All posts by jitu

বরুড়ায় সাবেক সুপার স্টার হোটেলকে জরিমানা

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া বাজারের সাবেক সুপার স্টার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, আজ (৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে খাদ্য বিক্রির পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায় এবং ফিল্টারকৃত জার পানির ব্যবস্থা না থাকায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ হোটেলটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, গতকাল (৮ জুন) সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির স্থানের পাশেই ময়লার স্তুপ পড়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে আবর্জনার পাশে খাদ্যপণ্য বিক্রি, মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দাউদকান্দিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ৩

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২৫/২৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার(৮জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকায় মহাসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সক্রিয় সদস্য নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সমর্থনে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই, আওয়ামীলীগের নিষেধাজ্ঞা,মানিনা মানবোনা” সহ অন্যান্য স্লোগান দিয়ে একাধিক ব্যানারে ঝটিকা মিছিল করে। অপরাধ সংগঠনের ষড়যন্ত্রে লিপ্ত এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রচারিত ও প্ররোচিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের বিভ্রান্তি মূলক, বিদ্বেষ মূলক, কু-রুচিপূর্ণ স্লোগান দেয় মিছিলে ।

এ ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার দাউদকান্দি মডেল থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আব্দুল বারি জানান, সরকার বিরোধী মিছিলের ঘটনায় পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, বিটেস্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন ও জিংলাতুলি ইউনিয়ন ছাত্রীগের সদস্য আসিফ ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টিকা সংকটে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আদালত প্রতিবেদক:

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করার কথা জানিয়েছেন মামলার বাদীপক্ষ।

গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে মামলার এই আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে মামলাটি খারিজ করে দেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত তাঁর আদেশে বলেছেন—আসামিরা সরকারের অংশ ছিলেন এবং মামলায় যে সমস্ত ধারা আনা হয়েছে, তা আসামিদের ওপর প্রযোজ্য নয়। এই কারণেই মামলাটি খারিজ করা হয়েছে। তবে তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

মামলার বাদী এমপি শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, এটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে করা মামলা নয়। তাঁর নির্বাচনী এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একজন সংসদ সদস্য হিসেবে জনগণের স্বার্থে বিষয়টি আদালতের সামনে আনা তিনি নিজের দায়িত্ব মনে করেছেন। যাদের অবহেলায় এসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।

মামলার অন্য আসামিরা হলেন:

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সাইদুর রহমান।
সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার মূল অভিযোগসমূহ:

আবেদনে উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূস উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও তাঁর চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে, যা হত্যাকাণ্ডের শামিল। অন্য আসামিরাও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে যথাসময়ে হামের ভ্যাকসিন (টিকা) আমদানি না করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, যা নাগরিকদের মৌলিক অধিকার হরণের সমান।

আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করে আসছিল। কিন্তু ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি বন্ধ করে দেয়। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শুরু করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়।

ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা ও ক্ষয়ক্ষতির খতিয়ান:

মামলার আবেদনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের গত ২০ মে প্রকাশিত একটি সাক্ষাৎকারের সূত্র উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছিল, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং বর্তমান ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এর ফলে দেশে বিপুলসংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবেই অন্তত ৬১০ জন শিশু মারা গেছে। হাসপাতালের বাইরে আক্রান্ত ও মৃত শিশুদের একটি বড় অংশ এই পরিসংখ্যানে আসেনি। এই মানবিক বিপর্যয়ের কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়।

মুরাদনগরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।

সোমবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে মুরাদনগরের ‘মেসার্স বাদল ফুড এন্ড বেভারেজ’কে অবৈধভাবে অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া শ্রীকাইল রোডের ‘মেসার্স বি বাড়িয়া বেকারি’কে অবৈধভাবে ব্রেড ও বিস্কিট উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি উৎপাদিত প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা যায়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানায়, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও আ’লীগ নেতা রুমিসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে কুমিল্লা-৬ ( সদর- সদর দক্ষিণ) সংসদীয় আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমিসহ ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ্য করা হয়েছে , রবিবার দুপুরে কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসে এসে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

মিছিল থেকে ৪৮ জনকে আটক করে সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন। ৫ আগস্টের পরে কুমিল্লা জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যতগুলো ঝটিকা মিছিল, কার্যক্রম সংগঠিত হয়েছে তার সিংহভাগই রুমির অর্থায়ন ও নির্দেশনায় হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

কুমিল্লায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এ ঘটনা ঘটে।

মৃত রাসেল মিয়া (৪৬) সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানায়, রবিবার দিবাগত রাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় ওই যুবক।

সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংসদে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সোমবার বিকেলে সংসদে নোটিশ আকারে উত্থাপিত প্রস্তাবে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি দেশভাগের পরও চালু ছিল, তবে স্বাধীনতার পর এটি বন্ধ হয়ে যায়। পরে এর একটি অংশ ইপিজেডকে দেওয়া হলেও বিমানবন্দর চালু রাখার নির্দেশনা ছিল।

তিনি বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা এবং এখানে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। বিমানবন্দর চালু হলে যাত্রী চলাচল সহজ হবে এবং রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতেও সুবিধা হবে।

স্বাস্থ্যসেবা ও পর্যটনের ক্ষেত্রেও এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে যাতায়াত সহজ হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।

বিমানবন্দরটি দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বরুড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আদমপুর গ্রামে পানিতে ডুবে হাবিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব আদমপুর গ্রামের মো. আলী নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় হাবিব। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের প্রতি নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার তিতাস উপজেলায় একটি সরকারি খাদ্য গুদাম নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

সংসদে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কৃষিপ্রধান তিতাস উপজেলায় এখনো কোনো সরকারি খাদ্য গুদাম নেই। ফলে কৃষকদের উৎপাদিত ধান ও অন্যান্য খাদ্যশস্য সংরক্ষণে নানা সমস্যা দেখা দেয়। খাদ্যশস্য সংরক্ষণের উপযুক্ত অবকাঠামো না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। এ অবস্থায় তিতাস উপজেলায় একটি খাদ্য গুদাম নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সরকার তিতাসে একটি খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনার বিষয়টি সংসদকে অবহিত করে।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের মতে, তিতাসে খাদ্য গুদাম নির্মিত হলে কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ সহজ হবে, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

তিতাসবাসীর দীর্ঘদিনের এই দাবিকে জাতীয় সংসদে তুলে ধরে আবারও আলোচনায় এনেছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। স্থানীয়দের ভাষ্য, এলাকার কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে উপস্থাপনের মাধ্যমে তিনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি ও জননেতার স্বাক্ষর রেখেছেন।

সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার তিতাস উপজেলায় একটি সরকারি খাদ্য গুদাম নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

সংসদে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কৃষিপ্রধান তিতাস উপজেলায় এখনো কোনো সরকারি খাদ্য গুদাম নেই। ফলে কৃষকদের উৎপাদিত ধান ও অন্যান্য খাদ্যশস্য সংরক্ষণে নানা সমস্যা দেখা দেয়। খাদ্যশস্য সংরক্ষণের উপযুক্ত অবকাঠামো না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। এ অবস্থায় তিতাস উপজেলায় একটি খাদ্য গুদাম নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সরকার তিতাসে একটি খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনার বিষয়টি সংসদকে অবহিত করে।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের মতে, তিতাসে খাদ্য গুদাম নির্মিত হলে কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ সহজ হবে, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

তিতাসবাসীর দীর্ঘদিনের এই দাবিকে জাতীয় সংসদে তুলে ধরে আবারও আলোচনায় এনেছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। স্থানীয়দের ভাষ্য, এলাকার কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে উপস্থাপনের মাধ্যমে তিনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি ও জননেতার স্বাক্ষর রেখেছেন।