All posts by jitu

জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:

দেশে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ (আইজেএমইবি)-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে ফিতা কেটে আন্তর্জাতিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, ইস্ট
উধরষু ইধহমষধফবংয গরৎৎড়ৎ
ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বসহ বাজুসের নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ- সভাপতি আমিন হেলালী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। আরও উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রান্তি নাগভেকার, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মুখপাত্র ও সাবেক সভাপতি দিলীপ কুমার রায়, সহ-সভাপতি সুমিত ঘোষ অপু। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও পুরাতন কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং রফতানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস যৌথভাবে এ প্রদশর্নীর আয়োজন করেছে। প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’।

প্রর্দশনী চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রর্দশনীটি ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য উম্মুক্ত। প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১০টি দেশের প্রায় ৩০টি প্রতিষ্ঠান।

প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারতের ৮টি প্রতিষ্ঠান- তিশ্য সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নিও ইন্সট্রুমেন্ট, মাইক্রো ম্যাক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অনন্ত জুয়েলস অ্যান্ড টেকনোলজি, সোলাংকি মেশিনারিজ ওয়ার্কস, ইরা কর্পোরেশন, কোয়ান্টাম ইকুইপমেন্ট ও অ্যাকজেট সলিউশন, প্যাসিও ট্রেডার্স প্রাইভেট লিমিটেড।

ইতালির ২টি প্রতিষ্ঠান জেটিই ও ফাস্টি; তুরস্কের ২টি প্রতিষ্ঠান ওটেক ও গুভেনিস; জার্মানির ফিশার; চীনের ডু ইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড; থাইল্যান্ডের বেসিক জুয়েলারি কোম্পানি লিমিটেড।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫টি প্রতিষ্ঠান- ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজি, রাজঐশ্বরী, এক্সপার্ট ইন্সট্রুমেন্ট, ট্রাস্ট ইন্সট্রুমেন্ট বাংলাদেশ ও র‍্যার্টস বিডি।

চান্দিনায় স্কুল কমিটির নির্বাচনে ভোট গণনা না করেই ফলাফল ঘোষণার অভিযোগ

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট গণনা না করেই ফলাফল ঘোষণার অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন রাত ৯টার দিকে মৌখিকভাবে প্রিজাইডিং অফিসার ওই ফলাফল ঘোষণা করেন। এতে আপত্তি জানিয়ে ভোট গণনা করে পুনরায় ফলাফল ঘোষণার আবেদন জানান সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রার্থী রহিমা আক্তার।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রার্থী।

প্রার্থীর অভিযোগ ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন গত বুধবার (৩ জুলাই) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এর পর দীর্ঘ সময় অতিবাহিত করে রাত ৯ টায় ভোট গণনা না করে ফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল।

এদিকে একাধিক প্রার্থী ওই ফলাফল মেনে নেয়নি। অভিযোগ রয়েছে প্রার্থীদেরকে ফলাফলের কোন লিখিত কপি দেয়নি প্রিজাইডিং অফিসার। তারা দাবি করেন- ‘নির্বাচনে সুকৌশলে একটি প্যানেল কে বিজয়ী করা হয়েছে।’

এদিকে বুধবার ফলাফল ঘোষণায় বিলম্ব করায় রাত ৮টার পর নির্বাচনী কেন্দ্রসহ বিদ্যালয় ঘেরাও করে স্থানীয় ভোটারসহ উত্তেজিত এলাকাবাসী। এসময় তারা ফলাফল কারচুপির অভিযোগ এনে দফা দফায় মিছিল ও স্লোগান দিতে থাকে। রাত ৯টায় ফলাফল ঘোষণার পর চান্দিনা থানা পুলিশ এর প্রহরায় প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যালয় থেকে বের করে নেওয়া হয়।

সরেজমিনে জানা যায়, বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৪জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার ছিল ১ হাজার ১ জন। এর মধ্যে ৯শত ৫০ ভোট কাস্ট হয়। নির্বাচন শেষে রাতে মজিবুল হক, হাজী মনির হোসেন, জসিম উদ্দিন, মোস্তফা কামাল এবং নাসরিন বেগমকে বিজয়ী ঘোষণা করা হয়। যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার শাহ জালাল বলেন, একজন ভোটার মোট ২টি ব্যালটে ৫টি করে ভোট দিয়েছে। এগুলো পৃথকভাবে কাউন্ট করতে ২ থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। এরপর আমরা ফলাফল ঘোষণা করেছি।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন, আমি এখনো কোন অভিযোগ হাতে পাইনি। হয়তো ডাক ফাইলে আছে। পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

 

টাইব্রেকারে এমি মার্টিনেজ বীরত্বে কোপার সেমিতে আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক:

যে প্রতিপক্ষের বিপক্ষে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে বিশ্বজয়ী আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনাই যেন আজ মাঠের খেলায় ছিল ছন্দহীন। শেষমেষ ট্রাইব্রেকারে সেই মার্টিনেজই যেন আবারও এনে দিলেন এক অবিশ্বাস্য জয়।

ইকুয়েডরের বিপক্ষে খাতাকলমে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। তবে মাঠের খেলায় সেটা দেখা যায়নি। পুরো ৯০ মিনিটজুড়ে দাপট দেখানো ইকুয়েডর একদম শেষ মুহূর্তে গোল করে সমতায় ফেরে। ফলে ম্যাচের ফল নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি লিওনেল মেসির দলের।

ম্যাচে ইকুয়েডর গোলের জন্য শট নেয় নয়টি, আর্জেন্টিনা আটটি। তবে উভয় দলই মাত্র দুটি করে শট লক্ষ্যে রাখতে সমর্থ হয়।

শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। এদিন শুরু থেকে অগোছালো ছিল আর্জেন্টিনা। সেই সুযোগে আধিপত্য দেখায় ইকুয়েডর।

ম্যাচের প্রথম ৩০ মিনিটে তিনটি আক্রমণ রচনা করে ইকুয়েডর। এর মাঝে দুর্দান্ত এক সেভ দিয়ে দলকে বাঁচান এমিলিয়ানো মার্টিনেজ। এরপর নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা।

আক্রমণে ফিরে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ৩৫ মিনিটে কর্নার থেকে লক্ষ্যভেদ করেন লিসান্দ্রো মার্টিনেজ। যা জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। অ্যাসিস্টে ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দ্বিতীয়ার্ধে মাঝে কিছুটা সময় আর্জেন্টিনা ভালো খেললেও ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ন্ত্রণ নেয় ইকুয়েডর। ৬২ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায় তারা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

এরপর বাকি সময়েও একেরপর এক আক্রমণ করতে থাকে ইকুয়েডর। যার ফল পায় শেষ মুহূর্তে। ৯১ মিনিটে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান রদ্রিগেজ। ফলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

টাইব্রেকে শুরুতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। গোল মিস করেন লিওনেল মেসি। তবে পরপর দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার ত্রাতা হয়ে দাঁড়ান এমিলিয়ানো মার্টিনেজ। বাকি সবাই লক্ষ্যভেদ করলেও ব্যবধান গড়ে দেয় এমির সেই দুটি সেভ। সেমিফাইনালে ভেনেজুয়েলা বনাম কানাডা ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

শিক্ষার্থী কাশপিয়ার মৃত্যু : দ্বিতীয় আসামি রাব্বি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাশপিয়া  আত্মহত্যা  প্ররোচনা মামলার দ্বিতীয় আসামি  মেহেদী  হাসান  রাব্বি(২২) কে  গ্রেফতার করেছে   কোতয়ালি থানা পুলিশ। এর দুই দিন আগে  প্রধান আসামি সজিব হোসেনকে (২৪) ঢাকা থেকে  গ্রেফতার করে থানা পুলিশ।  এ নিয়ে প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতার হওয়া  মেহেদী হাসান রাব্বি (২২)  কুমিল্লা সদরের  শাহ আলমের ছেলে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান,  বৃহস্পতিবার  মামলার ২ নং আসামি রাব্বিকে  গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, এদিকে কাশপিয়ার মৃত্যু আত্মহত্যা হিসেবে মামলা হলেও এই মৃত্যুকে ঘিরে প্রতিনিয়ত রহস্য বাড়ছে। নিহতের পরিবারের অনেকেই বলছেন এটা পরিকল্পিত হত্যা, আত্মহত্যা নয়। বাড়িতে একা পেয়ে কাশপিয়াকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতকরা। আর ঘাতকরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এ রহস্য আরো ঘনীভূত হচ্ছে। নিহত বারিহা সিদ্দিকা কাশপিয়া (১২) কুমিল্লা সদরের আমতলী পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলী বাড়ির বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ১৯ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নির্জন বাড়িতে কাশপিয়ার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের মা ছায়েমা আক্তার শান্তা । মামলার প্রধান চার আসামি হলেন সদরের আমতলী এলাকার মোবারক হোসেনের ছেলে সজিব হোসেন (২৪), শাহ আলমের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২), ময়নাল হোসেনের ছেলে রকিব হোসেন (২২) এবং আবুল কাশেমের ছেলে মো: রাহিম(২২)।

থানায় দায়ের করা মামলায় নিহতের মা শান্তা জানায়, আমার বড় মেয়ে বারিহা সিদ্দিকা কাশপিয়া গত ৮/৯ মাস ধরে ফেসবুকের মাধ্যমে প্রতিবেশী মোবারক হোসেনের ছেলে সজীব হোসেনের সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। পরে ভিডিও কলে কথা বলার সময় সজীব আমার মেয়ের আপত্তিকর কিছু ছবি স্ক্রিণশট নিয়ে রেখে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। আমি এ বিষয়ে জানতে পেরে ছেলের মারে কাছে বিচার দেই এবং ছেলেকে আমার মেয়ের সাথে কথা বলতে বারণ করি। পরে সজীব আমার ভাসুরের ছেলে রাসেলের কাছে এসব আপত্তিকর ছবি পাঠায় । রাসেল এসব দেথে সজীবকে বাড়াবাড়ি করতে নিষেধ করে। পরে সামাজিকভাবে বসে সমাধানের চেষ্টা করি। কিন্তু তারা সামাজিক সিদ্ধান্ত না মেনে গত ১৯ জুন বিকেল ৪ টায় সজীব, রাব্বি, রকিব ও রাহিমের নেতৃত্বে আরো ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে আমার মেয়ে ও ভাসুরের ছেলেকে খোঁজ করতে। তারা বাড়িতে এসে আমার মেয়ের নামে অশ্লীল কথাবার্তা বলে যায়। আশেপাশের সবার সামনে আমার মেয়েকে অপমান করে । পরে বিকেল সাড়ে ৪ টায় আমার মেয়ে কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাই। এর আগে ২ জুন কাশপিয়ার মা শান্তা নিরাপত্তা চেয়ে এই আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছিলেন।

পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও নিহতের পরিবারের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, সজীব, রাব্বিরা যখন বাড়িতে হামলা করতে আসে তখন কাশপিয়া তার কক্ষে একা ছিল। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর কাশপিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে মরদেহের কিছু চিত্র রহস্যের জন্ম দিয়েছে। যেমন, আত্মহত্যা করলে হাত মুষ্টিবদ্ধ থাকবে।মলদ্বারে মল থাকবে। কিন্তু কাশপিয়ার হাত মুষ্টিবদ্ধ ছিলনা। মলদ্বারে মল ছিল না। নিহতের পরিবারের দাবি তার কক্ষে একা পেয়ে কাশপিয়াকে হ্ত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে যায়।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে কি ফিরবেন মেসি?

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা। যদিও পেরুর বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আগের ম্যাচে ২৪ মিনিটেই ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে পেয়েছিলেন চোট। এরপর সেই ম্যাচটা শেষ করলেও পেরুর বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাকে। আবার একইদিনে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। কানাডার বিপক্ষে ম্যাচে দেরি করে মাঠে প্রবেশ করার ১ ম্যাচের সাসপেনশনে ছিলেন আর্জেন্টিনা কোচ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগআউটে ফিরছেন স্কালোনি। তারচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরে আসছেন শুরুর একাদশে। সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন দলের সঙ্গে।

পুরোপুরি হাস্যজ্জ্বল মুখেই দেখা গিয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। ধারণা করা হচ্ছে ইকুয়েডর ম্যাচে শুরু থেকেই থাকবেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াইসি স্পোর্টস নিজেদের সবশেষ প্রতিবেদনে মেসির খেলার সম্ভাবনাই জোর দিয়ে প্রকাশ করেছে। যদিও কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে মেসির সঙ্গে আলাপ করে নেয়ার পক্ষে।

সংবাদ সম্মেলনে স্কালোনি জানালেন, ‘আমি তার সঙ্গে আলাপ করিনি। কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব, কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই কাছে মনে হয় সে (মেসি) সময় নিবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

‘ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলব, আর তারপরেই সিদ্ধান্ত নেবো। আগামীকাল কী করব সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি।’ – যোগ করেন স্কালোনি।

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মুশতাক ও অধ্যক্ষ ফাওজিয়া

ডেস্ক রিপোর্ট:

রাজধানী মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও কলেজটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী বাদীর নারাজি খারিজ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় হতে তাদের অব্যাহতি দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী এ দিন ধার্য করেন।

গত রোববার (২ জুন) আদালতে মুশতাক আহমেদ ও কলেজটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীদকে নামে প্রতিবেদন দাখিল করেন পিবিআই। এরপর প্রতিবেদনের ওপর ফের নারাজি দিয়েছেন মামলার বাদী ওই শিক্ষার্থীর বাবা মো. সাইফুল ইসলাম। গত ১৩ জুন নারাজির আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য ৪ জুলাই দিন ধার্য করেন।

গত ৩ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে এ নারাজি দাখিল করেন মামলার বাদী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন।

গত ১৪ মার্চ খন্দকার মুশতাক আহমেদ ও ফাওজিয়া রাশেদীর অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত।

ওই শিক্ষার্থীর বাবা ২০২৩ সালের ১ আগস্ট আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত।

মামলায় মুশতাকের সঙ্গে আসামি করা হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে। এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিম আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দেন। তাতে তিনি জানান, ২০২৩ ২৫ মার্চ তিনি স্বেচ্ছায় ১০ লাখ টাকা দেনমোহরে খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করেন। বিজয়নগর কাজী অফিসে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। ভুক্তভোগী কলেজছাত্রীর বয়স ১৮ পূর্ণ হলে আসামি মুশতাক তাকে বিয়ে করেন। এক্ষেত্রে ভুক্তভোগীকে কেউ কোনো ধরনের প্ররোচনা দেননি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (ভুক্তভোগী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন।

কিছুদিন পর আসামি মুশতাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবেন বলেও হুমকি দেন মুশতাক।

এজাহারে আরও বলা হয়, এ ধরনের আচরণের বিষয়ে কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীর বাবা। তিনি (অধ্যক্ষ) ব্যবস্থা নিচ্ছি বলে আসামি মুশতাককে তার কক্ষে ডাকেন। পরে ভুক্তভোগীকেও ক্লাস থেকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে মুশতাককে সময় ও সঙ্গ দিতেন।

এ বিষয়ে বাদী ২ নম্বর আসামির (অধ্যক্ষ) কাছে প্রতিকার চাইতে গেলেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং আসামি মুশতাককে অনৈতিক সাহায্য করতে থাকেন। উপায় না পেয়ে বাদী গত ১২ জুন তিশাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে গেলে আসামি মুশতাক তার লোকজন দিয়ে তাকে অপহরণ করেন। এরপর বাদী জানতে পারেন আসামি মুশতাক একেক দিন একেক স্থানে রেখে তিশাকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করছেন।

শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

ডেস্ক রিপোর্ট:

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ড পাওয়া নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বেড়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আগামী ১৪ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করে তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

ইউনূসসহ চারজনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও এসএম মিজানুর রহমান।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও শাহজাহান। এছাড়া কয়েকজন বিদেশি পর্যবেক্ষক আদালতে উপস্থিত ছিলেন।

বিএনপি কখনোই জনগণতান্ত্রিক দল হয়ে উঠতে পারেনি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস-সহিংসতাকে উস্কে দেওয়ার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এগুলো জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বার বার প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। তিনি চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। তার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না বরং আইনগত বিষয়। এ বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে।

তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে। আর বিএনপি যখনই তাদের তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখন তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীকে সক্রিয় করে। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে। আর এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি এবং তার দোসররা সর্বদা তৎপর থেকেছে। এটা বিএনপির জন্মগত রাজনৈতিক লিগ্যাসি। কারণ অবৈধ ও অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রক্ষমতা দখলকারী সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত দল কখনো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হতো বা তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে পারতো তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের সৎ সাহস দেখাতে পারত। সেটা না থাকার কারণে বরাবরই বিএনপি সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস-সহিংসতাকে উস্কে দেওয়ার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।