All posts by jitu

বিয়ের প্রথম সপ্তাহেই অন্তঃসত্ত্বার গুঞ্জনে যা বললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক:

গেল ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শক্রঘ্ন কন্যাকে। যদিও নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী-জাহির।

তবে বিয়ের ৭ দিন যেতেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন! গুঞ্জন ওঠে, সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা! এ জন্যই নাকি দ্রুত বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী!

আসন্ন চলচ্চিত্র ‘কাকুদা’র প্রচারে বর্তমানে ব্যস্ত সোনাক্ষী। আর সিনেমার প্রচারণা থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী।

দাম্পত্য জীবন প্রসঙ্গে সোনাক্ষী বলেন, এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।

গেল ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির। বাবা শক্রঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান দুজন। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আলোচনা শুরু হয়। অভিনেত্রী অন্তঃসত্ত্বা, এমনটাই গুঞ্জন উঠতে থাকে।

হোমনায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় ২ হাজার মানুষ

 

ইসতিয়াক আহমেদ:
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় ২ হাজার স্থানীয় মানুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ‘জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এরই  ধারাবাহিকতায় শনিবার (৬ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশনের  অধিনস্ত ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে হোমনা উপজেলার হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান , সার্জিক্যাল বিশেষজ্ঞ লে. কর্নেল অসীম কুমার দত্ত, চর্ম বিশেষজ্ঞ লে. কর্নেল এনামুল হক ,চক্ষু বিশেষজ্ঞ মেজর শ্যামল কুমার, মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসনুভা তাহসিন, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, আজমিরা জান্নাত, মেজর নাবিলা, ক্যাপ্টেন সিহাব আল সাদ, ডা. আতিয়া রহমান, ডা. ফয়জুল ইসলাম ও ডা. সাইফুল ইসলামসহ সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে  গঠিত ১১ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে নারী, পুরুষ এবং শিশুসহ সর্বমোট ২ হাজার জন গরীব  ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এই অঞ্চলের গরীব ও দুঃস্থ জনসাধারণের পাশে দাড়ানোসহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ইরানে হিজাব আইন বাতিল করবেন ‘পশ্চিমাপন্থি’ নতুন প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান। এই লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল নেতা সাঈদ জলিলী। গত শুক্রবার (৫ জুলাই) ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে জলিলীর চেয়ে প্রায় ২৮ লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন পেজেশকিয়ান।

গত মে মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ায় আগাম নির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কেউ এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় পর্বে।

শুক্রবারের ভোটাভুটিতে দেশটির সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলীর প্রাপ্ত ভোট সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯। এর ফলে, ইরানের নবম প্রেসিডেন্ট হতে চলেছেন নির্বাচনে বিজয়ী পেজেশকিয়ান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন শহরে আনন্দ-উল্লাস করছেন পেজেশকিয়ানের সমর্থকরা। রাস্তায় নেচে-গেয়ে, গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করছেন তারা।

৬৯ বছর বয়সী পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন ছিলেন। ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী। দেশটির ১০ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা রয়েছে তার।
প্রতিশ্রুতি রাখতে পারবেন পেজেশকিয়ান?

এবারের নির্বাচনে লড়াই করা ছয় প্রার্থীর মধ্যে একমাত্র মাসুদ পেজেশকিয়ানকেই কিছুটা উদারমনা ও সংস্কারপন্থি হিসেবে দেখা হচ্ছিল। তার নির্বাচনী এজেন্ডাগুলোর মধ্যে ইরানের কঠোর হিজাব আইন সংস্কার এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি ছিল অন্যতম।

হিজাব ইস্যুতে বিক্ষোভে নিহত ২০০, স্বীকার করলো ইরান
হিজাব না পরা নারীদের শনাক্তে ক্যামেরা বসাচ্ছে ইরান
ইরানে হিজাব না পরায় নারীকে ৭৪টি বেত্রাঘাত

পেজেশকিয়ানের মতে, ইরানকে অবশ্যই বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ২০১৫ সালের পরমাণু চুক্তির কিছু সংস্করণ ফের চালু করার জন্য পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি।

ক্ষমতাগ্রহণের পর এসব বিষয়ে বিশ্বনেতাদের কাছ থেকে পেজেশকিয়ান বিপুল সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। তবে নিজ দেশের সরকারের কাছেই বাধার মুখে পড়তে পারেন তিনি।

কারণ, ইরানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তই শেষ কথা। তাছাড়া, সরকারের অন্য পদগুলোতে এখনো রক্ষণশীলদের আধিপত্য রয়েছে।

ফলে, হিজাব আইন সংস্কার বা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হলে পেজেশকিয়ানকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।

শিশুদের জ্ঞান-বিজ্ঞান চর্চা মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাও (বাংলাদেশ) একদিন চাঁদে যাবো।

শনিবার (৬ জুলাই) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ অ্যালবামের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একদিন চাঁদে যাব। কাজেই সেজন্য এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।

শেখ হাসিনা বলেন, আমার ছোট্ট সোনামনি তোমাদের জন্য দোয়া ও আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও। কারণ যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো তোমরাই হবে তার স্মার্ট নাগরিক, যারা দেশ চালাবে।

প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মাঝ থেকেই বের হয়ে আসবে আমার মতো প্রধানমন্ত্রী, মন্ত্রী। তোমরা বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আর আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নেই। কাজেই সবাইকে এখন থেকে সেভাবে প্রস্ততি নিতে হবে, পড়াশোনা করতে হবে।

বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলা থেকেই মানুষের জন্য আলাদা একটা দরদ ছিল। অন্নহীন, ছিন্ন কাপড় পরিহিত মানুষ, থাকার জায়গা নেই, এই জিনিসগুলো তাকে খুব ব্যথিত করতো। সেজন্য ছোটবেলা থেকেই তিনি মানুষের জন্য কাজ করতেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজের জীবনের কোনো সুখ, সুবিধা কিছুই দেখেননি। শুধু একটাই চিন্তা ছিল এদেশের মানুষকে কীভাবে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যাতে একটা সুন্দর জীবন পেতে পারে সেটাই তার লক্ষ্য ছিল।

‘এসো বঙ্গবন্ধুকে জানি’ অ্যালবামের প্রশংসা করে সরকারপ্রধান বলেন, আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে অথবা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা ছবির মাধ্যমে ইতিহাসকে যে তুলে ধরা- আসলে ছবি তো কথা বলে এবং এর মাধ্যমে শিশুদের ইতিহাস জানার সুযোগ হচ্ছে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের জন্য শিক্ষক, প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মুজিব কর্নার ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছবি তোলেন।

পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন।

ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চীন সফরে যাচ্ছি। চীনের সঙ্গে আমাদের উন্নয়নে পার্টনারশিপ রয়েছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু।

তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে সেতু, পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম চার লাইন কনন্সট্রাকশন চীনারা করেছে। মেট্রোরেলের জন্য জাপান সহযোগিতা করেছে। উন্নয়নের জন্য যেখানে আমি সুবিধা পাবো সেটা আমি কেন নেব না? আমার তো সাহায্য দরকার।

শনিবার (৬ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। পরদিন সকালে কেউ ঘুম থেকে ওঠেনি। সেদিন ভারতীয় হাইকমিশন বন্ধ। ওইদিন তাদের দরজার সামনে ফুল-মিষ্টি নিয়ে কোনো দল হাজির হয়েছে? মনে নেই! নতজানু কারা? মেরুদণ্ডহীনরা নতজানু হয়েছে। শেখ হাসিনা কখনো নতজানু হয়নি।

বিএনপি আন্দোলনের ইস্যু পায় না উল্লখ করে কাদের বলেন, বিএনপি আন্দোলনের যৌক্তিক কোনো ইস্যু খুঁজে পায় না। তারা নিজেরা রাস্তায় একটা আন্দোলন করতে পারে না। এখন তারা অন্যের ইস্যু খুঁজে বেড়ায়। খালেদা জিয়ার অসুস্থতা তারা আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা খালেদা জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে। কে শোনে জাতিসংঘের কথা? গাজা যুদ্ধ বন্ধে এত প্রস্তাব হয়েছে? জাতিসংঘের কথায় কি যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘের কথায় কি ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়েছে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোটা আন্দোলনে যুক্ত হয়েছে। কোটার বিষয়ে আদালতের আদেশ আছে। এখানে সরকারের কি দোষ?

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে অনেক সময় লাগবে। সেখানে মূল সমস্যা ভূমি। এর সমাধান এত সহজ নয়। এ সমস্যা ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যেদিকে তাকাই শুধু উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা প্রশ্ন আসলে অন্য এলাকার সঙ্গে তুলনা করলে পার্বত্য চট্টগ্রামেও একই উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, একটা সময় ছিল আনারস পাহাড়ের প্রধান ফল। এক সময় এই ফল ঢাকায় আসতে পারত না। আজ যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে প্রতিদিন সুমিষ্ট ফল ঢাকা-চট্টগ্রাম চলে আসে। এখন শুধু আনারস নয়, সব ধরনের ফল পাহাড়ে হয়। পাহাড়ের মতো আম আমি সিঙ্গাপুরে দেখিনি। এখন সিঙ্গাপুরের চেয়েও উন্নত মানের ফল পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়।

এমিলিয়ানো মার্তিনেজকে ‘বিশ্বসেরা গোলকিপার’ তকমা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনাকে আবারও রক্ষা করলেন এমিলিয়ানো মার্তিনেজ। ইকুয়েডরে বিপক্ষে টাইব্রেকারে গোল দিতে পারেননি লিওনেল মেসি। হতাশা ভিড় করেছিল আলবিসেলেস্তা শিবিরে। তখন রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন মার্তিনেজ।

তার বুদ্ধিমত্তার জোরেই ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন ‘নায়ক’ মার্তিনেজ।

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি শুধু মার্তিনেজের সতীর্থ নন। মেসিকে খুব ভালোবাসেন মার্তিনেজ। এবার বিপদের বন্ধু মার্তিনেজকে ভূয়সী প্রশংসায় ভাসালেন মেসি। মার্তিনেজকে তিনি দিয়েছেন বিশ্বের সেরা গোলকিপারের তকমা।

এক ইন্সটাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘আরও একটি ধাপ…কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমরা বেশ ভুগেছি। আমরা সেমিফাইনালে উঠেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ভামোস আর্জেন্টিনা।’

ইকুয়েডরকে হারানোর পর সংবাদমাধ্যমেও মার্তিনেজের প্রশংসা করেন মেসি। তিনি বলেছিলেন, ‘জানতাম, এ ধরনের সময়ে দিবু (মার্তিনেজ) দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিএনপি-জামায়াতকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতকে যে কোন মূল্যে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, বিএনপি রাজনীতির নামে অপরাজনীতি করে। হত্যা, ষড়যন্ত্র ও ক্যু’র মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছে।

একজন অবৈধ দখলদার সেনা শাসকের পকেট থেকে একটা সংগঠন কায়েম হয়েছে। তখন বিভিন্ন ধরনের লোকজন দিয়ে একটি দল তৈরি হয়েছে, তার নাম বিএনপি।

শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির মিজি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম। আলোচনা শেষে মন্ত্রী অতিথিদের নিয়ে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪ আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানামূলে ১জন ও নিয়মিত মামলায় ৪জনসহ মোট ৭জন।

সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে ৩জন, সাজা জিআর পরোয়ানামুলে ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানায় রিকলমুলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং জিআর পরোয়ানা মূলে ১জন সহ ৩ জন আসামী গ্রেফতার হয়।

চাটখিল থানা সিআর পরোয়ানামুলে ১জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১জনসহ মোট জেলায় ৬৪জন।

এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

লাকসামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে মানসিক ভারসাম্যহীন ছেলের দাঁয়ের কোপে নুর জাহান বেগম (৯০) মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় লাকসাম উপজেলার উত্তর এলাইস গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারসাম্যহীন আসাদুজ্জামান বাহার (৫০) কে আটক করে স্থানীয়রা পুলিশের সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য হানিফ সরকার ঘটনার সততা নিশ্চিত করে জানায়, আসাদুজ্জামান বাহার দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন।

শুক্রবার বিকেলে মা নুরজাহান বেগম ঘরে বসে ছিল। ছেলে আসাদুজ্জামান হঠাৎ করে উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি দা নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে এই ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বাহার কে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন এছাড়াও ছেলে আসাদুজ্জামান বাহার কে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।