All posts by jitu

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত

ডেস্ক রিপোর্ট:

অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ১০ মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এর মধ্যেই সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।

সরকারের এ দুঃশাসন জনগণ বেশিদিন মানবে না : রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, নির্বাচন নিয়ে চলছে তামাশা। চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি। সরকারের এ দুঃশাসন জনগণ বেশিদিন মানবে না।

শুক্রবার (১০ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ডামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না, ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। এক আদানি গ্রুপকে বছরে ১০ হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে। তারা আগে ছিল সিঙ্গাপুরের শীর্ষ ধনী, এখন তারা বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর উপজেলার ডামি ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ।

রিজভী বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারাবন্দি নেতাদের মুক্তি দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

চট্টগ্রামে অবতরণের সময় রানওয়েতে আটকে গেল বিমান, ক্রুসহ ১৯৮ যাত্রী প্রাণে বাঁচলেন

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রুসহ ১৯৮ জন যাত্রী।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সূত্র জানায়, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এয়ার এরাবিয়ার বিমানটি। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেশার সিস্টেমে সমস্যা দেখা দেয়। বিমানের হাইড্রোলিক ফ্লুইড ট্যাংক খালি হয়ে যাওয়ায় প্রেশার বন্ধ হয়ে যায়। এ সময় পাইলট রানওয়েতে বিমানটির ইঞ্জিন বন্ধ করে দেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি যাত্রীদের কেউ টের পাননি। প্রায় ১৫ মিনিট পর বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে আটকে পড়ে। পরে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। অল্প সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করা হয়েছে। বিমানে সাতজন ক্রুসহ ১৯৮ জন যাত্রী ছিল। সবাই নিরাপদে পৌঁছেছেন।’

তিনি আরও বলেন, ‘বিমানটির ক্রুটি সারিয়ে সন্ধ্যার পর পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে। এই বিমানে যেসব যাত্রীদের ফ্লাইট ছিল তাদেরকে হোটেলে রাখা হয়েছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের অন্য কোনো ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেনি।’

দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন। যার মধ্যে রয়েছে ‘আমার বাড়ি, আমার খামার’, জনগণকে আর্থিক অনুদান প্রদান, সার্বজনীন পেনশন প্রকল্প এবং গ্যারান্টি ছাড়া ঋণ প্রদান, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।

সরকারপ্রধান বলেন, আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি।

তিনি জানান, তার সরকারের নেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য আমরা কাজ করছি।

পরে প্রধানমন্ত্রী দরিদ্রদের মাঝে রিপার মেশিন, সার, ল্যাপটপ, ১০টি সাইকেল, ১০টি রিকশা ভ্যান, ৩০টি সেলাই মেশিন এবং ৩৮ জনকে ৪০ হাজার টাকার আর্থিক অনুদান, ১০ জোড়া কবুতর এবং ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

কুবিতে গুচ্ছ ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে উপস্থিতির হার ছিল ৮৭.১১℅ এবং অনুপস্থিতির হার ছিল ১২.৮৯%।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২১৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৭৯৯ জন যা উপস্থিতির হার ছিল ৮৭.১১℅ এবং অনুপস্থিত ছিল ৭১৪ জন। বিষয়টি নিশ্চিত করেন ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।

সার্বিক বিষয়ে তিনি বলেন, পরিক্ষা খুব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা দেখা দেয় নি। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কমিটির দায়িত্বে যারা ছিল সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডির সদস্যের পাশাপাশি ছিল আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি ও রোভার স্কাউট।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্ক ভাঙতে না ভাঙতেই এবার সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিত্য

বিনোদন ডেস্ক:

অনন্যা পাণ্ডের সঙ্গে দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর। পুরনো সম্পর্ক ভাঙতে না ভাঙতেই এবার সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিত্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে অভিনেতার। সেই ছবিতে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে তাকে। অনুরাগ বসুর সিনেমা ‘মেট্রো ইন দিনো’-তে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। সেখান থেকেই সারার থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ?

তবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন পরিচালক অনুরাগ বসু। ‘মেট্রো ইন দিনো’ সিনেমার সেটেই অনুরাগ বসুর জন্মদিন উদযাপন হচ্ছিল। সেখানেই তোলা হয়েছে এই ছবি। ছবিতে স্পষ্ট, সারা ও আদিত্য দু’জনই সুসময় কাটাচ্ছেন বোঝা যায়। এর আগে এক ফ্যাশন শো-তেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কী এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।

‘মেট্রো ইন দিনো’ সিনেমায় সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই সিনেমা। অনুরাগ সিনেমা সম্পর্কে বলেছিলেন, মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।

অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি আদিত্য। দু’জনেরই এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাদের। দু’জনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তারা।

কুবি উপাচার্যের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা বানালো শিক্ষক সমিতি

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চলমান আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের কুশপুত্তলিকা তৈরি করে পদত্যাগ দাবি করছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও গোল চত্বরের পাশে ডাস্টবিনের উপর এ কুশপুত্তলিকা টাঙানো হয়।

শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর ও প্রধান ফটকের সামন এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কুশপুত্তলিকার মাথার অংশে রয়েছে উপাচার্যের ছবি। তার মাথায় একটি শিং রয়েছে। কুশপুত্তলিকার হাত দুইটি প্রসারিত রয়েছে। বুকের মাঝে ব্যানার ঝুলানো সেখানে দেখা যায় ভিসি কনুই দিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষককে মারছেন। এছাড়াও উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করা শিক্ষকদের পদত্যাগপত্রের ছবি সহ ব্যানার ঝুলিয়েছেন তারা।

এছাড়াও গত পাঁচ দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এই উপাচার্য আসার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি একটা আমদানিকৃত পঁচা মাল। একজন উপাচার্য হয়ে তিনি মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আজকে আমরা ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে ডাস্টবিনের উপর তার কুশপুত্তলিকা স্থাপন করেছি। তার নির্দিষ্ট জায়গায় সে স্থান পেয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ ২৮ তারিখ শিক্ষকদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছেন। এনিয়েও কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানী গ্রহণ করছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

এ বিষয়ে নিয়ে কথা বলতে উপাচার্য আবদুল মঈনকে কয়েকবার কল দিলেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার সময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও ট্রেজারার ড. মো. আসাদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ ও জাহিদ হাসান, স্বপন চন্দ্র মজুমদার, আসাদুজ্জামান শিকদার, জিল্লুর রহমান, এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখসহ ২০ থেকে ৩০ জন বহিরাগত শিক্ষার্থী।

মালয়েশিয়ায় আটক ৯ বাংলাদেশি অভিবাসী

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া অভিযানে স্থানীয় দুজনকেও আটক করা হয়েছে। খবর- মালয় মেইল।

গত বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিনের বরাত দিয়ে মালয় মেইল জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৭৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।

এছাড়া অবৈধ শ্রমিকদের আশ্রয় দেওয়ার অপরাধে ওই কারখানা ও বেকারির ব্যবস্থাপককে আটক করা হয়েছে।

মালয় মেইলের খবরে জানানো হয়, অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় চালানো অভিযানে ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ ও মিয়ানমারের ৩ জন। তাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। এছাড়া আটকদের মধ্যে কারখানার একজন নারী ম্যানেজারও রয়েছেন। তিনি মালয়েশিয়ার স্থানীয়, তার বয়স ৪৩ বছর।

অপরদিকে বেকারি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১৪ জন পুরুষ ও ৯ জন নারী, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। তাদের বয়স ২১-৪২ বছর। এছাড়া ৩৬ বছর বয়সী বেকারির পরিচালককেও আটক করা হয়েছে। তিনি মালয়েশিয়ান নাগরিক।

ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। অনেকে বলেন পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। সমাবেশ আমরা করব, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যাও হতে পারে। এ কারণে আমাদের থাকতে হয়।

তিনি বলেন, আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, আমরা সেভাবেই শুরু ও শেষ করেছি। আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপির সমাবেশ মানেই নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর নির্যাতন ও হাসপাতালে হামলা।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করব। সেটি বিকেল সাড়ে ৩টা শুরু হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু প্রমুখ।

হামলায় ভয়ে রাফাহ ছাড়ল ৮০ হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজার রাফাহর পূর্বাঞ্চলে অনবরত গোলাবর্ষণ করেছে ইসরাইল। আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফাহ ছেড়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, ইসরাইলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করেছে। এতে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পানি এবং খাবার ফুরিয়ে এসেছে। কারণ রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে গেছে।

এছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরাইল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরাইলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান।

এদিকে গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই শিশু ও নারী।

রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরাইলি ট্যাংক। পরদিন মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরাইলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা।