All posts by jitu

১২ দফা বাস্তবায়নের দাবিতে নগরীতে লিফলেট বিতরণ করেছেন এনসিপি কুমিল্লা মহানগর

 

স্টাফ রিপোর্টার:

১২ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা নগরীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুমিল্লা মহানগর।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরীর টাউন হলের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওয়াজ, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ, নাগরিক কমিটির কুমিল্লা মহানগর আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা, জাহিদুল হক আনিক, জাফরিন হক আনন্যা, মুনতাসির তুষার
,কাজী নাজমুল হক জিসান উপস্থিত ছিলেন।

১২ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিনা ভোটে ও ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতা দখল করতে পারবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে, দুর্নীতি ও পাচারের মাধ্যমে জনগণের সম্পদ লুট হবে না, সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না, পুলিশ অন্যায় ভাবে কাউকে আটক হয়রানি ও জুলুম করতে পারবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী প্রভুদের খবরদারি চলবে না, রাষ্ট্রে নাগরিক বিনা হয়রানিতে আদালতে ন্যায়বিচার পাবে ইত্যাদি।

মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

 

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ এপ্রিল স্কুল মাঠে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র‍্যালির মাধ্যমে শতবর্ষ উদযাপন শুরু হয়। এরপর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৪ সালের শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং কৃতী সংবর্ধনাসহ ক্রেস্ট প্রদান করা হয়। ১২ থেকে শুরু হয় স্কুলের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেল ৩টা থেকে শুরু হয় শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মাইন উদ্দিন সোহাগ, ইকবাল মাহমুদ ও আবুল কালামের সঞ্চালনায় উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব (পিআরএল) মো. আনোয়ার উল্লাহ এফসিএমএ, অতিরিক্ত সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সুধির চন্দ্র মল্ল বর্মণ, মকবুল আহমেদ, অ্যাডভোকেট আবুল বাশার। অনুষ্ঠানে স্কুলের ইতিহাস তুলে ধরেন সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির অর্থ বিষয়ক আহবায়ক মোঃ সলীম উল্লাহ।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ সৃষ্টি করার স্বপ্ন দেখিয়েছে। উন্নত বিশ্বের মাঝে দুর্নীতির কারণে আমরা অনেক পিছিয়ে আছি। পোমগাঁও উচ্চ বিদ্যালয় ১০০ বছর পূর্বে যারা প্রতিষ্ঠা করেছিলেন আমি শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করি, তারা এই স্কুল প্রতিষ্ঠা করেছেন বলে আজকে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হয়েছেন। দেশকে দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে শপথ নিতে হবে।

তিনি বলেন শতবর্ষ আগে যারা এই স্কুল প্রতিষ্ঠা করেছেন তারা আজকে হয়তো এখানে কেউ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের জন্য মহান আল্লাহর কাছে তাদের উত্তম পুরস্কারের জন্য প্রার্থনা করি।

তিনি আরো বলেন, আমরা ভালো কাজ করব মন্দ কাজ থেকে বিরত থাকব, ভালো এবং মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে জানার জন্য আমাদের শিক্ষার্জন করতে হবে। আসুন আমরা স্কুলের শতবর্ষে একটি শপথ নেই যে আমরা আলোকিত মানুষ হবো এই সমাজ থেকে দুর্নীতিমুক্ত করবো, আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো এবং আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবো।

বিশেষ অতিথি ড. আনোয়ার উল্লাহ এফসিএমএ বলেন আমরা এই যে শতবর্ষ পূর্তি উদযাপন করছি এর পিছনে কিন্তু একটি উদ্দেশ্য আছে। আমি সভাপতি মহোদয় এবং বিভিন্ন বিজ্ঞজনের সাথে কথা বলেছি একটি ফাউন্ডেশন করার জন্য, যার মাধ্যমে শিক্ষা এবং এলাকার অনেক উন্নয়ন করা সম্ভব। ইতোমধ্যে আমরা এখানকার সবার টেলিফোন নাম্বার থেকে শুরু করে তার পেশা তার কর্মস্থল সব তথ্য আমাদের কাছে কম্পিউটারে রক্ষিত আছে। আমরা একটি ফাউন্ডেশন করব যে ফাউন্ডেশন এর মাধ্যমে পোমগাঁও স্কুলের আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকায় আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে চলমান ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমরা কাজ করব। আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই এই বিষয়টিকে অনুমোদন করে নিয়ে নিলাম।

পরবর্তীতে আপনাদেরকে পূর্ণাঙ্গ আমাদের ব্যাচ ভিত্তিক প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধু সবাই বলেছিলেন আবদ্ধ জীবন যাপন করেছিলাম আজ মুক্ত হয়ে একত্রিত হয়েছি এই মুক্তচর্চার বিষয়টি যাতে আমাদের মধ্যে থাকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক সমাজ কিভাবে আমরা করতে পারব সেলক্ষে কাজ করে যাবো। দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে সমিতি করে আমরা উন্নয়নের কাজ করব সে ফাউন্ডেশন যত তাড়াতাড়ি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ততই মঙ্গল হবে।

বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার বলেন শববর্ষ পূর্তির এই অনুষ্ঠান থেকে ২১ বছর আগে একটি মহকুমা শহরের একটি স্কুলে পত্তন হয়েছিল এক বছর আগে। ১৯০৪ সাল থেকে ২০০৪ সাল, সেখানে শত বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম, মনে পড়ে অনুষ্ঠানটি করতে গিয়ে এক বছরের অধিক সময় প্রিপারেশন নিতে হয়েছে একই রকম প্রিপারেশন নিয়ে আজকে আপনার এখানে উপস্থিত হয়েছেন। আমি জানি বিশাল কর্মযজ্ঞের মধ্যে আপনারা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তিনি বলেন পার্থক্য হলো ওটা মহকুমার শহরের আর আপনাদের এই প্রত্যন্ত এলাকার স্কুলের তুলনা করলাম। ১৯২৫ সালে মহামান্বিত একটি স্কুল গড়ে উঠেছিল সেটা ভাবতেও আমার এখন ভালো লাগছে৷ সেই মহকুমা স্কুল যেসকল যোগ্য ছাত্র সৃষ্টি করেছিল, এই স্কুল তার চেয়ে বেশি করেছে আপনারা অনেক বেশি এগিয়ে রয়েছেন।

এজন্য কিন্তু এই কৃতিত্ব শুধুমাত্র আমাদের শিক্ষক মন্ডলীন নয় যারা সাহায্যে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনাদেরকেও আমি একইসঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আপনারা এখানকার জীবন যুদ্ধে এটার সঙ্গে লেগে ছিলেন, ১০০ বছর পার করে আসা কোন উচ্চ বিদ্যালয় থেকে পার হয়ে এসেছে আজকের এই দিনটিতে আশা করছি শত শত বছর এরকম বিদ্যার আলো দান করে যাবে।

তিনি বলেন শ্রদ্ধেয় আনোয়ার উল্লাহ স্যার যখন আমাকে বললেন আমরা এইরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি তুমি আমাদের সাথে থাকলে ভালো লাগবে, স্যারের তখন যে আবেগ দেখতে পেয়েছি ভাবলাম এরকম শতবর্ষের বর্ষপূর্তি অনুষ্ঠানে স্যারের পাশে এবং অনেক ছাত্রছাত্রী পাশে দাঁড়ালে আমারও খুব আনন্দ হবে আমি সানন্দে রাজি হয়ে যাই। আমাকে এখানে আপনারা বিশেষ অতিথি হিসেবে সম্মান দান করছেন আশা করছি এই অত্যন্ত এলাকা হলেও এই স্কুল যে সম্মানের সৃষ্টি করেছে তা শতশত বছর অম্লান থাকবে।

তিনি বলেন আপনারা একটি এলোমনাই অ্যাসোসিয়েশনের তৈরি করে যারা বেকারত্ব রয়েছে পশ্চাদপদ রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আমাদের কারো রক্তের দরকার হলেও তাৎক্ষণিকভাবে আমরা যোগাযোগের ব্যবস্থা করতে পারি। আমি আশা করব আপনাদেরও এই বিদ্যালয়কে কেন্দ্র করে একটা এলোমনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠবে এবং আপনাদের বন্ডেজকে অনেক শক্তিশালী করবে।

জেলা প্রশাসক বলেন, আজকের এই চমৎকার অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন আমি এখানে আসার আগেও বুঝতে পারেনি যে, এত ব্যাপক পরিসরে এত বিশাল পরিসরে চমৎকার একটি অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এই স্কুল থেকে পড়াশুনা করে শিক্ষাজীবন শেষ করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই স্কুলে শিক্ষার্থীরা। আমি আশা করি সামনের দিনগুলোতে এই স্কুলের যারা সম্মানিত শিক্ষক এবং অভিভাবক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই স্কুলের মহিমা রয়েছে সেটি দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে আমাদের বিশ্ব পরিমণ্ডলে স্কুলটির গৌরবের ইতিহাস ছড়িয়ে দিবে।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, বিশিষ্ট শিক্ষানুরাগী মোবারক উল্লাহ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মাসুদুল আলম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৯২৫ সালে তৎকালীন ত্রিপুরা জেলার লাকসাম থানার জলাঞ্চাল নামে খ্যাত জলিপুর গ্রামের বাবু জগৎ চন্দ্র দেহড়ীর উদ্যোগে পোমগাঁও গ্রামের রায়কুমার মল্ল বর্মন এবং তৎকালীন বৃহত্তর ঝলম ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট আমজাদ আলী হাওলাদারের পৃষ্ঠপোষকতায় পোমগাঁও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সাবেক এবং বর্তমান ২ হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে শতবর্ষ। শতবর্ষকে স্মরণীয় করে রাখতে সাংবাদিক সম্মেলন করে সবার সহযোগিতা কামনা করেছেন শতবর্ষ উদযাপন কমিটি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর, উদযাপন কমির সদস্য সচিব মাস্টার আবুল বাশার, অর্থ কমিটির আহ্বায়ক সলিম উল্লাহ, প্রকাশনা কমিটির আহ্বায়ক মোঃ আবদুল হাই, সাবেক ছাত্র মোঃ শাহাজান, মোঃ আবুল খায়ের, মোঃ বেলাল হোসেন সোহেল, মোঃ রমিজ উদ্দিন, হাফিজুর রহমান সাইমন।

কুমিল্লা মহাসড়কে বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের বিভিন্ন খাবারের হোটেলে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভেজাল বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন অনিয়মের জন্য হোটেল ময়নামতিকে ৩০ হাজার টাকা, রোডস্টার/ মিয়ামি-১/মিয়ামি-২ কে সতর্ক করা হয়েছে।

অভিযানের সেনাবাহিনী ছাড়াও জেলা প্রশাসনের সহঃ কমিশনার শাহিন আকতার সিফা, সহঃ কমিশনার রাফিদ খান ও কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান

 

স্টাফ রিপোর্টার:

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে মেধাবৃত্তি দিয়েছে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি মু. দেলোয়ার হুসাইন, সহ-সভাপতি কপিল উদ্দিন মোল্লা, সেক্রেটারি মোঃ আহছান উল্লাহ মোল্লা, সহ-সেক্রেটারি মো: ইস্রাফিল মোল্লা, মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়াজী, অর্থ সম্পাদক মির হোসেন মিরু সহ ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের অন্যান্য ওয়ার্ড দ্বায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এসময় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশন ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রধান করা হয়।

পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে। বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছেনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে।

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সকালে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা শীর্ষে

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা শীর্ষে

ডেস্ক রিপোর্ট:

গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। তবে এরপরও ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছে হ্যাভিয়ের কাবরেরার দল। ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ১৮৩তম অবস্থানে, আগে যা ছিল ১৮৫তম। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীসহ দলটির খেলোয়াড়রা এই অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও আর্জেন্টিনা। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৮৬.১৬। অন্যদিকে, ব্রাজিল একটি জয় ও একটি হার দিয়ে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়ে গেছে।

স্পেন ১ জয় ও ১ ড্র করে ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে। ফ্রান্স (১৮৫৪.৭১ পয়েন্ট) এখন তৃতীয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের ১ জয় ও ১ হার হয়েছে। ইংল্যান্ড (১৮১৯.২০ পয়েন্ট) চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে। নেদারল্যান্ডস (১৭৫২.৪৪ পয়েন্ট) ষষ্ঠ স্থানে উঠে এসেছে, অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল (১৭৫০.০৮ পয়েন্ট) এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, ৭ ধাপ এগিয়ে তারা এখন ১৬২তম স্থানে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ ৮ ধাপ পিছিয়ে ১২৮তম স্থানে নেমে গেছে।

এশিয়ার দলগুলোর মধ্যে জাপান (১৬৫২.৬৪ পয়েন্ট) সবচেয়ে এগিয়ে, তাদের অবস্থান ১৫তম। এশিয়ান ফুটবলে তাদের আধিপত্য এখনও অক্ষুণ্ণ।

এই র‍্যাঙ্কিং আপডেটে দেখা যাচ্ছে, কিছু দল তাদের অবস্থান ধরে রেখেছে, আবার কেউ কেউ উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি করেছে। বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনও অনেক পথ এগোতে হবে আন্তর্জাতিক ফুটবলে স্থিতিশীলতা আনতে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার যুবক

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মাদ ফারুক (৪৫)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তার ছোট ভাই মোহাম্মদ ইমন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মোহাম্মাদ ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবার এখন চরম দুর্দশায় পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে আটটার দিকে মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফারুক বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে ছিলেন।

ইমন জানান, তার ভাই সাত বছর আগে সৌদি আরবে যান। সর্বশেষ দেড় বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান। ফারুক সেখানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। বুধবার রাত দেড়টার দিকে সৌদি আরবে থাকা ফারুকের ফুফাত ভাই দুলাল ফোন করে দুর্ঘটনার খবর দেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফারুক ঘটনাস্থলেই নিহত হন।

ইমন আরও জানান, ফারুক একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে থাকা ফারুকের আত্মীয় মো. শাহ আলম শাহপরান বলেন, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন। তিনি রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফারুকের পরিবার এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, সৌদি আরবে নিহত ফারুকের লাশ দেশে আনা এবং তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা দেবে।

মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে

মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুততম সময়ে শুল্কহার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি।

তিনি আরও লিখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ প্রকাশিত একটি চার্ট অনুযায়ী, বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। তাই, বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়েছে। আর যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন ‘লিবারেশন ডে’ উদ্যোগের অংশ হিসেবে এই ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ চালু করেছে।

৩৭ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’র এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে। কারণ, পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, যার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ঢাকার শিল্পখাতের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে।

হোয়াইট হাউজ নতুন এই শুল্ক কাঠামোকে ব্যাখ্যা করছে, দীর্ঘদিনের একতরফা বাণিজ্য সম্পর্কের সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে। তবে অর্থনীতিবিদ ও বাণিজ্য সংস্থাগুলোর একাংশ সতর্ক করে বলছে, এই নীতি প্রতিশোধমূলক শুল্কের ঝুঁকি তৈরি করতে পারে এবং এতে করে মার্কিন ব্যবসায়ী ও ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে।

বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক

বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারসহ বেশ কয়েকটি দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই নতুন শুল্ক নীতি ঘোষণা করেন। ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক হার বেড়ে ৩৭% নির্ধারণ করা হয়েছে। পূর্বে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫% শুল্ক প্রদান করতে হতো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ৮.৪ বিলিয়ন ডলার, যার বেশিরভাগই তৈরি পোশাক খাত থেকে আসে। গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৭.৩৪ বিলিয়ন ডলার। এই নতুন শুল্ক হার বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

এই দিনটিকে “যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস” হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প তার বক্তব্যে বলেন, “কয়েক দশক ধরে আমাদের দেশকে বিভিন্ন দেশ লুটপাট, শোষণ ও ধ্বংসের শিকার করেছে। বিদেশী শক্তিগুলো আমাদের আমেরিকান স্বপ্নকে ধ্বংস করেছে।”

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর ২৬%, পাকিস্তানি পণ্যের উপর ২৯% এবং চীনা পণ্যের উপর ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০%, ভিয়েতনামের পণ্যের উপর ৪৬%, শ্রীলঙ্কার পণ্যের উপর ৪৪%, তাইওয়ানের পণ্যের উপর ৩২%, জাপানের পণ্যের উপর ২৪%, দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর ২৫%, থাইল্যান্ডের পণ্যের উপর ৩৬%, সুইজারল্যান্ডের পণ্যের উপর ৩১%, ইন্দোনেশিয়ার পণ্যের উপর ৩২%, মালয়েশিয়ার পণ্যের উপর ২৪%, কম্বোডিয়ার পণ্যের উপর ৪৯%, যুক্তরাজ্যের পণ্যের উপর ১০%, দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর ৩০%, ব্রাজিলের পণ্যের উপর ১০%, সিঙ্গাপুরের পণ্যের উপর ১০%, ইসরায়েলের পণ্যের উপর ১৭%, ফিলিপাইনের পণ্যের উপর ১৭%, চিলির পণ্যের উপর ১০%, অস্ট্রেলিয়ার পণ্যের উপর ১০%, তুরস্কের পণ্যের উপর ১০%, কলম্বিয়ার পণ্যের উপর ১০% শুল্ক নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও মিয়ানমারের পণ্যের উপর ৪৪%, লাওসের পণ্যের উপর ৪৮% এবং মাদাগাস্কারের পণ্যের উপর ৪৭% শুল্ক আরোপ করা হয়েছে।

চৌদ্দগ্রামে নদী-খাল অবৈধ দখল উদ্ধারে সর্বস্তরের জনগণের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে খাল-বিল নদী-নালা অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সম্মিলিত নাগরিক ও সাংস্কৃতিক ঐক্য।

বুধবার (২ এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও প্রশাসনের সাথে মতবিনিময় করে নেতৃবৃন্দ।

‘চৌদ্দগ্রামের নদী ও খাল বাঁচাও, চৌদ্দগ্রাম বাঁচাও’ এবং ‘ঈদ বঞ্চিত বন্যার্তদের পুনর্বাসন করা’র দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ধোপাখাল(দখলে মৃত প্রায়) ব্রিজের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। কবি ইমরান মাহফুজের ব্যবস্থাপনায় মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও মোঃ জামাল হোসেন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজিজুল ইসলাম চৌধুরী আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কবি শাহজাহান, কবি মিজান পঞ্চায়েত, ইঞ্জিনিয়ার হোসাইন আল মামুন, কবি আমজাদ হোসাইন, জাগ্রত তরুনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইব্রাহিম পিয়াস।

অনুষ্ঠানে বক্তারা চৌদ্দগ্রামের সবগুলো খাল, ডাকাতিয়া নদী ও কাঁকড়ি নদী অবৈধ দখল মুক্ত করা এবং অবৈধ কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরদাবি জানান। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুর্নবাসনের জন্য প্রশাসন নদী-খাল, কৃষি, পরিবেশ, জীব বৈচিত্র রক্ষার্থে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।