All posts by jitu

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের কান্দিরপাড়স্থ পূবালী চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন কর্তৃক উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% মেধার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপপরিচালক আইউব মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নূরুর রহমান খান, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আক্তার হোসেন খান, কুমিল্লা বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সদস্য-সচিব ডা. তাছলিমা বেগম (তুলি), চট্টগ্রাম বিভাগ মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বক্তব্য রাখেন।

মানববন্ধনকালে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সকল নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসন; যা বর্তমানে ২৬টি ক্যাডার নিয়ে গঠিত। যেখানে কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার, সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে উপসিচব পুলে একটি ক্যাডারের জন্য ৫০% কোটা সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করে মিডিয়ার সামনে উপস্থাপন করায় সিভিল সার্ভিসের অন্য ২৫টি ক্যাডারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, কমিশনের এ সকল সিদ্ধান্তের সুযোগ নিয়ে একটি মহল ইতোমধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার শুরু করেছে। সিনিয়র সার্ভিস পুল (বা উপসচিব পুল) এর পদসমূহ কোনো নির্দিষ্ট ক্যাডারের নয়। Service Act 1975 অনুযায়ী মেধার ভিত্তিতে এ সকল পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার। এছাড়া ২০১৮ সালের নির্বাচনের পর Service Act 1975 রহিত করে ২০২৪ এর নির্বাচনের পর এ সকল পদ নিজেদের তফসিলে অন্তর্ভুক্ত করেছে প্রশাসন ক্যাডার, যা মেধাভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রগঠনে মারাত্মক অন্তরায়।

মানবন্ধন কর্মসূচিতে সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হতে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করা হয়। বর্তমানে প্রতিটি সেক্টরে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা যারা সেই সেক্টর সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ। ফলে সেক্টরগুলো কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে পারছে না। তাছাড়া সকল সেক্টরে একটি ক্যাডারের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সকল সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। দেশের মানুষ প্রকৃত জনসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনবান্ধব সরকারের পরিবর্তে দেশে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকার। তাই জনবান্ধব পেশাদার সিভিল সার্ভিস গড়তে প্রতিটি মন্ত্রণালয় স্ব স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা দ্বারা পরিচালনার বিকল্প নেই।

মানববন্ধনকালে গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপনকালে ফায়ার সার্ভিসের কর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সচিবালয়ের অগ্নিকান্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি ফখরুলের

সচিবালয়ের অগ্নিকান্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (আজ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি তোলেন।

বিএনপি মহাসচিব বলেন, “সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু এবং ২-৩ জনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের ঘটনা ঘটায় এদের দায় এড়ানো অস্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাই। এছাড়াও নিহতের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

অনির্বাচিতরা দীর্ঘদিন থাকলে

অনির্বাচিতরা দীর্ঘদিন থাকলে অপকর্মে জড়ানোর শঙ্কা

অনির্বাচিতরা দীর্ঘদিন থাকলে অপকর্মে জড়ানোর শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ২০২৫ সালের তিন-চতুর্থাংশের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এ সময়কালের মধ্যেই সরকারের যেসব এজেন্ডা অর্থাৎ সংস্কার কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করে নির্বাচন করতে পারবে।

বাংলাদেশ বার কাউন্সিলের এ সদস্য আরও বলেছেন, অনির্বাচিত সরকারের কোনো জনভিত্তি থাকে না। জনভিত্তি ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকা কঠিন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার শঙ্কা তৈরি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারের বিস্তারিত:-

অন্তর্বর্তী সরকারের সাড়ে চার মাসে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি সম্পর্কে বলুন।

কাজল: দীর্ঘদিনের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার জাঁতাকল থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। স্বাধীনভাবে কথা বলতে পারছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণহীনতা ব্যতীত ব্যাপক চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির যে উৎসব বিগত সরকারের আমলে মানুষ প্রত্যক্ষ করেছে গত চার মাসে এগুলো আমরা লক্ষ্য করিনি। অন্তর্বর্তী সরকার অনেকটাই গণতান্ত্রিক। রাষ্ট্র পরিচালনায় তারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এর মধ্য দিয়ে জনগণের পালস বা মনোভাব তারা কিছুটা বুঝতে পারছে। কিন্তু অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের কোনো জনভিত্তি থাকে না। জনভিত্তি ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকা কঠিন। দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বর্তমান সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ ওঠেনি। তবে যে তরুণ প্রজন্মের সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্টের বিজয় এসেছে সেসব ছাত্রনেতা বা ছাত্র উপদেষ্টাদের কারও বিরুদ্ধে যদি কখনো এমন কোনো অভিযোগ আসে তাহলে এটি হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কলঙ্কজনক। সুতরাং, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা সরকার এবং জনগণ উভয়ের জন্য মঙ্গলজনক হবে। সরকার যেসব সংস্কার প্রস্তাব নিয়েছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সেগুলো চূড়ান্ত করে পরবর্তীতে বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের কাছেই ছেড়ে দিতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনকে কীভাবে দেখেন? আর এ আন্দোলনে বিএনপির অবদানকে কীভাবে মূল্যায়ন করবেন?

কাজল: জুলাই-আগস্টের আন্দোলনে সম্মুখ সারিতে ছিল ছাত্র-জনতা। আন্দোলনের মোমেন্টামও তারাই গ্রহণ করেছে। তবে এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। হাসিনার শাসনামলের শুরু থেকেই বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানাবিধ অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে করে দলীয়ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্তও হয়েছে বিএনপি। ইলিয়াস আলীর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ গুম হয়েছেন। বর্তমান সরকারের চার মাস পেরিয়ে গেলেও তার পরিবার এখনো জানে না ইলিয়াস আলীর ভাগ্যে কী ঘটেছে। হাজারখানেক মানুষ গুমের শিকার হয়েছেন, ৫০ লক্ষাধিক মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। এদের সিংহভাগই বিএনপির।

বিগত সরকারের বিরুদ্ধে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এসেছে। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও বিএনপি থেমে যায়নি। গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে সন্ত্রাসী হামলা চালানোর পরও বিএনপি নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন অব্যাহত রেখেছে। ওইদিন সমাবেশ ব্যর্থ হওয়ার পরদিন বিএনপি হরতাল ডেকেছিল। আওয়ামী সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, খুনের মাধ্যমে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল।

আমি একমাত্র ব্যক্তি যে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীদের মিছিল রাজপথে নিয়ে গেছি। সাংগঠনিক চেইন অব কমান্ডের বদৌলতে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান রাখতে পেরেছে। আমি নিজেও আইনজীবী হিসেবে গ্রেপ্তারের শিকার হয়েছি।

৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি মহাসচিব প্রথমে দলের পক্ষ থেকে জানিয়েছেন, ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। পরবর্তীতে তিনি বলেছেন, সর্বশক্তি দিয়ে আমরা এ আন্দোলনের সঙ্গে আছি। আন্দোলনকে চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারা মূলত রাজনৈতিক কর্মী। সরকারবিরোধী রাজনৈতিক শক্তির রাজনৈতিক কর্মীরাই আন্দোলনটাকে চূড়ান্ত মোমেন্টামে তুলে এনেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হাসিনা সরকারের দীর্ঘ দিনের চালানো খুন, গুম, নির্যাতন-নিপীড়ন এবং অধিকার হরণের বিপরীতে মানুষের যে ক্ষোভ তার গণ বিস্ফোরণের সমষ্টিগত ফল হলো ৫ আগস্টের বিপ্লব। সুতরাং এ বিপ্লব কোনো একক ব্যক্তির কিংবা একক গোষ্ঠীর নয়।

সরকারের সংস্কার কার্যক্রমকে কীভাবে মূল্যায়ন করবেন? বিএনপি কোন কোন সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে?

কাজল: বিএনপি যেসব বিষয়ে সংস্কার করতে চায় তার মধ্যে প্রধান হলো- সংবিধান সংস্কার। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই সংবিধান সংস্কার কমিটি গঠিত হয়েছে। সাত সদস্য বিশিষ্ট এ কমিটির আমি একজন সদস্য ছিলাম। এ কমিটি ৬৭টি সংস্কারের কথা বলেছে। বিগত আমলগুলোতে প্রধানমন্ত্রী তার একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করেছেন। তাই বিএনপি চায়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হোক। দ্বিতীয়ত, দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে শিক্ষাবিদ, চিকিৎসকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিদগ্ধ ব্যক্তিদের রাষ্ট্রপরিচালনায় অংশ নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এ জন্য বিএনপি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে। তৃতীয়ত, স্বৈরতান্ত্রিক মনোভাব থেকে মুক্তি পাওয়ার জন্য একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। চতুর্থত, বিএনপি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য সংস্কারের কথা বলছে।

সর্বোপরি, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবও অত্যন্ত যুগোপযোগী। এ প্রস্তাবগুলোকে সামনে রেখে আগামী দিনে দেশের সব সেক্টরকে দুর্নীতিমুক্ত এবং নিরপেক্ষভাবে ঢেলে সাজানো সম্ভব।

নির্বাচনি রোডম্যাপ নিয়ে আপনার ভাবনা কী?

কাজল: অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বর্তমান প্রেক্ষাপটে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এ সরকারের কাছ থেকে নির্বাচনি রোডম্যাপের প্রত্যাশা করছে। সরকারের যাত্রা শুরু থেকেই বিএনপি বলে আসছে, কিছু সংস্কারের জন্য তারা সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। যৌক্তিক সময় একেক সময় একেক রকম হয়। উদাহরণস্বরূপ, এক-এগারো সরকারের প্রতি প্রথম দিকে জনগণের যেরকম আস্থা ছিল, দুই বছর থাকার কারণে সেই আস্থায় ঘাটতি দেখা দিয়েছিল। সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকেই নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। আশঙ্কা প্রকাশ করছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সরকার সংশ্লিষ্ট অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতাস্পৃহা তৈরি হতে পারে। অনেকের মধ্যে দুর্নীতি ঢুকতে পারে। এ জন্য যত দ্রুত সম্ভব যেসব সংস্কার প্রস্তাব এসেছে সেগুলো ঘষা-মাজার মধ্য দিয়ে চূড়ান্ত করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা উচিত।

অন্তর্বর্তী সরকার সাংবিধানিক কোনো সংস্কার করতে পারবে না। তারা সংবিধানের পাশ দিয়ে হেঁটে চলছে। সরকারের একমাত্র সাংবিধানিক ভিত্তি হচ্ছে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ। যেখানে সুপ্রিম কোর্টের উপদেশমূলক পরামর্শ দেওয়ার ক্ষমতা আছে। সুতরাং অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের উপদেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ ছাড়া এই সরকারের আইনগত আর কোনো ভিত্তি নেই। তাই অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনের দিকে হাঁটবে তত দ্রুত জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে।

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখন কোন পর্যায়ে আছে?

কাজল: এই দুজন ছাড়াও হাসিনার আমলে বিএনপির প্রায় ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও মিথ্যা মামলার খড়গ থেকে বাঁচতে পারেননি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছিলেন শেখ হাসিনার প্রধান প্রতিপক্ষ। এখন একের পর এক এসব মামলা থেকে তারা খালাস পাচ্ছেন। এতে প্রমাণ হয় যে, সবকটি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ‘মাইনাস টু’র আলোচনা চলছে।

কাজল: এক-এগারোর অনির্বাচিত সরকারের সময়কার অগণতান্ত্রিক এবং বিরাজনীতিমূলক ‘মাইনাস টু’ এর স্মৃতি জনগণের মনে এখনো জাগরূক রয়েছে। অসাংবিধানিক, কূটকৌশলপূর্ণ এমন কোনো পরিকল্পনা এখনো যদি কারও মধ্যে তৈরি হয় তবে জনগণ তা বাস্তবায়িত হতে দেবে না।

তারেক রহমান বারবার বলছেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জের জায়গাগুলো কী কী?

কাজল: বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। মানুষ মনে করে, এখন নির্বাচন হলে বিএনপি একচ্ছত্রভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। বিএনপির এ রাজনৈতিক ভবিষ্যৎ যাদের কাছে আশঙ্কার কারণ কিংবা বিএনপির এ সাফল্যে যারা ভাগ বসাতে চায় তারা স্বাভাবিকভাবেই বিএনপির এ গতিধারাকে রুদ্ধ করার চেষ্টা করবে। এ জন্য তারেক রহমান তার নেতা-কর্মীদের সতর্ক করার জন্য চ্যালেঞ্জের কথা বলেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি কেমন?

কাজল: বিএনপি জনমানুষ এবং গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। বিএনপির রাজনৈতিক শক্তির বাইরে সবচেয়ে বড় শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা, তার ও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা এবং তারেক রহমানের প্রতি দলের সর্বস্তরের নেতা-কর্মীর আস্থা। তাদের প্রতি দলের এবং দেশের মানুষের আস্থায় বলীয়ান বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যদি প্রস্তুতি না থাকত তবে বিএনপি প্রতিনিয়ত নির্বাচনের কথা বলত না। যে কোনো সময় গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রতি দেশের জনগণ ভোটবিপ্লবের মাধ্যমে তাদের আস্থার বহিঃপ্রকাশ ঘটাবে।

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের বিষয়ে আপনার মন্তব্য কী?

কাজল: শেখ হাসিনাসহ বিগত সরকারের যারা জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিচারের দাবি সর্বজনীন। সর্বজনীন বিচারের প্রক্রিয়া ধরে আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে আদালতের সামনে রেখে বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারের ক্ষেত্রেও এ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটবে না। আমরা জানতাম বেগম খালেদা জিয়া কোনো এতিমের টাকা চুরি করেননি। কিন্তু তারপরও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে। একজন অভিযুক্ত ব্যক্তি আদালতের বিচারিক প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক।

স্বাধীন বিচার বিভাগ কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে?

কাজল: মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীন বিচার বিভাগ আমাদের সাংবিধানিক ভিত্তি। সংবিধানে বলা থাকলেও এতকাল এটি কেউ কার্যকর করেনি। যতটুকু কার্যকর করা হয়েছিল সেটাও বেগম খালেদা জিয়ার আমলে। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শাসনকালের শেষ দিকে শুরু হয়েছিল। বর্তমান সরকারের মধ্যে আইন মন্ত্রণালয় বিশেষ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে সম্পূর্ণভাবে আইন মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আইন মন্ত্রণালয়ও ইতিবাচক সাড়া দিয়েছে। বিচার প্রশাসনকে তারা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে আনার জন্য কাজ শুরু করেছে।

বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কী?

কাজল: বাংলাদেশের মানুষ তাদের ওপর দীর্ঘদিন ধরে চলে আসা অচলায়তন, অব্যবস্থাপনা ও দুঃশাসন থেকে স্থায়ীভাবে মুক্তি চায়। সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে। যত দ্রুত সম্ভব দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাবগুলোকে ঘষা-মাজার মাধ্যমে চূড়ান্ত করে সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের বাস্তবায়নের জন্য রেখে দিতে হবে। কারণ সংস্কারকে সাংবিধানিকভাবে আইনগত কাঠামো দেওয়ার ক্ষমতা ও যৌক্তিকতা অন্তর্বর্তী সরকারের নেই।

কমিশনগুলোর প্রস্তাবনা জমা দেওয়ার ডেটলাইন শেষ হয়ে আসছে। আগামী এক-দুই মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনায় ঐকমত্য তৈরি করতে হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাদের কাজ হবে দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন করা। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। তাদের কাজ হবে, হাসিনা এবং তার সরকারের দোসরদের অবিলম্বে বিচারের মুখোমুখি করা। এক্ষেত্রে আমার প্রস্তাবনা হলো, প্রয়োজনে একটা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বড় বড় দুর্নীতিগুলোর বিচার করা।

আইসিটিতে হাসিনাসহ তার দোসরদের এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিচারগুলো সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তা না হলে ৫ আগস্টের চেতনাকে নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। আমি মনে করি, আগামী ছয় মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করে ২০২৫ সালের তিন-চতুর্থাংশ সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।

কাজল : আপনাদেরও ধন্যবাদ।

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা ভারতে অবৈধভাবে প্রবেশ এবং বসবাস করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সহযোগিতায় ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়া সেখানে অবস্থান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের জাল নথি ব্যবহার করে আসছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

দাউদকান্দিতে লাশ উদ্ধারের

দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের (৩৬) মৃতদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।

গ্রেফতারকৃত রনি মিয়া(২২) চাদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাৎ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রী করতো। সহকারী হিসেবে এ্কই উপজেলার রনি মিয়া তার সাথেই থাকতো। বুধবার (২৫ ডিসেম্বর) ওই ঘরের কক্ষ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার কর্মচারী রনি পলাতক ছিল।

তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতারকৃত রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাৎ এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে বিক্রী করতো এবং একাসাথে একই কক্ষে থাকতো। ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

কেএফসি এখন

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি “ট্রান্সকম ফুডস লিমিটেড” ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবার কেএফসি’র ৪৩ ও ৪৪তম আউটলেট চালু হলো রাজশাহীর আলুপট্টি মোড় এবং কুমিল্লার কান্দিরপাড়, নজরুল এভিনিউতে।

কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠেছে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ও মজাদার কেএফসি’র খাবার।

কাস্টমারেরা উভয় ষ্টোরে ডাইন-ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসি’র ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে এবং সীমান্ত হত্যার মতো অমানবিক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ব্যক্তিগত সফরে সিলেটে এসে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে।”

মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

পরে দলের মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে নেতা-কর্মীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে যান।

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আগুন লাগে সচিবালয়ের ষষ্ঠ তলায়। ফায়ার সার্ভিস রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় এবং ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের একজন সদস্য শাহাদাত বরণ করেছেন। তিনি সচিবালয় থেকে একটি পাইপ বের করার সময় একটি ট্রাকের ধাক্কায় আহত হন এবং পরে মারা যান। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন, তবে তারা সবাই বর্তমানে সুস্থ আছেন।”

উপদেষ্টা আরও জানান, “আগুনটি ষষ্ঠ তলায় লেগে ওপরের দিকে ছড়িয়েছে, তবে নিচে নামেনি। এই ঘটনার তদন্তে হাই পাওয়ারের একটি কমিটি গঠন করতে কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অবশেষে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা করে। প্রাথমিক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং পরে সচিবালয় এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

হাজীগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষ পেলো

হাজীগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষ পেলো বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থার। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ রেলস্টেশন সহ উপজেলার বিভিন্ন গ্রাম ও ফরিদগঞ্জ উপজেলার মনতলা এবং ৫নং গুপ্টি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির সদস্যরা।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম সিফাত। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটা আমাদের ধর্মীয় দায়িত্বও বটে। শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ইমানি দায়িত্ব। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবন যাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। এ জন্য জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।

এদিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও হুডি জ্যাকেট পেয়ে খুশি অসহায় পরিবার গুলো। তারা সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি ইয়াসিন বরকন্দাজ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মোঃ রনি, সদস্য মাহবুব আলম নিশান, রাজু মির্জা, মোঃ ইউসুফ প্রমুখ।

উল্ল্যেখ, সংগঠনটি ২০২২ সাল থেকে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজে করে চলছেন। তারই অংশ হিসেবে সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ উপহার বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখেন সংগঠনের সদস্যরা।

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে মুস্তাফিজুর রহমান

ছবি: প্রথমআলো

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম নিবন্ধন করেছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারের পিএসএল ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মুস্তাফিজ। সেই আসরে তিনি ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নেন। তবে বাংলাদেশের জাতীয় দলের খেলা থাকায় তাকে আইপিএল শেষ না করেই দেশে ফিরে আসতে হয়।

গত আসরে ভালো পারফরম্যান্স থাকলেও এবারের আইপিএল মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি, কিন্তু কোনো দলই তাকে কেনেনি।

এবারের পিএসএলের ১০ম আসর শুরু হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

আইপিএলে না খেলার কারণে মুস্তাফিজ পিএসএলে খেলার সুযোগের প্রত্যাশা করছেন। তিনি আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলে মাত্র একটি আসরে অংশ নিয়েছেন। ২০১৭-১৮ মৌসুমে তিনি লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন এবং পাঁচ ম্যাচে ৪টি উইকেট নিয়েছিলেন, তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩। আইপিএল, পিএসএল ছাড়াও বিপিএল, শ্রীলঙ্কার এলপিএল এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে মুস্তাফিজের।