All posts by jitu

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না : কাদের

ডেস্ক রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। রোববার (২৮ এপ্রিল) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে এ শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিদের মদত দিয়েছে জিয়া-মোশতাক চক্র। এর মধ্যদিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

তিনি বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে।

শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল তৎকালীন গোপালগঞ্জ মহকুমা বর্তমানে জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ছিলেন সংস্কৃতিপ্রেমী এবং একজন ক্রীড়াবিদ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল ধানমন্ডি থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথচলা শেষে ভারতের আগরতলা পৌঁছান এবং সেখানে মুজিব বাহিনীতে যোগদান করে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন।

শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌকস-মেধাবী সেনা অফিসার। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সের প্রথম ব্যাচের কমিশনপ্রাপ্ত অফিসার। ১৯৭৪ সালে শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।

দ্বিতীয় ইস্টবেঙ্গলে চাকরিকালে স্বল্প সময়েই অফিসার ও সৈনিকদের মাঝে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা ও আন্তরিকতার ছাপ রেখেছিলেন। কয়েক সপ্তাহেই শেখ জামাল অফিসার ও সৈনিকদের মধ্যে তাদেরই একজন হয়ে যান। ট্রেনিং গ্রাউন্ডে, রণকৌশলের ক্লাসে, অবস্টাকল ক্রসিংয়ে অংশ নিয়ে সৈনিকদের মুগ্ধ করেন। ব্যাটালিয়ন বক্সিং টিমের সদস্যদের প্রশিক্ষণ দিতেন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে নিজ দায়িত্ব পালন করেন তিনি। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নৃশংসভাবে খুন হন শেখ জামাল।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে পানি ঘন্টা

 

শাহ ইমরান:

সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাগেছে। এ চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছেও এ চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে বলে জানান তিনি।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন,জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্যারের উদ্যােগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পানি ঘন্টা চালু হয়েছে এটা একটি মহতি উদ্যোগ এতে সকল শিক্ষার্থী খুব খুশি এবং আনন্দিত। এতে করে তাদের শরীর ও মন সতেজ থাকবে। লেখা পড়ায় বাড়তি মনোযোগ থাকবে এবং শরীর সুস্থ থাকবে। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।

খেলাধুলা করতে গিয়ে হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ-কচুয়ার সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূরনবী পাটওয়ারীর ছেলে। হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসার ছাত্র তরীকুল ইসলাম খেলাধূলা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্টো গ-৩১-৭৪০৬ নম্বরের একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তরীকুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে লাশ হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

কর্মস্থলে না থাকা চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন বলেছেন, হাসপাতালে কেন ডাক্তার থাকে না- এ বিষয়ে মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। এ তিন মাসে আমার নির্দেশ হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া ১০০-শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ২১ জন ডাক্তার পদায়ন করা হয়েছে। আমি খেয়াল রাখব তারা আসেন কিনা? না আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার সংকট এক দিনের সমস্যা নয়, এটা বহু দিনের সমস্যা। স্ট্যান্ডার্ড সেটাপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড খালি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ডেন্টাল কলেজ চালু করা ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মাত্র নতুন এসেছি। এগুলো আমি দেখব। আমি সব সময় সারপ্রাইজ ভিজিট করি এবং সারা দেশেই করছি। আমাদের স্বাস্থ্য খাতে ভালো কাজও হচ্ছে। ইতোমধ্যে পঞ্চগড়ে যে হাসপাতালটি পাঁচ বছর বন্ধ ছিল- সেটি খোলা হয়েছে এবং অপারেশনও হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে সরকারিভাবে প্রয়োজনীয় এন্টিবায়োটিকের সাপ্লাই আছে। ভবিষ্যতে যাতে এগুলো সাধারণ মানুষ পায় সে বিষয় নিয়ে কাজ করা হবে। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভ্যাকসিন প্ল্যান্ট হচ্ছে- প্রধানমন্ত্রী অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প। এটি নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগ করা হবে। আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন তৈরি করতে পারব, তত তাড়াতাড়ি দেশের বাইরেও রপ্তানি করতে পারব। এটি বাংলাদেশের একটি যুগান্তকারী প্লান্ট হবে।

কুমিল্লা টাউন হল মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় 

শাহ ইমরান:

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই কুমিল্লায় অসহনীয় গরম কমাতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছন মুসল্লিরা।

সকালে নগরীর টাউন হল মাঠে সালাতুল ইসতিসকারের নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা শাহ নুরুল হক।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের এ নামাজের আয়োজন করে।

বিশেষ এ নামাজে নগরীর প্রায় ১ হাজারেরও অধিক  মুসল্লী অংশগ্রহণ করেন।

গত ৩ বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় অন্তত ১৩ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেপরোয়া ময়লার গাড়ি কেড়ে নিয়েছে আরও এক মেধাবী স্কুলছাত্রের প্রাণ। নিহত মাহিন আহমেদ (১৩) মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মদিনাবাগ বাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আহত হয় মাহিন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় অন্তত ১৩ জনের প্রাণ গেছে। ঘটনার পর গতকাল নিহত শিক্ষার্থী মাহিন আহমেদের বাসায় যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার এবং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মেয়র। তিনি জানান, সিটি করপোরেশনের নির্ধারিত চালক গাড়িটি চালাচ্ছিলেন না। অন্যকে ভাড়া খাটিয়ে গাড়িটি দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাশত করব না। জানা গেছে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম মিয়ার ছেলে মাহিন। পরিবারের সঙ্গে মুগদা মামা ভাগিনা গলি এলাকায় একটি বাসায় থাকতো সে। তিন ভাইবোনের মধ্যে মাহিন মেঝো। তার বড় ভাই মাহফুজ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে মাহিন বাসা থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাচ্ছিল। এ সময় মদিনাবাগ বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় মারা যায় সে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিন বছরে ১৩ জনের প্রাণহানি : গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় অন্তত ১৩ জনের প্রাণ গেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি চাপায় ২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তানে প্রাণ হারান নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। পরদিন ২৫ নভেম্বর দুপুরে পান্থপথ এলাকায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যু হয়। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈমের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়িচাপায় ২০২৩ সালের ৬ মার্চ মারা যান আবু তৈয়ব (২৬) নামের একজন কাপড় ব্যবসায়ী। ২০২২ সালে ময়লার গাড়ি দুর্ঘটনায় অন্তত চারজন মারা যান। ওই বছরের ২ এপ্রিল খিলগাঁওয়ে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম নামের এক নারী নিহত হন। ২৩ জানুয়ারি মহাখালীর উড়াল সড়কের কাছে ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী ঘরামির মৃত্যু হয়। তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
একই বছরের জুলাইয়ে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ নামের এক তরুণ নিহত হন। ওই বছরের ৩১ মে রাতে মুগদার টিটিপাড়া মোড়ে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নাজমা বেগম নামে এক পথচারী নারী নিহত হন। ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় ২০২১ সালে সাতজন নিহত হওয়ার তথ্য জানা গেছে। এর মধ্যে জানুয়ারিতে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন বিভাগের কর্মী খালিদ। এপ্রিল মাসে যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন এক রিকশাচালক। তখন ক্ষুব্ধ লোকজন ময়লার গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

এছাড়া ২০২১ সালের মে মাসে শাহজাহানপুর এলাকায় ময়লার গাড়ির চাপায় একজন এবং ৯ আগস্ট শ্যামপুরের দোলাইরপাড় এলাকায় তৈরি পোশাক কারখানার এক কর্মী নিহত হন। নভেম্বরে মাত্র এক দিনের ব্যবধানে প্রাণ হারান নাঈম হাসান ও আহসান কবির খান। ওই বছরের ২৩ ডিসেম্বর ওয়ারী এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের আরেকজন নিহত হন।

অক্ষয়ের হঠাৎ কী হলো!

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন অক্ষয় কুমার। হাতে তার পর পর কাজ। ঈদেই মুক্তি পেয়েছে বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটি। যা বিশ্বব্যপী বেশ ভালো আয় করছে। যদিও এরই মধ্যে অক্ষয় শেষ করে ফেলেছেন এরিয়াল অ্যাকশন ফিল্ম ‘স্কাই ফোর্স’-এর শুটিং।

অভিনেতাকে সম্প্রতি দেখা গেল, হাতে একটি স্প্রিন্ট পরা অবস্থায়, যা দেখে ধারণা করা যাচ্ছে, অ্যাকশন ফিল্মের শুটে হাতে চোট পেয়েছেন তিনি। শুক্রবার ২৬ এপ্রিল একরঙা শার্ট আর ডেনিম জিন্সে, অক্ষয় কুমারকে পাওয়া যায় মুম্বাইয়ের রাস্তায়। অক্ষয় ভক্তরা বেশ উদ্বিগ্ন, কীভাবে এতটা চোট পেলেন তিনি?

ইনস্টাগ্রামে ভিডিওটি একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। একজন মন্তব্য করেন, ‘আক্কি স্যার! নিজের খেয়াল রাখুন’।

দ্বিতীয়জনের মন্তব্য, ‘হাতে চোট লাগল কীভাবে’? তৃতীয়জনের মন্তব্য, ‘দ্রুত সেরে উঠুন আপনি। ভালোবাসা রইল।’

এদিকে সর্বাধিক চর্চায় অক্ষয়ের ‘স্কাই ফোর্স’। যার ১০০ দিনের মধ্যে ৬০ দিনের কাজ শেষ হয়ে গেছে ইতোমধ্যে। ২৫ এপ্রিল পরিচালক সন্দ্বীপ কেওলানি শুটিংয়ের সমাপ্তির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল আপডেট পোস্ট করেছেন।

দ্রুতই ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে এ প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না।

প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির (পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সিস্টেম) দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন ‘যা এখনই জীবন রক্ষা করতে পারে ও করা উচিত’।

বিবিসিকে একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে।

শিগগিরই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।

অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বৃহৎ নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে।

এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ (তবে প্যাট্রিয়ট নয়)।

‘এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট তাদের (ইউক্রেনের) দরকার। তাদের অন্য ধরনের সিস্টেম ও ইন্টারসেপ্টর (ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বা আকাশেই ধ্বংস করতে ব্যবহৃত হয়),’ বলছিলেন অস্টিন। ‘আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করবো’।

তিনি জানান, আরও ক্ষেপণাস্ত্র কিয়েভকে শিগগিরই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

ইউএস জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, রণাঙ্গনে গোলার যথাযথ ব্যবহারের যে প্রয়োজনীয়তা ইউক্রেনের সেটি মেটাতে পারবে এবারের এই সহায়তা।

তবে এবারের যে সহায়তা প্যাকেজ তার কিছু অংশ ব্যবহার হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরির জন্য যাতে তারা নিজেরাই প্রয়োজনমতো গোলাবারুদ উৎপাদন করতে পারে।

অস্টিন আরও বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই তাদের গোলাবারুদ ও অন্য অস্ত্রের উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ সহায়তাও পাচ্ছে।

দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউজে। সত্য বললেই জেলে পুড়ে দেওয়া হয়। স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটরে মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পল্লবীতে তীব্র গরমে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, এত গুম, নির্যাতন, নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। মানুষের আন্দোলনকে দমানো যায়নি। সব দুর্যোগে বিএনপি নেতারা দেশবাসীর পাশে আছে।

রিজভী বলেন, এই সরকার গাছপালা, বনজঙ্গল উজাড় করে, নদী-নালা ভরাট করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার। পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

কলকাতা যে কারণে সবচেয়ে দামি ক্রিকেটারকে খেলায়নি

ডেস্ক রিপোর্ট:

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। যদিও ২৪.৭৫ কোটি রুপি দামের এই অস্ট্রেলিয়ান পেসার কলকাতা নাইট রাইডার্সকে যথার্থ প্রতিদান দিতে পারেননি। সর্বশেষ গতকালের ম্যাচে দেখা যায়নি তাকে। যেখানে তার দল কলকাতা ২৬১ রান করেও পাঞ্জাব কিংসের কাছে বিশ্বরেকর্ড গড়ে হেরেছে। স্টার্ক একাদশে না থাকার কারণ অবশ্য ম্যাচের আগেই জানিয়েছিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আগের ম্যাচে ক্যাচ ধরার সময় আঙুলে চোট পান এই অজি গতিতারকা। সে কারণে পাঞ্জাবের বিপক্ষে স্টার্কের বদলে একাদশে নেওয়া হয় শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে। এই লঙ্কান পেসারও অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। উল্টো ৩ ওভার বল করে ৪৮ রান খরচ করেন, ছিলেন উইকেটশূন্য। অবশ্য এমন রানবন্যার ম্যাচে বল হাতে দুই দলের বেশিরভাগ বোলারই সেভাবে সুবিধাজনক অবস্থানে ছিলেন না। কেবল ব্যতিক্রম ছিলেন সুনীল নারিন। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনি ১ উইকেট শিকার করেন।

ম্যাচের শুরুতে স্টার্কের চোট নিয়ে শ্রেয়াস আইয়ার জানান, ‘চলতি মৌসুমে যেটা আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে, তা হলো প্রত্যেকেই ভালো খেলছে। ভালো পারফর্ম করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকেই নিজের সেরাটা দিচ্ছে। শেষ ম্যাচে স্টারসি (স্টার্ক) আঙুলে চোট পেয়েছে। ওর বদলে দুষ্মন্ত চামিরা এসেছে। আমরা একই ফর্ম এবং গতি বজায় রাখতে চাই।’

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই করে জিতে নাইটরা। যদিও সেই ম্যাচে স্টার্ককে বেঙ্গালুরুর কার্ন শর্মা তিনটি ছয় মারেন। পরে অবশ্য স্টার্কের কাছেই তালুবন্দি হন তিনি। ম্যাচ জেতার আশা প্রায় সেখানেই শেষ হয়ে যায় বিরাট কোহলিদের। কিন্তু ওই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক। তারপর ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে এলেও বল করতে দেখা যায়নি তাকে। তখনই জল্পনা শুরু হয়েছিল, পাঞ্জাবের বিপক্ষে কলকাতা তাকে নাও খেলাতে পারে।

তবে স্টার্কের বাদ পড়া নিয়ে নাইট সমর্থকরা হয়তো সেভাবে দুঃশ্চিন্তায় ছিলেন না। কারণ বল হাতে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আইপিএলে ৭ ম্যাচ খেলে তুলেছেন মাত্র ৬ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় সাড়ে ১১ করে। তার মধ্যে প্রথম দুই ম্যাচেই দিয়েছিলেন ১০০ রান। বেঙ্গালুরুর বিপক্ষেও ৩ ওভারে খরচ করেছিলেন ৫৫ রান। ফলে তার ফর্ম নিয়ে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছিল।