All posts by jitu

সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে যা গঠন করা হবে, তার উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থানের একটি চার্টার তৈরি করা, যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার। এটি মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু এই চার্টার থেকে সরে যাওয়া যাবে না।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদনগুলো কমিশনের সদস্যরা জমা দেন। এরপর বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি গঠিত হয়, প্রতিবেদন প্রকাশিত হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা তাদের চেয়ে অনেক উচ্চতর। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ এই কমিশনগুলো ইতিহাসের প্রবাহ থেকেই সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ঘটেছে, এটি ইতিহাসের সৃষ্টি, এবং আজকের এই অনুষ্ঠান তার অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিয়েছি, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চর্চা। কেউ এর গুরুত্ব অস্বীকার করতে পারবে না। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে কমিশনের মাধ্যমে কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম। এখনও সেই স্বপ্নের রূপরেখা তুলে ধরতে হবে। এটি শেষ নয়, একটি নতুন অধ্যায়ের শুরু হলো। এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা জানব, আমরা কী করতে চাই। এটি হবে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য একটি আলোচনার মূল উপাদান, এবং আমরা জানব, সবার মন এতে সায় দিচ্ছে কিনা।

ড. ইউনূস বলেন, এটি একটি স্বপ্ন, এবং সেই স্বপ্ন যদি মানুষের অংশ না হয়ে থাকে, তাহলে তা হতে পারে না। আমরা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই, যা ভেতর থেকে উদ্ভূত হবে, বাইরের চাপের মাধ্যমে নয়।

তিনি বলেন, যে আলোচনাগুলি হবে, সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন, কারণ আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন আমাদের একত্রিত করবে, এবং আমরা একটি গণঅভ্যুত্থানের চার্টার গঠন করতে চাই। নতুন বাংলাদেশের চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, এবং নির্বাচনসহ সবকিছু এই চার্টারের ভিত্তিতে হবে, তবে এই চার্টার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এটি হবে আমাদের জাতীয় কমিটমেন্ট, কোনো দলীয় কমিটমেন্ট নয়। আমরা আশা করি, সব দল এই চার্টারে সাইনআপ করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এটি একটি বাংলাদেশি, বাঙালি জাতির সনদ, যেটি আমাদের বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব এটিকে বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে, সেটিও এই চার্টারের ভিত্তিতে হবে। নির্বাচনও হবে ঐকমত্যের নির্বাচন, নাহলে চার্টার হারিয়ে যাবে। তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এসময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রথম গোয়েন্দা জাহাজ

এই প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান

এই প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান

ডেস্ক রিপোর্ট:

এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার ইরান উন্মোচন করল দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে জানানো হয়েছে, এই জাহাজটির নাম ‘জাগরোস’, যা নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, ‘জাগরোস’ নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে।

এই গোয়েন্দা জাহাজটির উদ্বোধন এমন সময় হয়েছে, যখন ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করছে। এই মহড়া চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত, যার মূল লক্ষ্য হলো নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে এসব সামরিক মহড়া বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়িয়ে দেয়। ২০২০ সালে ইরানের শীর্ষ রেভল্যুশনারি গার্ডস জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

বর্তমানে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যাতে ইরান সম্ভাব্য পরমাণু বোমা তৈরির চেষ্টা রুখে দেওয়া যায়।

তবে ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা রাখে না।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলছে, ইরান একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী দেশ, যা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম হয়েছে। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে।

এদিকে, এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবে দুর্বল হয়নি। তিনি আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং যারা এই ধারণা প্রকাশ করছেন, তাদের বক্তব্যকে তিনি ‘পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

খুঁজে খুঁজে সবাইকে আইনের আওতায়

খুঁজে খুঁজে সবাইকে আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা

খুঁজে খুঁজে সবাইকে আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ও বিতর্কিত ভূমিকার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মতিউর, ছাগল মতিউরকে আজ ধরা হয়েছে। ধীরে ধীরে সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিতর্কিত ভূমিকার জন্য কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদের পদোন্নতি ও বদলি করা হয়েছে। অন্যদিকে নবীন পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়নি।

তিনি বলেন, “যেসব পুলিশ সদস্য সরাসরি গুলি করেছেন বা বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ চলছে। ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ ধরা পড়ছেন। যেমন আজ মতিউরকে ধরা হয়েছে।”

তিনি আরও জানান, “অনেক বিতর্কিত পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন ধরা পড়েছেন। তবে ধরা পড়ার পরও এক ওসি পালিয়ে গেছেন।”

সাংবাদিকদের অনুসন্ধানী কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রেখেছেন। তবে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়াতে হবে। বিতর্কিত পুলিশ সদস্যদের কোনো তালিকা থাকলে তা পুলিশের সদর দপ্তরে জমা দিন।”

সর্বশেষ, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে অপরাধীদের তালিকা তৈরি এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

তাবলীগ জামাতের বিভাজন নিয়ে বৈষম্যের অভিযোগ

তাবলীগ জামাতের বিভাজন নিয়ে বৈষম্যের অভিযোগ, সচেতন ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

 

হাবিবুর রহমান মুন্না:

তাবলীগ জামাতের একটি পক্ষের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তা অবিলম্বে ন্যায় ও সমতার ভিত্তিতে দূর করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে কুমিল্লা প্রেসক্লাবের মিলনায়তনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ২০ জানুয়ারির মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইবরাহিম খলিল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে। ইজতেমায় প্রধান মুরুব্বিদের অংশগ্রহণ, কাকরাইল মসজিদ ব্যবহারের অনুমতি, টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ ও ইজতেমার সময় বরাদ্দে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ ধরনের বৈষম্য ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত দূর করা জরুরি।”

তিনি আরও জানান, “যদি আগামী ২০ জানুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হব।”

এ সময় কুৃমিল্লা সেট্রল মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম,উইলস স্কুলের ঢাকার শিক্ষার্থী মো.আবু বক্কর,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাঞ্ছারামপুরের শিক্ষার্থী মো.আনাস খাঁন, ফতেয়াদ নায়েব আলী কলেজের শিক্ষার্থী মো.মহিউদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় কুমিল্লা বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ ৬-০ গোলে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজকে হারিয়েছে।দ্বিতীয় ম্যাচে বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজ ৩-১ গোলে বুড়িচং সোনার বাংলা কলেজকে হারিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিরুল কায়ছার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া-তারেক রহমানসহ সকলে খালাস পেলেন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া-তারেক রহমানসহ সকলে খালাস পেলেন

ডেস্ক রিপোর্ট:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত।

এ মামলায় ১০ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করেন দলটির আইনজীবীরা।

তারা জানান, জিয়া পরিবারকে হেনস্তা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্যপ্রমাণে কোথাও বেগম জিয়াসহ আসামিদের দুর্নীতি অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি।

মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। এরমধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি।

উল্লেখ্য, ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলাকালীন, খালেদা জিয়া এবং তার পরিবার ও দলের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়, যার মধ্যে অন্যতম অভিযোগ ছিল, তার নেতৃত্বে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আদালতে এই অভিযোগ প্রমাণিত হলে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর মামলা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়।

বনলতা ও সুন্দরবন

 

ডেস্ক রিপোর্ট:

সুন্দরবন!নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাঘ,হরিণ, কুমির,বন,পানি!যান্ত্রিক কোলাহল থেকে, ইট-পাথরের জীবন থেকে ঘুরতে,মন প্রফুল্ল করতে,ক্লান্তি দুর করতে অনেকেই এই শীতে নানা জায়গায় যাচ্ছেন।

আপনার ঘুরার জায়গাটি হতে পারে মোংলায় (সুন্দরবনে) বনলতা ইকো রিসোর্ট।ঢাকা থেকে মোংলার বাসে গিয়ে নামবেন লাউডোভ ফেরিঘাট,তারপর আপনার আর কিছু করতে হবে না,রিসোর্টের ব্যবস্হাপনায় আপনি যাবেন তাদের রিসোর্টে, থাকবেন সুন্দরবনের ভিতর, ঘুরবেন প্রানখুলে, এবার আসুন তাদের প্যাকেজ ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। জনপ্রতি মাত্র (২৪৯৯) টাকায় ঘুরে আসুন সুন্দরবনের কোলঘেঁষে এই মনোরম রিসোর্ট থেকে।

এই প্যাকেজে থাকছে তিন বেলা খাবার, সুন্দরবনের কোলঘেঁষে এই মনোরম রিসোর্টে একদিন / এক রাত থাকার সুযোগ, ডিঙ্গি নৌকা নিয়ে সুন্দরবনের ক্যানেলে ভ্রমণ, ও লাউডোপ ফেরিঘাট থেকে বাই রোডে রিসিব অ্যান্ড ড্রপ।প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে যান্ত্রিক শব্দ কোলাহলে হাপিয়ে উঠলে ঘুরে যেতে পারেন।যেটি আপনাকে মানসিক শান্তির সাথে সাথে একটি ভালো ভ্রমন অভিজ্ঞতা দিবে।বণ্য পরিবেশ, জোয়ার-ভাটার খেলা, কুয়াশার হাতছানির মধ্যে অপরুপ সুন্দরবন একইসাথে কতটা রোমাঞ্চকর হতে পারে একটু ভেবে দেখুন তো।এটাই কিন্তু সময় প্রকৃতির রাণী ম্যানগ্রোভ সুন্দরবনকে খুব কাছ থেকে উপলব্ধি করার। যদি চান পরিবার বন্ধু-বান্ধব কিংবা প্রিয়সীকে নিয়ে একান্তে নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে আসতে।

রুম বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন-
-০১৭৩৫-৬৪৭৮০৭ (হোয়াটসঅ্যাপ) ০১৯৯৯-৭৫৪৩৯৯

আপনি চাইলে আমাদের থেকে কাপল প্যাকেজ, সিঙ্গেল প্যাকেজ, কর্পোরেট প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন।

আজই বুকিং করুন আপনার পছন্দের রুমটি/প্যাকেজটি—

ইকো প্রিমিয়াম এসি রুমের প্যাকেজমূল্য সমূহ

জনপ্রতি- ২,৪৯৯/= টাকা ( ১ রুমে ৪ জন শেয়ার)
জনপ্রতি- ২,৯৯৯/= টাকা ( ১ রুমে ৩ জন শেয়ার)
জনপ্রতি- ৩,৪৯৯/= টাকা ( ১ রুমে ২ জন শেয়ার)
বিল্ডিং এসি রুমের প্যাকেজ মূল্য সমূহ —-
জনপ্রতি- ১,৯৯৯/= টাকা (১ রুমে ৪ জন শেয়ার)
জনপ্রতি- ২,৪৯৯/= টাকা ( ১ রুমে ৩ জন শেয়ার)
জনপ্রতি- ২,৯৯৯/= টাকা (১ রুমে ২ জন শেয়ার)
আমাদের প্যাকেজে আপনি যা পাচ্ছেন–প্রিমিয়াম ০১ টি রুম।
ওয়েলকাম ড্রিংকস।দুপুরের খাবার।ক্যানেল ক্রুজিং ২ ঘন্টা।
বিকালের নাস্তা।সন্ধ্যায় চা-বিস্কুট।রাতের খাবার। সকালের খাবার।রিসিভ/ড্রপ ( লাউডোব ফেরিঘাট থেকে)
(সুপার প্রিমিয়াম ইকো রুম প্যাকেজ )১ রুমে ২ জন – ৪৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৩ জন- ৩৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৪ জন-৩২৫০ টাকা জনপ্রতি।সুপার ইকো প্রিমিয়াম ডুপ্লেক্স প্যাকেজ।১ রুমে ২ জন – ৬৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৩ জন-৪৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৪ জন-৪৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৫ জন – ৩৯৯৯ টাকা জনপ্রতি।
১ রুমে ৮ জন- ৩৪৯৯ টাকা জনপ্রতি।

আমাদের প্যাকেজে আপনি যা পাচ্ছেন–প্রিমিয়াম ০১ টি রুম।
ওয়েলকাম ড্রিংকস।দুপুরের খাবার। ক্যানেল ক্রুজিং ২ ঘন্টা।

বিকালের নাস্তা। সন্ধ্যায় চা-বিস্কুট। রাতের খাবার।
সকালের খাবার। রিসিভ/ড্রপ ( লাউডোব ফেরিঘাট থেকে বাই রোডে) করমজল ট্যুর।
আপনারা যেদিন চেক আউট করবেন, ঐদিন আপনাদের বানিশান্তা ঘাট থেকে বোটে করে করমজল নিয়ে যাওয়া হবে, এবং করমজল ভ্রমণ শেষে আপনাদেরকে মংলা নামিয়ে দেওয়া হবে।সুন্দরবনের গাঘেঁষে মংলা থেকে বোটে করে বসেই একসাথে উপভোগ করতে পারবেন বাংলার অপরূপ বন,নদী ও গ্ৰাম্য পরিবেশ। ( বিশেষ দ্রষ্টব্য- করমজলের এন্টি ফি আপনাদের

বহন করতে হবে)রুম ফ্যাসালিটি-

* এসি
* টেলিভিশন
* এটাস্ট বাথরুম
* সাবান, শেম্পু,ব্রাশ, পেস্ট।।
* এটাস্ট সুইমিং পুল
* হ্যামক
* মিনি ফ্রিজ

প্যাকেজের ফুড মেন্যু

ব্রেকফাস্ট ভুনা খিচুড়ি।ডিম ভাজি। সালাদ।

দুপুরের খাবার – সাদা ভাত।ভর্তা।ডাল।সবজি।
ছোট মাছ ভুনা/ভাজি।দেশী মুরগি মাংস।সালাদ।
রাতের খাবার সবজি।ডাল।

ডিম ভুনা/ভাজি।সামুদ্রিক মাছ। সালাদ।সাদা ভাত। আপনি চাইলে রাতের খাবারের পরিবর্তে চিকেন বার-বি-কিউ নিতে পারবেন। সামুদ্রিক মাছ এবং মাংসের ক্ষেত্রে আপনাকে অপশন দেওয়া হবে আপনি যেকোন একটা সিলেক্ট করতে পারবেন।

প্যাকেজের বাইরে যে কোন ফুড অর্ডার করতে পারবেন এজন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে।আপনি আমাদের ইনবক্সে এসএমএস দিয়েও আপনার বুকিং টি কনফার্ম। করতে পারবেন। তাহলে আর দেরি কেন আজই বুকিং করুন আর চলে আসুন।

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরের ১৫ নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি দিলশাদ হোসেন, পথিকৃৎ নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদা আক্তার ডলি,ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সচিব আফজাল তরফদার।

উপজেলা পরিষদের গাড়ী ব্যাক্তিগত কাজে

উপজেলা পরিষদের গাড়ী ব্যাক্তিগত কাজে ব্যবহার করেও সরকারি মেরামত ব্যয় ১২ লাখ

উপজেলা পরিষদের গাড়ী ব্যাক্তিগত কাজে ব্যবহার করেও সরকারি মেরামত ব্যয় ১২ লাখ

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লা লাকসাম সাবেক উপজেলা চেয়ারম্যন এডভোকেট ইউনুস ভূইয়া উপজেলা পরিষদের সরকারি গাড়ি নিজের ব্যক্তিগত কাজে সারাক্ষণ ব্যবহার করার পরেও, সরকারি তহবিল থেকে গাড়ি মেরামত, জ্বালানি সহ অন্যান্য সুবিধা গ্রহণ করেছে৷ এতে করে গত ৪ বছরে গাড়ি মেরামত বাবদ সরকারি রাজস্ব খাত থেকে প্রায় ১২ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছে৷

জানা যায়, তিনি কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে কর্মরত থাকা অবস্থায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত গাড়িটি ব্যক্তিগত ও রাজনৈতিক এবং লাকসাম থেকে কুমিল্লা কর্মস্থলে আসা যাওয়ার কাজে ব্যবহার করেছিলেন৷

উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে গত ৪ বছরে লাকসাম উপজেলা পরিষদের ব্যবহৃত জিপ গাড়ি মেরামত খাতে প্রায় ১২ লাখ টাকা খরচ করা হয়েছে। যা সরকার নির্ধারিত ব্যয়ের মাত্রা ছাড়িয়েছে বহুগুণ।

স্থানীয় সরকার বিভাগের ২৪/৪/২০০৫ তারিখের স্হাসবি/উপ-১/গাড়ি/ (২)-২/৯৯/৯৩ (৪৭২) নং স্বারক অনুসরণ পূর্বক উপজেলা পরিষদ যানবাহন রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য রাজস্ব তহবিল হতে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ব্যয় করা যাবে মর্মে নির্দেশ রয়েছে। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখের ২৬৪ নং স্বারকে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা ২০২০ জারির মাধ্যমে ৩০ হাজার থেকে বাড়িয়ে জিপ গাড়ি মেরামত খাতে ব্যয় ১ লাখে উন্নীত করলেও লাকসাম উপজেলা পরিষদ ওই নির্দেশের কয়েকগুণ বেশি খরচ করেছে।

গত চার বছরে লাকসাম উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে ১১ লাখ ৯৪ হাজার ৯ শত ৫০ টাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্র থেকে জানিয়েছে, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে বিগত সময়ে মহা লুটপাট হয়েছে। জিপ গাড়ি মেরামত, জ্বালানি ব্যয়, চেয়ারম্যানদ্বয়ের ভ্রমণ ভাতা, উন্নয়ন সমন্বয় কমিটির সম্মানি ভাতা, দরপত্র মূল্যায়ন কমিটির সম্মানি ভাতা, আসবাবপত্র মেরামত, আসবাবপত্র ক্রয় সহ বিভিন্ন খাতে এই মহা লুটপাট হয়েছে বলে কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়।

শুধু মাত্র লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে এপ্রিল ২০২০ ইং মাসে ৫০ হাজার টাকা, জানুয়ারি ২০২১ ইং মাসে ৪ লাখ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা, ফেব্রুয়ারি ২০২১ ইং মাসে জিপি গাড়ির ডেন্টিং পেন্টিং খাতে ৭০ হাজার টাকা, জুন ২০২১ ইং মাসে মেরামত খাতে ৩০ হাজার টাকা, সেপ্টেম্বর ২০২১ ইং মাসে ৬৪ হাজার টাকা, ফেব্রুয়ারি ২০২২ ইং মাসে ২৩ হাজার টাকা, অক্টোবর ২০২২ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, মার্চ ২০২৩ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, জুন ২০২৩ ইং মাসে ৩১ হাজার ৮ শত টাকা, সেপ্টেম্বর ২০২৩ ইং মাসে ৫৫ হাজার টাকা, নভেম্বর ২০২৩ ইং মাসে ৪৫ হাজার টাকা, মার্চ ২০২৪ ইং মাসে ৩ লাখ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ২৫ হাজার টাকা জিপ গাড়ি মেরামত খাতে খরচের টাকা উত্তোলন হয়েছে।

বিশাল অংকের এই উত্তোলন সরকারি নির্দেশের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লায় সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণে ব্যস্ত

কুমিল্লায় সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণে ব্যস্ত, বিজিবির নজরদারি জোরদার

কুমিল্লায় সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণে ব্যস্ত, বিজিবির নজরদারি জোরদার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত একটি পুকুরের পাড়ে এই বেড়া তুলছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। দুই দেশের মানুষ তাদের প্রয়োজন মিটায় এ পুকুরের পানি দিয়ে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ হলেও ভারতীয়রা ২০/৩০ গজ ভিতরে বেড়া তৈরি করছে। তবে, বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

এছাড়াও, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরো বলেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।

শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবদুল জাব্বার বলেন, আমরা আগে শুনতাম দেড়শ গজের ভিতরে কোন তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই তাঁরকাটা বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাঁক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়। সীমান্ত থেকে না চলে গেলে তারা আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। কোনো পাবলিক ওইখানে গেলে তারা বলে “যাও আউট, নইলে গুলি করবো”।

আরেকজন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়বো কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি  আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।

এদিকে সোমবার বিকেলে সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে,  বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন,আমরা অতিরিক্ত বিজিবি টইল জোরদার করছি,এ বিষয়ে আমরা পরে আনুষ্ঠানিক বক্তব্য দিবো।