All posts by jitu

রোনালদোর জোড়া গোলে আল নাসর ফাইনালে

ডেস্ক রিপোর্ট:

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে।

বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করেন রোনালদো। এই গোলটি পর্তুগিজ তারকা করেন ৫৭ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।

আগামী ৩১ মে ফাইনালে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এর আগে গত মঙ্গলবার আসরের অপর সেমিফাইনালে আল ইতিহাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আল হিলাল।

নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলি ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘঠে। নিহত জিয়াউর হক মন্তলি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলি বাসস্ট্যান্ড রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারে তারা ডিবি পুলিশের সদস্য। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুর্ঘটনাটি ঘটে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে

ডেস্ক রিপোর্ট:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী।

বুধবার (১ মে) শিক্ষক দিবসে (শহীদ মোতাহারির শাহাদাত বার্ষিকী) ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে (ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া) সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে।

ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামি প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকার সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে।

খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। ইসরাইলের অস্তিত্বকে আরও ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়… যদিও সেটি সম্ভব হবে না ইনশাআল্লাহ। তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়।

কুমিল্লায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শাহ ইমরান:

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ১লা মে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর রাণীর দিঘির পাড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও ত্রাণ পূর্ণবাসন সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

বিএনপি নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহবায়ক রেজাউল কাইয়ুম, সহ আরো অনেকে। এছাড়াও কুমিল্লা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন,শ্রমিক অধিকার আদায়ের দিনে আমাদের দাবি হল নির্মাণ শ্রমিকদের কাজের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করা। পাশাপাশি নির্মাণ শ্রমিকদের ভাতা ও বীমার আওতায় নিয়ে আসা সহ বয়স্ক শ্রমিকদের জন্য বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করা। আমরা শ্রমিকদের অধীকার আদায়ে চেষ্টা চাীলয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

কুবিতে শিক্ষকদের ওপর হামলার বিচার ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন

 

কুবি প্রতিনিধি:

৯৩তম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল গুলো বন্ধের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা হল খোলা রাখা এবং বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান। এছাড়া অন্য আরেকটি মানবন্ধনে শিক্ষকদের উপর হামলার বিচারের দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের উপাচার্যকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যেমন, “হল কারো বাপের না, হল আমরা ছাড়ছি না; আমার অস্ত্র গেল কই, প্রশাসন জবাই চাই; আমার টাকা গেল কই, প্রশাসন জবাব চাই; শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; স্বৈরাচারী আচরণ, মানি না মানব না;” ইত্যাদি স্লোগান দেন তারা।

১৪ তম আর্বতনের শিক্ষার্থী নুসরাত সুরভী বলেন, বর্তমান ভিসি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখানে আদু ভাই হতে আসি নাই। আমরা তার সন্তান সুলভ। তিনি ক্যাম্পাস, হল বন্ধ করে ঢাকায় গেস্ট হাউজে বসে আছে। যা কখনো একজন অভিভাবকের কাজ হতে পারে না।

১৫ তম আর্বতনের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী। এত কুত্তা মরা গরমের মধ্যে শিক্ষার্থীদের এসে কেন বসে থাকতে হবে? শিক্ষক সমিতি এতদিন ক্লাস বর্জন করছিল কিন্তু এখন ভিসি নিজেই সবকিছু বন্ধ করে বসে আছে! তাহলে তিনি কী শিক্ষক সমিতির সিদ্ধান্ত কে সর্মথন করেছে? এরমধ্যে তারা হল বন্ধ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা টিউশন করে জীবন চালায়। যদি প্রশাসন সকল শিক্ষার্থীদের সকল টিউশনের টাকা দিয়ে দেন তাহলে আমরা হল ছেড়ে চলে যাবো।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য ক্যাম্পাস খুলে দেওয়া। আমরা টিউশনি করিয়ে ক্যাম্পাসে চলি৷ প্রশাসনের এমন স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না। উপাচার্য আপনার সমস্যা শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে নয়। আমরা আন্দোলনে নামতে চাইনি, আপনি আমাদের আন্দোলনে নামতে বাধ্য করেছেন।

এসময় শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অবৈধ সিদ্ধান্ত আমরা মানি না। অস্ত্র উপাচার্যের বাংলোতে আছে, অবৈধ টাকা তার বাংলোতে আছে। প্রয়োজনে ওখানে সামরিক অপারেশন করে উদ্ধার করুক। বাংলাদেশে নজিরবিহীন ঘটনা যেখানে ছাত্র-ছাত্রীর কোনো সংঘর্ষ হয় নাই, তারা কোনো মারামারি ও করে নাই। ছাত্ররা এবং ছাত্রলীগের সদস্যরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এরই মধ্যে তিনি কিছু বহিরাগত এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক দাবির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন। সে আসলে সরকার ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কাজ করছে। আজকের অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে মানববন্ধন হবে সেই মানববন্ধনে শিক্ষক সমিতির পূর্ণ সমর্থন থাকবে।

শ্রমিকদের আরও উপযুক্ত করে গড়ে তোলা আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৯৬ সালে বিরোধী দলে থাকাকালে আমি শ্রমিকদের দেখেছি তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। তখন সরকারে এসে আমরা মজুরি বাড়িয়েছিলাম। শ্রমিকদের আরও উপযুক্ত করে গড়ে তোলা আমাদের লক্ষ্য।

তিনি বলেন, শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাই। দেশটা আমাদের। এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখবো। এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের মাটি ও মানুষের চরিত্র, বৈশিষ্ট্য আমরা জানি। সমস্যার সমাধানও আমরা করতে পারবো।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মজুরি কমিশন গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মে দিবসের সরকারি ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু।

এদেশে মানুষের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমরা সব সময় সেই পদক্ষেপ নিই। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সব মালিক বাংলাদেশে ছিল শিল্প কলকারখানা মালিক তারা হবেন। আর যেগুলো মালিকানাবিহীন সেগুলো সরকার চালাবে। সে ব্যবস্থাও তিনি করেছিলেন, সরকারি খাতকেও গুরুত্ব দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মে দিবসকে প্রথমে শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও দিয়েছিলেন। মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন-পালন করে গড়ে তোলেন, ঠিক সেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়ে সব কলকারখানা জাতীয়করণ করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সে পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন।

তিনি বলেন, মাত্র নয় মাসে তিনি আমাদের একটি সংবিধান দেন। সংবিধানের ১৩ অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী? সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি প্রতিষ্ঠান থাকবে। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করার এটাই ছিল জাতির পিতা লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহীম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।

সদর দক্ষিণে ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ঘাতক গ্রেফতার

শাহ ইমরান:

কুমিল্লার সদর দক্ষিণে গত ২৯ এপ্রিল ৯ বছরের শিশু তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ঘাতক মফিজুল ইসলাম প্রকাশ মফুকে (৩৮) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এর আগে নিহত শিশুটির মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণসহ হত্যার ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে গত ৩০ এপ্রিল রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম প্রকাশ মফুকে গ্রেফতার করা হয়।

ঘাতক মফু কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটির পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিনী। নিহত সোনালী উপজেলার শিশু শিক্ষা বিদ্যা নিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল। সকাল ৭টায় সে স্কুলের উদ্দেশ্যে বের হয়, বেলা ১১ টার দিকেও ভিকটিম বাড়ী না ফিরলে ভিকটিমের মা চিন্তিত হয়ে পড়েন এবং কালক্ষেপন না করে তিনি তার মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা করেন। স্কুলে পৌছানোর পর স্কুল শিক্ষিকার শরনাপন্ন হয়ে মেয়ের বিষয়ে কোন হদিস না পেয়ে ভিকটিমের মা স্কুল থেকে ফেরার পথে ভিকটিমের বেশ কয়েকজন সহপাঠির কাছে জানতে পারেন যে, ভিকটিম স্কুল শেষে বাড়ি চলে গিয়েছে। অতঃপর ভিকটিমের মা বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় লোকজন ও আশেপাশের প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সকল স্থানে তার মেয়ের সন্ধান করেন। ইতিমধ্যে ভিকটিমের মা তার প্রবাসী স্বামীর সাথে আলোচনা করে আশেপাশের কয়েকজন লোকজন নিয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করার উদ্দেশ্যে রওনা করেন। বিকেল সোয়া ৩টায় ভিকটিমের লাশের বিষয়ে অবহিত করলে ভিকটিমের মা ও সাথে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং ভিকটিমের মরদেহ দেখতে পান। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাসহ অন্যান্য লোকজনদেরকে জানায় যে, সে আসামী মফিজুল ইসলাম প্রকাশ মফুকে ঘটনার দিন বেলা সোয়া ১১ টার সময় ঘটনাস্থলের রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখেছেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত ভিকটিম গ্রেফতারকৃত আসামীর প্রতিবেশীর মেয়ে এবং পূর্ব পরিচিত। এই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী মফিজুল তার অসৎ কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে গত ২৯ এপ্রিল সকাল আনুমানিক পৌণে ১১ টায় ঘটনাস্থলের পাশের রাস্তায় ভিকটিমের আসার অপেক্ষায় ওৎ পেতে থাকে। পথিমধ্যে ভিকটিম স্কুল থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌছালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে কৌশলে রাস্তার পাশের ধানী জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামী মফিজুল ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে। এতে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অতঃপর আসামী মফিজুল ভিকটিমের কোন নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের মা ও অন্যান্য লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ভিকটিমের মৃতদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা হতে পালিয়ে চাঁদপুরে চলে যায় এবং সেখানে আত্মগোপন করে।

নারায়নগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে ৯২ তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাসিক হল সমূহও বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে।

সিন্ডিকেট সূত্র জানায়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি ২৮ এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সিন্ডিকেট সদস্য জানান, উপাচার্য দাবি করেছেন আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ডুকতেছে। শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে। এতে এখানে অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে।

দেশ টিভির সাংবাদিককে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি টেলিভিশন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ও সৈয়দা শাহিন আরা লাইলী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ একলাছ উদ্দিন ভুঁইয়া এই নোটিশটি পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন জানান এই আইনজীবী।

নোটিশে বলা হয়, তার ১নং মক্কেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য। এছাড়া সামাজিকভাবে সম্মানিত মহিলা। ২নং নোটিশদাতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এবং সমাজসেবী বটে।

দেশ টিভিতে প্রচারিত জমি দখলসংক্রান্ত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট হিসেবে দাবি করা হয় নোটিশে।

আইনজীবী দাবি করেন, তার মক্কেলরা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়েছেন। তাদের কোনো বক্তব্য না নিয়ে প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনকে মানহানিকর, একপেশে এবং সম্প্রচার নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।

এবিষয়ে দেশ টিভির প্রতিবেদক জানান, সংবাদটির বিষয়ে আমার কাছে যথাযত প্রমাণ রয়েছে। এছাড়াও আমি কাউন্সিলর চামেলীর মন্তব্য নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখানে দখলের বিষয়টি সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় তারা আমাকে দমানোর জন্য এবং নিজেদের অপরাধ আড়াল করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। লিগ্যাল নোটিশটি এখনো আমি আমার হাতে এখনো পাইনি। পেলে অবশ্যই জবাব দিবো।

তবে কি প্রক্টরের হাতে অনিরাপদ সহকর্মীরা?

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরের দায়িত্বে থাকা কাজী ওমর সিদ্দিকীর হাতে মারধরের শিকার হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম। এছাড়াও উপাচার্য কর্তৃক কনুইয়ের আঘাতের শিকার হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোর্শেদ রায়হান।

রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনকে তার কার্যালয়ে প্রবেশকালে এ ঘটনা ঘটে।

এর আগেও খেলার মাঠে প্রক্টরের হাতে মারধরের শিকার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, প্রক্টরের ইন্ধনেই শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বারবার হামলে পড়ছেন সাবেক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা৷ শিক্ষার্থী ও শিক্ষক সমিতি কর্তৃক প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণার পরেও পদে বহাল রয়েছেন তিনি। ফলে প্রক্টরের হাতে নিজেদের অনিরাপদ মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, প্রক্টর এতদিন সন্ত্রাসীদের মদদ দিয়ে শিক্ষকদের উপর হামলা করিয়েছেন। কিন্তু আজকে তিনি সন্ত্রাসীদের সাথে নিয়ে নিজেই নগ্নভাবে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দেস-উল-ইসলামকে আক্রমণ করেছেন। আমরা জানি এর আগে ফুটবল টুর্নামেন্টের ফাইনালেও এক শিক্ষার্থীকে পিটিয়েছেন। তার অধীনেই তার বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করেছেন কয়েকজন সহকারী প্রক্টর। তিনি একজন ভূমিদস্যু। তিনি সন্ত্রাসী পালন করেন। শিক্ষক সমিতি এই প্রক্টরকেই অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আজকে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা করে সেটারই প্রমাণই তিনি দিয়েছেন। উপাচার্য এবং প্রক্টর আজকে সন্ত্রাসী হিসেবে অবতীর্ণ হয়েছেন। আমরা মনে করি উপাচার্য এবং প্রক্টর দুইজন সন্ত্রাসী সহদর।

অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, শুধু আজকের ঘটনাই না এর পূর্বেও বিভিন্ন সময় বর্তমান প্রক্টরের মাধ্যমে অনেকেই শারীরিকভাবে নির্যাতন হয়েছে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো কেন্দ্রীয় খেলার মাঠে প্রকাশ্য দিবালোকে আইন বিভাগের শিক্ষার্থীকে চড় মারা। তখন ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মাননীয় উপাচার্য কোন ব্যবস্হা গ্রহণ করেননি। প্রকৃতপক্ষে প্রক্টর উপাচার্যের প্রশ্রয়ে দিনের পর দিন বেপরোয়া হয়ে গেছেন। যার ফলেশ্রুতিতে আজকে শিক্ষকদের উপর এমন হামলা করলেন। উপাচার্যের আশ্রয় প্রশ্রয়ে প্রক্টরের অতীতের অন্যায়গুলো বিচারের আওতায় না আনার কারণে আজকে ঘটনা ঘটেছে। আমি শিক্ষক এবং সাবেক প্রক্টেরিয়াল বডির সদস্য হয়ে বলতে চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রক্টেরকে বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। যাতে ভবিষ্যতে ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয় পরিবারের কারো উপর সরাসরি কোন হামলা না করে।

হামলার বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, যে প্রক্টর নিরাপত্তার প্রধান ওনিই হামলা করেছে। সহকর্মীদের উপর হাত তুলেছে। আসলে এবিষয় নিয়ে আমি বাকরুদ্ধ। নিরাপত্তার প্রধানই উপাচার্যের নির্দেশনায় হামলা করেছে এখানে আমরা কার কাছে বিচার দিব? এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নাই।

এবিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ এবং কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি৷