All posts by jitu

অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা, বিকেল ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও সিন্ডিকেট সভা ডেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকে আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ছাত্রলীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার কয়েকটি স্থানে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় কোটা আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কারের দাবি নিয়ে কাউতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা কাউতলীর প্রধান সড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন মিছিলটির গতিরোধ করেন। তখন আন্দোলনকারীরা ও রবিনের কথা কাটাকাটির একপর্যায়ে আন্দোলনকারীরা রবিনের ওপর হামলা করে ও ইটপাটকেল ছুড়েন। এতে রবিনের কপাল কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা এসে ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্ক তৈরি করতে ছাত্রলীগের কর্মীরা ১০-১৫টি ককটেল বিস্ফোরণ করে। তাছাড়া শহরের কাউতলীর মোড়ে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, পুলিশ তৎপর রয়েছে। ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্ত করা হবে। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের এক নেতা আহত হয়েছে বলে শুনেছি।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এদিন সিন্ডিকেটের এক সভা বসে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই দুপুর পৌনে ১২টার দিকে ওই সভা শেষ হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন।

এ অবস্থায় মঙ্গলবার রাতে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে সরকারের এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সই করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

এরও আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ঘোষণা করে সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১৮ জুলাই) সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষার্থীর নিরাপত্তায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আমরাও দুশ্চিন্তায়: পলক

ডেস্ক রিপোর্ট:

কোটাবিরোধী আন্দোলনে চলমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন বলে জানিয়েছেন ডাক, টেলিযাগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরাও আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। গতকাল বিকেলের পর থেকে ঢাকা ও ঢাকার বাইরে যত সহিংসতা হয়েছে, যতগুলো প্রাণহানি হয়েছে; তা খুবই উদ্বেগের। সবাইকে বলবো—সচেতন হন, সহিংস হবেন না। আইনশৃঙ্খলা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করবে।

বুধবার (১৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সহিংসতার ঘটনায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো অবশ্যই বিবেচনায় নেবেন। তাদের সহায়তা করার জন্য বিষয়টি আপিল বিভাগে গেছে, আপিল করাও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেন। তিনি গত কয়েকদিনের ঘটনায় ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারীদের চিহ্নিত করবেন, ব্যবস্থা নেবেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি যেটা শান্তিপূর্ণ ছিল, অরাজনৈতিক ছিল। সেখান থেকে কিছু স্বার্থান্বেষী মহল, তারা মিথ্যা-গুজব ছড়ালো দুজন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা ছড়ালো, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম এ গুজবের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং কিছু রাষ্ট্রের মুখপাত্রও বিবৃতি ও বক্তব্য দিলো। তারা এর মাধ্যমে গুজবকে স্বীকৃতি দিলো।

‘এ গুজবের প্রেক্ষিতে, উসকানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেলো। বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬-৭ জন মানুষের জীবন চলে গেলো। তাদের জীবন চলে যাওয়ার পেছনে কী মিথ্যা ও গুজব ছড়ানোর যেসব প্ল্যাটফর্ম তারা কি দায়ী নয়?’ বলে প্রতিমন্ত্রী।

সরকার বাকস্বাধীনতা নিশ্চিতে বিশ্বাস করে জানিয়ে পলক বলেন, আমরা মুক্ত বাকস্বাধীনতায় বিশ্বাস করি। ছাত্র-ছাত্রীরা তাদের মতামত প্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন রক্তাক্ত হয়েছে, সেটা যেভাবেই হোক; তা নিয়ে যখন কেউ মন্তব্য দিচ্ছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু অনেক গুজবও ছড়াচ্ছে। আমার অনুরোধ— সোশ্যাল মিডিয়াতে ছড়ানো তথ্য দেখেই যেন তারা আবেগী সিদ্ধান্ত না নেন। কোনো উসকানিতে যেন সহিংস অবস্থানে নেমে পড়বেন না।

এর আগে জুনাইদ আহমেদ পলক ‘সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম: বাংলাদেশ পাথ ফরওয়ার্ড’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে বক্তব্যে তিনি বলেন, গুজব, অপতথ্য ও বুলিং ছড়িয়েপড়া রোধে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ ডিজিটাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্তর্জাতিক সংস্থাগুলোকে ডিপফেক, সাইবার বুলিং নিয়ে ফেসবুককে জবাবদিহি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি চার্লস হোয়াইটলি।

শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা, যা বলল জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন- হ্যাঁ, আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালো ভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছি।

তিনি আরও বলেন, আমি মনে করি- বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে।

স্টিফেন ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা।

গভীর রাতে পালিয়েছেন ইডেন কলেজের ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাত থেকেই একে একে ছাত্রলীগের নেত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল থেকে বের করে দেয়। এ সংবাদ সামজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ভয়ে হল থেকে পালিয়ে যান রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে জানিয়েছে একাধিক সূত্র।

জানা গেছে, ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে গভীর রাতে হল থেকে পালিয়ে যান তারা।

শুধু তাই নয় জানা গেছে, ভোর হওয়ার আগেই ইডেন কলেজের প্রায় সব নেতাকর্মীই হল থেকে পালিয়ে গেছেন। সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সেক্রেটারিসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, কোটাবিরোধী চলমান আন্দোলন মঙ্গলবার দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: যুগান্তর

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:

কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) অন্যতম সমন্বয়ক আবু সাঈদের (২৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

এ সময় মানুষের ঢল নামে। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। সেখানে অপেক্ষমাণ ছিলেন শত শত মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, আবু সাঈদের বাবা মকবুল হো‌সেন পেশায় একজন দিনমজুর। অর্থাভাবে কোনো ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে পারেননি তিনি। আবু সাঈদ ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল সাঈদ। তাকে ঘিরে আকাশসম স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার।

আবু সাঈদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। কারণ সাঈদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন। মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল সাঈদ। সেই ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম।

জানা গেছে, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। তিনি স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে এলাকার খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জি‌পিএ-৫ পে‌য়ে এসএসসি পাস করেন। এরপর রংপুর সরকা‌রি কলে‌জ থেকেও এইচএসসিতে জি‌পিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

পরে বেগম রো‌কেয়া‌ বিশ্ব‌বিদ্যাল‌য়ে ইং‌রে‌জি বিভাগে ভ‌র্তি হন আবু সাঈদ। বেঁচে থাকলে আবু সাঈদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেলসহ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাঈদ। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এ কারণে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী বলেন, এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় আরও অনেকেই এসেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত শিক্ষার্থী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের নাম পেয়েছি: ডিবিপ্রধান

ডেস্ক রিপোর্ট:

সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে একটি গ্রুপ অর্থ ও অস্ত্র দিয়ে অপরাজনীতি ও ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়েছে। তাদের সবার নামের তালিকা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৭ জুলাই) সকালে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, অর্থ-অস্ত্র দিয়ে একটি গ্রুপ যেভাবে কাজ করছে একই গ্রুপ গুজব ছড়িয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কোটাবিরোধী আন্দোলনে। যারা গুজব ছড়াচ্ছে ও অর্থ দিয়ে সহযোগিতা করছে তারা অতীতেও ষড়যন্ত্র করেছে। আমরা তাদের ছাড় দেয়নি।

হারুন অর রশীদ বলেন, যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোমলমতি ছাত্রদের ব্যবহার করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেলের স্লিপার তুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাদের সবার নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে শিগগির ডিবি ও ডিএমপির একাধিক টিম অভিযান চালাবে।

ডিবিপ্রধান বলেন, কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করছিল। সাধারণ ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়াগায় বসে সরকারবিরোধী স্লোগান দেওয়া শুরু করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এছাড়া গাড়িতে আগুন, রেল লাইনের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সবগুলো বিষয় গোয়েন্দা পুলিশ নিবিড় পর্যবেক্ষণ করে। কোটাবিরোধী আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি গ্রুপ অর্থ, পানি, লাঠি ও অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে দুটি বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এছাড়া স্বাধীনতাবিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল-সমাবেশ করেছে। আদালতের নির্দেশনা না মেনে কোটাবিরোধী আন্দোলন ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে।

হারুন অর রশীদ আরও বলেন, বিএনপি অফিসে অভিযানে শতাধিকের বেশি ককটেল, পাঁচ বোতল পেট্রোল, ৫০০ লাঠিসোঁটা, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সাতজনকে আটক করা হয়েছে।

জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, পালিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের ১৯টি কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই হলের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাত ১১টার কক্ষগুলোতে ভাঙচুর করেন।এ ঘটনার পর হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থী হলের নিচে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে হলের ছাত্রলীগের নেতাদের কক্ষ ভাঙচুর করেন তারা।

বঙ্গবন্ধু হলের তিনতলায় ছাত্রলীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা ১৯টি কক্ষের মধ্যে সাতটি কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে আসবাবসহ সবকিছু ভাঙচুর করা হয়েছে। আর বাকি কক্ষগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে আছে।

ভাঙচুরের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সহসভাপতি হলে অবস্থান করছিলেন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ আন্দোলনকারীরা তিন তলার বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর করে। আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

এদিকে হল সূত্রে জানা গেছে, যেসব কক্ষ ভাঙচুর করা হয়েছে সেগুলোর বেশির ভাগেই ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের নেতারা থাকতেন। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পোষ্যকোটায় ভর্তি হওয়া। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে থাকতে পারেন না। তবে তিনি একাই বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ অবৈধভাবে দখলে নিয়ে থাকতেন।

এর আগে সোমবার দিনগত রাতে ছাত্রলীগের হামলার ভয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাত ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে রাত আড়াইটার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান ফটক দিয়ে পালিয়ে যান। পরে রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের কক্ষ ভাঙচুর করেন। আকতারুজ্জামান মাওলানা ভাসানী হলে থাকতেন।

কুমিল্লায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় চারটি পরিবহনকে মোট ২,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তা নগদ আদায় করা হয়। এছাড়াও, আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: ফরিদুল ইসলাম। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক জনাব তোফায়েল আহমেদ মজুমদার এবং অন্যান্য কর্মচারীগণ।