All posts by jitu

রোববার সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ের বড় অংশ আঘাত হানতে পারে

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় ‘রিমাল’- এ পরিণত হতে পারে। এর মূল অংশ রোববার (২৬ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্যদিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির ৭০ শতাংশ বাংলাদেশ এবং ৩০ শতাংশ ভারতে আঘাত হানতে পারে।

তবে রোববার দুপুর থেকেই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

শনিবার (২৫ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা শেষে জাগো নিউজকে এ কথা বলেন তিনি।

আজিজুর রহমান বলেন, ‘আগামীকাল (রোববার) সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে। আগামীকালকে রাত ১২টার মধ্যে এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। রোববার দুপুর থেকেই ঘূর্ণিঝড়টির অগ্রভাগ উপকূল স্পর্শ করতে পারে।’

ঘূর্ণিঝড়টি মূলত ভারতের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির ৩০ শতাংশ ভারত এবং ৭০ শতাংশ বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে পারে।

পুরো ঘূর্ণিঝড়টির আকার ৪০০ থেকে ৫০০ কিলোমিটার হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এ পরিচালক বলেন, ‘রিমাল’ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে। এটি অতি প্রবল হওয়ার সম্ভাবনা দেখছি না। স্থলভাগ অতিক্রমের সময় এর বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এখন পর্যন্ত আমরা এটিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই দেখছি।

শনিবার সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে আমরা ৫/৬/৭ বিপৎসংকেত জারি করতে পারি। পরে মহাবিপৎসংকেত (৮, ৯ ও ১০) জারি হতে পারে। তবে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা জারি করবো।’

এখন পর্যন্ত এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আজকে সন্ধ্যার পর থেকে এটি উত্তরে বাংলাদেশের দিকে মোড় নিতে পারে। গভীর নিম্নচাপটি এখন ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে এগোচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সবার শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সাংবাদিকদের জানান, ‘আমাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি।’

তিনি বলেন, ‘উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র আছে। এগুলো আমরা প্রস্তুত রেখেছি। খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবারসহ যেসব জিনিস দরকার হবে এগুলো মজুত রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে যাতে আরও সাপ্লাই দিতে পারি এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছি।’

আগামীকাল থেকে কলেজে ভর্তিযুদ্ধ শুরু

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার (২৬ মে) থেকে। সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার ভালো কলেজে ভর্তি যুদ্ধে নামছেন। অন্যান্য বছরের মতো এবারও পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।

তিন ধাপে আবেদন ভর্তি কার্যক্রম চলবে আগামী ১১ জুন পর্যন্ত। একাদশে ক্লাস শুরু হবে ১৫ জুলাই। চলতি বছর ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা।

গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা প্রকাশ করা হয়। এবারও নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (২৫ মে) সকালে উপজেলার এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেস্টা রোটারিয়ান মো. শাহিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দিন মিয়াজী, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, আল-মানার একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিন কবির মিয়াজী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন শিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সাংবাদিক শরীফ প্রধান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য কামরুজ্জামান মুন্সী, জিসান প্রধান ও কৃতি শিক্ষার্থী জাহিদুল ইসলাম আলআমিন ও আদৃতা সরকার। আলোচনা শেষে ৫টি প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষার্থীকে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না : জিৎ

ডেস্ক রিপোর্ট:

অভিনেতা জিতের প্রযোজনায় বাংলার প্রথম সায়েন্স ফিকশন ও কমেডি ঘরানার ছবি ‘বুমেরাং’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ এবং রুক্মিণী মৈত্রকে।

শুক্রবার (২৪ মে) ‘বুমেরাং’ ছবির ট্রেলার প্রকাশিত হয়। সেখানেই বন্ধুত্বের বিষয়ে কথা বলেন জিৎ।

এক সাক্ষাৎকারে জিৎ বলেন,‘ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না। যদিও বা মনে করে মন থেকে সেটা তারা কতটা মানে এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার আর রুক্মিণীর বন্ধুত্বটা সত্যিই। আশা করব আগামীতেও আমাদের এই বন্ধুত্ব একই রকম থাকবে, ভাঙবে না।’

রুক্মিণী জানান, এই ছবির শুটিং চলাকালীন জিৎ তাকে সারাক্ষণ খাওয়া-দাওয়া করতে বলেছেন। শুটিং শুরু করার আগে গল্প করতেন। বন্ধু জিতের মতো সুপারস্টার পাওয়া মুশকিল।

উল্লেখ্য, ‘বুমেরাং’ ছবিতে উঠে আসবে এক রোবটের গল্প। থাকবে সুপারবাইকের কথাও। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। একটি মানুষ তথা জিতের স্ত্রীর চরিত্রে। আরেকটি হল রোবটের চরিত্রে। এই দুই চরিত্রের নাম নিশা আর ইশা।

জিৎ ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন- সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাবে এই ছবিটি। সৌভিক কুণ্ডু এই ছবির পরিচালনা করেছেন। এটি বক্স অফিসে মুখোমুখি হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির পঞ্চাশতম ছবি অযোগ্যর।

বেনজীরের পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

 

আদালতের নির্দেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় এসব সম্পদ চলে গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়ন্ত্রণে। ফলে ক্ষমতায় থাকাকালে আলাদীনের আশ্চর্য চেরাগের স্পর্শে গড়ে তোলা বেনজীরের বিশাল সাম্রাজ্য কার্যত মুখ থুবড়ে পড়ল। দুদক সূত্র বলেছে, পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা সম্পদ তত্ত্বাবধান ও দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হবে।

বিশিষ্ট আইনজ্ঞ ও দুদক কর্মকর্তারা বলছেন, একজন সরকারি চাকরিজীবী তাঁর চাকরির মাধ্যমে এত সম্পদ উপার্জন করতে পারেন না। দোষী সাব্যস্ত হলে বিভিন্ন আইনে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হবে সদ্যঃসাবেক আইজিপি বেনজীর আহমেদের। একই সঙ্গে তাঁর সব স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সত্যতা মিলেছে।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত যে আদেশ দিয়েছেন, পরবর্তী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা আপিল বিভাগে বহাল থাকবে।

দুদকের একজন কর্মকর্তা গতকাল বলেন, সাবেক আইজিপির জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের সামগ্রিক তদারকি করবে দুদক। তিন সদস্যের যে তদন্ত কমিটি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে নিযুক্ত আছে, তারা একটি কমিটি গঠন করে দেবে। দুদক চাইলে যেসব জেলায় কার্যালয় নেই, সেখানে জেলা প্রশাসনকে দেখভালের দায়িত্ব দিতে পারে। আর অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে।

এই কর্মকর্তা জানান, আদালতের আদেশের পর এসব সম্পদ আর বেনজীর আহমেদের দখলে থাকার সুযোগ নেই। এখন এগুলো দুদকের নিয়ন্ত্রণে রয়েছে। দুদক শিগগিরই একটি কমিটি গঠন করে রিসিভার নিয়োগ দেবে। তবে কমিশন যে কমিটি গঠন করবে তা আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

রিসিভার কমিটিতে দুদক কর্মকর্তা, কিংবা জেলা প্রশাসন বা যেকোনো নিরপেক্ষ সংস্থা অন্তর্ভুক্ত হতে পারে। সব সম্পত্তিতে আদালতের আদেশের সাইনবোর্ড টাঙানো হবে। পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হবে।

আদালতের আদেশের নথি পর্যালোচনা করে দেখা গেছে, বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা, তিন মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর ও জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে থাকা ৮৩টি দলিলের সম্পত্তি জব্দ করা হয়েছে। এসব দলিলে মোট সম্পদের পরিমাণ ৩৪৬.৩০ বিঘা। যার দলিলমূল্য ১০ কোটি ৬৫ লাখ টাকা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব জমির দাম কমপক্ষে পাঁচ থেকে সাত গুণ বেশি বলে জানা গেছে।

এ ছাড়া তাঁদের নামে বিভিন্ন ব্যাংকে সাধারণ হিসাব, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ ৩৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। তবে এসব ব্যাংক হিসাবে কী পরিমাণ অর্থ সংরক্ষিত আছে তা জানা যায়নি। আদেশে বলা হয়েছে, এসব ব্যাংক হিসাব থেকে কোনোভাবেই টাকা উত্তোলন করা যাবে না। দুদকের বিধিমতে, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকের অধীনে বেনজীরের হিসাবগুলো অবরুদ্ধ থাকবে।

আদালত সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা নামে-বেনামে যেসব অবৈধ সম্পদ অর্জন করেছেন, তা বিক্রি ও হস্তান্তরের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অনুসন্ধান বা মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শুনানিতে তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী ও মেয়েদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।

পরে এ বিষয়ে আদেশ দেন আদালত। আদেশে বিচারক বলেন, অনুসন্ধান কর্মকর্তার আবেদন ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় আর্জি মঞ্জুরযোগ্য মর্মে প্রতীয়মান হয়েছে। বর্ণিত স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে তা হস্তান্তর হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এর ফলে পরবর্তী সময়ে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদের সম্পদ জব্দের আদেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি কেউ অপরাধী হিসেবে সাব্যস্ত হন, আমরা তাঁকে প্রটেকশন দিতে যাব কেন? তিনি সাবেক আইজিপি হোন আর সাবেক সেনাপ্রধান হোন।’

গত ৩১ মার্চ একটি শীর্ষ জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ‘সাবেক আইজিপির অপকর্ম-১’। এই পর্বে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে বেনজীরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ৬০০ বিঘা জমির ওপর নির্মিত চোখধাঁধানো রিসোর্ট। তার পাশে কিনেছেন আরো ৮০০ বিঘা জমি। শুধু তাই নয়, রাজধানী ঢাকার গুলশানে ১৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ফ্ল্যাটসহ দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। হিসাব করে দেখা যায়, ৩৪ বছর সাত মাসের চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ আয় করেছেন এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। ফলে তাঁর এই বিপুল সম্পদের বৈধ উৎস নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এ ছাড়া গত ২ এপ্রিল একই জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ‘সাবেক আইজিপির অপকর্ম-২’। এই পর্বের মূল শিরোনাম ছিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’। অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে ১৬০ বিঘা জমির ওপর রিসোর্ট গড়ে তোলা হয়। এতে বনের জমিই রয়েছে অন্তত ২০ বিঘা। ওই রিসোর্টের ২৫ শতাংশের মালিকানা বেনজীরের পরিবারের হাতে।

এসব প্রতিবেদন দেশে-বিদেশে আলোচনার ঝড় তোলে। পরে গত ৪ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুসন্ধানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। ২১ এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি। একই দিন বেনজীরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

গত ২২ এপ্রিল তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। কমিটির সদস্যরা হলেন কমিশনের উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক জয়নাল আবেদীন ও নিয়ামুল হাসান গাজী। ২৩ এপ্রিল হাইকোর্টের এক আদেশে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান কমিটির এক সদস্য বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তাঁরা অনুসন্ধান শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে বেনজীর ও তাঁর পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান এখনো চলমান রয়েছে। পরবর্তী সময়ে আরো তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, গাজীপুরে ভাওয়াল রিসোর্ট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে পরিবেশ অধিদপ্তর। প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। এরপর ১৪ মে তলব করা হয় রিসোর্ট কর্তৃপক্ষকে। এদিন পরিবেশগত ছাড়পত্র ছাড়া রিসোর্ট পরিচালনা এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ভাওয়াল রিসোর্টকে দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে গতকাল শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মাসুদ হাসান পাটোয়ারী বলেন, ভাওয়াল রিসোর্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের কার্যক্রম বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণ হলে যে সাজা হতে পারে:

চাকরি করে এত সম্পদ উপার্জন করা অসম্ভব বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ও ২৭ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা, অর্থপাচার আইন ২০১২-এর ৪ ধারাসহ বিভিন্ন আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর (বেনজীর আহমেদ) বিচার হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন আইন ও ধারায় দীর্ঘ মেয়াদে তাঁর সাজা হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রের অনুকূলে তাঁর সম্পদ বাজেয়াপ্ত হবে।

তিনি আরো বলেন, বাজেয়াপ্ত সম্পদ দেখভাল করা দুদকের পক্ষে অত্যন্ত জটিল কাজ। এর আগেও বহু মামলায় অনেকের সম্পদ বাজেয়াপ্ত হয়ে আছে। এগুলো দেখভালের জন্য দুদকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

অর্থপাচার আইন ২০১২-এর ৪ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি মানি লন্ডারিং অপরাধ করিলে বা মানি লন্ডারিং অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করিলে তিনি অন্যূন চার বৎসর এবং অনধিক ১২ (বার) বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি তাহার নিজ নামে, বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে, এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখলে রহিয়াছেন বা মালিকানা অর্জন করিয়াছেন, যাহা অসাধু উপায়ে অর্জিত হইয়াছে এবং তাহার জ্ঞাত আয়ের উৎসর সহিত অসংগতিপূর্ণ বলিয়া মনে করিবার যথেষ্ট কারণ রহিয়াছে এবং তিনি উক্তরূপ সম্পত্তি দখল সম্পর্কে আদালতের নিকট বিচারে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে ব্যর্থ হইলে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব ১০ (দশ) বৎসর এবং অন্যূন ০৩ (তিন) বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হইবেন; এবং উক্তরূপ সম্পত্তিসমূহ বাজেয়াপ্ত যোগ্য হইবে।’

দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অসদাচরণ করিলে অথবা করিতে সচেষ্ট হইলে তিনি অনধিক সাত বৎসর কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ফৌজদারি অসদাচরণের সহিত সম্পর্কিত আর্থিক সহায় বা সম্পদও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাইবে।’

ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেবো। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।

পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ (শনিবার) সকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে। কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। শুধু বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না, আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিন মজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায়, সেই ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে। আমরা ইতিমধ্যে ৩০০ পরিবার তুলেছি।

পরিবেশ রক্ষার গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের এক টুকরো জমি আছে তারা একটা ফুলের গাছ, একটা ফলের গাছ হলেও লাগান। যাদের গ্রামের বাড়ি আছে সেখানে যেন অনাবাদি জমি না থাকে সেই দিকে দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্‌রাহিম।

ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাহিদার পক্ষে প্রচারণায় সাবেক এমপি রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা আক্তারের পক্ষে নির্বাচনী প্রচারণায়  নেমেছেন  সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ  ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ভানী ইউনিয়ন, রাজামেহের, ধামতী, সুলতানপুর ও গুনাইঘর ইউনিয়নে গণসংযোগ করেন তারা । এ সময়  গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ ও স্থানীয়দের সাথে প্রচারণায় অংশ নেন তারা।  এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউক্রেনে যুদ্ধবিরতি চান ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট:

বর্তমান যুদ্ধপরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যদি কিয়েভ এবং পশ্চিমারা তার এ প্রস্তাব মেনে না নেয় তাহলে তিনি (পুতিন) যুদ্ধ চালিয়ে যাবেন।

ওই চার কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে জানান, দীর্ঘ সময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিও চান। ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি।

পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। কারণ তার দেশ যুদ্ধ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে গত সপ্তাহে পুতিন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমা সামরিকবাহনী এবং রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চান।

সূত্রগুলো বলছে, মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও পুননির্বাচিত হয়েছেন। এখন তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধে জিততে চাইবেন। তবে সূত্রগুলো নতুন প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করেনি।

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মিশুক চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মো. পরান মিয়া নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ মে নগরীর টিক্কারচর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ওই মিশুক চালককে।

পরদিন তার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ভোলা মিয়া নামের একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। নিহত পরান মিয়ার (৪০) টিক্কারচর এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত ১৭ মে টিক্কারচর এলাকার মিশুক চালক পরান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ভোলা মিয়া। একদিন পর বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। পরে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাকে ডেকে নেয়ার পর থেকে ভোলা মিয়া পালাতক রয়েছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে একটি অজ্ঞাত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় হাড়াতলী সিএনজি পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

কাতারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর উদ্বোধন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন :

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফল সফর উপলক্ষে রিলায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ক্রাউন প্লাজার সেমিনার হল হিকমা তে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” এর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রিল্যায়েন্ট ইভেন্টস সিইও এম এ মুরাদ হোসেইন, বাংলাদেশ হতে আগত মেলায় অংশগ্রহনকারী সংস্থার সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য, কাতারস্থ অন্যান্য দেশের কমিউনিটির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উদ্বোধনী বক্তব্যে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” আয়োজন এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ এর সম্ভাবনা তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অর্জন বিদেশের মাটিতে প্রদর্শনের সুযোগ এধরণের আয়োজনের মাধ্যমে দূতাবাস করে থাকে। তিনি ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা ব্যক্ত করেন ।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও কাতারের মধ্যে এই ঐতিহাসিক সম্পর্কের উদযাপন উপলক্ষে আয়োজিত “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” –এ অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
বাংলাদেশ এর আবাসন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে রিল্যায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এর সিইও এম এ মুরাদ হোসেইন বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ন বলে অভিমত ব্যক্ত করেন এবং মেলা সফল ভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

অতঃপর সকলের উপস্থিতে মান্যবর রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে ফিতা কেটে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” এর উদ্বোধন করেন।

৩ দিন ব্যাপী এই ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের উপর সেমিনার ও “বিজনেস টক” এর আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।