All posts by jitu

ফেনীতে বাগানবাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়ার একটি বাগানবাড়ি থেকে ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালা মিয়ার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

করিম উল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত করিম উল্যাহ পৌরসভা ৬ নম্বার ওয়ার্ডের (বাঁশপাড়া) বাসিন্দা। তিনি হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নম্বারে একাধিকার ফোন করেন তিনি।

ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার লাশ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিলনা বলে দাবি তার। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে তারা দেখেন। ধারণা করা হচ্ছে কালা মিয়ার অন্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। মনে হচ্ছে এটি হত্যা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ ১টি দেশীয় এলজি, ২টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কালা মিয়া ছৈয়াল বাড়ির মো.সুমন (৩৮) একই ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের মো.সৈয়দ আলম (২৯), লক্ষীপুরের চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ কলোনীর মো.বেলাল হোসেন (৪০) চট্রগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মোহাম্মদ নুর গোষ্ঠী নতুন বাড়ির সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গত ১৬ মে ভোর রাতের দিকে বেগমগঞ্জের লাকুড়িয়া কান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড বিল্ডিং ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ঘরের লোকজনদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা ১৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকার মালামাল লুণ্ঠণ করে নিয়ে যায়। এ দুর্র্ধষ ডাকাতির ঘটনায় দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে নামে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফেনী-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের দক্ষিণ পাশে সরুগো পুল নামক স্থানে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন। ওই সময় চৌমুহনীর দিকে ২টি সিএনজি দ্রুত গতিতে আসতে দেখলে পুলিশ সিএনজি দুটি থামার জন্য সংকেত দেয়। থামানোর সংকেত দেওয়ার পরেও সিএনজটি ঘটনাস্থল থেকে চৌমুহনীর দিকে চলে যায়। পিছনের সিএনজির ড্রাইভারও সংকেত না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সিএনজির পিছনে ধাওয়া করে। এ সময় সিএনজিতে থাকা ৪ জন আসামি কৌশলে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করে সিএনজিতে ড্রাইভার হিসেবে থাকা ১নং আসামি সুমনকে সিএনজিসহ আটক করে। পরে গ্রেপ্তার আসামির তথ্যমতে চৌমুহনী রেল স্টেশন ও চৌমুহনী ফলপট্রি থেকে অপর আসামিদের গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ডাকাতেরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

গ্রেপ্তার আসামিরা পেশাদার ডাকাত। তারা বিভিন্ন সময় নোয়াখালী জেলার বিভিন্ন থানাসহ এর আশপাশের জেলা ও থানা সমূহে ডাকাতি করে বেড়ায়।

নোয়াখালীতে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:

‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে বৃহস্প্রতিবার) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন। উৎসব উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহবায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম, ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বয়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমূখ।

ভারতে যেভাবে মিলল এমপি আজিমের মরদেহ

ডেস্ক রিপোর্ট:

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিন নিখোঁজ থাকার পর আজ কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ।

বুধবার (২২ মে) নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন নামের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে তার লাশ।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কলকাতা২৪ জানিয়েছে, আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন।

খণ্ডবিখণ্ড করা হয় এমপি আনোয়ারুলের লাশ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার। সেই বাড়িতেই খুন করা হয় তাকে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এমপি আনার নিখোঁজ হওয়ার পরই বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। একপর্যায়ে বাংলাদেশে কয়েকজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ফ্ল্যাটের তথ্য। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে রক্তমাখা কিছু জিনিস উদ্ধার করে।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে ওই ফ্ল্যাট থেকে লাশ উদ্ধারের তথ্য জানালেও সরকারিভাবে এখনো কোনো কিছু জানানো হয়নি।

মো. আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন।

জানা গেছে, যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে, তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে।

এমপি হত্যা ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতোমধ্যে দেশে সন্দেহভাজন তিনজনকে ধরা হয়েছে। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে সমস্যা হবে না বলেও জানান তিনি।

বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কিভাবে এ হত্যালাণ্ড ঘটল এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। যারা আটক হয়েছেন তারা সবাই বাংলাদেশি। ভারতীয় পুলিশ যে তথ্য দিয়েছে, তার ভিত্তিতে যাদের সন্দেহ হয়েছে- এমন তিনজনকে ধরা হয়েছে। আরও কয়েকজনকে ধরার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, আজ সকালে আমরা সুনিশ্চিত হয়েছি যে, তিনি খুন হয়েছেন। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝিনাইদহের এই আসনটি সন্ত্রাসপ্রবণ এলাকা। এখন পর্যন্ত যাদের এ ঘটনার জেরে আটক করা হয়েছে, তারা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ডের মূল মোটিভ উদ্ধারে বাংলাদেশ পুলিশ কাজ করছে। এক্ষেত্রে ভারতীয় পুলিশও সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক যত ওয়ে (উপায়) রয়েছে, তা কাজে লাগানো হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ভারতের জড়িত থাকার প্রশ্নই আসে না। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

এর আগে গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয় পরিবারের সঙ্গে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার তার ভাড়া করা ফ্ল্যাট থেকে আজিমের লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আনোয়ারুল আজীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়।

কলকাতা২৪×৭ নামে ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারের খবর জানায়।

মরদেহ উদ্ধারের বিষয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাগো নিউজকে বলেন, এমপি আনোয়ারুল আজীম আনার কলকাতায় মারা গেছেন শুনেছি। তবে কনফার্ম না।

এরপর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে নিখোঁজ আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশের মানুষ জড়িত। নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আজ সকালে ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছেন এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ভারতীয় পুলিশ যে তথ্য আমাদের দিয়েছিলেন সে তথ্য অনুযায়ী বাংলাদেশ পুলিশ তিনজন অপরাধীকে ধরেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে।

ইউরোর জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ইউরো চ্যাম্পিয়নশিপ হলো ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম। গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় উঠে সেরার শিরোপা, সেদিকে নজর থাকবে পুরো বিশ্বের। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল।

মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। যে দলের অধিনায়কের ভার দেওয়া হয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সি এই ফুটবলার সৌদি ক্লাব আল নাসেরের হয়ে দারুন ছন্দে আছেন।

দলে আছেন ৪১ বছর বয়সি ডিফেন্ডার পেপের অন্তুভুর্ক্তি। কাতার বিশ্বকাপের পর অনেকে তার শেষ দেখে ফেললেও মার্টিনেজের স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন পোর্তের এই রক্ষনভাগের খেলোয়াড়। দলে ডাক পেয়েছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার পেদ্রো নেতো। এছাড়াও চমক হিসেবে আছেন ২১ বছর বয়সি উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইকো। মার্চে পর্তুগিজ জাতীয় দলে প্রথম অভিষেক হয়েছিল কনসেইকোর। এবার তিনি ইউরোর দলেও সুযোগ পেলেন।

মার্টিনেজের এই দলে প্রিমিয়ার লিগ খেকে ডাক পেয়েছেন মোট ৯ জন। ম্যানচেস্টার সিটি থেকে আছেন তারকা মিডফিল্ডার বার্নাডো সিলভা ও ডিফেন্ডার রুবেন দিয়াস। আছেন ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ ও দিয়াগো দালোত। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় খেলা জোয়াও ফেলিক্সও জার্মানির ফ্লাইট ধরবেন।

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবারের আসরে আগামী ১৮ জুন খেলবে প্রথম ম্যাচ, চেক রিপাবলিকের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জর্জিয়া। আগামী ১৪ জুন থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে সফলতম দল আয়োজক জার্মানি নিজেই। তিনবার ইউরোপ সেরার খেতাব গিয়েছে তাদের ঝুলিতে।

ইউরোর জন্য পর্তুগালের স্কোয়াড

গোলরক্ষক: দিয়াগো কস্তা, জোসে সা, রুই প্যাট্রিসিও

ডিফেন্ডার: অ্যান্টিনিও সিলভা, দানিলো পেরেইরা, দিয়োগো দালোত, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবেন দিয়াস

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, জোয়াও পালিনিয়া, ওতাভিও মনতেইরো, রুবেন নেভেস, ভিতিনিয়া

ফরোয়ার্ড: বার্নাডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়াগো জটা, ফ্রান্সিসকো কনসেইকো, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও

‘ওয়েলকাম-৩’ থেকে সরে দাঁড়ালেন সঞ্জয়

ডেস্ক রিপোর্ট:

বলিউড ছবি ওয়েলকামের সবচেয়ে প্রতীক্ষিত সিক্যুয়ালগুলো ওয়েলকাম-৩ নির্মাণের ঘোষণা আসে চলতি বছরের শুরুতে। আইকনিক কমেডি ছবির তৃতীয় অংশের নাম ওয়েলকাম টু দ্য জঙ্গল।

এই আনন্দদায়ক সংবাদটি প্রধান অভিনেতা অক্ষয় কুমার এবং ফিরোজ নাদিয়াদওয়ালা একটি হাস্যকর ভিডিওসহ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে জানা যায় ছবির কাস্টের নামও। যার মধ্যে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত।

কিন্তু হঠাৎ সঞ্জয় দত্ত ছবিতে কাজ করবেন না বলে জানা গেছে। যা অনেকের কাছেই অবাক করার মতো বিষয়। বলিউড হাঙ্গামার একটি সূত্র জানায়, সঞ্জয় দত্ত তার প্রস্থানের জন্য তারিখের সমস্যাকেই দায়ী করেছেন। তিনি তার প্রিয় বন্ধু অক্ষয়কে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছেন, যিনি পয়েন্টগুলোকে বিবেচনা করেন এবং কোনো প্রকার ঝামেলা তৈরি না করে তাকে যেতে দিয়েছে।

সঞ্জয় দত্ত জানান, ওয়েলকাম টু দ্য জঙ্গল শুটটি একটি অপরিকল্পিত উপায়ে ঘটছে, স্ক্রিপ্টে অনেক পরিবর্তন, শুটের সঠিক সময় বা তারিখ ঠিক না হওয়ায় তার সমস্যা হচ্ছিল, তাই তিনি প্রোজেক্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

সঞ্জয় দত্ত ইতোমধ্যে ১৫ দিনের শুট করেন, যা চলচ্চিত্র নির্মাতাদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। তার শুটগুলো ধরে রাখতে হবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলতে হবে তা নিয়ে তারা নিশ্চিত ছিলেন না। অবশেষে, তারা একটি প্লট টুইস্ট তৈরি করেন, যেখানে সঞ্জয় দত্তের চরিত্রটি কয়েকটি দৃশ্যের পরে হারিয়ে যায়। বলিউড হাঙ্গামার সূত্রটি আরও প্রকাশ করেছে, ‘সঞ্জয় দত্ত প্রথম শিডিউলে ওয়েলকাম টু দ্য জঙ্গলের কিছু মজার অংশের জন্য শুট করেছেন, এবং নির্মাতারা তাই তাকে অতিথি শিল্পী হিসাবে ছবিতে রাখবেন।

ওয়েলকাম টু দ্য জঙ্গল-ছবির কাস্টে রয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রাভিনা ট্যান্ডন এবং লারা দত্ত। ছবিটি ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাবে।

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এক বিরাট ক্ষতি : পুতিন

ডেস্ক রিপোর্ট:

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

এছাড়া রাইসির মৃত্যুর পর ইরানের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বা স্টেট ডুমার চেয়ারম্যানের সাথে বৈঠকের সময় মস্কোর কাছে রাইসিকে ‘খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ’ বলেও বর্ণনা করেন পুতিন।

আনাদোলু বলছে, ইরানে সাবেক প্রেসিডেন্ট রাইসির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্টেট ডুমার চেয়ারম্যান ভলোদিন। এর আগে মঙ্গলবার তার সঙ্গে বৈঠকের সময় মর্মানিতক এই ট্র্যাজেডির জন্য তার আন্তরিক সমবেদনা পৌঁছে দিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভলোদিনকে আহ্বান জানান।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য প্রথম এবং সর্বাগ্রে বিরাট বড় ক্ষতি। তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার, একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন যিনি তার জাতীয় স্বার্থে মাধ্যমে ছিলেন অনুপ্রাণিত। অবশ্যই, তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ ছিলেন এবং তার সাথে কাজ করাটা ছিল আনন্দের। আমি কেবল এটাই মনে রাখতাম যে, আমরা যদি কোনও বিষয়ে একমত হই তবে আমরা সর্বদা নিশ্চিত থাকতে পারি সেসব চুক্তি পূরণ হবে।’

পুতিন আরও বলেন, মস্কো তেহরানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত কারণ দেশটি রাইসি প্রশাসনের অধীনে রয়েছে এবং রাশিয়া-ইরান সম্পর্ক যাতে এইভাবে অব্যাহত থাকে তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে মস্কো।

তিনি ভলোদিনকে বলেন, ‘দয়া করে, আমার এই কথাগুলো ইরানের নেতৃত্বের কাছে পৌঁছে দিন।’

উল্লেখ্য, গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয়। দীর্ঘ তল্লাশি অভিযান শেষে সোমবার পাহাড়ি ও তুষারাবৃত এলাকা থেকে ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেইন কোলিভান্দ সোমবার জানান, হেলিকপ্টারটির সকল যাত্রী এবং ক্রু দুর্ঘটনায় মারা গেছেন।

ভাইস চেয়ারম্যান পদে চাঁদপুরের তিন উপজেলায় প্রার্থীদের প্রাপ্ত ভোট

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নুরুল হায়দার সংগ্রাম। হাজীগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সুমন। আর শাহরাস্তি উপজেলায় বিজয়ী হয়েছেন মো. ইমদাদুল হক।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. নুরুল হায়দার সংগ্রাম। তিনি ৫১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান পেয়েছেন ৪০ হাজার ৫৭৬ ভোট। এছাড়াও তালা প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ হাওলাদার পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট।

কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।

এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি পেয়েছেন ২২ হাজার ৮৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ ইরান পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট। এছাড়াও টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক পেয়েছেন ১০ হাজার ৫৩৭ ভোট, মাইক প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম খলিল পেয়েছেন ৩ হাজার ৫১৮ ভোট ও তালা প্রতীকের প্রার্থী মো. নুর আলম পেয়েছেন ২ হাজার ৬৬৭ ভোট।