All posts by jitu

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশ ও সমাজের জন্য যা কিছু কাজ হয় সব কিছুই রাজনৈতিক। যদি রাজনীতিটা সঠিক থাকে তাহলেই এই সমস্ত সেবা পাওয়া যায়, তা না হলে নয়। আর ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায়।

রোববার (১৯ মে) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিবন্ধীদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবাকেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলাতেও করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্ণার খুলে সেবা নিশ্চিত করা হবে।

দীপু মনি বলেন, মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণসহ পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী বাজেটে বয়স্ক ভাতার পরিমাণ বাড়বে না বলেও জানান তিনি।

একদিনের সফরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি রংপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাই সাইকেল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে সরকার। বর্তমানে সব কিছু অনলাইনে হওয়ায় ভাতা প্রাপ্তিতে কোনো দুর্নীতির সুযোগ নেই। তবে সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়মের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘রিচার্জ’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

মানবদেহের জন্য ক্ষতিকর বাজারে থাকা ‘রিচার্জ’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একইসঙ্গে মালিক গোলাম মোস্তফাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ মে) অনুমোদন ছাড়া বিক্রি হওয়া ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার।

গত মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মানবদেহের জন্য ক্ষতিকর বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের বিরুদ্ধে মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টারবোর ড্রিংকসের মালিককে তলব করেন আদালত।

মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মেট্রোরেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ১৫ শতাংশ ভ্যাট বসানোর ঘোষণায় মেট্রোরেলের সুনাম নষ্ট হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনবিআরের সিদ্ধান্ত ভুল।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিলো। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এ সিদ্ধান্ত ভুল। এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয় আশ্বাস দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়, সে দেশের রাজধানী পৃথিবীর অন্যতম খারাপ। বসবাসযোগ্য ১৪০টি দেশের মধ্যে ১৩০’র পরে আমাদের অবস্থান। এটা দেশের উন্নয়নের সঙ্গে মিলে না। এ শহরে এত দামি গাড়ি চলে, কিন্তু বাসের অবস্থা এত খারাপ কেন! বারবার কথাবার্তা বলেও সমাধান করা যায়নি। এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। ঢাকায় যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এগুলো দেখলে কেমন লাগে। এতে আমার লজ্জা লাগে। আমাদের মালিক সাহেবরা কী বিদেশ যান না, দেখেন না!

তিনি বলেন, আজকে আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্ণফুলীও শেষ। এখন মুখে লেকচার দিয়ে লাভ নেই। এতবার অনুরোধ করেছি। কিন্তু কাজ হচ্ছে না। মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে ৬টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এগুলোর মধ্যে দুটিই পাতাল রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা, ঢাকা সেটিরই অবিচ্ছেদ্য অংশ।

ব্র্যান্ডিং সেমিনারে অতিথিদের আমন্ত্রণ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা। কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিংয়ের দরকার তারা নেই। তিন লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছেন। মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন। এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল। মন্ত্রণালয়ের লোকদের কাছে ব্র্যান্ডিং করা দরকার আছে কিনা- এটা আমি আগেও বলেছি। আমরা কাদের উদ্দেশে বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে।

ভোট কম পড়ার পেছনে একটি বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোট কম পড়ার পেছনে একটি বড় ফ্যাক্টর বিএনপি। তবে এটিই একমাত্র ফ্যাক্টর নয়। বিশেষ করে আরেকটি বড় কারণ হলো স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকে আসতে চান না।

রোববার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, আমরা আশা করি, দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সমস্যা মাঠে আছে সেগুলো যাতে না হয়, সেজন্য আমরা প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছি। দ্বিতীয় ধাপের নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

আলমগীর বলেন, পুলিশ প্রশাসন ভোটের পরে ৪৮ ঘণ্টা থাকে। সে সময়ের মধ্যে তো কিছু হয়নি। ভোটাররা যাতে ভোট দিতে পারেন, তবে কত ভোট পড়বে তা বলা কঠিন। সেটা বলা যাবে না। যেহেতু সব দল অংশ নিচ্ছে না, তাই ভোটের হার নিয়ে এখনই কিছু বলা যাবে না।

নির্বাচনী সহিংসতার জেরে গোপালগঞ্জে একজন মারা গেছে, সেখান থেকে কি শিক্ষা নিচ্ছে কমিশন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের কয়দিন পর এ ঘটনা ঘটেছে। তবে সেটা নির্বাচনের কারণে নাকি ব্যক্তিগত কারণে সেটাও দেখতে হবে। তদন্ত না হলে তো মূল কারণ বলা যায় না। এছাড়া নির্বাচন না থাকলে এ দেশে সহিংসতা হয় না, বিষয়টি তো এমন নয়। এখন পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না সেটা দেখতে হবে।

তিনি আরও বলেন, ধান কাটার কারণে ভোট কম পড়েছে, বিষয়টা এমন নয়। আপনারা কেন বিষয়টা ওইদিকে নিয়ে আমাদের খোঁচা দেন। তাৎক্ষণিক কারণ ছিল সকালে বৃষ্টি। অন্যান্য কারণের মধ্যে ধান কাটাও একটা ছিল। তার বাইরে বড় একটি রাজনৈতিক দল অংশ নেয়নি, এসব কারণে ভোট কম পড়েছে। তারা নির্বাচনে ভোট দিতে ভোটারদের নিষেধ করেছে এটা তারা বলতে পারেন। তবে জোর করে কাউকে ভোট দিতে যেতে বাধা দিতে পারবেন না। ভোট বর্জনের কথা তারা বলতেই পারবেন।

ইসি আলমগীর বলেন, ভোট কম পড়ার পেছনে একটি বড় ফ্যাক্টর বিএনপি। তবে একমাত্র ফ্যাক্টর নয়। বিশেষ করে আরেক বড় কারণ হলো স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকেও আসতে চান না। এখন ৬০ শতাংশের বেশি ভোটাররা আসতে চান না। এটা সারা পৃথিবীতেই এমন। ভারতেও সব দল অংশ নিলেও ৬০ শতাংশ ভোট পড়েনি।

তিনি বলেন, হলফনামায় ভুল কিছু বলা হলে আইনে শাস্তির কিছু বলা নেই। তবে এখানে প্রার্থী শপথ করে, কেউ মিথ্যা তথ্য দিলে যেকোনো নাগরিক আদালতে যেতে পারবেন। আদালত তখন শাস্তি দিতে পারেন প্রমাণিত হলে। তবে ইসির কিছু করার নেই।

ক্ষুদ্র উদ্যোগকে কাজে লাগিয়ে সফল হাজীগঞ্জের নারী উদ্যোক্তা মুসকান

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

তথ্য-প্রযুক্তির যুগে নিজেকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম। অনেক তরুণ-তরুণী অনলাইন ও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে হয়েছেন উদ্যোক্তা। নিজে স্বাবলম্বী হয়ে আয় করছেন লাখ লাখ টাকা। নিজ ও পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে সঞ্চয় করছেন, বাড়িয়েছেন ব্যবসার পরিধিও। ক্ষুদ্র উদ্যোগকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। এমন এক নারী উদ্যোক্তা মুসকান নূর। নিজে সফল হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখেন উদ্যোক্তা তৈরির। বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরির। এতেও সফল তিনি। বলা যায় নারী উদ্যোক্তা তৈরির ‘উদ্যোক্তা’ এই মুসকান নূর। ২০১৯ সালে “লেডিস স্মাইল” নামে ফেসবুক গ্রুপ খুলে ভাগ্য খুলেছেন শত শত নারীর। তার এমন সফলতার গল্প লিখেছেন মোঃ মাসুদ হোসেন।

দুই সন্তানের জননী মুসকান নূর। জন্ম ও শশুরবাড়ি সূত্রে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চতর পড়াশোনার জন্যে চলে যান রাজধানীতে। ঢাকার লালমাটিয়া কলেজে বিবিএ অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত পারিবারিকভাবেই বিয়ে করে ফেলেন। বিয়ের পর যখন ঘরবন্দী হয়ে পড়েন তখনই তার মাথায় ভিড় করে ভিন্ন চিন্তা। সরকারি চাকরির পেছনে অন্যদের মতো না ছুটে নিজে কিছু করবেন এই ভাবনা ছিল মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মুসকানের। তিনি স্কুল জীবনে থাকতেই একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন সবসময়। ঘরে বসে কিছু করার চিন্তা নিয়ে ২০১৯ সালে অন্তঃসত্ত্বাকালীন ফেসবুকে “লেডিস স্মাইল” নামে একটা গ্রুপ খুলেন তিনি। সেই গ্রুপে এখন ২২ হাজারের বেশি সদস্য। নারী উদ্যোক্তাদের পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি তিনি নিজেও দেশীয় শাড়ি, পাঞ্জাবি ও জুয়েলারি ব্যবসা চালু করেন।

করোনাকালীন অনলাইন ব্যবসায় কিছুটা সংযত থাকলেও পরবর্তীতে ডাবের পুডিং, হোম মেইড কেক, আচার সহ বিভিন্ন খাবারের কাজ শিখে শুরু করে দেন এগুলোর ব্যবসাও। মোটামুটি ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে ব্যবসার পরিধি বাড়ানোর চিন্তা মাথায় আসে এই নারী উদ্যোক্তার। তবে যেই ভাবা সেই কাজ। এবারের পরিকল্পনায় ছিল একটু ভিন্নতা। অনলাইনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কিছু করার চিন্তা। নয় বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপরোক্ত সকল ব্যবসার মধ্যে রেস্টুরেন্ট ব্যবসাটাই উত্তম মনে করে ২০২৩ সালে হাজীগঞ্জ পৌর বাস টার্নিমাল এলাকায় চালু করেন “টেস্টি বাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” নামে একটি প্রাতিষ্ঠানিক ব্যবসা। এখানেও ব্যাপক সাড়া পান এই নারী উদ্যোক্তা মুসকান।

নিজের উদ্যোগের বিষয়ে মুসকান নূর বলেন, ‘সমাজের অনেক নারীই উদ্যোক্তা হতে চান, কিন্তু উদ্যোগ থাকলেও সুযোগ হচ্ছে না। আমি তাদের উদ্যোগকে ছড়িয়ে দিতে চাই। এ কারণেই আমার স্বপ্ন নারী উদ্যোক্তা তৈরি করা, যারা সফল হয়ে অবদান রাখবেন দেশের অর্থনীতিতে। পাশাপাশি নিজেও হবো একজন সফল উদ্যোক্তা। বর্তমানে বেকারত্ব বেড়েই চলছে। তবে আমি কিছুটা সফলও হয়েছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অনেক নারীর আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এটাই আমার কাছে চরম পাওয়া।’ উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখা এ নারী উদ্যোক্তা বলেন, ‘একজন নারী উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্য নারী উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরিসরে কাজ করার উদ্যোগ নিয়েছি। অনেক নারী আছেন যারা কোনো একটি পণ্য ভালো তৈরি করতে পারেন। সেটা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্নও দেখেন। এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে নারীদেরকেও সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এছাড়াও বিভিন্ন হাতের কাজ শেখা সহ মার্কেটিং এর উপরও প্রশিক্ষণ নিয়েছি।’

স্বামী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে এগিয়ে যাওয়া এই নারী উদ্যোক্তা ২০২৪ সালে চালু করেন আরেকটি প্রাতিষ্ঠানিক ব্যবসা। হাজীগঞ্জ বাজারে “ওয়াফেল বেস্ট” নামে ফার্স্ট ফুডের নতুন এই ব্যবসা চালু করা মুসকান নূর বলেন, নিজের পরিচয় খুঁজেছি। সবসময় চেয়েছি নিজের একটি পরিচয় গড়ে তোলার। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চিন্তা থেকে আমি অন্য ব্যবসার সাথে খাবারের ব্যবসা শুরু করি। নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে কম দামে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করি। আমার তৈরি করা বিভিন্ন ফাস্ট ফুড ও বেকারি আইটেমের চাহিদা বেশি।

সে থেকেই এই রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড ব্যবসাটি প্রাতিষ্ঠানিক হিসেবে নিয়েছি।’ শালীনতা বজায় রেখে মায়ের কাছ থেকে নেয়া ১ লক্ষ টাকা দিয়ে শুরু করা অনলাইন ব্যবসার পর ঋণ নিয়ে শুরু করা প্রাতিষ্ঠানিক ব্যবসায় মুসকানের এখন পুঁজি প্রায় ৩০ লক্ষ টাকা। প্রবাসী স্বামীর উৎসাহে দুই সন্তান ও সংসার সামলে সফল এই নারী উদ্যোক্তার প্রাতিষ্ঠানিক ব্যবসাগুলোতে এখন কাজ করছেন ১৫ জন তরুণ-যুবক। বেকার না থেকে তারাও এখন নিজের পরিচয়ে জীবিকা নির্বাহ করে চলছেন স্বাচ্ছন্দে। মুসকান নূর বলেন, স্বামী ব্যতিত তেমন কারো কোন সাপোর্ট না পেয়ে এতটুকু এসেছি। তবে বাহিরের কিছু মানুষ আমাকে ব্যাপক অপমান করার চেষ্টা করেছে। তাদের বিষয়ে কর্ণপাত না করে আমি আমার জায়গায় অটুট ছিলাম। সে থেকেই আমি নিজে সফল হয়েছি, তেমনি অন্য নারীদেরও সফলতার দ্বারপ্রান্তে নিতে চেষ্টা চালাচ্ছি। অলরেডি প্রায় শতাধিক নারী এখন সফলতার সাথে কাজ করছেন। এমনকি আমার আত্মীয়স্বজনও অনেকে কাজ খুঁজছেন আমার কাছে। এর চেয়ে আর সফলতা কি হতে পারে। সবই সৃষ্টিকর্তার অশেষ রহমত বলে মনে করি আমি। বেকারত্ব দূরীকরণে আগামীতে আরো শাখা-প্রশাখা চালু করার চিন্তা নিয়েই মুসকান নূরের পথচলা।

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো মতে পাস করে চাকরির পেছনে ছুটে না বেড়িয়ে নিজে উদ্যোক্তা হয়ে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য আমরা নানান সুযোগ-সুবিধা দিচ্ছি। এসব সুবিধা আমাদের ছেলে-মেয়েদের নিতে হবে।’

নারী উদ্যোক্তা আরও বাড়াতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘নারীদের আরও বেশি সুযোগ করে দিতে হবে। তাহলে নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাবে। নারীদের গৃহস্থালী কাজের স্বীকৃতি দিতে হবে।’

রোববার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করে ২০১০ থেকে ২০২১ সালের প্রেক্ষিত পরিকল্পনা করে বাস্তবায়ন করেছি। এরই মধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পেয়েছি। ২০২৬ সাল থেকে আমরা উন্নয়নশীল দেশ হবো।’

তিনি বলেন, ‘আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। একসময় এসব ক্ষুদ্র উদ্যোক্তাই বড় হবে। তারা উপকৃত হবে, দেশ উপকৃত হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে নানান পণ্য উৎপাদন হয়। এগুলো দেশের অভ্যন্তরে বাজারজাত করার সুযোগ তৈরি করতে হবে। নিজের দেশের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করার সুযোগ তৈরি করে দিতে হবে। রপ্তানি বহুমুখী করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে বাজার সৃষ্টি করতে হবে। পদ্মার ওপারে বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়েছে। সেখানে এসএমই উদ্যোক্তারা কাজ করতে পারেন।’

শ্রমিকদের অধিকার নিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের জীবনমান উন্নত করা, তাদের সুযোগ সুবিধা দেখা, এসব করলে তাদের থেকে বেশি কাজ করিয়ে নিতে পারবেন।’

শিল্পের প্রসারে পরিবেশ সুরক্ষার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘জলবায়ুর অভিঘাতে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই। শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সামান্য কয়টা টাকা বাঁচাতে গিয়ে যেন পরিবেশ নষ্ট না হয়। আমরা চাই শিল্প কারখানা গড়ে উঠুক, কিন্তু পরিবেশ নষ্ট না করে।’

তিনি বলেন, ‘করোনা মাহমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন আবার যুক্ত হয়েছে ফিলিস্তিনে ইজরায়েলের হামলা। এসবের ফলে নানান সংকটে আমদানি ব্যয় বেড়েছে। দ্রব্যমূল্যও বেড়েছে। আমরা সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এখানে দেখছি উদ্যোক্তাদের ৬০ ভাগ নারী। এটা দেখে আমি খুব খুশি। কারণ একটা দেশের বড় অংশকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া যায় না। তাদের সঙ্গে নিয়েই চলতে হবে। উভয়ে সমান তালে এগোলো দেশ এগোবে। পুরুষরাও চাইলে স্ত্রী, মায়ের নামে উদ্যোগ নিয়ে এসএমই ঋণের সুযোগটা নিতে পারেন। কারণ তারা নিজের নামে তো ৪ শতাংশ সুদে ঋণ পাবেন না। নারীদের নামে করলে পাবেন। আমি বলবো, পুরুষরা চাইলে সে সুযোগটা নিতে পারেন। কারণ আমরা চাই, ক্ষুদ্র উদ্যোক্তা বাড়ুক।’

তিনি বলেন, ‘মানুষের কর্মক্ষমতা ও উদ্যম কাজে লাগাতে পারলে তারা সোনার মানুষ হবে। এরাই সোনার বাংলা গড়ে তুলতে পারবে। আমরা এরই মধ্যে ১০০টা ইকোনমিক জোন করেছি। শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগও চাই। ক্ষুদ্র উদ্যোক্তারা ইকানমিক জোনে জায়গা নিয়ে কাজ করতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দেইনি বলে ক্ষমতায় আসতে পারিনি। আমি বঙ্গবন্ধুর মেয়ে, দেশের স্বার্থ অন্যের হাতে তুলে দিতে পারি না। বিরোধীদলে থাকতে আমাদের পরিকল্পনা করি। সরকারে এসে সেটি বাস্তবায়ন শুরু করি। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে। বদলে যাওয়া বাংলাদেশ। কৃষি, শিল্পসহ নানান খাতে ব্যাপক এগিয়েছি। কৃষিতে গবেষণায় গুরুত্ব দিয়েছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’

তিনি বলেন, ‘পঁচাত্তরের পর কোনো সরকার দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেয়নি। বরং পিছিয়েছে। আমরা ক্ষমতায় আসার পর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির নানান পদক্ষেপ নেই। বেসরকারি খাত উন্মুক্ত করি। ব্যাংক, বিমা, টেলিকম, এয়ারলাইন্সসহ বিভিন্ন খাতে বেসরকারি উদ্যোগের সুযোগ করে দেই। বিদ্যুতেও বেসরকারি খাতকেও সুযোগ দিয়েছি। যাতে উৎপাদন বাড়ে এবং মানুষের কাজের সুযোগ হয়। শুধু উৎপাদন করলে হবে না, এটার সঠিক বাজারজাতকরণেও নজর দেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাসুদুর রহমানসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা।

বক্তব্যের পর প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১২১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে।

এ ছাড়া পূর্ব গাজার আল-দারাজ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। একই অঞ্চলের একটি স্কুলে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।

এদিকে শনিবার (১৮ মে) গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

আলজাজিরা বলছে, গাজাজুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার তারা কমপক্ষে ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আশ্রয়কেন্দ্রের গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন।

জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুজাহতে পানির জন্য লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরাইল আর্টিলারি হামলা চালালে আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম রাফাতে একটি গাড়িতে পৃথক হামলায় শনিবার আরও একজন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

ডেস্ক রিপোর্ট:

পর্বতারোহী মুসা ইব্রাহীম থেকে বাবর আলী—এভারেস্টের চূড়ায় নিয়ে গেছেন লাল-সবুজের পতাকা। এবার দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন বাবর আলী।

রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকে। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় দুই মাসের মতো।

এদিকে যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। এভারেস্টের চূড়ায় ওঠার পর আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই দিয়েছি।

সে অনুযায়ী এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়াও জয় করা। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেটির চূড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বাবর। তবে চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি।

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ডেস্ক রিপোর্ট:

প্লে-অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। আর জয়ের জন্য তখনো প্রয়োজন ৩৫। ক্রিজে তখন সেট হওয়া দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। যশ দয়ালের করা শেষ ওভারটির প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর গ্যালারি স্তব্ধ করে দিলেন ধোনি। ৫ বলে চেন্নাইয়ের চাই আরও ১১। পরিস্থিতি অনুযায়ী খুব কঠিন কিছু না। কোহলিদের চোখে-মুখে হতাশা। খুব কাছাকাছি এসেও যেন স্বপ্নভঙ্গের সুর বাজছিল। তবে দ্বিতীয় বলেই ধোনিকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন দয়াল। আইপিএলের সর্বশেষ আসরে রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা হজম করা ভারতীয় এ বোলার এদিন দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফেও নিয়ে গেলেন। শেষ চার বলে ডটই দিলেন তিনটি।

দুই হেভিওয়েটের লড়াইয়ে উত্তাপ আরও বাড়িয়েছে প্লে-অফের অঙ্কে। কার্যত নকআউট ম্যাচে রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। এমন ম্যাচে ২৭ রানের জয়ে প্লেঅফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

টানা ছয় হারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল কোহলিরা। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিতো একবার বলেই ফেলেছিলেন রাতে ঘুমাতে পারেননি। মাঠে একের পর এক হার, বাইরে সমালোচনা টিপ্পনী যেন বিদ্ধ করছিল কোহলিদের। তবে এরপরের গল্পটা অবিশ্বাস্য এক কথায়। টানা ছয় হার হজমের পর পরপর ছয় ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেছে আরসিবি।

ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি গড়েছিল আরসিবি। দলের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফ্যাফ ডু প্লেসি। জয়-পরাজয় ছাপিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা। অর্থাৎ ১০ রান স্বল্পতায় কপাল পুড়েছে তাদের।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে চিন্নাস্বামীতে আগ্রাসী ছিলেন বিরাট কোহলি ও ডু প্লেসিরা। বড় লক্ষ্যের কথা মাথায় রেখেই খেলেছেন একের পর এক বিগ শট। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। এরপর বৃষ্টি বাধায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। তবে তাতে ওভার কাটা যায়নি।

বৃষ্টির পরও নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে গেছেন কোহলি। স্ট্রাইকরেট নিয়ে চলা সমালোচনার জবাব দিলেন পরিস্থিতি অনুযায়ী আগ্রাসী এক ইনিংস খেলে। ২৯ বলেই অবশ্য থামে তার ইনিংস। করেছেন ৪৭ রান। অন্যদিকে, ফাফ ডু প্লেসিও খুব একটা ধীরগতিতে ছিলেন না। তবে কোহলির বিপরীতে খানিক ম্লানই ছিল তার ইনিংস।

কোহলি না পারলেও বেঙ্গালুরু অধিনায়ক পেয়ে যান ফিফটি। সেটাকে যদিও টেনে বড় করা হয়নি। ৩৯ বলে ৫৪ করে থামে তার ইনিংস। ক্যামেরন গ্রিন এবং রজত পতিদার এরপর খেলেছেন দুর্দান্ত দুই ইনিংস। রানের অঙ্কে বড় না হলেও দলের স্কোরের চাকা ঘুরিয়েছে তাদের ওই দুই ক্যামিও। ২৩ বলে ৪১ রজতের। আর ১৭ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন গ্রিন। ম্যাক্সওয়েল আর দীনেশ কার্তিকও খেলেছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। তাতেই বেঙ্গালুরু পেয়ে যায় ২১৮ রানের বড়সড় এক পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড়। ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগ অঞ্চলে খেলতে গিয়ে গোল্ডেন ডাকে ফেরেন তিনি। ওয়ানডাউনে নামা ড্যারিল মিচেলও রান পাননি। ৪ রান করে আউট হন তিনি। দ্রুত দুই উইকেট পতনের পর চেন্নাইয়ের ইনিংস সামলান রাচিন রবীন্দ্র ও অজিঙ্কা রাহানে। ভালোই খেলছিলেন তারা। এমন সময় বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান লকি ফার্গুসন। নিজের প্রথম বলেই ৩৩ রানের মাথায় রাহানেকে আউট করেন তিনি। অন্যদিকে স্বপ্নিল সিংহ ও ম্যাক্সওয়েল চেন্নাইয়ের ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না।

ম্যাক্সওয়েলের এক ওভারে ১৯ রান নিয়ে চেন্নাইকে স্বস্তি দিয়েছিলেন রাচীন রবীন্দ্র। অর্ধশত রানও পূর্ণ করেন কিউই এ ওপেনার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। শিবাম দুবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৬১ রানের মাথায় রান আউট হন রাচিন। পরের ওভারেই আউট হন শিবম। ১৫ বলে ৭ রান করেন তিনি। ১১৯ রানে ৫ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের।

জাদেজা ও স্যান্টনার জুটি বাঁধার চেষ্টা করেন। কিন্তু স্যান্টনারের শট শূন্যে লাফিয়ে তালুবন্দি করেন ডুপ্লেসি। বোঝা যাচ্ছিল এই ম্যাচ জিততে কতটা মরিয়া তারা। স্যান্টনার আউট হলে নামেন ধোনি। প্লে-অফে উঠতে ২৪ বলে ৬৩ রান করতে হতো চেন্নাইকে। যশ দয়ালের এক ওভারে ওঠে ১৩ রান। শেষ তিন ওভারে দরকার ছিল ৫০ রান। ধোনি, জাদেজা ক্রিজে থাকায় স্বস্তিতে ছিল না বেঙ্গালুরু। সিরাজ ১৮তম ওভারে দেন ১৫ রান।

শেষ দুই ওভারে চেন্নাইকে করতে হতো ৩৫ রান। ধোনি বড় শট খেলতে না পারলেও জাদেজা সপাটে ব্যাট চালাচ্ছিলেন। আরও একবার চেন্নাইয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। ফার্গুসনের সেই ওভারে উঠে ১৮ রান। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মাত্র ৭ রান দিয়ে বেঙ্গালুরুকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন যশ দয়াল।

নিরাপদ সড়ক নিশ্চিত করণে চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

‘নো হেলমেট নো ফুয়েল’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখার আয়োজনে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে হেলমেট পরিধান নিশ্চিতে পূর্বঘোষণা অনুযায়ী ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

অভিযানের শুরুতেই হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। এসময় পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। এদিকে শহরের শৃঙ্খলা ও যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। সেটিরও উদ্বোধন করেন পুলিশ সুপার। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনা রোধে আপনাদের সচেতনতা জরুরী। তাই মোটরসাইকেল চালকগণ অবশ্যই মাথায় হেলমেট পরিধান করবেন। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেয়া যাবে না। সারাদেশেই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরেও পুলিশ একযোগে ৮ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। হেলমেট বিহীন যারা মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে তাদেরকে ট্রাফিক আইনের আওতায় আনা হবে।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআই-১ ডিএসবি মনিরুল ইসলাম, সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ভিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই আলোকে চাঁদপুর জেলা পুলিশও এই বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।