All posts by jitu

এবার ৫০ ভাষায় হজের খুতবা অনুবাদ হবে

ডেস্ক রিপোর্ট:

চলতি হজ মৌসুমে প্রথমবারের মতো বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এবার আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবার অনুবাদ প্রচার করা হবে বিশ্বের ৫০টি ভাষায়।

খাদেমে হারামাইন শরিফাইন বাদশা সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবথেকে বড় প্রজেক্ট।

সৌদি সংবাদ মাধ্যম এসপিএ-এর খবরে বলা হয়েছে, এর মাধ্যমে বাংলা, উর্দুসহ বিশ্বের ৫০টি দেশের ভাষাভাষীর কাছে হজের খুতবার আহ্বান পৌঁছানো উদ্দেশ্য।

২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। এরপরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে তা বাড়িয়ে ২০টি ভাষায় অনুবাদ করা হয়।

এ বছর এক দশকেরও কম সময়ে হজের খুতবা অনুবাদের পরিধি বাড়িয়ে তা ৫০ ভাষা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্রীয়-ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায়, যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চ মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

গত বছর যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো— বাংলা, ফরাসি, ইংরেজি, ফার্সি, উর্দু, হাউসা, রুশ, তুর্কি, পাঞ্জাবি, চীনা, মালয়, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগিজ, আমহারিক, জার্মান, সুইডিশ, ইতালিয়ান, মালায়ালাম, বসনিয়ান, ফিলিপিনো এবং ফিলিপিনো ভাষা।

স্মার্ট ফোন, হারামাইন শরিফাইনের ওয়েবসাইট, মানারাতে হারামাইন প্লাটফর্মের মাধ্যমে শোনা যাবে হজের খুতবা।

প্রসঙ্গত, এ বছর হজের মূল খুতবা আরবিতে প্রদান করবেন মসজিদুল হারামে ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। তার প্রদত্ত সেই খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশী শিক্ষার্থী। তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

তারা হলেন— মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব। গত বছরও খুতবার অনুবাদ করেছিলেন এই চার বাংলাদেশী শিক্ষার্থী।

টিকিট কালোবাজারি থাকবে না: র‌্যাব

ডেস্ক রিপোর্ট:

এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে নজরদারি-গোয়েন্দা বাড়িয়েছি। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের টিম কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।

এই র‌্যাব কর্মকর্তা বলেন, আমাদের নজরদারি-গোয়েন্দা বাড়িয়েছি, আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করবো আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‌্যাব আপনার পাশেই আছে।

তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‌্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঈদযাত্রায় দ্বিতীয় দিন। এদিন প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপুর স্টেশন ছাড়ছে ট্রেনগুলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

এর আগে বুধবার আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়।

দুর্নীতি আমাদের দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে : দুদক সচিব খোরশেদা ইয়াসমীন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, দুর্নীতি আমাদের দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে। সেই কারণে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুদক আইন ২০০৪ এর আওতায় আমাদের যেসব কার্যক্রম চলছে সেখানে প্রতিকার ও প্রতিরোধমূলক কাজ রয়েছে। তিনি আরো বলেন, আস্তে আস্তে দুর্নীতির অভিযোগের সংখ্যা কমে আসছে। দুদক যে গণশুনানি করছে, এটির ইতিবাচক প্রভাব পড়ছে এবং এটির সুফলও পাওয়া যাচ্ছে। বুধবার (১২ জুন) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে। ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকরি করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন। এই সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি। দুর্নীতিবাজকে কেউ ভালোবাসে না। দুর্নীতিবাজদের সবাই অবজ্ঞা করছে। এই ধরনের কার্যক্রম আরও সাফল্যমণ্ডিত হবে বলে মনে করেন তিনি।

গণশুনানীতে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, দুর্নীতির প্রতিকারের পাশাপাশি এর প্রতিরোধও করতে হবে। অনুসন্ধান করে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করে দুদক দুর্নীতির প্রতিকার নিশ্চিত করছে। আর জেলা প্রশাসন নানামুখী পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে করে যাচ্ছে। যেমন- দুর্নীতি যেন না হয় সেজন্য প্রচার করা, জনগণের প্রাপ্য সেবা সম্পর্কে সিটিজেন চার্টার এর মাধ্যমে তাদের অবগত করা, নাগরিকদেরকে প্রদেয় বিভিন্ন সেবার মান উন্নত করা, অফিসে দুর্নীতি বিরোধী কর্মশালা আয়োজন, সেবা প্রত্যাশী নাগরিক এবং সেবা প্রদানকারী কর্মকর্তাদের মাঝে সম্পর্ক উন্নয়ন করা ইত্যাদি।

এসময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট অংশীজন।

গণশুনানিতে সেবাদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য, বিদ্যুৎ, দলিল নিবন্ধন, ভূমি, শিক্ষা, সমাজসেবা, রেলওয়ে, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পাসপোর্ট, বন বিভাগসহ বিভিন্ন অধিদপ্তরের সেবাগ্রহিতারা তাদের নানা ধরনের অভিযোগ তুলে ধরেন।

ধামতীতে কার্যালয়ে যেতে পারছেন না চেয়ারম্যান মিঠু, কাজ ভাগাভাগি করছেন স্থানীয় নেতারা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে চরম অনিয়ম চলছে বলে নানা অভিযোগ রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মহিউদ্দিন মিঠুকে ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে বাঁধা প্রদান করা হচ্ছে। আর ভিতরে কোনরকমে যদি প্রবেশ করেও কোন কাজ পরিচালনা করতে পারছে না। আওয়ামী লীগের অপর অংশের নেতাকর্মীরা ইউপির কাজ বন্টন করছে। এমন নানা ধরণের অভিযোগ স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। সম্প্রতি টিসিবির কার্ড ও প্রধানমন্ত্রীর উপহারের চালও ভাগাভাগি করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও কয়েকজন ওয়ার্ড মেম্বার। এমনই অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তিনি ইউনিয়ন পরিষদে তেমন যেতে পারেন না। উনার কাজকর্ম ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগাভাগি করে নিয়ে যায়। টিসিবি কার্ড ও চাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কয়েকজন মিলে ভাগ করে নিজের মত করে বন্টন করেছে। সংসদ ও উপজেলা নির্বাচনের পর চেয়ারম্যান মিঠু সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উপর নানা নির্যাতন, হামলা-মারধর চলছেই। উনার জমি দখল ও কলা গাছ কেটে নিয়ে গেছে। ভয়ে-আতংকে তিনি এলাকাছাড়া।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু জানান, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। আমি বিগত সময়ে চেষ্টা করেছি সর্বোচ্চভাবে জনগণের সেবা করতে। জনগণও আমাকে সব কাজে সহায়তা করেছে। কিন্তু গত সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের পর আমি বেশ বিপদে আছি। আমাকে আমার কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না। কোন কাজকর্ম আমি করতে পারছি না। পদে পদে বাঁধা প্রদান করা হচ্ছে আমাকে। এই দুইদিনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের কয়েকজন সুবিধেভোগি ওয়ার্ড মেম্বার টিসিবি ও চাল নিজেরাই ভাগাভাগি করে বন্টন করেছে। আমাকে একবারও জিগেস করেনি। আমি সব সময় কার্যালয়ে যোতে চাই। জনগণের সেবা করতে চাই। আমি যে নিরাপত্তাহীনতায় ভুগছি তা মৌখিকভাবে এসিল্যান্ড সাহেবকে এবং  পুলিশ সুপার ও  বিভাগীয়  কমিশনারকে লিখিতভাবে অভিযোগ করেছি।

এ বিষয়ে ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মো: তোফায়েল হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন চৌধুরী ও ৫ নং ওয়ার্ড মেম্বার মো: জামাল হোসেন জানান, চেয়ারম্যান মিঠু সাহেব অনেকদিন ধরে অসুস্থ্য। তিনি হাসপাতালে ভর্তি। তাই ইউনিয়ন পরিষদে আসতে পারে না। আমরা সবাই মিলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
স্থানীয় সূত্র জানায়, অনেককেই ১০ কেজি করে চাল না দিয়ে ২৫০/৩০০ গ্রাম করে কম দেয়া হয়েছে। এছাড়া যারা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদেরকে টিসিবি কার্ড ও প্রধানমন্ত্রীর উপহারকৃত চাল দেয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বেশ কয়েকজন মহিলা জানান, আমরা গরীব মানুষ। কিন্তু টিসিবি কার্ড পাইনি। চালও পাইনি। আমাদের অপরাধ আমরা নৌকার পক্ষে কাজ করছি। চেয়ারম্যান সাহেবও নাই , আর আমরাও চাল পাই না।

এ বিষয়ে ধামতী ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান জানান, চেয়ারম্যান সাহেবকে কার্যালয়ে আসতে কেউ বাঁধা দিচ্ছে কি না তা আমি বলতে পারবো না। আর টিসিবি ও চাল বিতরণ কে ভাগাভাগি করছে, তাও জানি না। কোন জায়গায় সমস্যা তা জানি না। চাল কম দেয়ার অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, অনেক বস্তায় চাল কম থাকে। তাই অনেককে ২০০/১০০ গ্রাম করে চাল কম দেয়া হয়েছে।

এ বিষয়ে ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান সরকার জানান, ইউপি চেয়ারম্যান মিঠু অনিয়মিত। বেশিরভাগ সময় ইউনিয়ন পরিষদে আসে না। আমরা উনাকে কোন বাঁধা দেইনি আসতে। আর টিসিবি ও প্রধানমন্ত্রীর চাল ভাগাভাগি ও বিতরণ আমি করিনি। সব মেম্বাররা মিলে করেছে। তারা সবাই ভাগাভাগি করে নেওয়ার পর আমাকে এসে ২৫০/৩০০ কার্ড দিয়েছে। তারা বলছে গরীব মানুষের মাঝে বিতরণ করে দিতে। আমি না করেছি। তারা জোর করে দিয়ে গেছে। আমার বিরুদ্ধে আণীত অভিযোগ মিথ্যা। দলীয় অর্ন্তকোন্দল নিরসনে কোন ভূমিকা নিয়েছেন কিনা ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাই মিঠুকে চেয়ারম্যান বানিয়েছি। অথচ গত সাংসদ নির্বাচনে সে এমপি সাহেবের( স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদ) বিরুদ্ধে কাজ করেছে। সম্প্রতি উপজেলা নির্বাচনেও সে আনারস প্রতিকের( এমপি আজাদের ছোট ভাই মামুন) বিপক্ষে কাজ করেছে। এসব কারণে এমপি সাহেবের সাথে তার দূরত্ব রয়েছে। তারপরেও এমপি সাহেব তার বিপক্ষে আজও কোন কথা বলেনি। সর্বোপরি আমরা তাকে কোন বাঁধা দেইনি।

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন, উপজেলার চরজব্বর ইউনিয়নের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)। সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদেনর ন্যায় দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরেন। এরপর এক সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে ছোট লামিয়া পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনে সুইমেরও মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরবের সময় রাত ১টা ও বাংলাদেশের সময় রাত ৩টায় ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদ উল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান আহমেদ মেম্বারের বাড়ির মো. আবদুল হান্নান সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উল্লাহ পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে গত তিন মাস পূর্বে সৌদি আরবে যান। সৌদির রিয়াদে তিনি একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারি ম্যানের কাজ করতেন।

গত সোমবার রাতে মোটরসাইকেলে করে পার্সেল ডেলিভারি দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন আসাদ উল্লাহ। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহতের পিতা আবদুল হান্নান সরকার জানান, মঙ্গলবার সকালে আমরা জানতে পারি মো. আসাদ উল্লাহ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন পর্যন্ত এর বেশি তথ্য আমাদের জানা নেই।

আসাদ উল্লাহর মা বলেন, আমার কলিজার টুকরা ধন না জানি কতো কষ্ট পেয়ে মারা গেছে। আমার মানিকরে আমি দেখতে পারলাম না। তোমরা আমার মানিকরে আইন্না দেও। শেষবারের মতো আমার ছেলের মুখখানা একনজর জন্য দেখতে চাই।

তারেক রহমানসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানসহ ১৫ আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরী ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে।’

তিনি বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪ ধারায় মতিঝিল থানায় মামলা হয়।’

সংসদে সরকারপ্রধান বলেন, ‘মামলাটির দীর্ঘ তদন্ত শেষে মোট ৫২ আসামির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল হয়। রায় ঘোষণার আগে অভিযোগপত্রের ৫২ আসামির মধ্যে তিনজনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক ২০১৮ সালের ১০ অক্টোবর রায় ঘোষণা করেন। বিচারে ৪৯ আসামির সাজা হয়, যার মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ৩৪ জনকে আটক করা হয়েছে।’

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

শাহ ইমরান:

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সাহেবা বাদ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২টি দোকানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয় এবং ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, ২০৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সদস্যরা।

অভিযানে ২০৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এমপি আনার হত্যা: সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডরিন এসেছে ওর আবেগের কথা বলে গিয়েছে। তার বাবা নিহত হয়েছে, সে তার বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক।

বুধবার (১২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে (ডরিন) বলছে কেউ যেন পার না পেয়ে যায়, বিষয়টি দেখবেন। যেটি আপনার তদন্তে আসবে আমরা সেটি বিশ্বাস করি। তদন্ত যেভাবে করেছেন তাতে যেন কেউ পার না পেয়ে যায়— সেই বিষয়ে আমাদের অনুরোধ করে গেছেন।

এ বিষয়ে কোনো চাপ আছে কি না— জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে চাপ দেবে আমাদের, কোনো চাপ-চোপ নেই। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কী ছিল?

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে— এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে। এখানে যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, বলা যাচ্ছে না। দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে। কে গুলি করেছে, সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি। তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার বিষয়টি অস্বীকার করেছে।

মিয়ানমারে পণ্যের সরবরাহে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন মন্ত্রী।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীরের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। কিন্তু আমাদের কাছে এমন কিছু আসেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা হবে।