All posts by jitu

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার: ফ্রেন্ডশিপ প্রজেক্টের কোর্স সমাপনী ও সনদ বিতরণ

ডেস্ক রিপোর্ট:

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (বিএলএসডিসি) পরিচালিত এবং ফ্রেন্ডশিপ প্রজেক্টের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বিএলএসডিসির মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ মেজর মো. গোলাম হায়দারের (অব.) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এডুকেশন প্রগ্রাম, ফ্রেন্ডশিপ প্রজেক্ট রেজা আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষার্থী শাহিন আলম বলেন, ‘বসুন্ধরা ও ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানাই। আমাদের মতো অজপাড়া গায়ের সন্তানদের তারা নিজ খরচে কাজ শিখিয়ে আজ সার্টিফিকেট প্রদান করছেন। আমি এখানে তিন মাস ইলেকট্রনিকসের কাজ শিখেছি। এখন আমি এই সার্টিফিকেট ও মেধা কাজে লাগিয়ে চলতে পারব।’ মো. রাসেল নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি তিন মাসে ফ্রিজের কাজ শিখেছি। এখানকার শিক্ষকরা আমাদের হাতেকলমে কাজ শিখিয়েছেন। এখন আমাকে একটি ফ্রিজ সম্পূর্ণ খুলে দিলে তা ঠিক করে ফেলব। আমি এ জন্য ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপকে।’

প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি প্রশিক্ষণের গুণগত মানের প্রশংসা করেন এবং এর মাধ্যমে তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, বসুন্ধরার এ প্রশিক্ষণ সেন্টার থেকে কী শিখলে এবং কী করছো, সেটা দেখে তোমাদের পরিবারের ও সমাজের অন্যরাও কাজে লাগাবে। শুধু স্কিল ডেভেলপমেন্ট করলে হবে না, সেটাকে ইতিবাচক কাজে লাগাতে হবে। আমরা তোমাদের ভালো শিক্ষার্থী নয়, সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

আরো বক্তব্য দেন মো. অলিভ হুসাইন (অলিভ) ফ্রেন্ডশিপ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এডুকেশন ফ্রেন্ডশিপ, শিক্ষার্থী মো. শাহিন আলম ও মো. শাকিল মিয়া।

জুলাই গণহত্যা: প্রসিকিউশনের হাতে

জুলাই গণহত্যা: প্রসিকিউশনের হাতে হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

জুলাই গণহত্যা: প্রসিকিউশনের হাতে হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

ডেস্ক রিপোর্ট:

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

আজ (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পেতে যাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং বি এম সুলতান মাহমুদ।

প্রসিকিউটররা জানান, গুমের তথ্য-প্রমাণের পাশাপাশি হত্যাকাণ্ডের আলামত গায়েব করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল। তবে তারা ট্রাইব্যুনালে তথ্য প্রদানে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, “গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং হত্যাকাণ্ডের আলামত গায়েব করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে।”

ট্রাইব্যুনাল জানায়, কোটা আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এদিকে, কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (১৩ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, “অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া কল রেকর্ডগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে।”

প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন আলোচনা হলেও এখন পর্যন্ত প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, নিহতের সংখ্যা ৭০৮। নিহতের সংখ্যা নির্ধারণের জন্য তালিকা তৈরির কাজ চলছে।

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি উন্মুক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি উন্মুক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক রিপোর্ট:

লস অ্যাঞ্জেলেসের চলমান বিধ্বংসী দাবানলের মধ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি লস অ্যাঞ্জেলেস এলাকা থেকে সরে যাওয়া বন্ধুদের জন্য তার বাড়িটি উন্মুক্ত করে রেখেছেন। একই সঙ্গে তিনি সবাইকে এই বিপর্যয়ে মানবিক হতে আহ্বান জানিয়েছেন।

পিপল ম্যাগাজিনকে দেওয়া একটি সূত্র অনুযায়ী, অ্যাঞ্জেলিনা জোলি খুবই দুঃখিত হয়েছেন যারা বাড়ি হারিয়েছেন তাদের জন্য। তিনি বলেছেন, “অনেকে তাদের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

৭ জানুয়ারি প্যাসিফিক পালিসেডস থেকে শুরু হওয়া দাবানল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ১০ হাজারেরও বেশি স্থাপনা, যার মধ্যে রয়েছে বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে গেছে। এই দাবানল ৮০ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। তাদের মধ্যে রয়েছেন সেলিব্রিটি যেমন লেইটন মিস্টার, প্যারিস হিলটন, জেমস উডস, অ্যাডাম ব্রডি, ম্যান্ডি মুর, আন্না ফ্যারিস, রিকি লেকসহ আরও অনেকেই।

১০ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন সময়ে অ্যাঞ্জেলিনা জোলির এই মহানুভবতা সবাইকে মুগ্ধ করেছে। এর পাশাপাশি আরও অনেক সেলিব্রিটি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন হ্যালি বেরি, শ্যারন স্টোনরা, যারা আর্থিক সহায়তা দিয়ে সক্রিয় হয়েছেন। জেমি লি কার্টিস এবং তার পরিবারও ১ মিলিয়ন ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

ডেস্ক রিপোর্ট:

আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১০ হাজার ৩১৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাত দিনের অভিযানে ১৯ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৭৮৭ জন, নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৮০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২৫১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সৌদি আরবে বর্তমানে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং ৩ হাজার ৩১৫ জন নারীসহ মোট ৩৩ হাজার ৫৭৬ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৬৯ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ৩১৯ জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট:

গত ক্লাসিকোর ব্যর্থতা ভুলে শুরুতেই কিলিয়ান এমবাপের গোল এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে স্বপ্নময় সূচনা। কিন্তু সেই স্বপ্ন খুব বেশিক্ষণ টিকলো না। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দাপুটে ফুটবলে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে ৫-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড কাতালান দলটি আরও সমৃদ্ধ করলো ১৫তম ট্রফি জিতে।

গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।

এবার শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে তারা। খানিক বাদে তাদের গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে রিয়াল।

গত ক্লাসিকোয় বার্সেলোনার চার গোল করেছিলেন আক্রমণভাগের তিন তারকা রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও লামিনে ইয়ামাল মিলে। এবারও জালের দেখা পান এই তিন জনের প্রত্যেকে। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে লেভানদোভস্কি, ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে।

নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে করল বার্সেলোনা। ১৯৬৩ সালে রেয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্লাসিকোয় দেখা গেল এমন কিছু।

স্প্যানিশ সুপার কাপের গত আসরের ফাইনালে সৌদি আরবেই রেয়ালের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার মাদ্রিদের দলটিকে গুঁড়িয়ে মধুর প্রতিশোধও নিল তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। থিবো কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা পায় রিয়াল। বক্সের বাইরে থেকে ইয়ামালের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বেলজিয়ান গোলরক্ষক। চতুর্থ মিনিটে গাভির ক্রসে কাছ থেকে রাফিনিয়ার হেডও ঠেকান তিনি।

পরের মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই এমবাপের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে এগিয়ে যান ফরাসি ফরোয়ার্ড। ডিফেন্ডার বাল্দের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার ‘হাইলাইন’ ডিফেন্সে আটবার অফসাইডের ফাঁদে আটকা পড়লেও, এবার শুরুতেই গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা।

বারবার রিয়ালের রক্ষণে ভীতি ছড়ানো বার্সেলোনা সমতায় ফেরে ২২তম মিনিটে, ইয়ামালের চমৎকার গোলে। লেভানদোভস্কির থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে আরও দুজনের মধ্যে দিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।

পায়ে অস্বস্তি অনুভব করায় ২৯তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। তার জায়গায় নামেন রোনাল্দ আরাউহো।

৩৬তম মিনিটে সফল স্পট-কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। রেয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে গাভিকে ফাউল করলে শুরুতে সাড়া না দিলেও, ভিএআরের সাহায্যে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ২৬ গোল করলেন ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে চালকের আসনে বসে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান রাফিনিয়া।

প্রথমার্ধের ৯ মিনিট যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে বাল্দের কোনাকুনি শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া। খানিক পরই জালের দেখা পান ২১ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার। প্রতিপক্ষের ভুলের সুযোগে শাণানো প্রতি-আক্রমণে রাফিনিয়ার পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধে ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। এই সময়ে রিয়ালের ৮ শটের কেবল ২টি লক্ষ্যে ছিল।

৪৭তম মিনিটে রদ্রিগোর একটি শট পোস্টে লাগে। পরের মিনিটে আবার রিয়ালের জালে জড়ায় বল। নিজেদের অর্ধ থেকে মার্ক কাসাদোর পাস ধরে এগিয়ে যান রাফিনিয়া, বক্সে একজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৯টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি।

বক্সের বাইরে এসে এমবাপেকে ফাউল করে ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনি। ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত দেন রেফারি।

গাভিকে তুলে নিয়ে ইনিয়াকি পেনিয়াকে পোস্ট সামলানোর জন্য নামান বার্সেলোনা কোচ। একই সঙ্গে ইয়ামালের বদলি নামেন দানি ওলমো। ওই ফ্রি-কিকেই ব্যবধান কমান রদ্রিগো। বল পেনিয়ার হাত ছুঁয়ে পোস্টে লাগে জালে জড়ায়।

 

বাকি সময়ে বার্সেলোনার ওপর চাপ বাড়ায় রিয়াল। তবে গোলের দেখা পায়নি তারা কিছুতেই। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বার্সেলোনা।

এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম ফাইনালেই শিরোপার স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। মৌসুমে দারুণ শুরুর পর গত বছরের শেষ দিকে ব্যর্থতা জেঁকে ধরেছিল তাদের। তবে নতুন বছরের শুরুটা হলো দারুণ। বছরে প্রথম তিন ম্যাচের সবকটি জিতলো তারা।

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

হাবিবুর রহমান মুন্না/উজ্জ্বল হোসেন বিল্লাল:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে দুই দিন ব্যাপি কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার

রবিবার ( ১২ জানুয়ারি) বিকেল ৫ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তৌহিদুল ইসলাম।

 

 

এই সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কর অফিসের যুগ্ম কমিশনার জাকিয়া জাফরিন, কুমিল্লা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদা ও সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান আবু।

 

অতিথিরা বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার।

কুমিল্লা তায়কোয়ানদো এসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

লাকসাম উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে  ঢাকায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  লাকসাম উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে  ঢাকায়  দলের গুলশান কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে উভয় পক্ষকে  ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এই সময় মহাসচিব বলেন, লাকসাম উপজেলা বিএনপির সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান, হুমায়ুন পারভেজের ছেলে শাহরিয়ার রাতুলসহ লাকসামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আবারও বাড়লো সশস্ত্র বাহিনীর নির্বাহী

আবারও বাড়লো সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

আবারও বাড়লো সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুটি মাস (৬০ দিন) বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১২ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগে, গত ১৫ নভেম্বর, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ সোমবার (১৩ জানুয়ারি) শেষ হচ্ছে।

নতুন আদেশ অনুযায়ী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার উপরের কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবি’র প্রেষণে নিযুক্ত কর্মকর্তাদেরও) ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

এ ক্ষমতার মেয়াদ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬০ দিন পর্যন্ত থাকবে। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এই প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অপরাধসমূহ বিবেচনায় নিতে পারবেন।

প্রথমে, গত ১৭ সেপ্টেম্বর, সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার উপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের (বিমান ও নৌবাহিনীর কমিশন্ড অফিসারদেরও) এ ক্ষমতা দেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে ১৯ জুলাই সেনাবাহিনী মোতায়েন করে এবং কারফিউ জারি করা হয়। আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ৫ আগস্টের পর পুলিশ ছেড়ে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করে। তখন সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়, যা বর্তমানে আরও দুমাস বাড়ানো হয়েছে।

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত: ভারতীয় হাইকমিশনার

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত: ভারতীয় হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিপ্রেক্ষিতে, রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সশরীরে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের ব্যাখ্যা দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা করতে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশ সীমান্ত অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর, এবং এই জন্য সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত।

প্রণয় ভার্মা আরও বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া স্থাপনের বিষয়ে তাদের মধ্যে একটি সমঝোতা রয়েছে। বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ রাখছে এবং বাস্তবায়ন ও অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল।

রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে কিছুদিনের মধ্যে ডাকা হবে। তিনি জানান, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজিবি এই বেড়া নির্মাণ বন্ধ রাখতে কঠোর অবস্থানে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচটি স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল, এবং এখন সেই চুক্তিগুলোর পূর্ণবিবেচনা করা হবে।

সরকার আগামী সাধারণ নির্বাচনকে

সরকার আগামী সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায়

সরকার আগামী সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায়

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আগামী সাধারণ নির্বাচনকে একটি সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, “আমরা এটিকে একটি উদাহরণমূলক ও ঐতিহাসিক নির্বাচন হিসেবে গড়ে তুলতে চাই।”

রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা তার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি আঞ্চলিক পণ্যের বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে নরওয়ের কাছে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, “নরওয়েজিয়ান পণ্য এশিয়ায় বিতরণের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে লোক আনার প্রয়োজন না হয় এবং আমাদের যুবসমাজকে কাজে লাগানো যায়।”

অধ্যাপক ইউনূস উদাহরণ হিসেবে গ্রামীণফোনের কথা উল্লেখ করেন, যা নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম বিদেশি উদ্যোগ এবং যা পরবর্তীতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, “নরওয়ের প্রধানমন্ত্রী আপনার (ড. ইউনূস) সংস্কার উদ্যোগ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।”

তিনি বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং পরিবেশগত স্থায়িত্ব প্রচারে প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে জাহাজ পুনর্ব্যবহার শিল্প ও সবুজ জ্বালানি রূপান্তর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে পরিবর্তিত মিয়ানমার পরিস্থিতির প্রেক্ষিতে নরওয়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “শান্তি রক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে, তাই রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সাহায্য প্রয়োজন।”

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন জানান, নরওয়ে ফিলিস্তিনি ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

নরওয়ের উপ-মিশন প্রধান মেরিয়ানে রাবে কনেভেলসরুদ বাংলাদেশকে ফিলিস্তিনে মানবিক সহায়তা নিশ্চিত করতে নরওয়ে নেতৃত্বাধীন জাতিসংঘের প্রস্তাব সমর্থনের জন্য ধন্যবাদ জানান।