All posts by jitu

ইনস্টাগ্রামে ব্লক করলে যেভাবে বুঝবেন

ডেস্ক রিপোর্ট:

মার্ক জুকারবার্গের মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। বিশ্বে কোটি কোটি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটির। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকেই। অনুসরণকারীরা এসব পোস্টে মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখান।

তবে কখনো কখনো ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না। সাধারণত ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে এমনটি হয়ে থাকে। আবার অকার্যকর করা থাকলেও সেই ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কৌশলে জানতে পারবেন ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করেছে কি না।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
প্রোফাইল অনুসন্ধান

এটি পরীক্ষা করার প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো সার্চ বক্সে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করার পরও যদি সেই অ্যাকাউন্ট দেখা না যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করে রেখেছেন। তবে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলেও এ সমস্যা হয়ে থাকে।

অন্য অ্যাকাউন্ট থেকে চেক করা
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অকার্যকর করলে সার্চ ফলাফলে সেই ব্যক্তির অ্যাকাউন্টের নাম দেখা যায় না। তবে আপনার অ্যাকাউন্টে দেখা না গেলেও অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করে সার্চ করলে যদি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট দেখা যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছেন।

ডিএম চেক করা
যদি ব্যবহারকারীর মনে হয় আপনাকে ব্লক করা হয়েছে তাহলে ডিএম-এ গিয়ে সেই ব্যক্তির চ্যাট খুঁজতে হবে। এটি খোলার পর প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে। যদি ব্যবহারকারী তাদের প্রোফাইল ছবি দেখতে অক্ষম হন বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

ব্লককারীদের অ্যাকাউন্টে ট্যাগ করা
যদি কেউ ব্যবহারকারীকে ব্লক করে থাকেন তবে তাদের পোস্ট বা মেসেজে ট্যাগ করা যাবে না। তা নিশ্চিত হতে নিজের যেকোনো পোস্টে সেই অ্যাকাউন্টকে মেনশন বা ট্যাগ করতে পারেন। মেনশন বা ট্যাগ করা না গেলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

প্রোফাইলের জন্য ওয়েব সার্চ করা
প্রতিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের ব্যবহারকারীর নাম সহ একটি স্বতন্ত্র প্রোফাইল লিংক রয়েছে। কারো প্রোফাইল পেজ সহজেই অ্যাক্সেস করা যায়। এর জন্য ব্যবহারকারীর ব্রাউজারের অ্যাড্রেস বারে ইনস্টাগ্রাম ডটকম/ইউজার নেম লিখে তাদের অ্যাকাউন্টে যেতে হবে৷ যদি সরি দিস পেজ ইজ নট অ্যাভেইলেবল লেখা দেখায়, তবে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

ভারতের বোলিং কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে!

ডেস্ক রিপোর্ট:

সদ্যই ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এখনও দলের সঙ্গে কাজ শুরু করেননি। তবে তার আগেই নিজের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছেন কোচিং প্যানেল। তারই ধারাবাহিকতায় এবার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে চাচ্ছেন তিনি।

ক্রিকবাজ জানিয়েছে, মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) অনুরোধ করেছেন গম্ভীর। এরই মধ্যে বিসিসিআইয়ের সঙ্গে মরকেলের একটা প্রাথমিক আলাপও হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি।

গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও দারুণ বলেই শোনা যায়। দুজনে একসঙ্গে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে কাজ করেছেন।

সর্বশেষ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দেওয়ার আগে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হিসেবে দুই বছর কাজ করেছেন। তখন ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ ছিলেন মরকেল। গম্ভীর দায়িত্ব ছাড়লেও লক্ষ্ণৌর নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মরকেল।

ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা হয়েছে মরকেলের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন এই প্রোটিয়া।

ভারতের বোলিং কোচ হিসেবে আরও কয়েকটি নাম শোনা গেছে। তাদের মধ্যে আছেন ভারতের সাবেক দুই পেসার লক্ষ্মীপতি বালাজি ও বিনয় কুমার। এমনকি ভারতীয় কিংবদন্তি জহির খানের নামটাও শোনা গেছে। যদিও এখন কিছুই চূড়ান্ত হয়নি।

তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ভিকি, মান-অভিমান শুরু ক্যাটরিনার!

ডেস্ক রিপোর্ট:

নেটিজেনরা। তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট— এমন অন্তরঙ্গ দৃশ্যে এর আগে ভিকিকে কখনো দেখা যায়নি। এবার তাই দেখলেন নেটিজেনরা। এ ছাড়া ‘ব্যাড নিউজ’ ছবির তওবা তওবা গানে ভিকির নাচের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ক্যাটরিনা কাইফের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ক্যাটরিনার প্রতিক্রিয়ার জন্য।

নেটিজেনদের প্রশ্ন, ‘ক্যাটরিনা ভাবি এ সব জানেন? আপনাদের মধ্যে সব ঠিক আছে?’ এই আলোচনার মধ্যেই স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন ভিকি।

ক্যাটরিনার সঙ্গে মান-অভিমান পর্বের বোঝাপড়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মতামত জানালেন ভিকি। অভিনেতার কথায়, ‘যা-ই হয়ে যাক, পরস্পরের হাতটা ধরে থাকতে হবে। সম্পর্কে খারাপ সময় এলে আমাদের দু’জনকেই তা কাটিয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমরা সব সময় পরস্পরের জন্য আছি।’

ক্যাটরিনাকে বিয়ে করার পরে জীবনে কী কী বদল এসেছে? প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। অভিনেতা বলেন, ‘আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতি দিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভালো একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।’

গত কয়েক মাস ধরে বি-টাউনে গুঞ্জন, ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? দীর্ঘ দিন লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মুম্বাই ফিরেছেন তিনি। ভিকিকেও তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, কবে আসবে সুখবর? উত্তরে ভিকি জানান, সঠিক সময় এলে সকলে সুখবর জানতে পারবেন।

আমি নির্বাচনে থাকছি, আর আমিই জিতবো : বাইডেন

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর এক রকমের চাপ ছিল।

তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন— নির্বাচনে তিনি থাকছেন।

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ডেট্রয়েটে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়… আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। ‘আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।’

ডেট্রয়েট হাই স্কুলে দেওয়া বক্তব্যে এসব বলেন বাইডেন। বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং দাতাদের দিক থেকে চাপ বাড়ছিল। তবে এই জনসভায় দেখা গেল বাইডেনকে নির্বাচনী দৌড়ে চেয়ে মানুষকে স্লোগান দিতে।

প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন।

ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।

অক্টোবরে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২জুলাই) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দির কদমতলীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ ( দাউদকান্দি -তিতাস) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবদুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ আবদুস সবুর বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দাউদকান্দি আওয়ামী লীগকে একটি সুন্দর ফুলের বাগানে সাজাতে চাই, যেন সারাদেশে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মডেল উপজেলা হিসেবে পরিচিত করতে চাই ।

আগামী অক্টোবরের মধ্যে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে। সেই লক্ষে আগামী সেপ্টেম্বরের মধ্যে পৌরসভা এবং ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন করতে উপজেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেন।

পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সম্মেলন করার জন্য সাংগঠনিক দায়িত্ব বন্টন করে দেন।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।

প্রক্টরের পদত্যাগের দাবিতে কুবিতে বিক্ষোভ মিছিল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। এছাড়াও যে স্থানে পুলিশ প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছে।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকাল পৌনে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় ও আনসার ক্যাম্প প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়।

পথে শিক্ষার্থীরা ‘ছাত্র আন্দোলন চত্বরে’ (আন্সার ক্যাম্প মোড়) আহতদের স্মরণে ১ মিনিটের নিরবতা কর্মসূচি পালন ও জাতীয় সংগীত পরিবেশনা করেন।

এসময় শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। এছাড়াও প্রক্টরিয়াল নিরবতার কারণে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন বলে অভিযোগ তুলে বক্তব্য রাখেন।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বি এম সুমন বলেন, ‘আজকে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা কিভাবে বন্ধ হবে জানিনা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বিনা উস্কানীতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। আমাদের ৩০ এর অধিক ভাইয়েরা রক্তাক্ত হয়ে হাসপাতালে নিদারুণ যন্ত্রণায় ঝটপট করছে। তাঁদের যন্ত্রণার আওয়াজ, কান্নার আওয়াজ সারা বাংলাদেশে অলি গলিতে ছড়িয়ে পড়েছে। কিন্তু তাদের এই আওয়াজ যাদের কানে যাওয়ার কথা ছিল তারা কানে তুলা দিয়ে ঘুমিয়ে আছে। তাই এই হামলায় প্রত্যক্ষ মদদ দেওয়া প্রক্টর কে যতদিন অপসারণ করা হবে না ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এদিকে কোটা আন্দোলনে যোগ দেয়ায় জহুরা মিম নামের একজন নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ তুলেছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী ও মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাসের বিরুদ্ধে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে যোগ দেয়ায় আমিনুর বিশ্বাস নামের একজন সিনিয়র আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় হেনস্তা করে যাচ্ছেন। আমার মাকে তুলে গালাগাল দিচ্ছেন। যার কল রেকর্ড ও স্ক্রিন রেকর্ডসহ সকল তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচারের পাশাপাশি আমিনুর বিশ্বাসের বহিষ্কার চাই।

প্রসঙ্গত, গত (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। যাতে ৪জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়। যদিও পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

এসময় বিক্ষোভ মিছিল থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রক্টরের অপসারণ এবং হামলায় অংশগ্রহন করা পুলিশ সদস্যদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।

কুমিল্লায় ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহ ইমরান:

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় এক চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিবি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার উপর একটি অটোরিক্সা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা বুড়িচং থানার খারেরা গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ জহির, একই গ্রামের জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল, লোহাইমুড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ ফয়সাল, একই গ্রামের ইমাম হোসেনের ছেলে আহসানুল হক।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

গোমতীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইঞ্জিঃ আবদুস সবুর এমপি

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির খোসকান্দি এলাকায় গোমতী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনের এমপি ইঞ্জিঃ আবদুস সবুর ।

শুক্রবার(১২জুলাই) সকাল সাড়ে ১০টায় অনবরত বৃষ্টি উপেক্ষা করে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি, গৌরীপুর ইউনিয়নের চরমাহমুদ্দি তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারন্দিয়া গ্রামের গোমতী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার আবদুস সবুর সাংবাদিকদের জানান, গোমতী নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষ গুলো কষ্টে মাঝে দিন যাপন করছে। ভাঙ্গনের কবলে খোসকান্দি গ্রামের অনেকেই জমি ঘর বাড়ী হারিয়েছেন। তাদের কথা শুনে বৈরী আবহাওয়ার মধ্যেও ঘরে থাকতে পারিনি।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দুঃখী মানুষের কল্যানে কাজ করছে আওয়ামীলীগ সরকার। ইতিমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় অস্থায়ী এবং পরবর্তীতে স্থায়ীভাবে প্রকল্পের মাধ্যমে ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও গোমতী নদীর যে সকল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সকল জায়গায় ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

ভাঙ্গন পরিদর্শনকালে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোপার ফাইনালের দায়িত্বে ব্রাজিলের ৫ রেফারি!

ডেস্ক রিপোর্ট:

শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের অপেক্ষায় মেসি-ডি মারিয়ারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে দ্বিতীয় কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে। চলমান আসরে দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত আছে।

কোপার ফাইনাল কারা পরিচালনা করবেন তালিকা প্রকাশ করেছে কনমেবল কর্তৃপক্ষ। ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লস। এ ছাড়া ক্লাউসের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ব্রুনো পাইরেস ও রদ্রিগো কোরেয়া। এই দুই রেফারিও ব্রাজিলিয়ান।

ব্রাজিলের ৫ রেফারি

ম্যাচ রেফারি-রাফায়েল ক্লস
সহকারী রেফারি-ব্রুনো পাইরেস
সহকারী রেফারি-রদ্রিগো কোরেয়া
ভিএআর রেফারি-রডোলফো টস্কি
সহকারী ভিএআর-দানিলো মেনিস

চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন দুই ব্রাজিলিয়ান। তারা হচ্ছেন রডোলফো টস্কি এবং দানিলো মেনিস।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন রাফায়েল ক্লাউস। চলমান কোপা আমেরিকার বেশকিছু ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ প্রায় সব বৈশ্বিক টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হয় ক্লাউসকে।

এদিকে, ফাইনালে কলম্বিয়াকে হারালেই দারুণ এক রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী সব দল। এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোও পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি।

এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্রপূরণ করতে আর্জেন্টিনার দরকার আর এক জয়। ১৫ জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।