All posts by jitu

আল-আকসা মসজিদ রক্ষায় পবিত্র রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস

 

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান ও ইতেকাফে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

সংগঠনটি বলছে, এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধেরও অংশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে হামাস পশ্চিম তীর, জেরুজালেম এবং ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘এই মাসে আল-আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান, সেখানে দৃঢ় থাকুন এবং ইতেকাফ করুন।’

হামাস আরও বলেছে, ‘রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত, দৃঢ় অবস্থান এবং শত্রু ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন, পাশাপাশি জেরুজালেম ও আল-আকসার প্রতিরক্ষা নিশ্চিত করুন যতক্ষণ না তা দখলদারিত্ব থেকে মুক্ত হয়।’

বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, তারা যেন ‘গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের জনগণের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করে।’

শুক্রবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে জেরুজালেমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তিনি দাবি করেন, এর প্রকৃত উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ সীমিত করা।

প্রতিবছর রমজান মাসে ইসরাইল এমন নিষেধাজ্ঞা আরোপ করে, যা দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে।

ফিলিস্তিনিরা মনে করেন, এই বিধিনিষেধ পূর্ব জেরুজালেমসহ আল-আকসা মসজিদকে ইহুদিকরণ এবং এর আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার বৃহত্তর ইসরাইলি নীতির অংশ।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। অন্যদিকে, ইহুদিরা এই স্থানকে ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে এবং দাবি করে, সেখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল।

ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরটি সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।

গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবৈধ এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী, ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার এক ব্যবসায়ীর প্রেমের টানে চেক প্রজাতন্ত্র থেকে ছুটে এসেছেন ইউক্রেনীয় নারী সালো নাদিয়া। ৫০ বছর বয়সী এই নারী গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার ব্যবসায়ী মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। ৬৩ বছর বয়সী মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা এবং তিনি আগে কখনো বিয়ে করেননি।

শনিবার (১ মার্চ) সকালে আজকের কুমিল্লার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় সালো নাদিয়ার সঙ্গে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং মোতাসিন প্রথম প্রেমের প্রস্তাব দেন, যা নাদিয়া গ্রহণ করেন। এরপর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন, যার ধারাবাহিকতায় নাদিয়া বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নাদিয়া পেশায় একজন সাইকোলজিস্ট এবং গত ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন। তিনি মূলত ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলেন, তবে ইংরেজিও জানেন। মোতাসিনের সঙ্গে তার ইংরেজিতেই কথা হয়, তবে তিনি বাংলা শেখার চেষ্টা করছেন।

মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক পছন্দ করেন, বিশেষ করে কুমিল্লার রসমলাই তার প্রিয়। তবে বাংলাদেশের জলবায়ু ও অতিরিক্ত জনসংখ্যা নিয়ে কিছুটা আপত্তি আছে তার। তিনি ঝালযুক্ত খাবার পছন্দ করেন না।

নাদিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন এবং সেখানে মোতাসিনের ভিসার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে তারা একে অপরের দেশে যাওয়া-আসার মধ্যে থাকবেন বলে জানান।

ইউক্রেনীয় নারীর সঙ্গে কুমিল্লার ব্যবসায়ীর এই বিয়ের খবর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে ছাএদলনেতা ফারুকের শুভেচ্ছা

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের আহবায়ক আমির ফারুক।

আজ শনিবার ( ১লা মার্চ) সকালে বিবেকের অফিসে এই আয়োজন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের ২ নং যুগ্ম আহ্বায়ক খালিদ মজুমদার,সদস্য হাসিব ফাহিম,সবুজ,আনোয়ার হোসেন শাকিল,
সৌহার্দ্য, তানভীর আহমেদ, রিয়াজুল, সাইফুল, মাহিন প্রমুখ।

সীমান্তে ভারতীয়রা আইন না মানলে

সীমান্তে ভারতীয়রা আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে: বিজিবি মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, যারা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করেন, তাদের নিয়ম মেনে গ্রেফতার করে হস্তান্তর করা হয়। কিন্তু এ পদ্ধতি কতদিন চলবে?

শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্প্রতি ভারতের দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সীমান্ত হত্যাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা ছিল সম্মেলনের শীর্ষ এজেন্ডায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে বিএসএফ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সব স্থানে বিজিবির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, বিজিবি-বিএসএফ সম্মেলনের পর এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। সীমান্ত রেখা থেকে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তবে জোরালো প্রতিবাদ জানানোর পর আমরা কিছু ছবি পেয়েছি। সেখানে দেখা গেছে, ১৫-২০ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘাত হয়।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সংঘাতের সময় বিএসএফ রাবার বুলেট ব্যবহার করে। এতে ওই যুবকের পেটে গুলি লাগে। দুর্বল স্থানে রাবার বুলেটও প্রাণঘাতী হতে পারে। আহত যুবককে বিএসএফ হাসপাতালে নিয়ে অপারেশন করিয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি পরিষ্কার বার্তা দিয়ে বলেন, আমরা বলেছি, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি আমরা এটা মেনে নেই, তাহলে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে গ্রেফতার করে হস্তান্তর করার প্রক্রিয়া কতদিন চলবে?

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো কারণেই হত্যা কোনো সমাধান হতে পারে না। যদি আরও কোনো হত্যাকাণ্ড ঘটে, আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। এ ব্যাপারে আমি নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আমাদের চেষ্টা অবৈধ অনুপ্রবেশ রোধ করা। বিজিবি, প্রশাসন এবং স্থানীয়রা এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তারপরও কিছু ব্যক্তি সীমান্ত অতিক্রম করতে চেষ্টা করে। আমরা দুইভাবে চেষ্টা চালিয়ে যাব: বিএসএফের সঙ্গে আলোচনা এবং মানবাধিকার সংগঠনের মাধ্যমে। তৃতীয়ত, কেউ যেন সীমান্ত অতিক্রম না করে, সেদিকেও নজর রাখা হবে।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, এ ঘটনায় একজন বিএসএফ সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহত বিএসএফ সদস্যের রক্তাক্ত অবস্থার ছবিও আমরা পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে প্রমাণ চাওয়া হচ্ছে যে, ঘটনাটি সত্যিই ওই স্থানে ঘটেছে কি না।

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। যদি কোনো ঝুঁকি থাকে, আমরা বিজিবি সদা প্রস্তুত রয়েছি।

পবিত্র রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

ডেস্ক রিপোর্ট:

দেখতে দেখতে একটি হিজরি সন ঘুরে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনার এ মাস মুমিনদের জন্য ফজিলতপূর্ণ একটি মাস।

এ মাসে আল্লাহ তায়ালা প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যা অন্য কোনো মাসে দেন না। এ মাসে আল্লাহ তায়ালা মুমিনদের জন্য একমাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন।

চাঁদ দেখার মাধ্যমে আরবি মাস শুরু হয়ে থাকে। রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। এমনকি সাহাবিদের চাঁদ দেখতে বলতেন। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবী (সা.) কল্যাণ ও বরকতের দোয়া করতেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন,

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু

অর্থ: হে আল্লাহ, এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)

সুনানে দারেমিতে ইবনে ওমর (রা.) থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে,

اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি: ১৭২৪)

এ ছাড়াও রমজানের চাঁদ দেখার খবর শুনে দোয়া করা হয়।

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা। (তাবারানি)

অর্থ: হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

‘মাহে রমজানের প্রথম দশ দিন রহমতের

‘মাহে রমজানের প্রথম দশ দিন রহমতের! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’

ডেস্ক রিপোর্ট:

রমজানুল মোবারক কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমতের। এই সময়ে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হতে থাকে। আমাদের অস্তিত্ব জুড়ে আল্লাহর রহমত। রহমত ছাড়া এক মুহূর্তও বাঁচার উপায় নেই। তবে পবিত্র রমজানের প্রথম দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে। এতে সিক্ত হয়ে মুমিন বান্দারা পরকালে সুউচ্চ আসনে আসীন হতে পারেন। রাসূল (সা.) বলেন, ‘তোমাদের সামনে রমজান মাস হাজির। এটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। এ মাসের রোজা আল্লাহ তোমাদের ওপর ফরজ করেছেন। এ মাসে রহমতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বড় বড় শয়তানকে আটক করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে লোক এই রাতের মহাকল্যাণ লাভ থেকে বঞ্চিত থাকল, সে প্রকৃতই সবকিছু থেকে বঞ্চিত ব্যক্তি।’

মহাবরকত ও কল্যাণের মাস মাহে রমজানে বেশি বেশি পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত, আল্লাহর জিকির, দোয়া-দরুদ শরীফ পাঠ, তওবা-ইস্তেগফার ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর রহমতের ভাগিদার হওয়া যায়। রমজান মাসের প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর বিশেষ রহমতে পরিপূর্ণ। রোজা পালনের মধ্য দিয়ে মুমিন বান্দারা আত্মিকভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হন। তাই আল্লাহতায়ালা রোজাদারদের জন্য পবিত্র রমজান মাসে তার রহমতের দরজা অবারিত করে দেন। রমজানে রোজাদার আল্লাহর কাছে যত চাইবে, আল্লাহ ততই দেবেন। যে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আর যে চায় না, তার প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কখনও কুণ্ঠিত হওয়া উচিত নয়।

আমরা প্রত্যেকেই আল্লাহর রহমতের মুখাপেক্ষী। প্রতিটি মুহূর্তে আমাদের রহমতের প্রয়োজন পড়ে। আল্লাহর রহমত কারও অনুকূলে না থাকলে জীবনে ধ্বংস অনিবার্য। যারা দুনিয়াতে সফল হয়েছেন, সবাই আল্লাহর অনুগ্রহ ও রহমতপ্রাপ্ত। রমজান আমাদেরকে আল্লাহর রহমত লাভের অনন্য সুযোগ করে দিয়েছে। এই দশকে আমরা বেশি বেশি করে তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমরা আল্লাহর দিকে যত দ্রুত এগিয়ে যাব, আল্লাহ এর চেয়ে শতগুণ বেশি বেগে আমাদের দিকে ছুটে আসবেন। আল্লাহর রহমতও এমনই। যারা গোলামির মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করতে পারবে; দুনিয়া-আখেরাতে আল্লাহর রহমত তাদের সঙ্গী হবে। আর কারও জীবনে আল্লাহর রহমতের বারিধারায় সিক্ত হওয়ার সুযোগ হলে এর চেয়ে সৌভাগ্যবান আর কিছু নেই। রমজানে এই সুবর্ণ সুযোগ পেয়েও যারা কাজে লাগাতে পারবে না তারা বড়ই হতভাগা।তাদের এই হতভাগ্য নিয়ে আল্লাহ ও রাসূল (সা.) আক্ষেপ করেছেন।

হাদিসে আছে, যে রমজানে তার গোনাহ ক্ষমা করাতে পারল না তার চেয়ে হতভাগা আর নেই। আমরা অনেকেই হেলায়-খেলায় রমজানের সময়গুলো কাটিয়ে পরবর্তী সময়ে আফসোস করি। সে আফসোসের কোনো ফল হয় না।

রমজান মাত্র শুরু হয়েছে। আল্লাহকে পাওয়ার সাধনা পুরোদমে শুরু করতে হবে এখন থেকেই।

যথাযথ হক আদায় করে রোজা পালন করব এই প্রতিজ্ঞার মাধ্যমে শুরু হোক আমাদের রমজান। এতে পরে আমাদের আর আফসোস করতে হবে না। আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হবো না।

সমগ্র বিশ্বের বনি আদম সন্তান রমজান মাসের হেদায়েত লাভ করে ঈমান ইসলাম অর্জন করুক।

সমগ্র বিশ্বের মুসলিম মিল্লাত রমজান মাসে নিজের জীবন কে পরিশুদ্ধ করে দ্বীন দুনিয়ার সুখ সমৃদ্ধি লাভ করুক। আমিন।

লেখক:বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে আল-আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে চোরাচালানকারী সন্দেহে গুলি করে। এতে আল-আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এখনও তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে উপজেলার বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করা হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসুদুল হক চৌধুরী, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। তিনি বলেন, “এই ধরনের মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো দৃঢ় করে তোলে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের যথাযথ দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ,আব্দুল হাফিজ প্রধান শিক্ষক,কুমিল্লা জিলা স্কুল,হুমায়ুন কবির মাসুদ অধ্যক্ষ,কুমিল্লা কমার্স কলেজ,হাছান আহমেদ,চেয়ারম্যান কিশোরকন্ঠ পাঠক ফোরাম,কুমিল্লা মহানগর,নাজমুল হাসান ভাইস চেয়ারম্যান কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা মহানগর।

অনুষ্ঠানে বক্তারা মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে।

মেধাবৃত্তি পাওয়া এক শিক্ষার্থী বলেন, “এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং সামনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, ভবিষ্যতেও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এ ধরনের উদ্যোগ নিয়ে আসবে, যা নতুন প্রজন্মকে শিক্ষার পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।

আজ থেকে দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষেধ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চল শরিয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ ধরা বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি রাত ১২ টার পর থেকে শুরু হয়েছে ইলিশসহ সকল প্রকার মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। দুই মাসের নিষেধাজ্ঞা সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। তবে, সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অভয়াশ্রম বাস্তবায়নে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা টাস্কফোর্স। দুইমাস নিয়মিত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌ বাহীনি অভিযান পরিচালনা করবে। এদিকে অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত ৪০ হাজার ৫ জন জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল করে চাল দেয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদন্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

চাঁদপুর সদরের পুরান বাজার রনাগোয়াল মেঘনা পাড়ের জেলে শাহ জাহান গাজী ও সফিক আখন্দ বলেন, সরকার দুইমাস মাছ ধরতে নিষেধাজ্ঞা দিছে। সেই আদেশ আমরা মানবো। ইতোমধ্যে নৌকা-জাল উপরে উঠানোর প্রন্তুতি চলছে। সরকারের কাছে সব সময় দাবি থাকে, যাতে চালের সাথে আর্থিক সহায়তা করে। কারণ চালের সাথে রান্না করতে তেল নুন, তরকারিসহ আনুষাঙ্গিক জিনিসের দরকার হয়। জেলেরা আরও বলেন, অধিকাংশ জেলে ধারদেনা ও কিস্তিতে জর্জরিত। এই সময়ে কিস্তি বন্ধ থাকলে আমরা উপকৃত হবো। প্রশাসন যদি কিস্তি বন্ধ রাখে আমাদের চাপ কমে আসবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের জন্য নির্ধারিত বিজিএফএর চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা ইলিশ রক্ষা অভিযানের মতই জাটকা রক্ষা অভিযান কঠোর হবে। অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। চাঁদপুর নৌ অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর নৌ সীমানার মধ্যে জেলেদের সাথে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও যদি কোন জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে, তাদেন বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর ৫ নং ওয়ার্ডে প্রাইম হকি একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডে প্রাইম হকি একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার কুমিল্লা হাই স্কুল মাঠে খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য সচিব রোমান হাসান। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর আলম তিতাস, ওয়ার্ড বিএনপির সদস্য এনামুল হক চৌধুরী।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।