All posts by jitu

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় ইবনে তাইম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাইম।

নিহত স্কুল ছাত্র ইবনে তাইম চান্দিনা পৌর এলাকার রারিরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বড়গোবিন্দপুর আলী মিঞা ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। তাইম সকালে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনের ন্যায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে মারুতিতে উঠতে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনাটি নিশ্চিত করেন।

কুমিল্লায় মাদকের অভিযান, ৫৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় অবস্থিত ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনে।

অভিযানের সময় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে আটক করা হয়। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

তল্লাশীকালে তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ বোতল রয়্যাল গ্রিন হুইস্কি (৭৫০ মিলিলিটার), ১১ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৭৫০ মিলিলিটার) এবং ১৮ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৩৭৫ মিলিলিটার)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

লেংটার মেলা থেকে ফেরার পথে দাউদকান্দিতে দুর্ঘটনায় দুইজন নিহত

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশষ্কাজনক।

আজ বুধবার ভোর ৪ টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।চাঁদপুর জেলার মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় তারা।

নিহতরা হলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন। আহতরা হলো সিএনজি চালক
মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দূর্ঘটনা কবলিত সিএনজি চালক দাউদকান্দি কদমতলী এলাকার মো. সাগর মিয়া (৩৫)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর চিকিৎসা প্রদান করা হয়।

আহতরা জানান, কানড়া মাজারের সামনে সিএনজি থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী অজ্ঞাত একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি উল্টে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ২ নিহত হয় এবং চালকসহ ৪ জন আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি সনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সড়ক দূর্ঘটনা রোধকল্পে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে হাইওয়ে পুলিশকে আর কঠোর অবস্থানে যেতে হবে। পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে সড়ক সম্পর্কে সচেতন হতে হবে। আমরা সড়কে মৃত্যুর মিছিল আর দেখতে চাই না।

হোমনায় বিদেশী পিস্তলসহ একজন গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার হোমনায় বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার তথ্য অনুযায়ী তার নিকট থেকে ৭.৬৫ বিদেশী পিস্তল,ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি ( তদন্ত) দীনেশ দাস গুপ্ত জনান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিজের ঘরের বিক্ষোভে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

নিজের ঘরের বিক্ষোভে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ইসরাইলপন্থী নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা প্রশাসনের গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে টানা এক মাসের সংঘাত চলাকালে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন। পেজেশকিয়ানের দাবি, মার্কিন সমাজের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বাইরের প্রভাব নিয়ে ক্রমেই হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।

তিনি এই বিক্ষোভকে মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো যে দেশের মানুষ “নো কিংস” আন্দোলনে অংশ নিচ্ছে এবং “ইসরাইলকে অগ্রাধিকার” দেওয়ার নীতির বিরোধিতা করছে।

পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন নাগরিকেরা গণতন্ত্রের ওপর “ইসরাইলি প্রভাব” নিয়ে ক্লান্ত ও বিরক্ত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। দুই পক্ষের মধ্যে টানা এক মাস ধরে এই পাল্টাপাল্টি হামলা চলছে।

এ পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্ক, মিসর এবং সৌদি আরব যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নিলেও ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কারণে আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে।
সূত্র: আল জাজিরা

ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ- সেভ দ্য রোড

ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ- সেভ দ্য রোড

 

ডেস্ক রিপোর্টঃ

ঈদের আগে-পরের ১৫ দিনে ৩৫৮ সহ মার্চে সড়ক-রেল ও নৌপথে ঝরেছে ৫৮৭ জনের প্রাণ। গবেষণা-সচেতনা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো জানান- ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত সড়ক-রেল ও নৌপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর পুালিশ-প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারির অবহেলায় ছোট-বড় ৩৫০১ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫৯ জন।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- অদক্ষ ও ক্লান্ত চালকদের দ্বারা পরিচালিত বাস-ট্রাক দুর্ঘটনা অতিতের ঈদের চেয়ে যেমন বেশি ঘটেছে, তেমনি নারী ও শিশু হতাহত ও নিহতর ঘটনাও ঘটেছে বেশি। ১৯৩৭ জন নারী ও শিশু আহত এবং নিহত হয়েছেন ২৯৪ জন। ষাটোর্ধ¦ পুরুষ ৮১১ আহত এবং নিহত হয়েছেন ১১২ জন। ১৮-৫৫ বছর বয়সী পুরুষ ১১১১ আহত এবং নিহত হয়েছেন ১৮১ জন।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানাসহ সংশ্লিষ্ট গবেষণা সেল সদস্যদের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, বাংলা ভিশন, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাছরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদনে আরো জানানো হয় যে, এবার যোগাযোগ মন্ত্রী-সচিবসহ সংশ্লিষ্টদের অদক্ষতা ও দায়সাড়া গোছের বক্তব্যের সুযোগে গড়ে ওঠা পরিবহন সিন্ডিকেটের কাছে অতিতের চেয়ে অনেক বেশি জিম্মি হয়েছিলো সাধারণ মানুষ। শত ভাগ বেশি ভাড়া দিয়েও বাস না পেয়ে অনেককেই ট্রাকের ছাদে যেমন উঠে যেতে হয়েছে বাড়ির পথে, তেমনি যাত্রী হতে হয়েছে পিকআপের মত বিপদজনক বাহনে। সেই সাথে যোগ হয়েছিলো জ্বালানি সংকটের বিড়ম্বনাও।

সড়ক-রেল ও নৌপথে ৩৮৫৯ টি দুর্ঘটনায় মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ শত ২০ কোটি টাকারও বেশি বলে ধারণা করছেন সেভ দ্য রোড-এর গবেষণা সেল সদস্যগণ।

আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে জানানো হয়- ২০২৪ সালের ৮ আগস্ট থেকে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিলো তৎকালিন যোগাযোগ উপদেষ্টার অবহেলা আর উশকানির পাশাপাশি বিআরটি-এর তৎকালিন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে, সেই ধারা এখনো অব্যাহত আছে এই সরকারের সময়ে। কারণ অতিতের সরকারগুলোর মত এই সরকারও সড়কে ফিটনেসবিহীন বাস, ড্রাইভিং লাইসেন্সহীন চালক এবং শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে কেবলমাত্র সংশ্লিষ্ট সেক্টরে জগদ্দল পাথরের মত চেপে থাকা দুর্নীতিবাজ আমলা, মালিক ও শ্রমিক নেতাদের সীমাহীন দুর্নীতি-চাঁদাবাজী ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে। সড়কে চরম নৈরাজ্য-আইন না মানার সংস্কৃতি তৈরি হওয়ায় ক্রমশ সড়কে দূর্ঘটনা যেমন বৃদ্ধি করছে, তেমন আহত এবং নিহতের সংখ্যাও বাড়াচ্ছে। এমতবস্থায় সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সরকারি সহায়তার মাধ্যমে সমাজসচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবি কর্মকাণ্ডের গতি বৃদ্ধির লক্ষ্যে সরকারের মন্ত্রী-সচিবসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রয়োজন।

সেভ দ্য রোড-এর দাবি অনুযায়ী প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না করা ও হাইওয়ে পুলিশসহ জেলা-উপজেলা পর্যায়ের পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে এবারও ঈদযাত্রার ১৫ দিনে সড়কপথে ডাকাতির ঘটনা ঘটেছে। ১২২ টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন ৯৬ জন। এছাড়াও নারী শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে ৩১৬ টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ১ টি। যার অধিকাংশই থানা-পুলিশের স্মরণাপন্ন হয়ানি বলে প্রত্যক্ষদর্শী ও সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যে উঠে এসেছে।

নৌপথে কোস্টগার্ড ও নৌপুলিশের দায়িত্ব অবহেলার কারণে ১০২ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৩ জন এবং নিহত হয়েছেন ১৫ জন। রেলপথে ২০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২১০ জন এবং নিহত হয়েছেন ১৪ জন। আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে শতাধিতক হজ্জ যাত্রীসহ ২৫৬ জন যাত্রীকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়েছিলো।

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে গত ১৮ বছর ধরে রাজপথে থাকা স্বেচ্ছাসেবি-গবেষণা ও সচেতনতামূলক সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে প্রতিবেদনে আরো বলা হয়- সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগণের সমন্বয়ের কোন বিকল্প নেই বলে। পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৮ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবি নিয়ে কাজ করছে। ৭ দফা- ১. মিরেরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।

উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এ্যাড. সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এ্যাড. সলিম উল্যা সেলিম

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম। চাঁদপুর ছাড়াও দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন— ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তাঁরা হজ ও উমরাহ বিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে ঐকমত্য পোষণ করেছে। এ বৈঠকের ফলে বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) সৌদির স্থানীয় সময় বেলা ১১ টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব অসাধারণ অগ্রগতি সাধন করেছে। এছাড়া, হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন হয়েছে। এজন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ। এ দু’দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।

এর আগে বৈঠকে যোগদানের জন্য কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে বাংলাদেশের ধর্মমন্ত্রীকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল স্বাগত জানান।

এ বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার তুলে দেন ধর্মমন্ত্রী। সৌদি হজ ও উমরাহ মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

চুক্তি বাতিল করেছে জিওস্টার, বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চুক্তি বাতিল করেছে জিওস্টার, বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

 

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বাংলাদেশে সম্প্রচার বন্ধ। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার- এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে দলে নেওয়ার পরও ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে টুর্নামেন্ট থেকে মোস্তাফিজককে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ কারণে ভারতে নিরাপক্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

এরই মাঝে জিওস্টার চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ নেই।

চুক্তি বাতিলের কারণ হিসেবে তারা দাবি করেছে, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব‍্যর্থ হওয়ায় জিওস্টার চুক্তি বাতিল করেছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন‍্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস।

প্রশাসকদের নিয়ে জিয়া, খালেদার মাজারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রশাসকদের নিয়ে জিয়া, খালেদার মাজারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

শেখ ফরিদ উদ্দিন, ঢাকাঃ

জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকদের নিয়ে আজ সোমবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় প্রশাসকবৃন্দের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়াসহ অন্যান্য নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।