All posts by jitu

কসবায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে হেলপার সাইফ (২০) একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)। পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার শ্যানাল জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

লোকসভায় নরেন্দ্র মোদির সঙ্গে রাহুল গান্ধীর ‘হ্যান্ডশেইক’

ডেস্ক রিপোর্ট:

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এক বিরল দৃশ্যের অবতারণা হয়েছে বুধবার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পিকার নির্বাচন শেষে হাত মিলিয়েছেন (হ্যান্ডশেইক)।

লোকসভায় কণ্ঠভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মনোনীত প্রার্থী ওম বিড়লা। গতবারও তিনিই লোকসভার স্পিকার ছিলেন।

সাদা কুর্তা-পায়জামা ও জ্যাকেট পরিহিত মোদি ও সাদা কুর্তা-পায়জামা পরিহিত রাহুল গান্ধী হাসিমুখে একে অপরের সঙ্গে হাত মেলান।

দুই নেতা ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওম বিড়লাকে স্বাগতম জানান এবং তাকে স্পিকারের জন্য নির্ধারিত আসনের সামনে নিয়ে যান।

প্রো-টেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব নতুন স্পিকার হিসেবে বিড়লার নাম ঘোষণা করেন। এর আগে কংগ্রেস তাদের প্রার্থী সুরেশকে নিয়ে গোপন ব্যালটের ভোট আয়োজনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলে কণ্ঠভোটেই জয়ী হন বিড়লা।

মোদি ও রাহুলের হাত মেলানোর ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেক তিক্ততার মধ্যেও এই দুই নেতা সর্বশেষ লোকসভা নির্বাচনে নিজ নিজ দলকে এগিয়ে নিয়ে গেছেন। প্রচারণার সময় একে অপরের সমালোচনায় সোচ্চার ছিলেন বিজেপি ও কংগ্রেসের দুই জনপ্রিয় নেতা।

মা সোনিয়া গান্ধীর পথ অনুসরণ করে লোকসভার বিরোধীদলীয় নেতার পদ গ্রহণ করতে যাচ্ছেন রাহুল। সোনিয়া গান্ধী ১৯৯৯ থেকে ২০০৪ এবং তার বাবা রাজীব গান্ধী ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন।

বেনজীর দম্পতির আরও সম্পত্তি রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ

 

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মির্জার নামে থাকা ৬টি ফ্ল্যাট, ৫টি প্লট, ২টি অফিস স্পেস ও বান্দরবানে থাকা ২৫ একর জমির ব্যবস্থাপনা, তদারিক ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এসব সম্পত্তির মধ্যে রয়েছে- রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটির ৬ কাঠার ৪টি প্লট যার মোট জমির পরিমাণ ২৪ কাঠা এবং এর উপরিস্থিত স্থাপনা যা সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিডেটের নামে রেজিস্ট্রি করা। জীশান মীর্জার মালিকানাধীন গুলশানের ৩ কাঠা জমির প্লট ও এর ওপর থাকা স্থাপনা। বাড্ডায় রূপায়ণ মিলিনিয়াম স্কয়ারে ৮ম তলায় দুটি অফিস স্পেস ও দুটি কার পার্কিংসহ ৩৯.০৩ শতাংশ জমি যা সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের পক্ষে ম্যানেজিং পার্টনার জীশান মীর্জার নামে রেজিস্ট্রি করা।

বান্দরবানে ২৫ একর জমি ও এর উপরিস্থিত স্থাপনা এবং আদাবরের পিসি কালসার হাউজিংয়ে ৬টি ফ্ল্যাট। এর আগে গত ৬ জুন বেনজীর আহমেদের আরও সম্পত্তির তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ দেন আদালত।

গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজীরের স্ত্রী জীশান মীর্জা। তার নামে প্রায় ৫২১ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি ১০০ বিঘার মতো জমি রয়েছে বেনজীরের। এ জমিগুলো তার তিন মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইশা বিনতে বেনজীর ও জারা জেরিন বিনতে বেনজীর এবং আত্মীয় আবু সাঈদ মো. খালেদের নামে।

এছাড়াও বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার নামে মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজায় ২৭৬ বিঘা জমি পাওয়া গেছে। ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন সময় ১১৩টি দলিলে এসব জমি কেনা হয়। দলিলমূল্য দেখানো হয় মোট ১০ কোটি ২২ লাখ টাকা। ৮৩টি দলিলে ৩৪৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। যার দলিলমূল্য দেখানো হয়েছিল প্রায় ১৬ কোটি টাকা।

এছাড়া বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। তার মধ্যে তিনটি তার স্ত্রীর নামে এবং একটি ছোট মেয়ের নামে। দুটি ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩৫৩ বর্গফুট, দাম ৫৬ লাখ টাকা করে। বাকি দুই ফ্ল্যাটের আয়তন ২ হাজার ২৪৩ বর্গফুট করে, যার দাম সাড়ে ৫৩ লাখ টাকা করে। চারটি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিন একই ভবনে। ভবনটির নাম র্যাংকন আইকন টাওয়ার।

গত এক বছরে তিন সেতু থেকে টোল আদায় ১৪৭২ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত এক বছরে অর্থাৎ জুলাই ’২৩ থেকে জুন ’২৪ পর্যন্ত দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা। সেতু তিনটি হলো- যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু (সেতু বিভাগ) মন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ জুলাই ২০২৩ থেকে ১৯ জুন ২০২৪ পর্যন্ত উক্ত সেতুসমূহ থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো— পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু ১১ কোটি ৬১ লাখ টাকা।

সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নে সেতুমন্ত্রী জানান, পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ১৯ জুন পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে মোট ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন সম্পর্কে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন রঙের ৯টি ক্লাস্টার, ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মাঝে ৬টি ক্লাস্টার নগর পরিবহন ও ৩টি ক্লাস্টার শহরতলী পরিবহন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর ঘাটারচর-কাঁচপুর রুটে পরীক্ষামূলক ঢাকা নগর পরিবহন উদ্বোধন করা হয়। উক্ত সেবায় বিআরটিসির ৩০টি বাস চলছে। পরবর্তীতে ২০২২ সালের অক্টোবরে ঘাটারচর-স্টাফ কোয়ার্টার ও ঘাটারচর-কমদতলী থানা রুটে নগর পরিবহন চালু করা হয়। বর্তমানে ঘাটারচর-স্টাফ কোয়ার্টার রুটটি বন্ধ রয়েছে। অপর রুটে ২৫টি দ্বিতল বাস চলছে। ঘাটারচর-কাঁচপুর রুটে ২৫টি বাস চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর পরে ঘাটারচর- মিরপুর-উত্তরা দিয়াবাড়ি ও ঘাটারচর-খামারবাড়ি-দিয়াবাড়ি রুট দুটি চালু করা হবে। চলতি বছরের মধ্যে আরও দুটি রুটে বাস চালুসহ সবুজ ক্লাস্টার সম্পূর্ণরূপে চালু করা হবে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ নিরাপদে স্বাচ্ছন্দ্যে ও স্বল সময়ে মেট্রোরেলে যাতায়াতের সুফল ভোগ করছে। প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রোরেল ব্যবহার করছে। বিআরটি প্রকল্পের আওতায় গাজীপুর থেকে এয়ারপোর্ট এলাকাকে যানজটমুক্ত এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় আনতে ছয়টি স্থানে সাতটি ফ্লাইওভার উন্মুক্ত করা হয়েছে। গাজীপুর চৌরাস্তায় আরেকটি ফ্লাইওভার আগামী আগস্ট নাগাদ শেষ হবে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পটি পুরোপুরি শেষ হলে এই সড়কে ট্রাফিকের চাপ কমে যাবে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বর্তমানে দেশে ছোট-বড় ৪ হাজার ১৬৬টি সেতু রয়েছে। সেতুগুলো রক্ষণাবেক্ষণে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১ হাজার ৯১৮ কোটি ৯৩ লাখ টাকা খরচ হয়েছে। চলতি অর্থবছরে সেতুগুলো রক্ষণাবেক্ষণ খাতে ৩৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে মন্ত্রী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে এক নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ফাথিমাত শামনাজ আলী সালিম নামের ওই নারী দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

দ্য সান নামে মালদ্বীপের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেফতার করা হয়। তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

তবে তার গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিবরণ তারা দেননি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জজুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতি-নীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, (কালো জাদুর মাধ্যমে) তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে।

সেমিফাইনালে হারের পর পিচকে দুষলেন আফগান কোচ

ডেস্ক রিপোর্ট:

গেল কিছুদিন নিজেদের ক্রিকেট ইতিহাসের নিঃসন্দেহে সেরা সময় পার করেছিল আফগানিস্তান। গ্রুপপর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় আইসিসির যে কোনো ইভেন্টের সেমিফাইনালের বড় মঞ্চে।

কিন্তু সেরা চারের লড়াইয়ে এসে নির্মমতা টের পেয়েছে আফগানিস্তান। মার্কো জানসেন, তাবরাইজ শামসি আর কাগিসো রাবাদাদের বোলিং তোপে পুড়ে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় রশিদ খানদের ইনিংস। জবাবে ৯ উইকেটের বিশাল জয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্ম করা আফগানিস্তানের এমন বাজে পরিস্থিতি দেখার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। প্রথমবার সেমিফাইনালে খেলার চাপ নিতে না পারা নাকি ক্লান্তির কারণে এমন বিপর্যয়, সেটি নিয়ে চলছে বিশ্লেষণ।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ‘কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। এটাই সোজাসাপ্টা ব্যাপার। এটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত বল-ব্যাটের। আমি বলছি না একদম ফ্ল্যাট হবে যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর পরিস্থিতি থাকা উচিত।’

ট্রট আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচের আচরণ কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করছিল না।’

সুপার এইটের শেষ ম্যাচ খেলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেমিফাইনালের লড়াইয়ে নামতে হয়েছে রশিদ খানদের। ক্লান্তি, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং সেমির ভেন্যুতে অনুশীলনের সুযোগ না পাওয়াসহ আরও অনেক কারণে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

ট্রট বলেন, ‘আমরা হোটেলে গিয়েছি রাত ৩টায়, সকাল ৮টায় ফ্লাইট ধরেছি। কেউ ঘুমায়নি, সবাই ক্লান্ত ছিল। সবাই আবেগের স্রোতেও ছিলো, শারীরিক ধকলও ছিল। আমি আশা করি ছেলেরা এই অভিজ্ঞতা থেকে শিখবে। আমরা ৫০ ওভারের বিশ্বকাপ থেকে এটাতে এক ধাপ এগোলাম। এমন একটা পিচে দক্ষিণ আফ্রিকার মতো পেসারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হলো ব্যাটারদের।’

৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের চালাকি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিতের বিষয়টি সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয়৷ সরকারের চালাকি ৬ মাস করে সাজা স্থগিত করছে৷ তার মানে সাজা কমছে না৷ ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে৷ এটা আরেকটি খেলা। পুরো সাজানো একটা মামলা ছিল। মূল লক্ষ্য ছিল— রাজনীতি থেকে সরিয়ে দেওয়া৷

তিনি বলেন, সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে৷ এখানে আইনের শাসন নেই। প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে৷ বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত, সংবাদমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে। বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করাই লক্ষ্য।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক ও এক। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে, গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে৷

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে না৷ পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না৷ শুধু একটা কথা বলব— দেশের সঙ্গে বেইমানি করবেন না৷ এমন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবেন না, যেটা জনগণের স্বার্থবিরোধী। ভারত সফর থেকে এবার কী এনেছেন। সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই৷ ভারত নাকি আমাদের কাছের বন্ধু। এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে। এমন নজির বিশ্বে কোথাও নেই৷ সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না৷ আমরা ক্ষমতায় যেতে চাই না। অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই৷ যারা আসবে তাদের বরণ করে নেব৷ কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন, সেটা হতে দেব না৷

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্দি করে রেখেছেন, সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, কোনো সমস্যা যদি না থাকে তাহলে মুক্তি দেন। সেদিকে তো আপনারা যাচ্ছেন না।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা শিরীন সুলতানা, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

নওয়াজ গাঁজা খাওয়ার পর বুঝতে পারেন তিনি ‘ভুল করছেন’

ডেস্ক রিপোর্ট:

অতীতে গাঁজা সেবনের অভ্যাস ছিল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের। সম্প্রতি নিজের পুরোনো অভ্যাস নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করে অনুতপ্তও প্রকাশ করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে হাজির হয়েছিলেন নওয়াজ। সেখানে অভিনেতার গাঁজা সেবনের অভ্যাস ছিল কিনা, প্রশ্ন করা হয়। তিনি যে গাঁজা সেবন করতেন, তা স্বীকার করেন নওয়াজউদ্দিন। জানান, সঙ্গদোষে গাঁজা সেবনের অভ্যাস তৈরি হয়েছিল অভিনেতার। বেশ আসক্তও ছিলেন তিনি। পরে তিনি বুঝতে পারেন, তার অভ্যাসটা ভুল ছিল।

নওয়াজের কথায়, ‘আমার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ ছিল যারা গাঁজা সেবন করতেন। এবং এক পর্যায়ে আমিও তাদের সঙ্গে জড়িয়ে যাই, গাঁজা সেবন করি। এরপর বুঝতে পারি যে আমি কিছু একটা ভুল করছি।’

ওই পডকাস্টে নওয়াজকে প্রশ্ন করা হয় তিনি কখনও একাকী বোধ করেছেন কী না। জবাবে অভিনেতা বলেন, ‘মোটেই না, বরং আমি একা থাকাতেই খুব ভালো আছি। আসলে আমি থাকাটা উপভোগ করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তিনি আমাকে একা থাকার সুযোগ দিয়েছেন।’

বলিউডে ধর্মীয় বিভেদের বিষয়টি রয়েছে কিনা, তা নিয়েও ওই পডকাস্টে কথা বলেছেন নওয়াজ। জানান, বলিউডে তিনি কখনও ধর্মীয় বিভেদ দেখেননি। অভিনেতার কথায়, ‘সমাজের অন্যদের বলিউড থেকে শেখা উচিত, সব ধর্মকে কীভাবে সম্মান করতে হয়।’

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। প্রায় দুই দশকের কাছাকাছি সময়ের ক্যারিয়ার তার। লম্বা এই সময়ে ছোট চরিত্র থেকে শুরু করে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সালমান-শাহরুখ থেকে শুরু করে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় মূল চরিত্রেও।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম ‘হাদ্দি’-তে দেখা গেছে নওয়াজউদ্দিনকে। খুব শীঘ্রই ডিজিটাল প্রকল্প ‘রাউতু কা রাজ’ তে দেখা দেবেন এই অভিনেতা।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে

ডেস্ক রিপোর্ট:

সুষম-জনকল্যাণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার।
শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।

২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম-উন্নয়ন, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।