All posts by jitu

পাঁচ ধাপে ৪৬৯টি উপজেলায় ভোট পড়েছে ৩৬.৫৬ শতাংশ : সিইসি

ডেস্ক রিপোর্ট:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ ধাপ মিলিয়ে ৪৬৯টি উপজেলায় ভোট হয়েছে। এসব উপজেলায় গড়ে মোট ৩৬.৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুন) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ৪৬৯টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয়েছে। সার্বিকভাবে ৩৬.৫৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, এবার নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকে প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল-আমাদের তৎপরতায় সফল হয়নি।

দেশের নির্বাচন ব্যবস্থা আরও বেশি সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আপনারা চলে গেলেন বেনজির আর আজিজে, ওটাই হলো হেডিং: কাদের

ডেস্ক রিপোর্ট:

গণমাধ্যমের সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।

তিনি বলেন, গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকীর ৭৫ তম প্লাটিনাম নিয়ে। একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে। ওটাই হলো হেডিং। এটাতো হওয়া উচিত না।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতা, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনার ওখানে বেনজির- আজিজকে ঢুকিয়ে বার বার, এটা তো প্রথম না। প্রায় দেখি, আমি কিছু বললেই ওই দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকায় পাতায় পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দলের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চৌধুরী নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।

হার্দিক পান্ডিয়ার নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট:

ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত ২ জুন। ইতোমধ্যে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত এরই মধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে এবং দুই ম্যাচেই বিজয়ী হয়েছে। রোববার পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া নতুন রেকর্ডের মালিক হয়েছেন।

বিশ্বকাপের আগে আইপিএলে খুব একটা সুবিধা করতে পারেননি। তারপরও নির্বাচকরা ভারতীয় স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে তাকে অন্তর্ভুক্ত করেন। আর এতে দেশটির ক্রিকেটবোদ্ধারা হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।

অনেক আলোচনা-সমালোচনা হলেও তার জবাব তিনি দিয়েছেন প্রথম ম্যাচেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে দেখা গেছে চেনা ফর্মে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেন পান্ডিয়া। আর গতকাল দলের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চার ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়লেন এক নতুন রেকর্ড। একসঙ্গে টপকে গেলেন দুই দেশের দুই ক্রিকেটারকে।

হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ছয় ম্যাচে তিনি ১১ উইকেট নিয়েছেন। এর আগে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান ভারতের ভুবনেশ্বর কুমার ও পাকিস্তানের উমর গুল। গুল ছয় ও ভুবনেশ্বর সাত ম্যাচ খেলে ১১টি করে উইকেট পান।

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে এর পরের অবস্থানে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার— ইরফান পাঠান ও আরশদীপ সিং। তারা দুজনেই তিনটি করে ম্যাচ খেলে ছয়টি করে উইকেট নিয়েছেন।

কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে বন্দুক হামলায় ৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

কাশ্মীরের ভারতীয় অংশে একটি বাসে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। হিন্দু তীর্থযাত্রীদের ওই বাসটি বন্দুকধারীদের হামলায় খাদে পড়ে গেলে আরও ৩৩ জন আহত হন।

রোববার(৯ জুন) কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার হওয়ার আগে বাসটি ওই এলাকার একটি জনপ্রিয় হিন্দু মন্দির, মাতা বৈষ্ণো দেবী মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। খবর এনডি টিভি

রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

বিয়ে করছেন সোনাক্ষী সিনহা, পাত্র কে?

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রেম করছেন। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে এ খবর। যদিও প্রেম, বিয়ে, এসব নিয়ে কোনোদিনই বিশেষ কথা বলতে শোনা যায় না ‘দাবাং’ গার্ল সোনাক্ষীকে। এবার বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, শত্রুঘ্ন কন্যার বিয়ের খবর। কিন্তু পাত্র কে? কবেই বা বিয়ে?

টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। এ বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে খবর। জানা যাচ্ছে, ২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির।

যদিও তাদের সম্পর্কে কথা খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জাহির। বলিপাড়ার বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গিয়েছে তাদের। কখনো হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন, কখনো বা ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সোনাক্ষী-জাহিরের প্রেম নিয়ে সংবাদমাধ্যমে লেখালিখিও হয়েছে বহুবার। যদিও শত্রুঘ্ন কন্যা প্রেমের এবিষয়ে ছিলেন চুপ।

জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের পরিবারের এ সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন। প্রসঙ্গত জাহির ইকবার বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকি বলছে সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জাহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো ছবিতে দেখা গিয়েছে।

আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ফেনীর সোনাগাজীতে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ছায়েদ উল্যাহ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া হাফেজ আবদুর রশিদ বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ছায়েদ উল্যাহ ইউনিয়নের হাফেজ আবদুর রশিদ বাড়ির মোহাম্মদ হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের মুয়াজ্জিন না থাকায় রোববার দুপুর ১টার দিকে ছায়েদ উল্যাহ জোহরের আযান দিতে যান। হঠাৎ আযানের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের লোকজন এগিয়ে এসে ছায়েদ উল্ল্যাহকে মসজিদের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। এ সময় মাইক্রোফোনটি তার বুকের ওপর পড়েছিল। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে জানাজা শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কাউছার আলম নামে স্থানীয় এক যুবক বলেন, আযান বন্ধ হওয়ার পরপরই আমি মসজিদে যাই। তখন উনার (ছায়েদ উল্ল্যাহ) বুকের ওপর পড়ে থাকা মাইক্রোফোন সরানোর সময় আমার শরীরও বিদ্যুৎস্পর্শ করে। এইজন্য ধারণা করছি বজ্রপাতে মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাদিকুল করিম আরাফাত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, এমন আকস্মিক মৃত্যু কষ্টদায়ক। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে তিনি মসজিদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার মামলায় তিন আসামির যাবজ্জীবন ও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর পৈরতলার দাড়িয়াপুর গ্রামের কানু দাসের ছেলে কাজল দাস (৩৯), রঞ্জন দাসের ছেলে জুনু দাস (৩৮) ও অশ্বিনী দাসের ছেলে অভিরাম দাস (৩৬)।

এছাড়া কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের রঞ্জন দাসের ছেলে জুয়েল দাস (৩৯), হীরালাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৪৪) ও হরি দাসের ছেলে অশ্বিনী দাস (৭৬)। রায় ঘোষণার সময় শুধু স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৬ জুন রাতে নিখোঁজ হন শহরের উত্তর পৈরতলার সের আলী মিয়ার ছেলে মো. নাঈম।১৮ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বজনরা। পরে ২৩ জুন উত্তর পৈরতলা-কালিসীমা সড়কের সেতুর নিচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে। পরে নাঈমের চাচা আলী মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পুলিশ চার্জশিট দেন। কিন্তু আসামি পক্ষ নারাজি দিলে মামলাটি সিআইডিতে অধিকতর তদন্তের জন্যে স্থানান্তর করা হয়। পরে তদন্ত শেষে সিআইডি ২০১০ সালের ২৯ জুলাই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ২০১৩ সালের ১০ অক্টোবর আদালত চার্জ গঠন করে। আদালত এ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও তিনজনকে সাতবছর করে কারাদণ্ড দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহাম্মদ তুরান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

তবে বিবাদী পক্ষের আইনজীবী মো. রাকিব আহমেদ বলেন, মামলার জবানবন্দিতে নিজেদের না জড়িয়ে বক্তব্য দিয়েছেন। কোনো সাক্ষী আসামির নাম বলতে পারেননি। এ রায়ে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে।

কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজন দিনব্যাপী প্রত্নবস্তুর প্রদর্শনীর উদ্ভোধন

 

শাহ ইমরান:

৮ জুন ২০২৪ তারিখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কুমিল্লা কর্তৃক দিনব্যাপী প্রত্নবস্তুর প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রত্নস্তুর প্রদর্শনীর শুভ উদ্ভোধন করেন অধ্যাপক মালিহা নার্গিস, সভাপতি, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন, এ কে এম সাইফুর রহমান আঞ্চলিক পরিচালক কুমিল্লা, মোঃ শহিদুল ইসলাম, পিএইচডি, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্বদ্যিালয়, ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, সভপতি, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মো. সাদেকুজ্জামান, সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শারমিন রেজোয়ানা, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মোঃ আইনুল হক, সভাপতি, নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম। এছাড়া বিভিন্ন বিশ্বদ্যিালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কুমিল্লা ও ময়নামতি জাদুঘরের বিভিন্ন গ্রেডের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে ব্যবস্থা: প্রাণিসম্পদমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটসহ সারা দেশে চলাচলকারী পশুবাহী ট্রাক থেকে যারা চাঁদা নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঘাটে পশুবাহী গাড়ির নজরদারির জন্য লাইভ স্টকের নেতৃত্বে স্থানীয়ভাবে একটি বিশেষ টিম জরুরি সেবার জন্য থাকবে। এ ছাড়া বাজারে ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনও তদারকি করবে।

মন্ত্রী আরও বলেন, কুরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার। এর মধ্যে চাহিদা রয়েছে ১ কোটি ৭ লাখ। আমাদের চাহিদার চেয়ে বেশি আছে ২২ লাখ ৭৭ হাজার পশু।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ প্রমুখ।

দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার। দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা। আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাদের মিথ্যা বলায় জুড়ি মেলা ভার। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে। এ রকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা। তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানে রোববার দুপুরে ঢাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

মির্জা ফখরুল বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিল। জাতীয় প্রেসক্লাব তো জিয়াউর রহমানের অবদান। অথচ তার নামই আজ উচ্চারণই করতে চায় না।

তিনি বলেন, আজকে দেশের প্রতিটি ব্যক্তির ওপর ১ লাখ ৫৫ হাজার টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিকনির্দেশনা নেই। আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে? এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারা কী নিজেদের বিবেককে প্রশ্ন করেন? সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনে কাজ করুন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন। আজকে ডাকসু নির্বাচন নেই। কোনো নির্বাচন নেই। জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারাদেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপি মহাসচিব।

সভায় সভাপতিত্ব করেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সভায় ‘বাংলাদেশে বিজ্ঞান গবেষণা ও শিক্ষিত জাতি গঠনে শহীদ জিয়া’ এবং ‘জিয়াউর রহমান: ক্রান্তিকালের ত্রাণকর্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ইউট্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ড. মো. রইছ উদদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আবদুর রশিদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম, ড. কামরুল আহসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, জাতির এই দু:সময়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে। কারণ আজকে বাংলাদেশের ওপর শকুনের চোখ পড়েছে। দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।