All posts by jitu

কারাগারে থাকা ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

এসব পরীক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

এছাড়া ঢাকা জেলার ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি চলছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।

নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরের আগে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে। জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূর্ণ হয়েছে। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি তারা শ্রেণিকক্ষে ফিরে যাবে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হবে এটা জাতি চায় না। শিক্ষাজীবন স্বাভাবিক গতি ফিরে পাক এটা আমাদের প্রত্যাশা।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। জামায়াত-শিবির নিষিদ্ধে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুলের বিবৃতি দেখলে বোঝা যায়, তাদের সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়।

নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। তাদের মতামতের কারণে তৃতীয় শক্তি উসকানি হিসেবে সুযোগ নিতে পারে। সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নজর দেয়ার আহ্বান জানাই।

বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ পালন করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করেন তারা।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে জুমার নামাজের পর একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাবের দিকে চলে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই ভরে যায় প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে ঢাকার উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজের সামনে গণমিছিল করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ দিন প্রথমে সমাবেশ করে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, ’ ‘সামনে আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ’ ইত্যাদি।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে। হত্যার পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান।

শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে অংশ নেন কলেজের অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও শিক্ষার্থীদের সঙ্গে স্লোগান ধরেন।

তারা বলেন, এ ধরনের অন্যায়ের বিচার চাই। তাই বৃষ্টি উপেক্ষা করেই মেয়ের সঙ্গে কর্মসূচিতে এসেছি।’

মোবাইল নেটওয়ার্কে ফের বন্ধ ফেসবুক

ডেস্ক রিপোর্ট:

মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে অনেকে টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না বলেও জানা যাচ্ছে।

তবে ব্রডব্যান্ড সংযোগে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

এদিকে আজ দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মিছিলের খবর পাওয়া গেছে।

মিরসরাইতে সংসদ সদস্য রুহেল এর নেতৃত্বে বিশাল শোক র‍্যালী

নিজস্ব প্রতিবেদক:

চলমান প্রেক্ষাপটে শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আগস্টের ১ম দিন বিশাল শোক র‍্যালী আয়োজন করে। শোক থেকে যেন শক্তি এই মর্ম উপলব্ধি হয় কয়েক হাজার লোকের উপস্থিতিতে সম্পন্ন শোক র‍্যালীতে। স্থানীয় সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল শোক র‍্যালীতে অগ্রভাগে নেতৃত্ব দিন। বৈরী আবহাওয়ার জন্য শোক র‍্যালীতে অনেকে অংশগ্রহণ করতে পারেনি।

শোক র‍্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা চলমান নানাবিধ ইস্যু নিয়ে গঠনমূলক, উদ্বুদ্বমূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন “ছাত্রদের যোক্তিক আন্দোলন নিয়ে একটি কুচক্রী মহল অযোক্তিক আন্দোলন শুরু করেছে। কোর্টের রায় ছাত্রদের দাবির পক্ষে গেছে। আমরা ছাত্রদের সাথে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের পক্ষে রয়েছেন। নাশকতাকারীরা কোমলমতি ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের দুরভিসন্ধি হাসিল করছে। সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু’র আদর্শ ছাত্রদের মাঝে তুলে ধরতে হবে।

শোক র‍্যালী ‘র বিষয়ে মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো.এনায়েত হোসেন নয়ন বলেন ” আমাদের প্রিয়নেতা মাহবুব রহমান রুহেল ভাইয়ের সরাসরি তত্বাবধানে ১৬ ইউনিয়ন, দুই পৌরসভা এর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, সহ সকল সহযোগী সংগঠন, মেয়রগণ,চেয়ারম্যানগণ সহ সবাই ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে শোক র‍্যালীতে হাজির হয়েছে। রুহেল ভাইয়ের নির্দেশনায় আমরা উজ্জীবিত, উদ্বেলিত। ”

এ সময় সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র,সভাপতি সাধারণ সম্পাদক, সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ,জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের সভাপতি মাইনুত ইসলাম রানা,সহসভাপতি আশরাফুল কামাল মিঠু,সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম সহ আহবায়ক সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, ১৫ শিক্ষার্থী আহত

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চাঁদপুরে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করতে নেমে ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া এবং হামলায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ষোলঘর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে তাদেরকে একাধিকবার ধাওয়া করে ছাত্রলীগ ও যুবলীগ। ধাওয়া খেয়ে আবারও শিক্ষার্থীরা অবস্থান নেন শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে। সেখানে তারা স্লোগান দিতে থাকেন।

বিকেল ৫টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে। শিক্ষার্থীদের মধ্য থেকে ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা করে। পুলিশের সামনেই ছাত্রলীগ ও যুবলীগের লোকজন লাঠিসোঁটা দিয়ে শিক্ষার্থীদের পিটিয়ে ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে শহরের পশ্চিম দিকে নিয়ে যায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের বিপরীত দিকে অবস্থান করেন। শেষ মুহূর্তে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা তাদেরকে লাঞ্ছিত করেছে। তাদের চুল ধরে টানাটানি করেছে। পুলিশ থাকা সত্ত্বেও ছাত্রলীগের ছেলেরা তাদের গায়ে হাত দিয়েছে।

এদিকে ঘটনার পর পুলিশের একাধিক গাড়ি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল এবং পুরো শহরে টহল দেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন বলেন, ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে টহল জোরদার করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ছাত্রদের আন্দোলনে এখন আর ছাত্ররা নেই। এখানে অন্য অনেকে ঢুকে গেছে। তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের সরকারবিরোধী বক্তব্য দিচ্ছে এবং উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করছে। তাদের মধ্যে এখন কথা কাটাকাটি এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তাদের মধ্যে কেউ বিষয়টি বুঝতে পারছে আবার কেউ বুঝতে পারছে না। এমন অবস্থায় এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি এবং তাদেরকে চলে যাওয়ার জন্য বলেছি।

সূত্র: ঢাকাপোষ্ট

দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে: আব্দুস সবুর এমপি

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতায় নিহতদের স্বরণে দাউদকান্দিতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার(১আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দি সদরে আওয়ামী লীগ অফিস থেকে এ শোক মিছিলটি সদরের বিভন্ন সড়ক পদক্ষিন করে।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাসেল স্কয়ার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন- এদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, আর কোটা আন্দোলনের নামে সহিংসতা করে ৯০ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। কোটা আন্দোলনের নামে এই ধ্বংস লীলা চালিয়ে অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনসহ দেশ প্রেমিক সবাই এই দেশকে বাঁচাতে হবে। জামাত শিবিরের জঙ্গিগোষ্টিকে সমূলে নির্মূল করে এদেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর আরও বলেন, আন্দোলনের নামে আমাদের উন্নয়নের উপড় আঘাত এনেছে, আমাদের টিভি সেন্টারের উপর আঘাত এনেছে, আমাদের ডাটা সেন্টরের উপর আঘাত এনেছে, তারা আঘাত এনেছে মেট্রোরেলের উপর, তারা আঘাত এনেছে এ্যালিভেটেট এক্সপ্রেসের উপর। এই ডাটা সেন্টার নষ্ট করায় হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স আসা বন্ধ হয়েছে, অনলাইন ব্যাংকিং বন্ধ হয়েছে, এলসি বন্ধ হয়েছে । তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই, তার রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ইজ্জত হারানো মা বোনদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। তারা এই রাষ্ট্রকে ভঙ্গুর করার জন্য আন্দোলন করেছে, তারা এই রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায়, তারা এই আগামী প্রজন্মকে পিছিয়ে দিতে চায়।

তাই ছাত্র-ছাত্রী ভাই-বোনদের প্রতি আবেদন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটা আন্দোলনের যৌক্তিক দাবীকে মেনে নিয়েছেন। তিনি ছাত্র আন্দোলন ও রাজনীতি করেই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানেন কার কি সমস্যা। সেই সমস্য উপলদ্ধি করেন বলেই ছাত্রদের দাবী মেনে নিয়েছেন। শিক্ষার্থীরা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু জামাত বিএনপির জঙ্গিগোষ্ঠী তথকথিত আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দিতে চায়।

লন্ডন থেকে তারেক জিয়ার হুকুমে জামাত শিবির দোতলা চারতলায় থাকা শিশু বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তার (তারেক জিয়া) নির্দেশ ছিল শত শত লাশ দরকার , তার নির্দেশ ছিল আগুন দিয়ে দেশে সম্পদ জ্বালিয়ে দেয়া। কিন্তু দেশে ছাত্র ছাত্রী ভাইয়েরা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে। তাই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌছবো। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম রুহুল আমিন, সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার , বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল প্রমূখ।

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুবি শিক্ষকদের মানববন্ধন, পথে বাধার অভিযোগ

 

চাঁদনী আক্তার, কুবি:

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসার পথে আওয়ামীলীগের নেতা-কর্মী কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ তোলেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষক এ মানববন্ধনে অংশ নেয়।

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কাজী. এম আনিছুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত শিক্ষকেরা সারাদেশে শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বক্তব্য রাখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আসার পথে আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক পথে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ তুলেন।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, আমাদের অনেক সহকর্মী জানিয়েছেন, কোটবাড়িতে তাঁদের আটকে দেয়া হচ্ছে, তারা শিক্ষক পরিচয় দিয়েও ক্যাম্পাসে আসতে পারেনি। প্রক্টরকে জানিয়েছেন, তারা আসতে চান, কিন্তু সে ব্যবস্থাও করা হয়নি। আমার প্রশ্ন যারা শিক্ষকদের আটকাচ্ছেন তারা আসলে কারা? তারা কী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এটা কোন ব্যবস্থার মধ্যে বাস করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের ক্যাম্পাসে আসতে পারবেন না।

বাধা প্রাপ্ত হওয়া নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিমা নাসরিন বলেন, মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি সিএনজি করে ক্যাম্পাসে আসআর পথে প্রায় দুইশত ছেলেপেলে আমার সিএনজি আটকায়। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেয়ার পরেও ওরা আমাকে বাধা দেয়। সিএনজি ঘুরিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। যখন আমি ফিরে যেতে চাচ্ছিলাম না তখন কয়েকজন আমার শরীরে হাত দিতেও এগিয়ে আসে। এরপর অনেকক্ষণ চেষ্টা করে আমি তাদের কাছ থেকে ক্যাম্পাসে আসার অনুমতি পাই। কিন্তু আমি আসতে পারলেও আমার অনেক সহকর্মী আজকে চেষ্টা করেও ক্যাম্পাসে আসতে পারেনি। পথে পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে।

এছাড়াও গত ১৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হওয়া সন্তানের মা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার বলেন, আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে এজন্য আমি এখানে আসিনি, শুরু থেকেই আমার শিক্ষার্থী, সাধারণ মানুষদের উপর নিপিড়ন, হত্যা এসব ঘটনা নিয়ে আমি মর্মাহত ছিলাম অন্যান্য শিক্ষকদের মতই।

আমার সন্তান গুলিবিদ্ধ হওয়ায় আমি নিতে পারতেছিলাম না, আর যাদের সন্তানদের হত্যা করা হয়েছে তারা যে কী মানসিক যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে! আমরা দেখেছি নিরস্ত্র শিক্ষার্থীদেরকে টার্গেট করে গুলি করা হচ্ছে। এই যে নৈরাজ্য অবস্থা, তার দ্রুত নিরসন চাই আমরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলি তারা যেন আন্দোলনের পাশে থাকে সবসময়।

এসময় ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশীও সারাদেশে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন। এছাড়াও বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাবেল সাথে উপস্থিত ছিলেন।