All posts by jitu

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে, বলছেন শান্ত

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির শুরু হয়েছে। বাংলাদেশের মিশন শুরু হবে আগামীকাল ভারতের বিপক্ষে। রোহিত শর্মা ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামার আগে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, বাংলাদেশের কাছে সব দলকে হারানোর ক্ষমতা আছে। তিনি বলেন, “আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। আমাদের ওয়ানডে দলটি বেশ ভালো। দলটি ভারসাম্যপূর্ণ এবং আমরা যে কোনো দলকে হারাতে পারি। দলে অনেক অলরাউন্ডার রয়েছেন, যা আমাদের জন্য একটি বড় সুবিধা। আশা করি, আমরা ভালো করব। আমরা প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। আমরা প্রস্তুত, এখন দেখার বাকি কী হয়।”

বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স অন্য দুটি ফরম্যাটের তুলনায় কিছুটা ধারাবাহিক হলেও সাম্প্রতিক সময়ে তাদের ফলাফল খুবই নিম্নমুখী। সর্বশেষ টানা দুই সিরিজে বাংলাদেশ হেরেছে। শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। যদিও সাম্প্রতিক ফলাফল ভালো না হলেও, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সফরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত। তিনি আশা প্রকাশ করেন, আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো পারফরম্যান্স দেখাবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ দুবাই ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। দুবাই ও রাওয়ালপিন্ডির পিচের অবস্থা সম্পর্কে শান্ত বলেন, “দুবাইয়ে তেমন বেশি রান হবে না, কিন্তু পাকিস্তানে রান বেশি হবে। আমরা রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি, যা আমাদের জন্য সহায়ক হবে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলই মানসম্পন্ন। সাম্প্রতিক সময়ে আমরা দ্বিপক্ষীয় সিরিজে ভালো করেছি, আগামীকাল যদি ভালো খেলি তাহলে জিতব।”

ভারতের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ এই টুর্নামেন্টে অনুপস্থিত। এতে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, “বুমরাহ বা কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না। তাদের দলে ম্যাচের ফলাফল নির্ধারণে সক্ষম এমন খেলোয়াড় আরও অনেক আছেন।”

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না: ফখরুল

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দেওয়া হলে বিএনপি তা মানবে না। তিনি আরও বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ তা মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো হলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদেরও জায়গা করে দিতে চায়। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে।

ফ্যাসিবাদীরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে তারা অংশ নিতে পারবেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার কথাই প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদীদের জায়গা করে দিতে চায়।

এ সময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘এটা কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন?’ উপস্থিত নেতাকর্মীরা তখন ‘না, না’ বলে জবাব দেন।

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেন, তার এমন মন্তব্যের পর অনেকে বলেছিলেন যে বিএনপি আরেকটি ‘এক-এগারো’ চায়। কিন্তু তিনি বলেন, ‘এক-এগারো’র সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। তাই তিনি সতর্ক করে বলেন, আবারও ‘এক-এগারো’র চেষ্টা বা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

দেশজুড়ে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল ও ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তিনি বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে প্রবাসফেরত এক যুবক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি।

মিলনের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মাঝ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রো ও একটি হায়েজ গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁওস্থ উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে আসলে গতিরোধ করেন ডাকাত দল। মুখোশধারী অজ্ঞাত চারজন ব্যক্তি খোলা পিক-আপের নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকে সহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তারা।

এ সময় গাড়িতে থাকা মিলনের বিদেশী মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার আলামত জব্দ

সাবেক আইজিপি শহীদুলের হাজার কোটি টাকার আলামত জব্দ

ডেস্ক রিপোর্ট:

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের দুই বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাতে শহীদুল হকের এক আত্মীয়ের বাসা থেকে এসব আলামত জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

আজ বুধবার এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের এক আত্মীয়ের বাসায় তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। এসব আলামতের মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

দুদক সূত্রে জানা যায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান ছিল। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়ে রেখেছেন। গোয়েন্দা তথ্যে আরো জানা যায়, নথিপত্রগুলো গোপন রাখার জন্য এক আত্মীয়র কাছ থেকে অন্য এক আত্মীয়ের বাসায় পাঠিয়েছেন তিনি। এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

এর আগে, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও তার স্ত্রী-সন্তান এবং তাদের নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশনের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যার প্রতিবেদন দুদকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান এবং তাদের তিন সন্তানের নামে ৭২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন মজিদ-জরিনা ফাউন্ডেশনের একাধিক হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। এসব হিসাবে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৬০ কোটি ২৮ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ৫৫০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ স্থিতি ছিল ১০ কোটি ২০ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

০১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

০২.ব্যবহারিক বিষয়-সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

০৩.পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

০৪.সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে।

০৫.সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট)। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২.২৫ মিনিট)।

০৬.প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।

০৭.প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।

০৮.পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

০৯.প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

১০.পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

ডেস্ক রিপোর্ট:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আট আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন। ওই দিন মামলাটির আসামিরা আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।

এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। দুদক আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করে তাদের খালাসের দাবি জানান।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লাখ টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অবৈধ ভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত (টিএনবি) ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহাবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।

আন্দোলনে নেতৃত্ব ও উৎসাহ জুগিয়েছেন

আন্দোলনে নেতৃত্ব ও উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান- কুমিল্লায় জয়নাল আবেদীন ফারুক

আন্দোলনে নেতৃত্ব ও উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান- কুমিল্লায় জয়নাল আবেদীন ফারুক

হাবিবুর রহমান মুন্না:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, ভারতীয় দাদাগিরি আর চলবে না। শেখ হাসিনা এখন মোদীর আঁচলের নিচে। মঙ্গলবার বিকাল চারটায় কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আপনার প্রতি সমর্থন আছে, সমর্থন থাকবে‌। আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেইমান নয়।

ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপেক্ষা করবে না।

তিনি আরো বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান। গত ১৬ বছর একটি মিডিয়া ও তারেক রহমানের নাম লিখেনি। সেই তারেক রহমান ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আঁস্তাকুড়ে পতিত হবেন ।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে রমজান মাস, কয়জন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন? যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে। কানাডায় বেগম পাড়া বাড়ি করেছে। তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন। যখনি মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখনি সত্য কথা বলবে, যখনি দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখনি তিস্তার পানির হিসাব চাইবে, যখনি আমাদের উপর অত্যাচারের বিচার চাইবে, তখনি কিছু কিছু লেজুরভিত্তিক দল আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

স্ত্রী-সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী

স্ত্রী-সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ

স্ত্রী-সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আসামিদের বিদেশ যাওয়া বন্ধে আদালতে আবেদন করেছিল দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি মোস্তফা কামাল, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলার তদন্ত চলছে। তদন্তের সময় আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ক্ষমতার অপব্যবহার করে ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মোস্তফা কামালের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা, তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে ৪৬ কোটি ১১ লাখ টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে ৩১ কোটি ৫৮ লাখ টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে দুইজনকে হত্যার অভিযোগ এবং একা‌ধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

ওসি বলেন, গ্রেপ্তারের পর আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

পুলিশও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।

গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক মামলায় আসামি তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে এ খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।