All posts by jitu

৩২,৭১৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২১ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৯৭২ জন। এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কে তথ্যমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি এয়ারলাইনসের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে ১৮ মে মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায়

ডেস্ক রিপোর্ট:

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। গত তিন দশকের মধ্যে অ‌স্ট্রেলিয়ান কো‌নো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলা‌দে‌শে এলেন।

মঙ্গলবার (২১ মে) বেলা সা‌ড়ে ১১টার পর ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিমানবন্দ‌রে পেনি ওংকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরের সময় পেনি ওং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেনি। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বল‌ছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর। শুধু তাই নয়, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গা দ্বিপক্ষীয় সফর এটি। পে‌নির ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেবেন। পাশাপাশি পেনি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার মনোভাব ইতিবাচক ছিল না। দেশটি এক প্রতিক্রিয়ায় বলেছিল, নির্বাচন যে পরিবেশে হয়েছে তা ‘দুঃখজনক’। তবে নির্বাচনের চার মাসের বেশি সময় পর সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকারপ্রধানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে জানান অ্যান্থনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বলে দেয় দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। সেজন্য ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে অ্যান্থনি সেই বার্তাই পৌঁছে দিতে চান।

পেনির সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু-ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি বেড়েছে। বিশেষ করে, বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে অস্ট্রেলিয়া। টিফা কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, উল, কটন, গম, ডালসহ নিত্যপণ্য কৃষিপণ্য বাংলাদেশে আমদানি করার সুযোগ রয়েছে। প্রযুক্তিগত সেবা, শিক্ষাসংক্রান্ত দক্ষতা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ করে, খাদ্য প্রক্রিয়াকরণ ও হিমায়িতকরণ প্রযুক্তিতে অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা পেতে পারে বাংলাদেশ।

এছাড়া দ্বৈত কর প্রত্যাহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু, দক্ষ অভিবাসীদের কর্মসংস্থান, ব্লু-ইকোনোমিসহ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে মানবপাচার ও মাদকপাচার ও চোরাচালান নিয়ে দুই দেশ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করতে পারে বলে ভাষ্য এ কূটনীতিকের।

মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন সংকটের মধ্যে সম্প্রতি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, শান্তি স্থাপনের লক্ষ্যে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তবে সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

পেনির ঢাকা সফরে ফিলিস্তিন ইস্যু আলোচনায় আসতে পারে জানিয়ে এক কূটনীতিক বলেন, ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার অবস্থান ইতিবাচক। বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ চায়, এ সমস্যার স্থায়ী সমাধান হোক। ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান জানতে চাইলে সেটি তুলে ধরা হবে। রোহিঙ্গা সংকট এ অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সেটিও আলোচনার বিষয়। ইউক্রেন সংকট এখনও শেষ হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বাংলাদেশ সফর করেন। ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পেইন ঢাকা সফর করেছিলেন।

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনের তথ্য বলছে, তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের সফরটি ছিল দীর্ঘ ২১ বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

এভারেস্টের পর এবার লোৎসে জয় করলেন বাবর আলী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। তার লেখক বাবর আলী।

আজ (মঙ্গলবার) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট, বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। তিনদিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি।

এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।

এর আগে রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চার বছরে পাঁচ বাংলাদেশি ছয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় কোনো বাংলাদেশির সফল অভিযান হয়নি। ১১ বছরের সেই খরা কাটিয়ে রোববার ভোরে মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাবর আলী।

চান্দিনায় স্বপদে বহাল থেকেই নির্বাচন করতে পারবেন চেয়ারম্যান প্রার্থী সেলিম

 

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে স্বপদে বহাল থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন শাহ্ মো. সেলিম প্রধান। তিনি উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

সোমবার (২০ মে) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েতুর রহিম হাই কোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখায় শাহ্ মো. সেলিম প্রধান এর প্রার্থী হতে আর কোন বাঁধা রইল না। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ্ মো. সেলিম প্রধান এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল্লাহ্ আল মামুন।

এর আগে গত ৭ মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ‘উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা-৮ এর উপধারা-২ (চ)’ কে চেল্যাঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন শাহ্ মো. সেলিম প্রধান। ৮ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামান এর বেঞ্চ সেলিম প্রধান এর মনোনয়ন গ্রহণ এবং নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়ে একটি রায় প্রদান করেন।’

এদিকে ওই রিটের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন আপিল বিভাগের শরণাপন্ন হয়। সোমবার হাই কোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখে চেম্বার জজ।

এর আগে গত ১৩ মে সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবির্ধাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপে ০৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার বিষয়টি উল্লেখ করে সোমবার একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

উল্লেখ্য, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ সেলিম প্রধান সহ চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়ন সম্পর্কে কোন সিদ্ধান্ত না দিয়ে অপর ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

বুড়িচংয়ে আনারস প্রতীকের ব্যাপক গণ সংযোগ ও নির্বাচনী উঠান বৈঠক

কুমিল্লা প্রতিনিধি:

সোমবার সারাদিন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ( আনারস প্রতীক) এর উদ্যোগে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে ব্যাপক গণ সংযোগ ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কুসুমপুর, পারুয়ারা, রামচন্দ্র পুর, হাসনাবাদ, পশ্চিম শূীীঈঈসিংহ, নারাচোর, কংশনগর বাজার প্রমূখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ঠিকাদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আলিফ রায়হান হামিদ, সাংগঠনিক সম্পাদক , দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ শাসুল আলম,গোলাম মোস্তফা, হাজী আলী আশ্রাফ খান,যুগ্ম সম্পাদক আজমীর হোসেন, আব্দুল্লাহ আল নোমান, এডভোকেট তাজুল ইসলাম, মীর মোহাম্মদ জজু মিয়া, জহিরুল কাইয়ূম, আলী হোসেন, হারুন অর রশিদ, আুবু কাউসার খান, এম হাবিবুর রহমান, মোস্তফা হোসাইন খান, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আবু তাহের সর্দার, জহিরুল হক জজু মেম্বার, গ্রাম প্রধান সিদ্দিকুর রহমান, ইছাক মেম্বার, নসু মিয়া মেম্বার, কামাল হোসেন মেম্বার, দুলাল হোসেন মেম্বার,আলমগীর হোসেন মেম্বার, নুরে আলম মুন্সী প্রমূখ।

চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফখরুদ্দীন ইমন:

‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বিতক প্রতিযোগিতার বিচারক চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক সাহেরা খান, মো: ফারুক হোসেন, চিওড়া সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান, মডারেটর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ ভূঁইয়া, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ আর বাচ্চু খাঁ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীপুর প্রসন্ন একাডেমী, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পক্ষ দল শ্রীপুর প্রসন্ন একাডেমীকে পরাজিত করে বিপক্ষ দল মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মিয়াবাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সেমিনার

ফখরুদ্দীন ইমন:

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে ‘রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা এর যৌথ উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) রেইজ সৌরেন্দ্র নাথ সাহা।

চৌদ্দগ্রম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা এর সহকারী পরিচালক মো: আলী হোসেন এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাহিদ হাসান , যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন, ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা এর কাউন্সিলর জাফর উল্লাহ, রিপন ঘোষ, জহির আহমেদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদেশ ফেরত অভিবাসী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় কাঁদলেন চেয়ারম্যান প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ২১ মে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের হুমকি, স্থানীয় প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ক্ষমতাশীন রাজনৈতিক দলের নেতাদের অতি-উৎসাহী আচরণ ও জনগণের মাঝে ভয়-ভীতি প্রদর্শনের কারণে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরী হওয়ায় চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে কাঁদলেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড.এম আজাদ খান।

সোমবার (২০ মে) বিকালে চাটখিল পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন এ প্রার্থী।

সাংবাদিক সম্মেলনে জেড.এম আজাদ খান বলেন, তিনি নির্বাচনী কর্মকান্ড শুরু করার পর থেকে তার নির্বাচনী কর্মিদের বিভিন্নভাবে হুমকি-ধমকি এমনকি প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নি কর্মকর্তা, সহকারী রিটার্নিয় কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও তিনি কোন প্রতিকার পাননি। দোয়াত কলম প্রতিকের প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) জাহাঙ্গীর কবিরের পক্ষে থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন। যা তার কর্মকান্ডে প্রতীয়মান হচ্ছে। ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যাহা সুষ্ঠ-নিরপেক্ষ ভোটের পরিবেশে বাধাঁ সৃষ্টি করবে বলে দাবি করেন তিনি।

আনারস প্রতীকের এই প্রার্থী আরো বলেন, ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এই সময়ে দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির ও তার লোকজন আমার আনারস প্রতীকের এজেন্ট ও দায়িত্বশীলদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যেতে বারণ করছে এবং হামলা- মামলার হুমকি দিচ্ছে। এছাড়া, ভোটারদের মাঝে প্রকাশ্যে কালো টাকা বিতরণ করে প্রভাবিত করছে।

ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেডএম আজাদ খান।

সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের কর্মী-সমর্থকসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

নোয়াখালীতে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হত্যার হুমকি, কেন্দ্রে যেতে নিষেধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের এজেন্টদের ভোটগ্রহণের দিন কেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে।

সোমবার (২০ মে) আনারস প্রতীকের একাধিক এজেন্ট গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়নে আনারস প্রতীকের একজন এজেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেনবাগ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরী তাদের নিশ্চিত পরাজয় জেনে নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন। তারা আমাদের কর্মীদের হত্যার হুমকি দিচ্ছেন। বিশেষ করে আমার বাড়িতে প্রার্থী আবু জাফর টিপু ভোট চাইতে এসে আমার স্ত্রীকে সরাসরি হুমকি দিয়ে গেছেন। এ ছাড়াও আনারস প্রতীকের হয়ে কাজ করায় কেশারপাড়ের এক বাজারে আমাকে একা পেয়ে আমার গায়ে হাত তুলেছেন প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর লোকজন। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ এজেন্ট আরও বলেন, ‘আমি পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলার রক্ষা দায়িত্বে থাকা ঊর্ধ্বতনদের কাছে আবেদন জানাচ্ছি, আবু জাফর টিপু ও জাফর আহাম্মদ চৌধুরীর সন্ত্রাসী বাহিনীকে দমন করেন। এরা সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না।’

এদিকে ৩নং ডমুরুয়া ইউনিয়নের আনারস প্রতীকের বয়োবৃদ্ধ এক এজেন্ট জানান, আনারস প্রতীকের হয়ে এজেন্ট হলে তাকে গুম করে ফেলা হবে বলে আবু জাফর টিপুর লোকজন হুমকি দিয়েছেন। তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ওই এজেন্টের ছেলে শরীফুল ইসলাম বলেন, ‘আমার বাবা আনারস প্রতীকের জন্য কাজ করায় আমাদের পরিবারকে বারবার হুমকি দিচ্ছেন প্রতিপক্ষের লোকজন। বিশেষ করে আবু জাফর টিপুর লোকজন সরাসরি গুম করার হুমকি দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছি।’

একই অভিযোগ করেন ৫নং অর্জুনতলা ইউনিয়নের আনারস প্রতীকের আরেক মহিলা এজেন্ট। তিনি বলেন, ‘ভোটগ্রহণের দিন কেন্দ্রে না গেলে আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর লোকজন। রোববার রাতে নির্বাচনী ক্যাম্পেইন করে রাতে বাড়ি ফিরে আসার সময় আমাকে বাজারের রাস্তায় আটকে এভাবে হুমকি দেয় জাফর চৌধুরীর সমর্থকরা। আমি নিরাপত্তা চেয়ে সাইফুল আলম দিপুসহ প্রশাসনের লোকজনকে বিষয়টি জানিয়েছি।’

অভিযোগের সত্যতা জানতে কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার বলে জানান। তবে তাদের লোকজন এমন কিছু করে থাকলে ব্যবস্থা নেওয়ার বিষয়েও তারা গণমাধ্যমকে আশ্বস্ত করেন।

এ বিষয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম দিপু বলেন, ‘নির্বাচনে হার-জিত থাকতেই পারে। তবে রাজনীতির নামে এমন নোংরামি করা উচিত নয়।

প্রতিপক্ষের লোকজন পরাজয় নিশ্চিত জেনে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন। এ পর্যন্ত বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা করে অন্তত ১০ জনকে আহত করা হয়েছে। আমার এলাকার কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রে যেন না যায়, সেই হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক এটাই আমার প্রত্যাশা।’

প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম দিপু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন করতে চাই। তাই ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। নির্বাচনী প্রচার শুরু থেকে প্রতিদিনই আমাদের গণসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ লোকজনের বিপুল উপস্থিতি দেখে তারা পরাজয় নিশ্চিত জেনে এখন গত সংসদ নির্বাচনের সেই ষড়যন্ত্রকারীরা এক হয়েছে। সাধারণ ভোটাররা আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।’

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ৭ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

ফার্মা সলিউশন নামে বাজারে থাকা নকল ডায়েবেটিস টেস্টিং স্ট্রিপস সাত দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (২০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাইরের ঝামেলা এড়াতে বাসাবাড়িতে সরঞ্জাম রেখে অনেকেই ডায়াবেটিস মাপার কাজটি সারেন। এ জন্য একটি টেস্টিং স্ট্রিপ ব্যবহার করা হয়। এই স্ট্রিপ অবৈধভাবে এনে বিদেশের নামি প্রতিষ্ঠানের মোড়কে দেশের বাজারে ছাড়ছে একটি প্রতিষ্ঠান। আর এই মোড়ক প্রিন্ট করা হয় রাজধানীতেই। শুধু মোড়ক নয়, ভেতরের স্ট্রিপগুলোও দেশে তৈরি হচ্ছে কি না সেটিও কেউ জানে না। এমন ভয়াবহ প্রতারণার প্রমাণ মিলেছে ফার্মা সলিউশন নামে একটি দেশীয় কোম্পানির বিরুদ্ধে।

ডায়াবেটিস মাপার যন্ত্রের নাম গ্লুকোমিটার। এই যন্ত্রের সাহায্যে ঘরে বসেই রক্তের সুগার (অর্থাৎ, ডায়াবেটিসের মাত্রা) কত পয়েন্ট তা মাপা যায়। এক্ষেত্রে ল্যানসেট নামে একটি সূক্ষ্ম সুঁইয়ের সাহায্যে আঙুলের ডগায় খোঁচা দেওয়া হয়। রক্ত বেরিয়ে এলে টেস্টিং স্ট্রিপে এক ফোঁটা রক্ত নিয়ে সেটি মেশিনে ঢুকিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।