All posts by jitu

কঙ্গনাকে চড় মারা কে এই নারী কনস্টেবল?

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সব সময়ই আলোচনায় থাকেন। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রীর কাছ থেকে ৫০০ হাত দূরে থাকেন অনেকেই। সেই কঙ্গনাকেই চড় মেরে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন কুলবিন্দর কৌর নামের এক নারী। চণ্ডিগড় বিমানবন্দরের এই ঘটনায় সর্বত্র আলোচনা বইছে।

লোকসভা নির্বাচনে সদ্য বিজয়ী বিজেপির এই সংসদ সদস্যকে চড় মারার সাহস দেখানো কে এই কুলবিন্দর কৌর?

ঘটনার পরেই একটি ভাইরাল হওয়া ভিডিওতে কঙ্গনার প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তাকে। কী কারণে কঙ্গনাকে চড় মারলেন তিনি, কেনই বা এত ক্ষোভ?

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২০ সালের কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার করা মন্তব্যের বিষয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। সে কারণে বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে কঙ্গনাকে হাতের নাগালে পেয়েই এতদিনের পুষে রাখা ক্ষোভ ঝাড়েন তিনি।

এদিকে, চড়কাণ্ডের একটি ভিডিও ভাইরাল। যেখানে কুলবিন্দরকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমার মা ছিলেন ওখানে’।

জানা গেছে, দিল্লিজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন নারীরা, সে সময় এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই বক্তব্যের জবাব দিয়ে কুলবিন্দর জানান যে, তার মাও ছিলেন সেই আন্দোলনে।

তাকে বলতে শোনা যায়, ‘কঙ্গনা বলেন নারীরা ১০০-১০০ টাকায় বসেছিলেন কৃষক আন্দোলনে, উনি গিয়ে বসবেন ওখানে? আমার মা বসেছিলেন ওখানে, তখন উনি ওই মন্তব্য করছিলেন।’

কুলবিন্দর এটিও স্পষ্ট করে দেন যে, কঙ্গনাকে ‘কৃষকদের অসম্মান’ করার জবাব দিয়েছেন তিনি।

চড়কাণ্ডের পরও দুই দলে বিভক্ত নেটিজেনরা। একাংশের মতে, আদর্শের পার্থক্য থাকলেও কারও গায়ে হাত তোলা ঠিক নয়। অন্যদিকে, আরেকদল বলছে, ‘ওই নারী কনস্টেবল ঠিক কাজই করেছেন।’

জানা গেছে, কুলবিন্দর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একজন নারী কনস্টেবল। এই ঘটনার পর তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া, এই ঘটনার তদন্তের জন্য বিমানবন্দরে নিরাপত্তা প্রদানের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি সিআইএসএফে যোগ দেন। ২০২১ সাল থেকে চণ্ডিগড় বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন। এখন পর্যন্ত বাহিনীতে তার বিরুদ্ধে কোনও সতর্কতামূলক তদন্ত বা শাস্তি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, তার স্বামীও একই বিমানবন্দরে কর্মরত।

এদিকে, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কঙ্গনা জানিয়েছেন, বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে ভারতজুড়ে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা। এতে উত্তাল হয় দিল্লির পরিস্থিতি। সেই সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘১০০ টাকাতেই লভ্য’। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী।

তুরস্ক পশ্চিমাদের দিকে ঝুঁকলে ক্ষতিগ্রস্ত হবে: পুতিন

ডেস্ক রিপোর্ট:

গাজায় ইসরাইলের যুদ্ধে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

বুধবার পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজায় ইসরাইলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমাদের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, তৃতীয় বছরে প্রবেশ করেছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ। ধন্যবাদ যে এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে।

তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন আরও বলেন, দক্ষিণ মেরসিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্কুয়ু নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে।

এরদোগানের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট বলেন, এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত হানার চেষ্টা করেছে। অনুগ্রহ করে আমার বন্ধু প্রেসিডেন্ট এরদোগানকে এই বিষয়টি সম্পর্কে জানান।

বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়: সিপিডি

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে এক্সট্রা অর্ডিনারি সময়ে অর্ডিনারি বাজেট বলে অভিহিত করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুক্রবার (৭ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি এ মন্তব্য করে।

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নেওয়া হয়নি। মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট।

যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটিই হলো বড় কথা। এই ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ জুন ও ৭ মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা ৭৫-এর খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা, ৭ মার্চ এবং ৭ জুন নির্বাসিত হয়ে যায়।

তিনি বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে ছাত্রসমাজ।

সেতুমন্ত্রী বলেন, ৬৫’তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেব। গতকাল আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। বার বার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না। বিরোধী দল যা বলছে আগামীকাল জবাব দেব।

কোন দেশে ঈদুল আজহা কবে

ডেস্ক রিপোর্ট:

আরবি জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর মুসলমান মাত্রই কোন দেশে কোন দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সেটা নিয়ে আগ্রহ কাজ করে।

জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ইতোমধ্যে সৌদি আরবে এ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসবের তারিখও ঘোষণা করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশে এখনো চাঁদ দেখা যায়নি। এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের তোড়জোড় শুরু করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

ওমান, আমিরাতে চাঁদ দেখা যায়নি: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। তার মানে হলো এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।

অন্যান্য দেশে ঈদ কবে: বৃহস্পতিবার কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। তবে এসব দেশে চাঁদ দেখা গেছে, এমন খবর গণমাধ্যমে আসেনি। যদি গতকাল চাঁদ দেখা যেত তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ১৬ জুন দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতো। তবে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশগুলোতে ঈদ উদযাপন করবেন মুসলিম নাগরিকরা। ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, হংকং, ব্রুনাইসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশে শুক্রবার জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। এসব দেশে আজ চাঁদ দেখা গেলে ১৭ জুন ঈদ উদযাপিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে ১৮ জুন ঈদ উদযাপন করা হবে।

সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে : কাদের

ডেস্ক রিপোর্ট:

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

আজ বৃহস্পতিবার বিকালে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। এই বাজেট বাস্তবসম্মত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষে সভাপতিত্বে করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ইমরান শাহরিয়ার।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে। এ বিদ্যালয়ে কম্পিউটার ও প্রিন্টার সহ বিদ্যালয় সংস্কারে ঢেউটিনের দেওয়ার ব্যবস্থা করবো। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে তা পযার্য়ক্রমে সমাধানের চেষ্টা করব। বিদ্যালয়ের জন্য চাঁদপুর পৌর এলাকায় পুনরায় ১৫ শতক জমি বরাদ্ধের উদ্যোগ নিব।

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ছায়েফ উদ্দিন, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, মুহাম্মদ আবদুৃল্লাহ আল জুবায়ের, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।

সভা শেষে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আঁকা ছবি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান কে প্রদান করেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া, বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিদ্যালয়ের জন্য পৌর এলাকায় নতুন করে ভূমি বরাদ্ধের জন্য পুনরায় আবেদন করা, শিক্ষার্থীদের বিনোদন ও শরীর চর্চা’র জন্য কক্ষ প্রস্তুত, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রাপ্ত অনুদান বিধি মোতাবেক ব্যয় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কুমিল্লায় বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালন

 

শাহ ইমরান:

কুমিল্লায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

আজ(০৬/০৬/২০২৪) তারিখে কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ম্যুরাল থেকে ১০.৪০ ঘটিকার সময় র‍্যালী শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সকাল ১১টার সময় শেষ হয়। ” করবো ভূমি পুনরুদ্বার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এর স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন, খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিলা, ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),কুমিল্লা, মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজীব, উপ পরিচালক, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন পেশাজীবি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজীব, উপ পরিচালক, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা, আলোচনা সভায় আরো উপস্থিত ছিলে, ডাঃ নাছিমা আকতার, সিভিল সার্জন, কুমিল্লা, সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), কুমিল্লা, মোঃ রায়হান মোর্শেদ, সিনিয়র ক্যামেস্ট, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা, মোঃ জুবায়ের হোসেন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা সহ বিভিন্ন পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

শিক্ষায় বরাদ্দ বাড়লো ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে টাকার অংকে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে উত্থাপিত জাতীয় বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।

কারিগরি ও মাদরাসা শিক্ষায়ও টাকার অংকে বরাদ্দ বেড়েছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরে জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।

বাড়লো মোবাইলে কথা বলার খরচ, কার্যকর আজই

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইলফোনের কল রেটের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইলফোনে কথা বলার খরচও বাড়বে।

আগে মোবাইলফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন।

আগে ১০০ টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর গ্রাহকরা ৭৩ টাকার কথা বলতে পারতেন। অর্থাৎ ১০০ টাকা রিচার্জে আগের চেয়ে ৩ টাকা ৬৫ পয়সার কথা কম বলতে পারবেন গ্রাহকরা।

এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করবে মোবাইলফোন অপারেটরগুলো। একটি মোবাইল অপারেটর কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘বাজেট ঘোষণার জন্য অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দেওয়া শুরু করলেই এ সংক্রান্ত আদেশ (এসআরও) পাঠানো হয়। ফলে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টার পর থেকেই নতুন হারে গ্রাহকের কাছ থেকে কর কর্তন শুরু করা হতে পারে।’

কেবল মোবাইলফোনের টকটাইম বা ইন্টারনেট নয়, ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে, তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। যদিও অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে। বিদ্যমান আইনে এটির আইনি বৈধতা থাকলেও বাজেট ঘোষণার দিন থেকেই শুল্কহার কার্যকরের বিষয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের।