All posts by jitu

দাউদকান্দিতে প্রাইভেটকার

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত সুমন(৪০) ও ইয়াসিন(১৮)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়েছে। আর গুরুতর আহত এক নারীসহ তিনজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ইলিয়টগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দৌলতপুর স্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পিছনে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকা আরো চারিট ব্যাটারীচালিত অটোরিকশাসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি ও অটোরিকশার চালক যাত্রীসহ ৭জন আহত হয়। দুর্ঘটনায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, একটি প্রাইভেটকা নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সিএনজি এবং দাড়িয়ে থাকা কয়েকটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও অটোরিকশার চালকসহ ৬-৭জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বাহার ও তার পরিবারের সদস্যদের

বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ছাড়াও তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা এবং ছেলে আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে বিচারক এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদকের তদন্ত চলমান।

আবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে দুদক জানতে পেরেছে যে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করছেন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করছেন। তারা দেশ ছাড়লে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। তবে গুঞ্জন রয়েছে যে অভিযুক্তদের কেউ কেউ ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন।

কুমিল্লা শাসনগাছায়

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুটি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুটি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

পরিবেশ সুরক্ষার জন্য জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত বাদশা মিয়ার বাজার ও চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এ অভিযানে দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২০২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

অভিযানে মোবাইল কোর্টের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফরিদুল ইসলাম এবং মাহমুদা আক্তার জ্যোতি।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ এবং পরিদর্শক চন্দর বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কুমিল্লা আদালতে

কুমিল্লা আদালতে জনতার তোপের মুখে সাবেক আইজিপি শহিদুল

কুমিল্লা আদালতে জনতার তোপের মুখে সাবেক আইজিপি শহিদুল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে আদালতে তোলা হয়।

সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়। পৌনে এক ঘন্টার শুনানী শেষে বিচারক তাদের গ্রেফতারের নির্দেশ দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে রিমান্ড কার্যকর করার নির্দেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনজনকে আদালতে আনা হয়। আদালতে শুনানি শেষে কারাগারে নিয়ে যাবার সময় জনতার তোপের মুখে পড়ে সাবেক এই আইজিপি। উত্তেজিত জনতাকে সামাল দিতে বেগ পেতে পুলিশকে। এ সময় আইনজীবীসহ উপস্থিত সাধারণ মানুষজন আইজিপি শহিদুল হক, যুগ্মসচিব কিবরিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়।

২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ ই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।

বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীস সহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধেআদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও চৌদ্দগ্রামের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে কারাগারে নেয়া হয়।

বিয়ের খবর জানালেন

বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া

বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া

ডেস্ক রিপোর্ট:

হানিয়া আমির হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে তিনি সবার নজর আকর্ষণ করেছেন। বাংলাদেশের অনেক দর্শক কেবল হানিয়া আমিরের জন্য পাকিস্তানি নাটক দেখতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। অনেকেই জানতে চান, হানিয়া কখন বিয়ে করবেন। সম্প্রতি, অভিনেত্রী নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, হানিয়া বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন। সেখানে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয় আলোচনা করেন। এই অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে সম্পর্কে জানতে চান। এর জবাবে হানিয়া বলেন, “এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুব সাধারণ একজন মেয়ে। যখন বিয়ে করব, তখন তা সবাইকে জানিয়ে ধুমধাম করে ঘোষণা করব।”

বিশ্বজুড়ে হানিয়ার বিশাল ভক্তসমাগম রয়েছে। ভক্তদের সঙ্গে দূরত্বের প্রশ্নে তিনি বলেন, “বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিই ভালোবাসেন, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। আমি কখনোই আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না। আর তাই আমি প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করি। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আমি আনন্দিত।”

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ডাবস্ম্যাশে একটি ভিডিও শেয়ার করার পর হানিয়া তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আলোচনায় আসেন। এরপর তিনি অভিনয় শুরু করেন এবং সিনেমা ও বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেন। সম্প্রতি, হানিয়া অভিনীত ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিজটি শেষ হয়েছে, যেখানে তিনি ও ফাহাদ মুস্তাফা একটি দম্পতি চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজটি একটি দম্পতির সম্পর্ক নিয়ে, এবং এতে তাদের অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।

বাংলাদেশ শিবিরে

বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট:

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির চোটের কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ফলে তাকে ছাড়াই আজ, সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান দুটি করে জয় লাভ করেছে। শেষ ম্যাচে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এক নায়ক ছিলেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে শান্ত ব্যাট হাতে ১১৯ বল মোকাবেলায় ৭৬ রানের ইনিংস খেলেন। এছাড়া প্রথম ওয়ানডেতেও তিনি ব্যাট হাতে নেতৃত্ব দেন, সেখানে ৬৮ বলে ৪৭ রান করেন শান্ত।

দ্বিতীয় ম্যাচে খেলার সময় কুঁচকিতে চোট পান শান্ত। গতকাল তার এমআরআই পরীক্ষা করা হলেও আজ রিপোর্ট পাওয়া যায়, যেখানে চোটটি গুরুতর বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, শান্ত আজকের ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এদিকে, তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। তবে আফগানিস্তানও সহজে পিছু হটবে না। দু’দলের অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য কিছুটা আশার কথা শোনাচ্ছে।

ওয়ানডে ক্রিকেটে ১৮ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ, হার ৭টি। তবে দ্বিপক্ষীয় সিরিজে জয়-পরাজয়ের ব্যবধান তেমন বড় নয়। ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৬টি জিতেছে, আর আফগানিস্তান জিতেছে ৫টি। সিরিজ জয়ে বাংলাদেশ কিছুটা এগিয়ে, তবে ব্যবধান মাত্র ২-১। এদিন এই ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, যাতে নাজমুল শান্ত দলকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন।

নতুন মামলায় গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার দীপু মনি-শাহজাহান খানসহ ৮ জন

নতুন মামলায় গ্রেপ্তার দীপু মনি-শাহজাহান খানসহ ৮ জন

ডেস্ক রিপোর্ট:

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন চেয়ে শুনানি করেন, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এই আবেদনের বিরোধিতা করে আসামিদের কারাগারে পাঠানোর অনুরোধ জানান।

শুনানির সময় আদালতে সাবেক মন্ত্রী শাহজাহান খান বিচারকের উদ্দেশ্যে বলেন, “দয়া করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের হাতকড়া পরাবেন না।” শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন থানার শামীম হত্যা মামলায় শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন ও আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের আদেশের জন্য এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। রোববার শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার আদেশের দিন নির্ধারণ করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি, যার শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করেন। হাইকোর্টের রায় প্রকাশের পর ২০১৯ সালে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

গত ৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল দুটি ওঠে। চেম্বার আদালত শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন। এরপর আপিল বিভাগে পৃথক লিভ টু আপিল শুনানির জন্য ওঠে।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী কায়সার কামাল, এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী আসিফ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, মো. রুহুল কুদ্দুস এবং আইনজীবী গাজী কামরুল ইসলাম, জাকির হোসেন ভূঁইয়া, মাকসুদ উল্লাহ প্রমুখও শুনানিতে অংশ নেন।

জয়নুল আবেদীন শুনানিতে বলেন, বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিলেও হাইকোর্ট তা বাড়িয়ে দশ বছর করেন। তিনি আরও যুক্তি দেন যে, হাইকোর্টের এ আদেশে আইনি ত্রুটি রয়েছে।

দুদকের আইনজীবী আসিফ হাসান মামলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ মামলায় টাকা আত্মসাতের কোনো প্রমাণ নেই, বরং ফান্ডটি মুভ হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে জমা রয়েছে।

লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি: জমজম হোটেলকে জরিমানা

লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি: জমজম হোটেলকে জরিমানা

লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি: জমজম হোটেলকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বিএসটিআই-এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) অভিযানে আলেখার চর এলাকার হোটেল জমজম প্রতিষ্ঠানে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি লাইসেন্স গ্রহণে মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন – ২০১৮ অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার, জেলা প্রশাসক কার্যালয়, কুমিল্লা। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ, কাজী মো: শাহান এবং পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বিএসটিআই-এর নিয়ম লঙ্ঘন করে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয় এমন পণ্য বিপণনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিমাপে কম প্রদান করার দায়ে কুমিল্লায় সোনালী ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কম প্রদান করার দায়ে কুমিল্লায় সোনালী ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কম প্রদান করার দায়ে কুমিল্লায় সোনালী ফিলিং স্টেশনকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) অভিযানে কুমিল্লা আদর্শ সদর জাগুরঝুলি এলাকার মেসার্স সোনালী ফিলিং স্টেশন এর বিরুদ্ধে পরিমাপে কম প্রদান করার দায়ে পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির একটি অকটেন এবং দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ কম প্রদানে দায়ী হওয়ায়, ওই ইউনিটগুলো ডিটেইন করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন – ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। এছাড়াও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার কাজী মো: শাহান, এবং মেট্রোলজি পরিদর্শক আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ।

উল্লেখ্য, জনসাধারণকে সঠিক ওজন এবং পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে থাকে।