All posts by jitu

দুই মাস পর চালু হলো দ্বিতীয় সাবমেরিন কেবল

ডেস্ক রিপোর্ট:

দেশে ইন্টারনেট সরবরাহে সিঙ্গাপুর হতে পশ্চিমপ্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির প্রায় আড়াই মাস পর মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান এ তথ্য জানান।

বিএসসিপিএলসি জানায়, গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (এসএমডব্লিউ-৫) সিঙ্গাপুর হতে পশ্চিমপ্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে।
সাইদুর রহমান জানান, এসএমডব্লিউ-৫ কনসোর্টিয়াম শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে ক্যাবলটির মেরামত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। বিএসসিপিএলসির এসএমডব্লিউ-৫ এর মাধ্যমে সংযোগ করা সার্কিটগুলো চালু করা হয়েছে।

কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল, কুয়াকাটায় অবস্থিত সাবমেরিন ক্যাবল এবং কয়েকটি আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবলের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হয়ে থাকে।

প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরলো ব্রাজিল

ডেস্ক রিপোর্ট:

কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট না পাওয়ায় ব্রাজিলেও স্বস্তি ছিল না। অবশেষে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ৪-১ ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে কাসেমিরোর দল।

বৃহস্পতিবার অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। দেশের হয়ে ৩১ ম্যাচে মাত্র ৩ গোল করা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সমালোচনায় কম হয়নি। আর সেই ভিনিসিয়ুসই জ্বলে উঠলেই গুরুত্বপূর্ণ ম্যাচে। জোড়া গেলে জবাব দিলেন সমালোচনার। তার সঙ্গে একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে ব্রাজিলের জালে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়েয়ে চেপে ধরে ব্রাজিল। ৩০ মিনিটেই প্রথম গোলের দেখা পেতো তারা। কিন্তু পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লুকাস পাকেতা।

পেনাল্টি মিসের আক্ষেপে বেশিক্ষণ পুড়তে হয়নি ব্রাজিলকে। ৩৪ মিনিটে পেনাল্টি মিস করা পাকেতা অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে প্রথম সাফল্য এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

৪৩ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। এবার প্যারাগুয়ের জালে গোল করেন স্যাভিও। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির আগে আরো এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ওমর আলদারেতের বদৌলতে ৪৮ মিনিটে বক্সের প্যারাগুয়ের হয়ে ম্যাচের একমাত্র গোল করেন ওমর আলদারেতের। আর ৬৩ মিনিটে ফের পেনাল্টি পেলে আর মিস করেননি লুকাস পাকেতা।

আগামী বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু, ২৭ হাজার হাজি দেশে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট:

এ বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও নারী রয়েছেন ১৩ জন। এছাড়া বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৬১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে হারুনুর রশিদ (৬৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের।যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

দেশবিরোধী চুক্তি আড়াল করতে নানা কাণ্ড সামনে আনা হচ্ছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে চুক্তি আড়াল করতে নানা কাণ্ড সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি আড়াল করতে ছাগলকাণ্ড, বেনজীরকাণ্ড, আজিজকাণ্ড, হেলিকপ্টারে আসামি গ্রেফতারকাণ্ড সামনে আনা হচ্ছে।

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন, তারা আবারও ভুল পথে যাচ্ছেন। ওবায়দুল কাদেরের কথায় ধরে নিতে হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে, তারপরও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে। এ ধরনের কথা কেবল নতজানু ও জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য আবদুল ওয়াদুদ ভুইয়া, তারিকুল আলম তেনজিং, মশিউর রহমান বিপ্লব, শামসুজ্জামান মেহেদী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।

রতনপুর সিনিয়র আলীম মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের আহ্বায়ক কমিটি গঠন

 

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী রতন পুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রী সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রতনপুর সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক ছাত্রছাত্রী সংসদের এড হক কমিটির প্রধান সালাউদ্দিন সোহেল বৃহস্পতিবার রাত ৯ টায় মাদ্রাসার হলরুমে অনলাইন এবং অফলাইনে সকল সদস্যদের সম্মতিতে আব্দুল মান্নান হোসেনকে আহ্বায়ক ও মাওলানা বজলুর রহমানের সদস্য সচিব করে আগামী এক বছর মেয়াদী ২৫ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটির মধ্য ১৩ জন যুগ্ম আহবায়ক ও ১০ জন সদস্য রয়েছে।

যুগ্ম আহ্বায়করা হলেন, মাওলানা মোঃ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহিম,শায়েখ মোঃ ইব্রাহিম খলিল আজহারি, মাওলানা মোঃ মোস্তফা কামাল,মোঃ নাজমুল হাসান আর্মি, মোঃ জাকারিয়া মিয়াজি, মোঃ জয়নাল আবেদীন, হাফেজ মোঃ ওয়ালিউল্লাহ,মোঃ কামাল হোসেন সর্দার, নাজমূল হোসেন (দত্তপুর), এড. শিমুল হোসেন,মোঃ ফরহাদ হোসেন(দুতিয়াপুর) এবং মোঃ সাইফুল ইসলাম।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মোঃ আব্দুর রহিম, মোঃ আলেক হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন,শামীম হোসেন রবি, মোঃ আক্তার হোসাইন,মোঃ পলাশ,মোজাম্মেল হোসেন,মোঃ আমির হোসেন এবং মোঃ সালাহ উদ্দিন সোহেল।

প্রভাস-দীপিকার কল্কি ২৮৯৮ এডি প্রথমদিনেই ছুঁল ১০০ কোটি

 

বাহুবলির পর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতের দক্ষিণী নায়ক প্রভাসের। এরপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন এ তারকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ছবি কল্কি ২৮৯৮ এডি। প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করেছে প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনীত এই ছবিটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বড় পর্দায় একাধিক ভাষায় মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। এদিন ভারতীয় বক্স অফিসে প্রায় ১০০ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি আয় করেছে সায়েন্স ফিকশন সিনেমাটি।

সচনিল্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে।

বিশ্বজুড়ে ছবিটি প্রায় ১৮০ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে প্রথম দিনের নিরিখে কল্কি ২৮৯৮ এডি যে সাড়া ফেলেছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। নাগ অশ্বিনের এই ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ভালোই দেখা গেছে।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত এই ছবির ১৯ লাখ টিকিট ভারতজুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষায় কেবল ১৫ লাখ টিকিট বিক্রি গিয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ছবিটি ৫০ কোটি টাকা আয় করেছে।

কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ।

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের ‘খবর’ ছিল: মোমেন

ডেস্ক রিপোর্ট:

‘ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের ‘খবর’ ছিল। এই কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) আয়োজিত ‘আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলার ৭৫ বছর’ শীর্ষক আলোচনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। এ অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না। অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সফল এবং গৌরবময় এই ৭৫ বছরের ইতিহাসে ৪৩ বছর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে আসছেন। তার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন-মধ্য আয়ের দেশে জায়গা করে নিয়েছে আরও আগেই।

মোমেন আরও বলেন, বর্তমান অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় প্রকল্পগুলোর উদ্যোগ নিয়েছে এই সরকার, বাস্তবায়নও প্রতিনিয়ত দৃশ্যমান হতে চলেছে। ভাবা যায়, ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত এই দেশে আজ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু, ঢাকা মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী ট্যানেলসহ অনেক উন্নয়ন প্রকল্প।

মোমেন বলেন, দুনিয়া নিয়ে ভাবার সময় আমাদের এখন এসেছে। আমরা তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এজন্যই আমাদের প্রয়োজন আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার প্রমুখ।

সভায় মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।

দুই সিনিয়রের অফফর্মে থাকা দলে প্রভাব ফেলেছে: তাসকিন

ডেস্ক রিপোর্ট:

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ। যেটুকু সফলতা সেটি তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে বোলারদের কাছ থেকেই এসেছে। সবমিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে বাংলাদেশের।

বিশ্বকাপ শেষ করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকাল ৯ টা ৭ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে তারা।

বিমানে বন্দরে এসে দলের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ যাত্রা কেমন ছিল, দীর্ঘ যাত্রায় প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ডানহাতি এই পেসার।

ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। কেন পারে আসলে ব্যাটাররা। এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’

বাংলাদেশের ব্যাটাররা খারাপ করে। তবে এত লম্বা সময় ধরে তাদের খারাপ করতে দেখেননি তাসকিন। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা…কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখি নাই। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে।’

দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে অফফর্মে ছিলেন। সাকিব কেবল একটি ম্যাচ ভালো করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। আর মাহমুদউল্লাহ নিজের অভিজ্ঞতার কোনো কিছুই দেখাতে পারেননি এই আসরে। তাদের অফফর্মে থাকা দলের উপর প্রভাব পড়েছে কিনা, এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাসকিনকে।

তাসকিন বলেন, ‘দুইজন সিনিয়র ক্রিকেটার অফফর্মে থাকার প্রভাব দলের উপর অবশ্যই পড়েছে। তবে মাঠের বাইরে কোনো ধরনের প্রভাব পড়েনি। কারণ, মাঠের বাইরে তারা সবসময় ভালো টিমম্যান। আল্লাহর রহমতে এই যে ৪৭ দিনের মতো একসাথে ছিলাম, সবার আচরণ ভালো ছিল। সবাই একসাথে ছিলাম। মাঠের বাইরে সবই ঠিক ছিল। দলের প্রধান ক্রিকেটাররা অফফর্মে থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক।’

বাংলাদেশ যেটুুকু সফলতা দেখিয়েছে সেটি বোলারদের পারফরম্যান্সের কল্যাণেই। বিশেষ করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবেলেটি আছে।’

‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নাই।’

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ট্রাম্প-বাইডেন

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন।

তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স।

তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী।

বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করতো না।

এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে।

এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংঘাত ছড়িয়ে পড়াতে পারে।

এদিকে নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন, তারা আবারও ভুল পথে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানমালা আয়োজন করবে।

এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।

র‍্যালিতে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ।