ইউএনও স্যার আমাকে কোন কমিটিতে অংশনিতে বলেননি৷

পরবর্তীতে এই প্রতিবেদক আরো তথ্য সংগ্রহ করার লক্ষ্যে ২ মার্চ রোববার দুপুর ২ টায় তার খোঁজ নেওয়ার জন্য গেলে, জানা যায় তিনি কিছুখন পূর্বে অফিস ত্যাগ করেছেন৷ ৩ মার্চ সোমবার বেলা বেলা সাড়ে ১১ টায় গিয়ে তার অফিসে গেলে, তাকে পাওয়া যায়নি! ৪ মার্চ বেলা সাড়ে এগারোটায় গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি৷ তবে বেলা ২.৩০ মিঃ তার দেখা পেলেও তিনি কথা বলতে নারাজ৷

উল্লেখ্যযোগ্য বিষয় হল, আইসিটি কর্মকর্তার সাথে তার একজন সহকারীও আছেন, তাকেও কেউ গত ৪/৫ মাসে অফিসে দেখেনি বলে জানিয়েছে উপজেলা একাধিক কর্মচারী উপজেলা সহকারী প্রোগ্রামারের অনুপস্থিতি ও অনিয়মিত অফিস করার বিষয়ে জানতে চাইলে, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদের বললে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের লাকসাম উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী আরফিনা ওয়াহিদ বিভিন্ন কারণে নিয়মিত অফিসে আসেন না তা সত্য৷ গত ৮ মাসে তার সাথে আমার ৪ থেকে ৫ দিন দেখা হয়েছে৷

কি কারনে অনুপস্থিত জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কোন কারণ জানাতে পারেননি। তিনি আরো বলেন, আইসিটি কর্মকর্তার সাথে একজন সহকারী আছে এই কথাও আমি আজকে আপনার মুখ থেকে জানতে পারলাম এর আগে আমি কখনো জানতামনা এবং দেখিও নাই৷

প্রতিবেদক ৩ মার্চ সোমবার আরফিনা ওয়াহিদকে অফিসে না পেয়ে দ্বিতীয় দফা কুমিল্লা জেলা প্রোগ্রামার মোহাম্মদ বশির উদ্দিনের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, আরফিনা ওয়াহিদ এখন নিয়মিত অফিস করেন বলে জেনেছি৷ আমি তো আর, তার ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারবো না৷ যে কোন সিদ্ধান্ত দিতে পারবে ডিজি স্যার৷ স্যারকে তার বিষয়ে জানানো হয়েছে৷

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির স্মারকলিপি

 

স্টাফ রিপোর্টার: 

মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা ও ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইউএনও মোঃ জামাল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি হুমায়ন কবির, অর্থ সম্পাদক রহমত উল্লাহ, সদস্য অলি আহমেদ মজুমদার, কামরুল হাসান, মজিবুর রহমান, আবদুল হান্নান, এটিএম আবদুল হালিম, হাসান ইমাম রিপন প্রমুখ। এরআগে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ইটভাটা মালিক ও শ্রমিকরা।

ইট প্রস্তুতকারী মালিক সমিতির উল্লেখিত দাবিসমূহ হলো; ১. ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রন আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) (১) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় দুই রত্ব নির্দিষ্ট করনের কারনে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না।

ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলুন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারন করেছে সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮ (৩) (১) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন। ২. জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, তা না হলে আমরা ভ্যাট টেক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হব। ৩. কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপুরন দিয়ে বন্ধ করতে হবে। ৪. মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। ৫. পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ। ৬. ইট ভাটাকে শিল্প হিসাবে ঘোষণা করা। ৭. ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।

চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই যুবক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর শহরের পুরান বাজারে একটি কাভার্ডভ্যান ও মটরবাইকের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, নিলয় ও অভি মটরবাইকযোগে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মটরবাইকের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে আনার পর অভি মৃত্যুবরণ করেন। নিলয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকার ওয়ারলেস বাজার এলাকায় এম্বুলেন্সে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবার ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং শোকে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালিতে থাকেন। তাদের চাচাতো বোনের বিয়েতে অংশ নেওয়ার জন্য তারা দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান মরদেহ দুটির ময়নাতদন্ত করেছেন। এ ঘটনায় জড়িত মটরবাইক ও কাভার্ডভ্যান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে ভ্যানের হেলপার ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে এবং তিনি থানায় হেফাজতে আছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কের চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযান

মহাসড়কের চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযান: উল্টোপথে চলায় ৬ যানবাহনের জরিমানা, মাটি বোঝাই ট্রাক জব্দ

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।

৩ মার্চ রাত ৯টা ৩০ মিনিট থেকে ৪ মার্চ ভোর ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা যাচাই করা হয়।

অভিযানের সময় উল্টোপথে চলাচল করা তিনটি মোটরসাইকেল, একটি সিএনজি, একটি হাইএস ও একটি ডাম্পারকে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।

এছাড়াও, একটি মাটি বোঝাই ট্রাক আটক করে সাময়িকভাবে থানায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হিসেবে ট্রাকটি এসি ল্যান্ড অফিসে হস্তান্তর করা হবে।

যৌথ চেকপোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রমের দৃঢ়তা প্রদর্শন করেছে, যা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৩ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে বাজারের তিন প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সয়াবিন তেলের কৃত্রিম সংকট ও খোলা তেল বোতলজাত করে বিক্রির অপরাধে মহামায়া বাজারের রুবেল পাটওয়ারী স্টোরকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় কাঁচা তরকারির দোকান জসিমকে ৫ হাজার টাকা ও উত্তম এর ফলের দোকানকে ৭ হাজার টাকা সহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খাঁন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ও নাঈমা আফরোজ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে মহামায়া বাজারের মুদি দোকান, সবজির দোকান সহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আল এমরান খাঁন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। সেই সাথে যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।