All posts by jitu

কুমিল্লায় তরুণীর প্রেমের ফাঁদে প্রতারণার শিকার ব্যবসায়ী, গ্রেপ্তার ৭

 

স্টাফ রিপোর্টার:
মাত্র ২৩ বছর বয়সে  তাসনুবা আক্তার বিভিন্ন ব্যক্তিকে  প্রেমের ফাঁদে ফেলে  প্রতারণা করে  সর্বশান্ত করে ছাড়ছেন।   প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে নানা ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। সর্বশেষ তার প্রতারণার ফাঁদে পড়ে  কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মামুন (ছদ্মনাম)  প্রায় ৩০ লক্ষ টাকা খুইয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার  রাতে প্রতারণার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার হয়।

গ্রেফতার হওয়া  ব্যক্তিরা হলেন,  কুমিল্লা সদরের সুবর্ণপুর এলাকার সৈয়দ আব্দুর রউফ এর ছেলে সৈয়দ আয়াত উল্লাহ (৩৭), বালুতুপা গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে ইমরান হোসেন (৪০), একই এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. কবির হোসেন (২৮), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের মো. আলী আজগর এর ছেলে মো. আব্দুর রহিম, চান্দিনা উপজেলার কেশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে তাসনুবা আক্তার (২৩) ও লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৮)।

শনিবার (৪ মে) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান রাফি ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  রাজেশ বড়ুয়া প্রমুখ।

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন (৪৫)। এ ছাড়া আরও একজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন নিহত হয়।

ওসি রুহুল আমিন আরও বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শিক্ষকদের নামে মিথ্যাচার কুবি উপাচার্যের

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে এবার শিক্ষকদের নামে মিথ্যাচার করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এ সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে উপাচার্যকে বিভিন্ন জায়গায় একটি ক্ষুদেবার্তা পাঠাতে দেখা যায়। যেখানে একটি ভিডিওসহ লেখা ছিল, “যদিও বিভিন্ন মিডিয়ায় বলেছে তারা উপাচার্য এর গায়ে হাত দেয় নাই। দাড়িওয়ালা এই শিক্ষক মাহফুজ বলেছিল সে শুধু দাড়িয়েছিল,কিন্তু ভিডিও ফুটেজ দেখুন!!”

এরপর এই পোস্ট কপি করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন ভুয়া একাউন্ট থেকে কমেন্ট করতে দেখা যায়। ‘আফিফ মল্লিক’ নামক একটা ভুয়া একাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে এই কমেন্ট করা হয়। যেই আইডিতে কোটবাড়ির বাসিন্দা মো: মুশফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়।

এটা জানার পর মো: মুশফিকুর রহমান তার ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, কেউ একজন আমার ছবি ব্যবহার করে কুমিল্লা ভার্সিটির বিভিন্ন গ্রুপে ও পেইজে উল্টা পাল্টা কমেন্ট করতেছে, পোস্ট করতেছে। এই আইডিটি আমার নাহ, আমার নিজের এই একাউন্ট ব্যতীত আর কোনো একাউন্ট নাই। আফিফ মল্লিক নামে এই আইডি থেকে কোনো অপকর্ম করে থাকলে এর দায়ভার আমি নিবো নাহ। সবাই এই আইডি তে রিপোর্ট মারেন, আর আমার আইডি তে যদি কুমিল্লা ভার্সিটির কেউ থাকেন তাহলে ভার্সিটি গ্রুপ থেকে তাকে ভ্যান করে দেন।

জানতে চাইলে মো: মুশফিকুর রহমান বলেন, এটা আমার একাউন্ট না। কে বা কারা আমার ছবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে বিভিন্ন উস্কানিমূলক কমেন্ট করতেছে। আমি বিশ্ববিদ্যালয়ের কাউকে চিনি না। আমার এক বন্ধু জানানোর পর আমি নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি। আমার মনে হয় পরিচিত কেউই আমার ছবি দিয়েছে ভুয়া একাউন্ট খোলার জন্য।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, একজন উপাচার্য হয়ে এভাবে শিক্ষকদের নামে মিথ্যাচার করা শোভা পায় না। তিনি একটি ক্ষুদেবার্তা দিচ্ছেন এরপর সেই বার্তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভুয়া একাউন্ট থেকে কমেন্ট করা হচ্ছে। তাহলে কি এই ভুয়া একাউন্টগুলো উপাচার্যের অধীনে পরিচালিত হয়? তিনি বলছেন আমি উনাকে ধাক্কা দিয়েছি। আবার তিনিই বলেছেন আমি একটি বাচ্চা ছেলে। আমি তাহলে আমার বাবার বয়সী লোককে কেন ধাক্কা দিব? তিনি যেই ভিডিওটির কথা বলছেন এটা একটা এডিটেড অ্যাপসের মাধ্যমে রিভার্স করে বানানো।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এটা নতুন নয়। উপাচার্য তাঁর অনিয়ম, দূর্নীতিকে আড়াল করার জন্য বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে যাচ্ছেন। যার একটি হলো এই ভুয়া একাউন্ট ব্যবহার করে শিক্ষকদের নামে মিথ্যাচার করা। এটা ভার্চুয়াল ভায়োলেন্স। যা বর্তমানে ভয়ংকর রূপ ধারণ করেছে। আমরা জানতে পেরেছি এই ভুয়া একাউন্টগুলো উপাচার্যের পেইড এজেন্ট হিসেবে কাজ করে। অছাত্র ও বহিরাগতদের দিয়ে তিনি এসব কাজ করান। তিনি লিখে দেন এবং ফেইক আইডিগুলো এসব প্রচার করে। এটার সমাধানের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী। আমরা শিক্ষক সমিতির মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করেছি। অতিদ্রুত আমরা আইনগত ব্যবস্থা নিব।

এসব অভিযোগের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লা সেনানিবাসে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে সর্বমোট শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।

বিএনপি আর রাস্ট্র ক্ষমতায় আসার কোন সুযোগ নেই : আব্দুস সবুর এমপি

 

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অনেকে হয়তো অপপ্রচার চালানোর চেষ্টা করবে যে, পরবর্তী সরকার আসলে কি হবে? পেনশন স্কিম নিয়ে সংসদে আইন হয়েছে। সেই আইনই পেনশন স্কিম গ্রহনকারীদের সুরক্ষা দিবে।

শনিবার (৪ মে) বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন বিষয়ক অবহিতকরনসভা ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কআওয়ামী লীগের জনপ্রতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবদুস সবুর আরো বলেন, আমাদের করুনা হয় যে স্বাধীনতার পক্ষের কোন বিরোধী দল গড়ে ওঠেনি। স্বাধীনতার পক্ষের একটি শক্তিশালী বিরোধীদল আমাদের দরকার।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই দলটিতে (বিএনপি) যারা আছেন এদের অনেকেই দুর্নীতি মামলার আসামি। আর যাই হউক এদের (বিএনপি) কখনো রাস্ট্রক্ষমতায় আসার সুযোগ নেই। সুতরাং আমাদের সুরক্ষা আমরাই দিবো, এদেশের জনগণের সুরক্ষা স্বাধীনতার পক্ষের শক্তি দিবে, আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে।

পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের স্পট নিবন্ধনের মাধ্যমে কার্যক্রমের  উদ্বোধন করেন।

তিনি বলেন, বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিতকরণে উপজেলার সকল নেতাকর্মীদের পেনশন স্কিম গ্রহন করে অন্যদেরকে উৎসাহিত করতে হবে। আজকের তরুন যুবকরা ভবিষ্যতে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে জন্য সবাইকে পেনশন স্কিম গ্রহন করার আহবান জানান।
ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত প্রজ্ঞাবান। এই পেনশন স্কিম চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই পেনশন স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, জিংলাতুলি ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা, সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী ও ইউপি সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে।

সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব শর্ত দিয়েছে যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে-পশ্চিমতীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে।

বৃহস্পতিবার (২ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান।

তিনি লিখেছেন, ‘ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো: গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।’

তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে।

চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তারা তাদের সহায়তা করবে।

উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

কুমিল্লা নাভানা হসপিটালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

কুমিল্লা প্রতিনিধি :

রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ।জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন।

কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ মে) সকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ,
প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহকারী চিকিৎসক মোঃ আবদুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক মোঃ কবির আহমদ,মোঃ হাবিবুর রহমান,মোঃ জহিরুল ইসলাম।

এসময় বক্তারা আরো বলেন,দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও শ্লোগান দেন সাংবাকিরা।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।

বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাণ্ড ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ অন্যান্য জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে। এই পরি তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

কুবিতে এক টেবিলে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ১৮ জন!

কুবি প্রতিনিধি:

দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ (৩ মে)। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্তর্গত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেখা যায় বেশ কয়েকটি ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরি কক্ষে পরীক্ষার্থীরা গাদাগাদি করে বসে পরীক্ষা দিচ্ছেন। তবে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের অভিযোগ, উপাচার্য ইন্টেনশনালি অনভিজ্ঞ এবং মোস্ট জুনিয়র শিক্ষকদেরকে এই দায়িত্ব দিয়ে ভর্তি পরীক্ষার মতো একটি আয়োজনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সব সেমিনার লাইব্রেরিতেই ভর্তি পরীক্ষা নেয়া হয় আজ। এসময় সেখানে একেক টেবিলে ১৮ থেকে ২০জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন বলেও দেখা যায়। এছাড়া প্রশাসনিক ভবনের হল রুমেও এবার ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্বের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও এভাবে সেমিনার লাইব্রেরিগুলোতে আসন বিন্যাস করা হয়েছে।

সেমিনার লাইব্রেরিতে পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় সেমিনার কক্ষে তাদের কোন সিট প্ল্যান বসানো হয়নি। শিক্ষকরা যাকে যেখানে বসতে বলেছেন তারা সেখানেই বসে পরীক্ষা দেন। একসাথে এক টেবিলে এতোজন গাদাগাদি করে পরীক্ষা দেয়াতে মনোযোগেও সমস্যা হচ্ছিলো বারবার। আরও বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আসলেও এভাবে ঠাসাঠাসি ভাবে বসে পরীক্ষা দেয়ার অভিজ্ঞতা এখানেই প্রথম।

এনিয়ে বিজ্ঞান অনুষদের ৫ম তলার হল পরিদর্শক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে প্রশ্ন করা হলে তিনি কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ককে প্রশ্ন করতে বলেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক। কিন্তু সিট প্ল্যানের জন্য ‘কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি’ নামে আলাদা একটি কমিটি রয়েছে। সেই কমিটিই আসন বিন্যাসের ব্যপারে ভালো বলতে পারবে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আমার অনুষদের প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতেই পরীক্ষা হয়েছে। এভাবে এক টেবিলে ১৮-২০ জন পরীক্ষা দিলে সেটার স্বচ্ছতা কতটুকু থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন এটা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটিই বলতে পারবে।

শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী মো. কামাল উদ্দিন বলেন, পূর্বে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে সেগুলো আমরা খুব ইমেজের সাথে শেষ করেছি। কিন্তু এই উপাচার্য এবার আসন বন্টনের যে কমিটি করেছেন সেখানে তিনি তার আস্থাভাজন একেবারে অনভিজ্ঞ, জুনিয়র শিক্ষকদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন। যার ফলে এরা ল্যাব, সেমিনারের মতো রুম গুলোতেও এবার পরীক্ষা নিয়েছে। যেখানে ৫জন বসতে পারবে সেখানে ১০জন বসিয়েছে। এটা আসলে এদের অনভিজ্ঞতার ফল। আর এই দায়ভার সম্পূর্ণ উপাচার্যের। তিনি ভর্তি পরীক্ষার মতো একটি আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। দেশবাসীর কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হাস্যকর করে তুলছেন।

কেন্দ্র ব্যবস্থা কমিটির সদস্য সচিব আবু উবায়দা রাহিদের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এমন অদ্ভুত আসন বিন্যাসের দায়ভার তিনি নিবেন কিনা, সেই প্রশ্ন করা হলে তিনি নিজে কোন দায় না নিয়ে কমিটির আহ্বায়কের সাথে কথা বলার পরামর্শ দেন।

কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ বলেন, এবার আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নিতে। সেজন্যই সেমিনার লাইব্রেরি গুলোতেও পরীক্ষা নেয়া হয়েছে। এছাড়া এই অল্প সংখ্যক পরীক্ষার্থীর জন্য আরেকটা কেন্দ্র ব্যবস্থা করা কঠিন ছিল।

এক টেবিলে ১৮ থেকে ২০ জন একসাথে পরীক্ষা দিলে সেখানে স্বচ্ছতা থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে আমাদের শিক্ষকেরা দায়িত্বে ছিলেন। তারা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। এখন যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে এভাবে সেমিনার লাইব্রেরিগুলোতে আমরা আর পরীক্ষা নেবোনা।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবার ৪ হাজার ২৯২ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা টিচার্স ট্রেনিং সেন্টার এই দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ মে (শুক্রবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হয়।

মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগরীর বাড্ডা শিক্ষা থানায় (ভাটারা রামপুরা বাড্ডা এবং হাতিরঝিল থানার অংশবিশেষ) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিগত ২৯ এপ্রিল ২০২৪ তারিখ রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে থানা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আব্দুল মোমেন এবং সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র নম দাস। অনুষ্ঠানে শিক্ষার্থী দের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ভিত্তিতে, শিক্ষকবৃন্দের বিভিন্ন ক্যাটাগরিতে, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ১৫ টি ক্রাইটেরিয়ায় মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। এতে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার থানা পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি টানা ষষ্ঠবারের মতো রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছে।

থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিচারক বৃন্দ নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে (স্কুল কলেজ ও মাদ্রাসা) থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার সাংবাদিকদের সাথে আলাপকালে তার শ্রেষ্ঠত্বের বিষয়ে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত।

পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মান, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের অবকাঠাম উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, জাতীয় দিবস সমূহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও কর্মদক্ষতা শ্রেষ্ঠত্ব অর্জনের মূল নিয়ামক।

তিনি তার পেশাগত অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের সুনাম এবং খ্যাতি অক্ষুন্ন রাখার প্রত্যায় ব্যক্ত করেন। প্রাচীন ও খ্যাতনামা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের সাফল্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।