All posts by jitu

মানবিক সংকট চলছে বাংলাদেশে : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যেকোনও জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

এদিনের ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখেছি তা সত্ত্বেও, সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে— বাংলাদেশে মানবিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদাররা — সাইক্লোন রেমালসহ — বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গত মাসে আমরা এবং আমাদের অংশীদাররা ১২ লাখ মানুষকে সহায়তা করার জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছি। বর্তমানে এর মাত্র ১৮ শতাংশ অর্থায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত ৫ জুন কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। এছাড়া যমুনা অববাহিকায় বসবাসকারী সম্প্রদায়গুলোতে নগদ অর্থ প্রদানের জন্য গত ৪ জুলাই কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে অতিরিক্ত আরও ৬২ লাখ মার্কিন ডলার রিলিজ করা হয়েছে। এবং অবশ্যই মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য কক্সবাজারে বিশাল মানবিক কর্মকাণ্ডও চলমান রয়েছে।

পরে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীদের ওপর দমন-পীড়ন চলছে। ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং জাতিসংঘ কি রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের পরিচালিত কোনো তদন্তে সহায়তা করবে বা নিজস্ব তদন্তের প্রস্তাব দিলে, জাতিসংঘ কি কোনো সহায়তা করবে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আপনার প্রশ্নে উত্তর দেওয়ার মতো কিছু বিষয় রয়েছে। অবশ্যই, যেকোনও জায়গায় সেইসব সরকারকে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত, যারা বিভিন্ন ইস্যুতে সাহায্য চেয়ে অনুরোধ করে। কিভাবে আমরা সেই কাজটি সর্বোত্তমভাবে করতে পারি সেটা আমরা দেখবো। স্বাধীন তদন্তের পরিপ্রেক্ষিতে — যেমন আপনি জানেন — এর জন্য এই সংস্থার (জাতিসংঘের) আইন প্রণয়নকারী সংস্থার ম্যান্ডেটের প্রয়োজন হবে।

এরপর পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনে সাংবাদিকদের নিহত হওয়া ও পরে দমন-পীড়নের মধ্যে সাংবাদিকদের আটকের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি যেমন গাজায় নিহত সাংবাদিকদের কথা বলছিলেন, সাম্প্রতিক দিনে বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং কেউ জানেন না তারা কোথায় আছেন। সাঈদ খান নামে আমার এক সহকর্মী আমার সংবাদ সংস্থার জন্য কাজ করতেন। তিনি এখন কোথায় আছেন কেউ জানে না।

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, বাংলাদেশে (বিক্ষোভে) সরাসরি তাজা গুলিবর্ষণ ও গোলাবারুদের ব্যবহার নিয়ে আমরা নিন্দা জানিয়েছি। বাংলাদেশে বা অন্য কোথাও হোক না কেন, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও বাধাহীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে।

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।

ডিবি থেকে হারুনকে সরিয়ে দেওয়া হলো

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।

যে কোনো সময় জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যে কোনো সময় (নিষিদ্ধের) ঘোষণা হবে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং এদেশের সুশীল সমাজ উভয়ই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটি দাবি ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত পরশু ১৪ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও দু-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে- এ দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত।‌‌’

‘সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে- এ দলকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে’ বলেন আসাদুজ্জামান খান।

স্থাপনা পুনর্গঠন করা যাবে, প্রাণগুলোতো ফিরে পাবো না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনে নিহতের বর্ণনা করতে গিয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্থাপনা যেগুলো ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করা যাবে, কিন্তু যেসব প্রাণ ঝরে গেলো সেগুলো আমরা ফিরে পাবো না।

বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

তিনি বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো এখানে তেমন কোনো ইস্যুই ছিল না। যে কোটা সম্পূর্ণভাবে আমিই বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায়ে যখন সেটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না। আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেয়ে যেসব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলো প্রাণও ঝরে গেছে।

শেখ হাসিনা বলেন, আমি কোনো দিন ভাবতে পারিনি এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে। আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি, আপনজন হারালে কি কষ্ট হয়।

তিনি বলেন, আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আজ সারাবিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের চোখে দেখে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে, আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো। সেটা বিচারের ভার আপনাদের কাছে, আমি দেশবাসীর কাছেই দিচ্ছি।

দাউদকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় দাউদকান্দিতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবদুস সবুর । এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‌্যালী, বৃক্ষরোপণ ও আলোচনাসভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, উপজেলা মৎস্যলীগ সভাপতি চেয়ারম্যান লোকমান হোসেন।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান, আলমগীর মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, জেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।

ছবি তোলায় বরিশালে সাংবাদিকদের পেটাল পুলিশ

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন বরিশালের সাংবাদিকরা। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আরও ৪-৫ জন স্থানীয় ফার্মাসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিকরা দাবি করেছেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলো।

হামলায় আহত বার্তা টোয়েন্টিফোরের ডটকমের জেলা প্রতিনিধি এসএলটি তুহিন বলেন, আমরা অনেক সাংবাদিক একসঙ্গেই ছিলাম। শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার সময় আমাদেরও পেটানো শুরু করে। আমি পায়ে আঘাত পেয়েছি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

আহত দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহম্মেদ বলেন, লাঠিচার্জের সময়ে আমি মাটিতে পড়ে যাই। আমার হাতে ক্যামেরা। তখনো আমাকে লাঠিপেটা করে। আজকের ঘটনায় পুলিশ মোটেও পেশাদার আচরণ করেনি। অপেশাদার ও উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্য দুজন হলেন এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা ও যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল।

স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক পাভেল বলেন, পুলিশ গণহারে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছে। আমার গায়েও লাঠির আঘাত পড়েছে। তবে গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

আহত ও প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, লাঠিচার্জকারী টিমের নেতৃত্ব দিচ্ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) তানভীর আরাফাত। সাংবাদিকদের ওপর লাঠিচার্জকারী পুলিশ সদস্যের কাছেই ছিলেন তিনি। এই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের লাঠিচার্জ করতে নিবৃত্ত করেননি। এ সময় পুলিশ সদস্যরা সাংবাদিকদের গালিগালাজ করেছেন বলেও জানান তারা।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানাচ্ছি। ঘটনার ভিডিও আমি দেখিছি। আমার মনে হয়েছে বিনা কারণে এবং সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের পিটিয়েছেন পুলিশ কর্মকর্তা ও তার ইউনিট। এভাবে পুলিশ লাঠিচার্জ করার এখতিয়ার রাখে না। যে পুলিশ কর্মকর্তার ইউনিট সাংবাদিকদের পিটিয়েছে সেই কর্মকর্তাসহ লাঠিচার্জকারী পুলিশ সদস্যদের প্রত্যাহার দাবি করছি।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার বলেন, সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ নিন্দনীয় কাজ করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। তাদের দ্বারা এমন আচরণ আমরা প্রত্যাশা করি না।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বুধবার বেলা ১১টার দিকে প্রথমে নগরীর রোডের অশ্বিনীকুমার হলের সামনে ও পরে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে ফজলুল হক এভিনিউতে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এ সময়ে সাংবাদিকদেরও মারধর করা হয়। এছাড়া আন্দোলনকারী অন্তত ২০ জন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, কিছু লোক জড়ো হয়েছিল। আমরা কয়েকজনকে সেখান থেকে নিয়ে এসেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে সাংবাদিকদের ওপর লাঠিচার্জের খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির আহত সাংবাদিকদের দেখতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানিয়েছেন সাংবাদিকরা।

১৪ দিন পর দেশে ফেসবুক চালু হলো

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। একই সঙ্গে বন্ধ করা হয় ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

পাঁচদিন পর ব্রডব্যান্ড এবং ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও ‘ভিন্ন’ উপায়ে অনেকে ফেসবুক ব্যবহার করেছেন।

অবশেষে আজ বুধবার দুপুর ২টার পর সব বাধা উঠে গেল। বাংলাদেশ থেকে এখন ব্যবহার করা যাচ্ছে ফেসবুক-টিকটক।

ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করেছেন। তখন একই উপায়ে ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও!

আজ সকালে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) মালিক প্রতিষ্ঠান ‘মেটা’র প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক।

বৈঠক শেষে তিনি জানান, বিকেলের মধ্যে চালু হবে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম।

হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত

ডেস্ক রিপোর্ট:

ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

বুধবার (৩১ জুলাই) সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। খবর প্রেস টিভির।

সংবাদমাধ্যমটি বলছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে তার বাসভবনে ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার, হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন।

চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।

৫৮ বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।

সূত্র : আল জাজিরা

ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই৷

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন সাত মন্ত্রী, চার সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।

বৈঠকে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাস